বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:২০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করার জন্য এবং প্রান্তিক আদিবাসী জনগণের পরিবেশগত মানবাধিকার ও ভূমি অধিকার সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এনএজিআর এনগেজ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধিরা, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়ন, নাচোল ইউনিয়ন এবং নেজামপুর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করেন।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালার সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন ও সেবামূলক সংস্থা ‘ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন’ (এনএজিআর এনগেজ)-এর নির্বাহীবোর্ডের সম্মানিত ট্রেজারার হিঙগু মর্মূর। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস কর্মশালায় বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেণ, এবং এটি পরিচালনা করেন সংস্থার কমিউনিটি কো-অর্ডিনেটর ফিলিপ হেমব্রম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী জেলার তানোরের মুন্ডমালা হাট উপশাখা আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুন্ডমালা কামিল মাদ্রাসার সেমিনার কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ব্রাঞ্চ শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম।
সেমিনারটি মুন্ডমালা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডমালা বাজার বনিক সমিতির সভাপতি হাবিবুর রহমান, আইএফআইসি ব্যাংক রাজশাহী ব্রাঞ্চের সোহানুল রহমান এবং অপূর্ব কুমার সরকার। এছাড়া মুন্ডমালা হাট উপশাখার ইনচার্জ আরিফিন, ক্যাশিয়ার অনিক, মুন্ডমালা কামিল মাদ্রাসার শিক্ষক মোফাস্সের মাহাতাব আহম্মেদ, আব্দুল মালেক, ব্যবসায়ী তরিকুল ইসলাম, ব্যবসায়ী বাবলুসহ শিক্ষক, শিক্ষার্থী এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত সকল ঋণ সুবিধাসহ কৃষির উন্নয়নে ৩ হাজার কোটি টাকার কৃষি খাতে প্রদত্ত বিশেষ পুনঃ অর্থায়নে আইএফআইসি ব্যাংক মুন্ডমালা উপশাখার মাধ্যমে ৭ পার্সেন্ট হারে কৃষকদের মাঝে বিশেষ কৃষি ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সেমিনারে জানানো হয় যে, সকল প্রকার ঋণ সুবিধাসহ সহজ শর্তে কৃষকরা কৃষি ঋণ পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা এবং নগর অবকাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভবানীগঞ্জ পৌরসভা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের উদ্দেশ্যে এই পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
সভায় ভবানীগঞ্জ পৌরসভার বর্তমান অবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ভবিষ্যতে পৌর এলাকার পরিকল্পিত সম্প্রসারণ ও নাগরিক সেবার মানোন্নয়নে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, সে বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রদান করেন।
অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, ভবানীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবভিত্তিক ও জনবান্ধব করার জন্য স্থানীয় বাসিন্দাদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দেওয়া আবশ্যক। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে পৌর এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে IUGIP প্রকল্পের ডেপুটি টিম লিডার শামাউন আল নূর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
সভায় ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, স্থানীয় পর্যায়ের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে পৌরসভার আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও সুপরিকল্পিত ও টেকসই করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এতে উপস্থিত ছিলেন প্রশাসকের কার্য সম্পাদনে সহায়তা কমিটির সদস্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মতিউর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া ও হিসাবরক্ষক মকলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুধীজন, ইমাম, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুরুর দিকে দারুণ একটি সূচনা হয়েছিল। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর অস্ট্রেলিয়া তাদের খেলা হারাতে শুরু করে।
কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুইনের স্পিনের দাপটে দক্ষিণ আফ্রিকা ৬৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রোটিয়ারা তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
ডারবানের কিংসমিডে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে। দলের হয়ে অসাধারণ সেঞ্চুরি করেন ম্যাথু ব্রিটজ। তিনি ১০৬ বল খেলে ১১২ রান করেন, যেখানে ছিল ১৪টি চার ও ২টি ছক্কা। মার্কো ইয়ানসেনও ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যানের ১০৭ রানের জুটি মধ্যবর্তী বিপর্যয় কাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে একটি বড় সংগ্রহ এনে দেয়।
অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা ছিল চমৎকার। ট্রাভিস হেড ও মিচেল মার্শ দ্রুত রান তুলতে থাকেন। কিন্তু অধিনায়ক মার্শ ৩৬ বলে ৬০ রান করার পর ম্যাচের চিত্র বদলে যায়। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত তারা ৪১.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়।
অস্ট্রেলিয়া শেষ ৯ উইকেট হারায় ১০১ রানের ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর নায়ক ছিলেন দুই বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুইন। মহারাজ ৯.২ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। ফরচুইন ৮ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। সেঞ্চুরি করে ম্যাচসেরা হন ওয়ানডের ‘রান মেশিন’ ব্রিটজ।
দুই দলের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাথী আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাথী আক্তার বরিশাল নগরীর মুখার্জিরপুল এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় তিন বছর আগে বাবুগঞ্জের বকশিরচর এলাকার শাহ আলম মৃধার ছেলে নাঈম মৃধার সঙ্গে তাঁর বিয়ে হয়। ঘটনার পর থেকে সাথীর স্বামী নাঈম ও শাশুড়ি ফাতেমা বেগম আত্মগোপনে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাথীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার পর নাঈম ও ফাতেমা বাড়ি থেকে চলে যান। পরে পুলিশ সাথীর মরদেহ উদ্ধার করে।
সাথীর স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের মা বলেন, ‘আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনা রাতে হলেও সকালে পাশের এক ব্যক্তির ফোন পেয়ে আমরা খবর পাই। সেখানে গেলে আমার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে বাধা দেওয়া হয়।’
তিনি আরো বলেন, ‘১৫ দিন আগেও টাকার জন্য আমার মেয়েকে মারধর করা হয়েছিল। তখন আমরা গিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলাম। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. নাঈম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ