নীলফামারী জেলা রিপোর্টার,রায়হান আলী
০৪:৩৩ পি.এম
নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক বেসরকারি অ্যাম্বুলেন্স চালককে আটক করেছে পুলিশ। এদিকে চিকিৎসককে মারধরের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন হাসপাতালের চিকিৎসকরা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শহরের চৌরঙ্গি মোড়ে চিকিৎসকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন শুরু করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালক নাঈম ইসলাম। সেখানে রিপোর্ট তৈরিতে কিছুটা বিলম্ব হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে চিৎকার-চেঁচামেচি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল তাকে বিশৃঙ্খলা করতে বাধা দিলে নাঈম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ওই চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মারধর শুরু করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক নাঈম ইসলামকে আটক করা হয়। তবে এ ঘটনার প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন, যার ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনরত চিকিৎসকরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু বিচার ও হাসপাতালে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং সুস্থ সমাজ গঠনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, শপথবাক্য পাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় গোমস্তাপুরের হোগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ রফিকুল ইসলাম এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ মৃণাল কান্তি দাসসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক একটি নীরব ঘাতক, যা মানুষের সুন্দর ও সম্ভাবনাময় জীবনকে মুহূর্তের মধ্যে অন্ধকারে ঠেলে দেয়। মাদক শুধু একটি জীবনকেই ধ্বংস করে না, একটি পুরো পরিবারকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি তার পরিবার ও সমাজে ভালোবাসা ও সম্মান হারায়।”
তিনি আরও বলেন, “সন্তানদের মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবারকে বিশেষ নজর রাখতে হবে। সামাজিকভাবে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক সেবনকারী সঙ্গীদের পরিহার করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে অত্যন্ত কঠোর। জীবনকে ভালোবেসে মাদককে চিরতরে ‘না’ বলতে হবে এবং সবাইকে মিলে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।”
বর্তমানে বাংলাদেশে নারীদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধি পাওয়া এবং মাদক বহনের কাজে নারীদের ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান অতিথি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর আয়োজিত মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
কর্মসূচির শেষ পর্যায়ে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাদকমুক্ত থাকার শপথবাক্য পাঠ করান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ এখনও মক্কা প্যাক্টে যুক্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌদি আরবে সেনা পাঠানোর কোনো উদ্যোগ বর্তমানে নেই। তিনি উল্লেখ করেছেন, "মক্কা-মদিনা আক্রান্ত হলে বসে থাকবে না ঢাকা।"
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে গবেষণা প্রতিষ্ঠান বিজে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এ বিষয়ে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রবাসে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু যুদ্ধ এখনও চলছে, এটি তাৎক্ষণিক প্রভাব ফেলছে। সরকার নতুন বাজার খুঁজছে এবং যেসব শ্রমিক দেশে ফেরত আসছেন, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবে সরকার।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, ভারতের চলমান রাজনৈতিক অস্থিরতা দেশটির অভ্যন্তরীণ সমস্যা এবং এ বিষয়ে বাংলাদেশের নিজস্ব কোনো মূল্যায়ন নেই।
তিনি জানান, দুর্গা পূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার সকলকে জসগণের পাশে থাকার আহ্বান জানিয়েছে।
সৌদি আরবে চলমান অস্থিরতার কারণে জ্বালানি আমদানিতে সমস্যা সৃষ্টি হবে, যা গোটা বিশ্বে প্রভাব ফেলবে। তবে, তিনি নিশ্চিত করেন, দেশে কোনো জ্বালানি সংকট নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটি পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’ নামকরণের প্রস্তাব করেছেন।
শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প উল্লেখ করেন, তিনি দায়িত্ব ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের নামে একটি মহাসাগর ও একটি বড় নদীর নামকরণ করা উচিত।
তিনি বলেন, ‘আমাদের উপসাগর আছে। আমাদের একটি সুন্দর হ্রদও রয়েছে। এখন একজন বলেছেন, আমাদের একটি নদীও দরকার। আমাদের একটি মহাসাগরও দরকার।’
ট্রাম্প আরও জানান, আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তন করা সম্ভব। এ সময় তিনি রসিকতার ছলে ইঙ্গিত দেন, নতুন নামটি তার সম্মানে রাখা হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এর নাম দিতে পারি ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’–এমন কিছু। তার এই বক্তব্যে সমাবেশে উপস্থিত কয়েকজন হাসেন এবং হাততালি দেন।
গত বছর ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখেন। এ সিদ্ধান্তের ফলে মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। নতুন নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গেও তার বিরোধ বাধে।
গত আগস্টে ট্রাম্প নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার মাঝে অবস্থিত অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখেন। এ পদক্ষেপটি কানাডার নেতাদের সঙ্গে বাণিজ্য ও শুল্ক নিয়ে বিরোধের প্রেক্ষাপটে নেওয়া হয়।
প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা ব্যবহার করে জলভাগ ও অন্যান্য ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করতে পারেন। অনলাইনে মানচিত্র সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত ট্রাম্পের দেওয়া নতুন নাম গ্রহণ করেছে।
শনিবারের সমাবেশে ট্রাম্প বলেন, তিনি হাডসন নদীর নাম পরিবর্তন করবেন না। নদীটি তার নিজ অঙ্গরাজ্য নিউইয়র্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অভিযাত্রী হেনরি হাডসনের নামে নদীটির নামকরণ করা হয়েছে।
তিনি বলেন, 'অনেক আগে লোকটা ওই জিনিসটা স্থাপনের কাজ ভালোভাবেই করেছিল।'
ট্রাম্প আরও জানান, তিনি মিসিসিপি নদীর নামও পরিবর্তন করবেন না। নদীটি টেনেসি অঙ্গরাজ্যের পশ্চিম সীমানা নির্ধারণে ভূমিকা রেখেছে।
নির্বাচনে ওই অঙ্গরাজ্যে ভালো ফল করায় সেখানকার প্রতি তার বিশেষ অনুরাগ রয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, 'আমি মিসিসিপিকে ভালোবাসি। আমরা ওই অঙ্গরাজ্যে বিপুল ব্যবধানে জিতেছি।'
গত মাসে ট্রাম্প নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে 'নিউ আমেরিকা' রাখার প্রস্তাবও দেন। এ পরিবর্তনের জন্য সম্ভবত অঙ্গরাজ্যটির সরকার ও কংগ্রেসের পদক্ষেপ প্রয়োজন হবে।
গত সপ্তাহে তিনি বলেন, নাম পরিবর্তনের বিষয়টি নিউ মেক্সিকোর বাসিন্দাদের ওপর নির্ভর করবে।
অঙ্গরাজ্যটির একজন রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে প্রকাশ করা এক ভিডিওতে ট্রাম্প বলেন, 'আমি এ বিষয়ে চাপ সৃষ্টি করব না। তবে অনেকেই এটি বেশ পছন্দ করছেন।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ প্রদান করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক দুটি রায় সোমবার (১২ অক্টোবর) প্রকাশ করা হয়।
এর আগে ১০ সেপ্টেম্বর, হাইকোর্ট ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়।
সেসময় গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে জানান, এনবিআরের যে দাবিটি আমরা হাইকোর্ট বিভাগে চ্যালেঞ্জ করেছিলাম, আদালত আজ সেই রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের দাবিটি বহাল থাকলো।
জুলাই গণ-অভ্যুত্থানের পর, ২০২৪ সালের ৪ অক্টোবর, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ