শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫১ পি.এম
ইরানের নৌবাহিনীর কমান্ডার দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে দেশটির সশস্ত্র বাহিনী দুটি তেলবাহী জাহাজ পুনরুদ্ধার করেছে। এই তথ্যটি ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে।
তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, "মার্কিন সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী জাহাজ ‘চুরি’ করেছিল। তবে আমাদের সেনারা জাহাজ দুটিতে অভিযান চালিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়েছে। এ সময় জাহাজের নাবিকেরা ঘুমিয়ে ছিলেন।"
তবে, জাহাজ দুটি কখন ‘চুরি’ করা হয়েছিল এবং সেগুলো পুনরুদ্ধার করার সময়সীমা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করা হয়নি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। চার দশক পর, মায়ের জুতায় পা গলাতে চলেছে শতাব্দীকন্যা শামিয়ানা। মায়ের পথ অনুসরণ করে মেয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। পরিচালক অতনু রায়ের সিনেমা ‘ফাতমা’-এ শামিয়ানাকে দেখা যাবে।
শতাব্দী ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের কন্যা শামিয়ানা। মা-বাবার আদরের জুমি এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। এই সিনেমায় অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
ফাতেমা বেগমের নাম ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। অষ্টম শ্রেণির ছাত্রী শামিয়ানা এ সিনেমায় অভিনয় করবে কিশোরী জুবেদার চরিত্রে। ভারতের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে ফাতেমা বেগমের নামই বিবেচিত হয়। তার দ্বিতীয় কন্যা জুবেদা। প্রাপ্তবয়স্ক জুবেদার ভূমিকায় থাকছেন আনন্দরূপা চক্রবর্তী। ফলে শামিয়ানাকে দেখা যাবে এমন একজনের ছোটবেলার চরিত্রে, যিনি পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্রের আদিপর্বের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হয়ে উঠেছিলেন।
মেয়ের অভিনয়ে আত্মপ্রকাশে উচ্ছ্বসিত শতাব্দী রায়। তিনি বলেন, "শামিয়ানার অভিনয়ের ইচ্ছা আছে, আমার ছেলের একদম নেই। আমি চাই শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয়জগতে কাজ করুক। ও ভালো কাজ করলে আমার অবশ্যই ভালো লাগবে।"
তিনি আরও বলেন, "এ সিনেমা যাকে নিয়ে তৈরি, আমাদের দেশের প্রথম নারী পরিচালক, তার কথা দুর্ভাগ্যজনকভাবে অনেক সিনেমাপ্রেমী মানুষও জানেন না। এ সিনেমার মাধ্যমে মানুষ জানবেন তার ব্যাপারে।"
এ অভিনেত্রী বলেন, "আমার আত্মপ্রকাশের ঠিক ৪০ বছর পর আমার মেয়ে বড়পর্দায় কাজ শুরু করছে, এটি আমার কাছে আনন্দের। ঋতুপর্ণার মেয়ের ভূমিকায় থাকবে শামিয়ানা। ঋতুকে অনেক শুভেচ্ছা। প্রযোজক অঞ্জনদা, পরিচালক এবং পুরো টিমকে আমার অভিনন্দন।"
এ সিনেমায় শতাব্দীকন্যা শামিয়ানার অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "শতাব্দীর মেয়ে জুবেদার চরিত্রে অভিনয় করছে জেনে আমি খুবই খুশি। বেশ কয়েকটি সিনেমায় আমি শতাব্দীর সহ-অভিনেত্রী ছিলাম, আর ‘ওম শান্তি’ সিনেমায় ও আমাকে পরিচালনাও করেছে। ওর মেয়ের এই যাত্রা শুরু হচ্ছে জেনে ভালো লাগছে। আগামী বছর ‘ফাতেমা’ আমার কাছে অত্যন্ত বিশেষ একটি সিনেমা হতে চলেছে।"
পরিচালক অতনু রায় বলেন, "কিশোরী জুবেদার চরিত্রের জন্য উপযুক্ত অভিনেত্রী খুঁজতে গিয়ে শামিয়ানার সঙ্গে কথা হয়। আমার মনে বিশ্বাস জন্মায় যে, সে-ই সঠিক পছন্দ। এ সিনেমার প্রতি আমার ভাবনার ওপর আস্থা রাখার জন্য সবার কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।"
জীবনের এক বড় অধ্যায়ের সূচনার সামনে দাঁড়িয়ে শামিয়ানা। সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, "আমি মায়ের অনেক সিনেমা দেখেছি। সেগুলো দেখে ছোটবেলা থেকেই আমার অভিনয় করার খুব ইচ্ছে। আমি বড় হয়েও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চাই। আশা করি, আমার প্রথম কাজ সবার ভালো লাগবে।"
উল্লেখ্য, ফাতেমা বেগমের কন্যা জুবেদা নির্বাক যুগেই একজন বিশিষ্ট অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান। এরপর ভারতের প্রথম সবাক ছবি ‘আলম আরা’র (১৯৩১) মাধ্যমে তিনি সারা দেশে খ্যাতি অর্জন করেন। ছবিটি তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং সবাক যুগের অন্যতম শীর্ষ তারকা হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে। ১৯৩০ ও ১৯৪০-এর দশকের গোড়ায় তিনি বেশ কয়েকটি সফল ঐতিহাসিক ও পৌরাণিক ছবিতে সুভদ্রা, উত্তরা ও দ্রৌপদীর মতো চরিত্রে অভিনয় করেন। কন্যার চলচ্চিত্রজীবন গড়ে তুলতে ফাতেমা বেগমের প্রয়াস ছবির কাহিনির এক গুরুত্বপূর্ণ অংশ।
অরোরা ফিল্ম করপোরেশনের পক্ষে অঞ্জন বসু প্রযোজিত ‘ফাতেমা’ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিনেমা। ফাতেমা বেগম পরিচালিত ঐতিহাসিক নির্বাক ছবি ‘বুলবুল-ই-পরিস্তান’ (১৯২৬)-এর শতবর্ষ উপলক্ষ্যে এ ছবিটি নির্মিত। এই পথিকৃৎ নির্মাতার জীবন ও লড়াই, তার পরিবার, স্বাধীন চলচ্চিত্র-প্রতিষ্ঠান গড়ে তোলার দৃঢ় সংকল্প এবং ভারতীয় সিনেমার প্রাথমিক বিকাশে তার অবদান ছবিতে উঠে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাদের প্রতিবাদের কারণে শেষ পর্যন্ত অননুমোদিত এ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে অলিরবাজারে তাহেরীর পূর্ব নির্ধারিত এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। তারা স্থানীয় প্রশাসনকে অবহিত করে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবি জানায়। অনুমতি না থাকার কারণে শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর প্রোগ্রাম বন্ধ করে দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, "প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। তিনি প্রোগ্রাম করতে এলে পালটা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।"
তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, "যে কোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।"
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে, এই ঘটনায় জড়িত চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফের জিম্বংখালী সীমান্তে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এই অভিযানটি সম্পন্ন করে।
বিজিবি জানায়, জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির ৭ নম্বর পোস্টের নিকটবর্তী বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুই ব্যক্তি দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা ব্যাগ দুটি ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালানোর পর অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের উদ্দেশ্যে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা জানাচ্ছে, ইয়েমেনের তাইজ গভর্নরেটের আল-তুরবাহ শহরে সৌদি বিমান হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার ফলে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে।
এছাড়া, হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে, ধ্বংসস্তূপের নিচে আরো তিনজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সংবাদমাধ্যম আলজাজিরা এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ