ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

পেন্টাগনের বাজেট থেকে ইসরাইলকে বাদ দিতে চায় ডেমোক্র্যাটরা


পেন্টাগনের বাজেট থেকে ইসরাইলকে বাদ দিতে চায় ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পর, পেন্টাগনের প্রতিরক্ষা বাজেট থেকে ইসরাইলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও অস্ত্র উৎপাদন সহযোগিতার উদ্যোগ বাদ দেওয়ার পরিকল্পনা করছে ডেমোক্র্যাটরা। দলটির নেতাদের প্রতি নীতিবিশ্লেষক ও অধিকারকর্মীরা আহ্বান জানিয়েছেন, ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন বিল (এনডিএএ) পাসের ক্ষেত্রে নিজেদের ভোটকে কাজে লাগানোর জন্য।

নীতিবিশ্লেষকরা মনে করেন, বিলটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক সহযোগিতার ধারা বাদ না দেওয়া পর্যন্ত ডেমোক্র্যাটদের এর অগ্রগতি আটকে রাখা উচিত। চলতি বছরের শুরুতে ডেমোক্র্যাট নেতৃত্ব ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের এই বিশাল প্যাকেজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পরিকল্পনার বড় অংশের অর্থায়নের প্রস্তাব রয়েছে। এর মধ্যে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং ট্রাম্পের প্রস্তাবিত ‘ট্রাম্প-ক্লাস’ যুদ্ধজাহাজ নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, সম্পূরক কয়েকটি বিলেও এসব পরিকল্পনার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি রয়েছে। ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা এই বিলের বিরোধিতার কারণ হিসেবে ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত সংকটের কথা তুলে ধরেছেন। তবে সংশ্লিষ্ট কর্মী ও নীতিবিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিরক্ষা শিল্পকে একীভূত করার উদ্যোগের বিরুদ্ধেও দলটির নেতৃত্বকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

আরও পড়ুন: আলাস্কায় স্যামন মাছের সংখ্যা কমছে, উদ্বেগে জেলেরা

সিনেটে বর্তমানে বিবেচনাধীন বিলটির ২১৯ নম্বর ধারায় ‘যুক্তরাষ্ট্র-ইসরাইল প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা উদ্যোগ’ নামে একটি কর্মসূচি গঠনের প্রস্তাব রয়েছে। এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে গবেষণা, উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, মূল্যায়ন, সমন্বয় এবং শিল্প খাতের সহযোগিতা সম্প্রসারণ ও ত্বরান্বিত করা। নীতিনির্ধারণী সংগঠন ডিমান্ড প্রগ্রেসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা কাভান খাররাজিয়ান আলজাজিরাকে বলেন, এনডিএএ বিলের পক্ষে ডেমোক্র্যাটদের ভোট পেতে হলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এসব পরিবর্তনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক একীভূতকরণের উদ্যোগ বাদ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিধান অন্তর্ভুক্ত থাকা উচিত।

পেন্টাগনের বাজেটের বিরোধিতা করা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহাসিকভাবেই স্পর্শকাতর বিষয়। এ ধরনের বিরোধিতাকে অনেক সময় সামরিক বাহিনীর প্রতি সমর্থনের অভাব হিসেবে দেখা হতে পারে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গত মে মাসে প্রতিরক্ষা বাজেটের একটি সংস্করণ পাস হলেও জুলাইয়ে সিনেটে প্রক্রিয়াগত ভোটের মাধ্যমে বিলটির অগ্রগতি আটকে দেয় ডেমোক্র্যাটরা।

বর্তমানে বিলটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় সীমিত। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পেন্টাগনের বর্তমান অস্থায়ী অর্থায়নের মেয়াদ রয়েছে। ওই সময়ের মধ্যে অর্থায়ন অব্যাহত রাখতে কংগ্রেসকে নতুন করে অস্থায়ী অর্থায়ন বিল অথবা পূর্ণাঙ্গ এনডিএএ পাস করতে হবে। খাররাজিয়ানের মতে, এনডিএএ পাস করতে সিনেটে ৬০টি ভোট প্রয়োজন হওয়ায় কংগ্রেসের চলতি অধিবেশনের শেষ দিনগুলোতে ডেমোক্র্যাটদের প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে। অন্যদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার আগে বিলটি পাস করাতে রিপাবলিকানদের হাতে সময় কম।

তিনি বলেন, বিতর্কিত ধারাগুলো বাদ না দেওয়া পর্যন্ত এনডিএএ বিলের অগ্রগতি আটকে রাখার ক্ষমতা ডেমোক্র্যাটদের রয়েছে। তাই পরিবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিলটি বিবেচনার জন্য এগিয়ে নিতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি তাদের দিতে হবে। শুধুমাত্র সংশোধনী প্রস্তাবের ওপর ভোট করানো যথেষ্ট নয়। এরপরও যদি বিতর্কিত ধারাগুলো বহাল রেখে বিলটি এগিয়ে যেতে দেওয়া হয়, তাহলে সেই উদ্যোগের কোনো কার্যকর ফল হবে না।

আরও পড়ুন: ব্রাজিলের পারা রাজ্যে আমাজনে দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

নির্বাচনে সাফল্যের পর ভোটারদের জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত উদ্বেগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার চাপ রয়েছে ডেমোক্র্যাটদের ওপর। এ কারণে এনডিএএ এবং এর সঙ্গে সম্পর্কিত সম্পূরক বিলগুলোতে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। প্রতিরক্ষা খাতের বিশ্লেষকেরা ধারণা করছেন, পেন্টাগনের অর্থায়নে বড় ধরনের কাটছাঁট আসতে পারে। এর মধ্যে ৩৬ হাজার কোটি ডলারের একটি সম্পূরক অর্থায়ন প্যাকেজও রয়েছে, যেটির অগ্রগতি আটকে আছে। তবে এই পরিবর্তনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক প্রযুক্তি উন্নয়ন সহযোগিতার উদ্যোগ বাদ দেওয়ার বিষয়টি থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

গত ৩ নভেম্বরের নির্বাচনের ফল প্রকাশের পর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এক বিবৃতিতে বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আরো বাস্তবসম্মত ও টেকসই পদ্ধতি গ্রহণ করতে হবে। এমন প্রতিরক্ষা বাজেটের প্রয়োজন নেই, যার পরিমাণ ১ লাখ কোটি ডলারের বেশি। আবার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কর্মসূচিতে কঠোর ব্যয়সংকোচনের মাধ্যমে সেই বাজেটের অর্থ জোগানোর ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়।

স্মিথের বক্তব্যের সঙ্গে সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমারের আগের অবস্থানের মিল রয়েছে। গত জুলাইয়ে সহকর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে শুমার বলেছিলেন, রিপাবলিকানরা এমন একটি পেন্টাগন অর্থায়ন বিল আনতে চাইছেন, যার মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে আরো কয়েক শ কোটি ডলার ঢালা হবে। অথচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়গুলো অপেক্ষায় পড়ে আছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক প্রযুক্তি উন্নয়ন একীভূত করার প্রস্তাবটি প্রথমে সমর্থন করেছিলেন অ্যাডাম স্মিথ। পরে তিনি নিজের অবস্থান পরিবর্তন করে এর বিরোধিতা করেন। তবে শুমার এবং প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিস এখনো এ বিষয়ে প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাননি। তারা দুজনই নিজ নিজ কক্ষে দলের নেতৃত্বের পদ ধরে রাখার চেষ্টা করছেন।

আরও পড়ুন: চার স্বৈরতন্ত্রের মধ্যে বিশ্ব টালমাটাল, বাংলাদেশ কোথায়?

সমালোচকদের আশঙ্কা, প্রস্তাবিত উদ্যোগটি কার্যকর হলে পেন্টাগনের জন্য ইসরাইলকে মার্কিন করদাতাদের অর্থায়নে সহায়তা দেওয়ার একটি নতুন পথ তৈরি হবে। যৌথভাবে সামরিক প্রযুক্তি ও অস্ত্র উন্নয়নের প্রকল্পের আড়ালে এই সহায়তা দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কংগ্রেসের নজরদারি এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

এ ছাড়া এই উদ্যোগের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান পরিবর্তন করাও কঠিন হয়ে পড়তে পারে। কারণ, ইসরাইলে তৈরি সামরিক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমালোচক আইনপ্রণেতারা লিখেছেন, এ ধরনের উদ্যোগ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বিশেষ করে গাজা, পশ্চিম তীর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরাইল সরকার যেসব নীতি অনুসরণ করছে, সেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মূল্যবোধের অসংগতি রয়েছে। তাদের মতে, এমন পরিস্থিতিতে দুই দেশের সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা উৎপাদনব্যবস্থাকে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা উচিত নয়।

এএম

আরও পড়ুন: মার্কিন মুলুকের কাহিনি : ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ধনকুবেরদের প্রভাব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহাদাতের দাবি, উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিতে সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ এম


শাহাদাতের দাবি, উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিতে সাফল্য

চট্টগ্রাম নগরের উন্নয়নে গত দুই বছরে ২৫০০ কোটি টাকা ব্যয়, ৫৯৬ কোটি টাকার দায় পরিশোধ এবং রাজস্ব আয় বৃদ্ধিকে নিজের বড় সাফল্য হিসেবে দেখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি উল্লেখ করেছেন, চট্টগ্রাম বন্দর থেকে গৃহকর বাবদ ২২৪ কোটি টাকা আদায় করা হয়েছে, যা পূর্বে ছিল মাত্র ৪৫ কোটি। এই সময়ের মধ্যে ৭০০টি অবকাঠামো উন্নয়নকাজের পাশাপাশি সড়ক, সেতু, কালভার্ট ও খাল সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তিনি মনে করেন, নগর সরকার প্রতিষ্ঠা ছাড়া পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব নয়। এই প্রসঙ্গে তিনি সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

২০২৪ সালের ৫ নভেম্বর চসিক মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ডা. শাহাদাত। এক বছর ১১ মাস ২০ দিন মেয়র থাকার পর গত ২৫ অক্টোবর থেকে প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনি। সব মিলিয়ে মেয়র ও প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালনের দুই বছর পূর্ণ হয়েছে।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন শাহাদাত। ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। একই বছরের ৩ নভেম্বর তিনি শপথ নেন।

আজ শনিবার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে নগরবাসীর মুখোমুখি হয়ে দুই বছরের কাজের জবাবদিহি করবেন তিনি। এর আগে "আমার দেশ"কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খোলামেলাভাবে নিজের সাফল্য ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনীতিবিদদের সঙ্গে ‘প্রশাসক’ শব্দটি মানানসই নয়। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নগর পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত।

ডা. শাহাদাত বলেন, দুই বছর আগে দায়িত্ব নেওয়ার সময় চসিকের ঘাড়ে ৫৯৬ কোটি টাকার দেনা ছিল। সেটি পরিশোধ করা সম্ভব হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে চট্টগ্রাম বন্দর থেকে ২২৪ কোটি টাকা আদায় করা হয়েছে। এটি চসিকের ইতিহাসে একটি বড় মাইলফলক হয়ে থাকবে। এছাড়া ৩৬টি বেসরকারি কনটেইনার ইয়ার্ডকে পৌরকর মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

তিনি জানান, গত দুই বছরে ২,৫০০ কোটি টাকা ব্যয়ে ৭০০টি উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২০টি সেতু, ৬০টি কালভার্ট এবং ১২ কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। ১০টি গোলচত্বরের উন্নয়ন ও নির্মাণের পাশাপাশি ৩৬টি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে চারটির কাজ সম্পন্ন, ১৫টি চলমান এবং ১৭টির দরপত্র প্রক্রিয়াধীন। কুলগাঁও এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে।

জলাবদ্ধতা ও নাগরিক সেবায় উদ্যোগ

জলাবদ্ধতা নিরসনে সব সংস্থাকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে জানিয়ে প্রশাসক বলেন, প্রতি বছর নগরের ১,৬০০ কিলোমিটার নালা পরিষ্কার করা হচ্ছে। ৪০টি নতুন খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সিডিএর প্রকল্প শেষ হলে ৩৬টি খালের রক্ষণাবেক্ষণে ডিপিপি তৈরি করা হবে।

নাগরিক সেবা সহজ করতে ‘আমাদের চট্টগ্রাম’ নামে ডিজিটাল অ্যাপ চালু করা হয়েছে। এতে ৬,০০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৪,২০০টি নিষ্পত্তি হয়েছে। প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ছয়টি জোনকে আটটিতে উন্নীত করা হয়েছে। চসিকের ১,৫৫৭ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। ডিজিটাল জব পোর্টালের মাধ্যমে স্বচ্ছ নিয়োগব্যবস্থাও চালু হয়েছে। এছাড়া ২০টি স্থানে এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ১০ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে দুই লাখ গাছ রোপণ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, ১০ লাখ শিশুকে টাইফয়েড এবং ছয় লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এক লাখ স্কুলছাত্রীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকা দেওয়া হয়েছে। মেমন হাসপাতালে নবজাতকদের জন্য ইনটেনসিভ কেয়ার সেন্টার, মেমন হাসপাতাল-২-এ ডায়ালাইসিস সেন্টার এবং শ্রমজীবীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে স্বল্পমূল্যে সিটিস্ক্যান, এমআরএ করা ও ৪১টি ওয়ার্ডে ডিসপেনসারিতে বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধে ১২ হাজার কুকুরকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া মোহরায় হাসপাতাল করার জন্য আট একর জমি সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে।

শিক্ষা ও বিনোদন খাতে ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ তৈরির পরিকল্পনার অংশ হিসেবে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দর সড়কে সাইকেল ট্র্যাক এবং পতেঙ্গায় নতুন সৈকত ও স্মার্ট সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনায় আবাসন ও পর্যটন

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, বায়েজিদ লিংক রোড এলাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য ৭০০টি ফ্ল্যাট এবং বিবিরহাটে ১২০ কাঠা জমির ওপর আধুনিক মার্কেট নির্মাণ করা হবে। পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট দূর করতে চসিক কলোনি নির্মাণ করছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কোরিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে দুটি প্রকল্পের চুক্তি হয়েছে।

এছাড়া নগরে ১০টি ভূগর্ভস্থ মার্কেট নির্মাণ, কর্ণফুলী নদীর তীরে ৪০০ একর জমিতে পরিবেশবান্ধব পর্যটন এলাকা গড়ে তোলা এবং সেখানে সৌরবিদ্যুৎচালিত প্লান্টে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। নগরের ৩৬টি খালের তীরে সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি নৌপরিবহন চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

দুই বছরের দায়িত্ব পালনে ব্যর্থতা আছে কি না জানতে চাইলে ডা. শাহাদাত বলেন, বিষয়টি নগরবাসীর মূল্যায়নের ওপর ছেড়ে দিতে চান। তবে নগর সরকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, এছাড়া পরিকল্পিত নগর গড়ে তোলা কঠিন। হকার উচ্ছেদ করলে তা টেকসই করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। আবার অনেক এলাকায় উন্নয়ন করতে চাইলেও জমি অন্য সংস্থার অধীনে থাকায় তা সম্ভব হয় না। এসব সীমাবদ্ধতা কাটিয়ে নগর সরকার প্রতিষ্ঠা করা গেলে চট্টগ্রামকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেইন্ডার্সের হ্যাটট্রিক, নেদারল্যান্ডস গ্রিসকে ৭-০ গোলে পরাজিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


রেইন্ডার্সের হ্যাটট্রিক, নেদারল্যান্ডস গ্রিসকে ৭-০ গোলে পরাজিত করেছে

গ্রিসকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। একের পর এক আক্রমণে ডাচরা গ্রিসের রক্ষণকে বিধ্বস্ত করে। উয়েফা নেশন্স লিগে তিজানি রেইন্ডার্সের অসাধারণ হ্যাটট্রিকে তারা গ্রিসকে ৭-০ গোলে পরাজিত করেছে।

প্রথমার্ধেই পাঁচটি গোল করে ম্যাচের ফলাফল নিশ্চিত করে দেয় নেদারল্যান্ডস। ২৭ বছর বয়সী রেইন্ডার্সই জয়ের নায়ক। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তিনি প্রথমার্ধেই সম্পন্ন করেন এসি মিলানের মিডফিল্ডার হিসেবে। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের সূচনা করেন ক্রিসেনসিও সামারভিল, যিনি গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন।

এরপর রেইন্ডার্সের খেলা শুরু হয়। ১২ মিনিটে জোয়ি ভারম্যানের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রেইন্ডার্স। ছয় মিনিট পর ডোনিয়েল মালেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ৩৩ মিনিটে ডাচ মিডফিল্ডার তার হ্যাটট্রিক পূর্ণ করেন, ডেনজেল ডামফ্রিসের হেড থেকে পাওয়া বল সহজেই জালে পাঠিয়ে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান ৫-০ করেন জুরিয়েন টিম্বার। বিরতির পর ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্সেনালের ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। ম্যাচের ৬২ মিনিটে ডামফ্রিসের সহায়তায় গ্রিসের জালে শেষ পেরেক মারেন মালেন।

অন্য ম্যাচে জার্মানি সার্বিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে। ম্যাচের তৃতীয় মিনিটে জার্মানি এগিয়ে যায়। গোলমুখ খোলায় অবদান রাখেন সার্বিয়ান ডিফেন্ডার সর্দান বাবিচ। তার আত্মঘাতী গোলেই ৪ বারের বিশ্বকাপজয়ীরা এগিয়ে যায়। পরে বাবিচ গোল করে প্রায়শ্চিত্ত করেন, তবে দলের পরাজয় রোধ করতে পারেননি।

সেই গোলের রেশ শেষ না হতেই ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টৎস। বিরতির পর জার্মানির হয়ে অভিষেক ম্যাচে গোল পান ব্রায়ান গ্রুদা, যিনি ২১ বছর বয়সী উইঙ্গার। সার্বিয়ার হয়ে ৫৬ মিনিটে একটি গোল শোধ করেন বাবিচ। শেষ দিকে দুটি লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা। সেই সুযোগ নিয়ে জার্মানি আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি।

গতকালের জয়ে গ্রুপ এ২-এর শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১১। সমান ম্যাচে জার্মানি ও গ্রিসের পয়েন্ট ৮। সোমবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জার্মানি। অন্যদিকে সার্বিয়ার বিপক্ষে খেলবে গ্রিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরিকল্পিত কীটনাশক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


অপরিকল্পিত কীটনাশক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য

শরীর সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের শাকসবজি রাখা হয়। তবে যদি সেই সবজিগুলো নীরব বিষের উৎস হয়ে যায়, তাহলে সুস্থ থাকার নিশ্চয়তা কোথায়? শিল্প-কারখানার দূষিত বর্জ্য কৃষিজমির মাটি ও পানিতে মিশে যাচ্ছে। এই দূষণ সবজিক্ষেতে ছড়িয়ে পড়ছে এবং আমাদের প্রতিদিনের খাবারের থালায় প্রবেশ করছে। গবেষণায় সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামসহ বিভিন্ন ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে।

অপরিকল্পিত কীটনাশক ব্যবহার এবং ফসল তোলার আগেই বাজারজাত করার প্রবণতা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। রাজধানীসহ সারা দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কলকারখানার দূষিত বর্জ্য কীভাবে সবজিক্ষেতে ছড়িয়ে পড়ছে? আমাদের প্রতিদিনের খাবার কতটা ঝুঁকিতে রয়েছে? কালের কণ্ঠের অনুসন্ধানে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

ঢাকার নিকটবর্তী সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ী এলাকার কৃষক আব্দুর রাজ্জাক। তিনি ছোটবেলায় বাবার হাত ধরে কৃষিকাজে আসেন এবং দীর্ঘ ৪০ বছর ধরে এই এলাকায় কুমড়া, শসা, শিম, ভুট্টাসহ বিভিন্ন সবজি ও ধান চাষ করছেন। গত বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, প্রায় দুই বিঘা জমিতে চাষ করা চালকুমড়া ও শসার ক্ষেতে কাঁধে স্প্রে মেশিন নিয়ে কীটনাশক ছিটাচ্ছেন। তার কোনো সুরক্ষা ব্যবস্থা নেই এবং বাতাসে আশপাশের ছিটানো কীটনাশক রয়েছে।

পাশের ক্ষেত থেকে শসা তুলছিলেন আরেক কৃষক জাহাঙ্গীর আলম। তার ক্ষেতেও আব্দুর রাজ্জাকের ছিটানো কীটনাশকের অংশ উড়ে যাচ্ছিল। আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা এভাবেই ক্ষেতে বিষ (কীটনাশক) দিই। মাস্কটাস্ক পরি না। মাঝেমধ্যে বিষ দেওয়ার পরে মাথা ব্যথা করে। পরে আবার তা ঠিক হয়ে যায়।’

‘কীটনাশক দেওয়ার কত দিন পরে ফসল বাজারে বিক্রি করেন?’ জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘সাধারণত যেদিন বিষ দিই, তার এক দিন পরেই ক্ষেতে থেকে ফসল তুলে বাজারে বিক্রি করে দিই। আবার যদি বাজারে ভালো দাম থাকে, তখন বিষ দেওয়ার পরের দিনও ফসল তুলে বিক্রি করি। আর ফসলে যে পরিমাণ পোকার আক্রমণ হয়, তাতে কোনো কোনো সপ্তাহে দুইবারও কীটনাশক স্প্রে করা হয়।’

আব্দুর রাজ্জাক প্রোক্লেম-০৫ এসজি নামের একটি কীটনাশকের প্যাকেট হাতে নিয়ে দেখিয়ে বলেন, ‘আজ এটা দিয়েছি। চালকুমড়া বিক্রির উপযোগী হয়েছে। আর এক দিন পরেই তুলে বাজারে বিক্রি করব।’ প্যাকেটটির ওপর লাল কালিতে লেখা রয়েছে, ‘প্রোক্লেম শেষ প্রয়োগের পরবর্তী সাত থেকে ১৪ দিন ফসল তোলা থেকে বিরত থাকতে হবে।’ কিন্তু কে মানে এসব নির্দেশনা? যারা বিষয়টিকে দেখার দায়িত্বে রয়েছেন, তারাও গুরুত্ব দেন না।

আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষ ছিটানোর পরে সাত দিন অপেক্ষা করার সময় কোথায়? যখন ফল ধরে না, তখন অপেক্ষা করা যায়; কিন্তু তখনো তো গাছের শাক বিক্রি করি। আর বাজারে আমাদের এই তাজা সবজির চাহিদা অন্য সব সবজির চেয়ে অনেক বেশি। এত সব নিয়ম-কানুন মানতে গেলে দেখা যাবে, ফসল ফলাতে যে খরচ, সেটাই উঠবে না। বাজারে ভালো দাম পেলেই আমরা বিক্রি করে দিই।’

একই গ্রামের শসা চাষ করা আরেক কৃষক জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকায় দেশি ও টাটকা শসার চাহিদা সবচেয়ে বেশি। আমরা দু-তিন দিন পর পর ঢাকায় শসা পাঠাই। ভোরে তুলে তখনই পাঠিয়ে দিই। এমনও হয় যে আগের দিন গাছে বিষ দিয়েছি, পরের দিন ভোরে শসা তুলে ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’

ঢাকার কাছাকাছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, বেশির ভাগ এলাকায় কৃষকরা আগাম শীতকালীন সবজি তুলছেন এবং শীতকালীন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন। মাঠের পর মাঠে চাষ করা সবজির জন্য মাঝে মাঝে পানির আধার তৈরি করা হচ্ছে। সেখানে গিয়ে দেখা যায়, শত শত কীটনাশক ও বালাইনাশক ব্যবহারের পরে খালি মোড়ক ফেলে রাখা হয়েছে।

কথা হয় চরদিল্লি গ্রামের কৃষক খালেদুলের সঙ্গে। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘মাঠে এখন আগাম শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বেগুন, শালগম, ঢেঁড়সসহ বিভিন্ন জাতের সবজি রয়েছে। এসব সবজি নিয়মিতই পাইকারি বাজারে বিক্রি করছি এবং সেগুলো ঢাকায় চলে যাচ্ছে। আমাদের মধ্যে কয়েকজন কৃষক সরাসরি ঢাকায় নিয়েও বিক্রি করেন।’

সবজিক্ষেতে কোন পদ্ধতিতে কীটনাশক ও বালাইনাশক প্রয়োগ করছেন? জানতে চাইলে খালেদুল বলেন, ‘ঢেঁড়স ও ফুলকপিতে এখন বেশি কীটনাশক দিতে হচ্ছে। সপ্তাহে অন্তত একবার দেওয়া হয়, অনেক সময় দুইবারও দিতে হয়। আর কীটনাশক প্রয়োগ করার দু-এক দিন পরেই সবজি কেটে বাজারে বিক্রি করে ফেলি। এখন সবজির যে চাহিদা, তাতে বেশিদিন অপেক্ষা করলে লাভ করা যায় না।’

পাশের গ্রামের কৃষক আলী হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সার কিংবা কীটনাশক দেওয়ার এক দিন পরেই আমরা ফসল কাটি। কী ক্ষতি হইলো, না হইলো সেটা দেখার সময় কই আমাদের? আমার দেওয়া শ্রম, কীটনাশক ও সারের টাকা তুলে সবজি বিক্রি করে লাভ পাওয়াটাই বড় বিষয়।’

এভাবে মানুষের ক্ষতি করে কীটনাশকসহ সবজি বিক্রির জন্য স্থানীয় কৃষি অফিসার কিংবা স্থানীয় প্রশাসন তদারকি করে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্যারেরা কি আর মাঠে আসেন? তাদের উপজেলা অফিসে গিয়েও পাওয়া যায় না। আমরা আমাদের মতো করে বাপ-দাদাদের থেকে শিখে আসা পদ্ধতিতে ফসল ফলিয়ে আসছি। নিয়ম মাইনা এক সপ্তাহ অপেক্ষা কইরা সবজি তুললে সংসার চলব ক্যামনে?’

শুধু অনিয়মতান্ত্রিকভাবে কীটনাশক প্রয়োগই নয়, খরচ বাঁচাতে কম দামের ও পরিবেশের জন্য ক্ষতিকর বালাইনাশক ফসলে দিচ্ছেন কৃষকরা। বেশি দামের কীটনাশক দেরিতে কাজ করছে এবং কম দামের কীটনাশক দ্রুত কাজ করছে বলে কৃষকদের দাবি। বিশেষজ্ঞরাও বলছেন, কম দামের কীটনাশকে বিষের মাত্রা বেশি থাকে এবং দ্রুত পোকা মরে যায়। অন্যদিকে বেশি দামের কীটনাশক একটু দেরিতে কাজ করে, কিন্তু সেটা মানুষের শরীরে কম ক্ষতি করে।

সাটুরিয়ার দরগ্রাম এলাকায় বেগুন ও শিম চাষ করা কৃষক হামিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে ভালো মানের বালাইনাশক ৪৫০ টাকা থেকে ২০০ টাকা প্রতি প্যাকেট। কিন্তু নামসর্বস্ব কিছু কম্পানির এসব বিষ ৭০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যায়, যা কাজও করে দ্রুত; কিন্তু এটা ব্যবহার করা ক্ষতিকর তা কৃষি অফিস থেকে বলা হয়েছিল। আমরা মাঝেমধ্যে এগুলো ব্যবহার করতে বাধ্য হই।’

এই এলাকার এক কীটনাশক ও সার বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, ‘এসাটাফ-৭৫ এসপি ২৫০ টাকা, বায়োলিনাফা ২৬০ টাকা, প্রোক্লেম-০৫এসজি কীটনাশক ২০০ টাকায় বিক্রি করি। কিন্তু একই পরিমাণে কিছু কীটনাশক ১০০ টাকার কমে বিক্রি করি, যেগুলো ভালো কোনো কম্পানির নয়। কিন্তু কৃষকরা কম দামেরটাই খোঁজে, আর আমাদের লাভও হয় বেশি। ভালো ব্রান্ডের ২০০ টাকার কীটনাশকে ২০ টাকার মতো লাভ হয়, আর নন-ব্রান্ডের ১০০ টাকার কীটনাশকে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত লাভ হয়। এ জন্য আমরাও এগুলো বিক্রি করি। যদিও এগুলো বিক্রি করতে কৃষি অফিসের মানা আছে, কিন্তু চাহিদা থাকলে বিক্রি তো আমাদের করতেই হয়।’

সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, চলতি মৌসুমে এই উপজেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৫০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় এক হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। ঢাকার কাছে হওয়ায় এই এলাকার সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের সার ও কীটনাশক বিক্রির ডিলার মেসার্স ইসলাম অ্যান্ড কোং-এর দ্বীপেন সাহা কালের কণ্ঠকে বলেন, ‘আমার এখানে সরকার অনুমোদিত কীটনাশক-বালাইনাশক ছাড়া নিম্নমানের কোনো কীটনাশক নাই; কিন্তু এখানে ৯ জন সাবডিলার রয়েছেন, যারা এগুলো বিক্রি করেন বলে কৃষকদের থেকে জেনেছি। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো পক্ষেরই নজরদারি নাই। অফিসাররা এসে শুধু দেখেন যে দুই নাম্বার মাল বিক্রি করছি কি না। সচেতন করার কোনো বালাই নাই। আর কৃষকরা চাইলে তো কীটনাশক, বালাইনাশক ও সার বিক্রি করতে হচ্ছে। কে অতিরিক্ত মাত্রায় দিচ্ছে, কে নিয়ম মানছে না, সেসব তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়।’

বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের প্রাপ্ত ফলাফলের তথ্য বলছে, বাজারের বিভিন্ন সবজির নমুনায় ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের সর্বোচ্চ সহনীয় মাত্রা রয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (বালাইনাশক ও বিষতত্ত্ব বিভাগ) ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান কালের কণ্ঠকে বলেন, ‘৪০ থেকে ৬০ বছর আগে আবিষ্কৃত পুরনো বিষাক্ত বালাইনাশকের দাম কম হওয়ায় কৃষকরা সেগুলোই বেশি ব্যবহার করছেন। বিপরীতে নতুন ও কম ক্ষতিকর আধুনিক বালাইনাশকের দাম বেশি। সরকার যদি এসব আধুনিক বালাইনাশকে ভর্তুকি দেয়, তাহলে কৃষকরা নিরাপদ বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ হবেন।’

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সাম্প্রতিক এক গবেষণা বলছে, রাজধানীর বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা, ক্যাডমিয়াম এবং ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি প্রকাশ হওয়া বিএফএসএর ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় ১.১৬ থেকে ২.৩৭ পিপিএম পর্যন্ত সিসা শনাক্ত হয়েছে। এ ছাড়া একই নমুনায় ০.৩৩ পিপিএম ক্যাডমিয়ামের উপস্থিতিও পাওয়া গেছে, যা সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি।

শাক-সবজিতে সিসার সহনীয় মাত্রা ০.৩ পিপিএম; কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় সর্বোচ্চ ২.৩৭ পিপিএম পর্যন্ত সিসা পাওয়া গেছে, যা নির্ধারিত সীমার চেয়ে অন্তত সাত গুণ বেশি। ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে সংগৃহীত বিভিন্ন শাক-সবজির নমুনা পরীক্ষার ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির তথ্য বলছে, প্রতিদিনের খাদ্যাভ্যাসের মাধ্যমে এসব ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করছে, যা দীর্ঘ মেয়াদে নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু দীর্ঘদিন শরীরে জমতে থাকলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সিসা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত করতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, সবজির কিছু নমুনায় ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলা জীবাণুও শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু দেশের সব ধরনের খাদ্য স্বাস্থ্যসম্মত রাখার প্রত্যয়ে দেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়। তবে কর্তৃপক্ষ কয়েকটি বিধি-প্রবিধি প্রণয়ন করেই তাদের রুটিন দায়িত্ব পালন করছে। ২০১৭ সালে কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য প্রবিধানমালা জারি করে। তারা সবজি নিয়ে গবেষণা করলেও এর মনিটরিংয়ের দায় দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের উপজেলা ও গ্রাম পর্যায়ে কৃষকদের মনিটর করা সম্ভব নয়, আর আমাদের সেই লোকবলও নেই। এর দায়িত্বে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইউনিয়ন পর্যায়ে তাদের তিনজন কর্মকর্তা দায়িত্বে রয়েছেন, কিন্তু আমাদের (নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ) আছে জেলা পর্যায়ে মাত্র একজন কর্মকর্তা।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন বলেন, বালাইনাশক প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন রয়েছে কখন প্রয়োগ করতে হবে। প্রয়োগের কত দিন পর তা তোলা বা বাজারে নেওয়া যাবে, এসব নির্দেশনা দেওয়া আছে; কিন্তু তা বেশির ভাগ কৃষকই মানেন না। তাই এ ধরনের সবজি খেয়ে মানুষ কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মানসিক সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

এদিকে ২০২৪ সালের এক গবেষণায় লালশাক, শিম, ঢেঁড়স, পটোল, শসাসহ বেশ কয়েকটি সবজিতে ক্ষতিকর ভারী ধাতুর মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের খাদ্যচক্রে এসব ভারী ধাতুর প্রভাব তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘ মেয়াদে তা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তবে সে জন্য নির্দিষ্ট কোনো ফসল বা খাদ্যপণ্য নিয়ে আতঙ্কিত না হয়ে খাদ্য উৎপাদনের উৎস বিষ ছড়ানোর সুযোগ বন্ধ করতে হবে।

এই গবেষণাকাজে রাসায়নিকের মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। তাঁরা বাজার থেকে ৯ ধরনের সবজি সংগ্রহ করেছিলেন। সেগুলোর মধ্যে ছিল আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটি।

গবেষণায় দেখা গেছে, এসব সবজিতে সিসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামসহ বেশ কয়েকটি রাসায়নিকের উচ্চ মাত্রার উপস্থিতি রয়েছে। তবে সবচেয়ে বেশি মাত্রায় হেভি মেটাল পাওয়া গেছে লালশাকে।

শাক-সবজি ও ফলে ক্ষতিকর উপাদানের উপস্থিতি জানতে পৃথক দুটি গবেষণা পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব গবেষণায় সবজিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক এবং ফলে মিলেছে কীটনাশকের অবশিষ্টাংশ। গবেষণার তথ্য বলছে, লালশাকে সবচেয়ে বেশি পরিমাণে ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু পাওয়া গেছে। যেখানে ক্যাডমিয়ামের সর্বোচ্চ সহনীয় মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম প্রতি কেজি, সেখানে লালশাকে পাওয়া গেছে ৭০৪.৩২ মাইক্রোগ্রাম। বেগুনে পাওয়া গেছে ২৭৫.৬৬ মাইক্রোগ্রাম প্রতি কেজিতে, ঢেঁড়সে ৩৪৯ মাইক্রোগ্রাম এবং টমেটোতে ১৯৫ মাইক্রোগ্রাম। ক্যাডমিয়ামের সর্বোচ্চ উপস্থিতি পাওয়া গেছে নারায়ণগঞ্জ থেকে সংগৃহীত নমুনা থেকে।

একইভাবে ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে শিম, শসা, ঢেঁড়স, পটোল ও লালশাকে। সিসার মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে বেগুন, বাঁধাকপি, শিম, শসা, ঢেঁড়স, পটোল, টমেটো, লালশাকসহ ৯টি সবজিতে।

বেগুন ভয়ংকর: সম্প্রতি সায়েন্স জার্নাল ‘নেচার পোর্টফোলিও’তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দেশে বেগুন উৎপাদনের বিখ্যাত এলাকা জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার কয়েকটি স্থানের বেগুনে সিসা, নিকেল, ক্যাডমিয়ামসহ একাধিক ক্ষতিকর উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি রয়েছে। উপাদানগুলোর স্বাভাবিক যে পরিমাণে থাকার কথা, তার চেয়েও কয়েক গুণ বেশি উপস্থিতি রয়েছে, যা নিয়মিত গ্রহণের ফলে ক্যান্সারের মতো রোগ হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।

এ গবেষণার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, ‘বেগুনে উপস্থিত ক্ষতিকর এসব উপাদানসহ এই সবজি দীর্ঘদিন গ্রহণ করলে মানবদেহে ক্যান্সারসহ নানা ধরনের রোগ বাড়তে পারে। এ জন্য দেশব্যাপী বেগুনসহ অন্যান্য সবজির ওপর হেভি মেটালের এ গবেষণা ব্যাপক আকারে চালানো দরকার। খামারিদের ব্যবহার করা মাত্রাতিরিক্ত কীটনাশক কিংবা সারের মাধ্যমে জমিতে সিসা, নিকেল, ক্যাডমিয়ামসহ ক্ষতিকর উপাদান সবজিতে প্রবেশ করতে পারে।’

জামালপুরের স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, বেগুনে এসব ক্ষতিকর উপাদান আছে কি না সে বিষয়ে তাঁদের গবেষণা নেই। যেহেতু বেগুন উৎপাদনে কোনো প্রভাব পড়ছে না, তাই এসব বিষয় ভেবে দেখেননি তারা। তবে কৃষকরা বেগুনের বাগানে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন এবং সেখান থেকে মাটি ও বেগুনে ক্ষতিকর উপাদানের পরিমাণ বাড়তে পারে বলে তাদেরও ধারণা।

অ্যাটমিক অ্যাবসরপশন স্পেকট্রোফোটোমিটার (এএএস) ব্যবহার করে বাংলাদেশের একটি বিখ্যাত বেগুন উৎপাদনকারী এলাকা থেকে ৬০টি টপ সয়েল (মাটির ওপরের উর্বর অংশ) এবং ৮০টি বেগুনের নমুনায় ট্রেস মেটালের উপস্থিতি নির্ণয় করার জন্য গবেষণাটি করা হয়েছিল। ড. মো. জাকির হোসেন বলেন, ‘আমরা জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ২০ স্থানের ৮০টি বেগুনের স্যাম্পল এবং ৬০টি স্থানের মাটির স্যাম্পল নিয়ে কাজ করেছি। এতে আমরা বেশির ভাগ স্যাম্পলেই সিসা ও নিকেলের উপস্থিতি পেয়েছি, যা মানবদেহের জন্য ক্ষতিকর। ওই এলাকার মাটিতেও এসব উপাদানের উপস্থিতি বেশি।’

বেগুন এ দেশের অত্যন্ত জনপ্রিয় সবজি। আর এ দেশের মানুষের খাদ্যতালিকায় সারা বছরই বেগুনের তরকারি থাকে (জনপ্রতি দিনে ৭.২৮ গ্রাম)। প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির দৈনিক চাহিদার উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন, খনিজ ও ফেনোলিক যৌগ সরবরাহ করে বেগুন। যদিও দেশে ও বিদেশে অনেক গবেষণায় এসেছে যে আলু, বেগুন, কচু, আমলকী, মুলা, ঢেঁড়স ও ফুলকপির মতো সবজিতে ধাতব পদার্থ জমার ঝুঁকি রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে, গ্রীষ্মকাল (মোট সবজি উৎপাদনের ৯.৬ শতাংশ) ও শীতকাল (মোট সবজি উৎপাদনের ৪.৭ শতাংশ) উভয় মৌসুমেই বাংলাদেশে চাষ করা সবজিগুলোর মধ্যে বেগুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবজি। আর এই সবজি ফলাতে প্রয়োগ করা অতিরিক্ত মাত্রার কীটনাশকই মানুষের খাবারের প্লেটে যাচ্ছে।

মেলান্দহ উপজেলার কৃষক আনোয়ার কালের কণ্ঠকে বলেন, ‘বেগুন চাষের ক্ষেত্রে জমিতে যেমন অতিরিক্ত বালাইনাশক দিতে হয়, তেমনি পোকা দমন রোধে কীটনাশকও বেশিই দিতে হয়। সপ্তাহে অন্তত দুইবার কীটনাশক না দিলে বেগুনে পোকা ধরে যায়। যদি পোকা ধরে তাহলে সেই বেগুনের আর দাম পাওয়া যায় না। আর কীটনাশক প্রয়োগের এক দিন পরেই আমরা ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করে বাজারে বিক্রি করি, যা ঢাকাসহ সারা দেশে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের জৈন্তাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ এম


সিলেটের জৈন্তাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলের সময় জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মজিবুর রহমান রুহিত (২৬)। তিনি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার পুত্র। রুহিত কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য হিসেবে পরিচিত। তিনি সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগ্নে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%