মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১৪ পি.এম
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো।
১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০২৬ শুরু হবে বৃহস্পতিবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং বিষয়ক এই প্রদর্শনী চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
এ প্রদর্শনী তিন দিনব্যাপী চলবে। ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন খাদ্যপণ্য প্রদর্শনের পাশাপাশি কারিগরি অধিবেশন, সেমিনার ও ব্যবহারিক কার্যক্রমে শিল্পোদ্যোক্তা, বিশেষজ্ঞ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সোবহানবাগে অবস্থিত বাপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপার সভাপতি মাহবুব আনাম, সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ এবং বাপার অন্যান্য সদস্যরা।
এ সময় বাপা, এক্সপো আয়োজক কমিটি ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের (রিমস) অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে ২৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশগ্রহণ করবে। তিন দিনে প্রদর্শনীতে ২৪ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন এবং লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। এবারের প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অটোমেশন, মেশিন ভিশন, রোবোটিকস, স্মার্ট ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল আইওটি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি এবং টেকসই প্যাকেজিং উপকরণ ও নকশা বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি চার হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতিভিত্তিক সমাধান উপস্থাপন করা হবে।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, পোল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
তিন দিনের আয়োজনে আঞ্চলিক সম্মেলন, সেমিনার ও ব্যবহারিক কার্যক্রমে শতাধিক বিশেষজ্ঞ বক্তা ও শিল্পনেতা অংশগ্রহণ করবেন।
বাপার সভাপতি মাহবুব আনাম মন্তব্য করেন, ‘দেশের কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রদর্শনী উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘বর্তমান ব্যবসায়িক অনিশ্চয়তা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রযুক্তি, অংশীদার ও শিল্পবিষয়ক ধারণার সঙ্গে পরিচিত হতে পারবে। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ থেকে প্যাকেজিং, গুদামজাতকরণ ও লজিস্টিকস পর্যন্ত দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কার্যক্রম গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘ফুড ইনগ্রেডিয়েন্টস বাংলাদেশ এক্সপো ২০২৬’। এতে ফাংশনাল ফুড ও বেভারেজ, নিউট্রাসিউটিক্যালস, বিকল্প প্রোটিন, উদ্ভিদভিত্তিক ফর্মুলেশন এবং টেকসই খাদ্য উপকরণ তুলে ধরা হবে।
প্রদর্শনীর অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে সেশন স্টেজ, এফপি গুরমে, ড্রিংকস্ফিয়ার, গ্লোবাল ফুড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি ফোরাম এবং ক্রিয়েটিভ ডিজাইন ভিলেজ। প্রদর্শনীতে অংশগ্রহণ, দর্শনার্থী নিবন্ধন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে (http://www.foodpro.com.bd) ওয়েবসাইটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগাথা ক্রিস্টির সৃষ্টি ‘পোয়ারো’ এবার নতুন রূপে পর্দায়
বিনোদনজগতে আগ্রহের অভাব নেই আগাথা ক্রিস্টির জনপ্রিয় চরিত্র এরকুল পোয়ারো এবং গোয়েন্দা ঘরানার টিভি সিরিজ নিয়ে। ব্রিটিশ ডিরেক্টিভ সিরিজ ‘পোয়ারো’ ২৪ বছর ধরে টেলিভিশনের পর্দায় রাজত্ব করে এসেছিল, যার সমাপ্তি ঘটেছিল এক অন্ধকারাচ্ছন্ন ও চমকপ্রদ ঘটনার মাধ্যমে।
ডেভিড সুচেট অভিনীত এই আইকনিক সিরিজটির সমাপ্তির এতদিন পর, নতুন টিভি সিরিজ আনার
সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। ১৯৮৯ সালে প্রথম প্রচারিত হওয়া এই জনপ্রিয় সিরিজটি ১৩টি সিজনে মোট ২৪ বছর ধরে চলেছিল। সিরিজটির শেষ পর্ব ‘পর্দা : পোয়ারোর শেষ মামলা’ তে দেখা যায়, পোয়ারো স্টিফেন নর্টন নামের এক অদ্ভুত প্রতিপক্ষের মুখোমুখি হন। নর্টন সরাসরি অপরাধ না করলেও, মনস্তাত্ত্বিকভাবে অন্যদের দিয়ে খুন করানোর জন্য উসকানি দেয়।
আইনি প্রমাণের অভাবে পোয়ারো নিজেই ঠাণ্ডা মাথায় নর্টনকে হত্যা করে এবং নিজের জীবন উৎসর্গ করেন। একসময়ের নীতিবান গোয়েন্দার খুনি হয়ে ওঠার এই ঘটনা পুরো সিরিজের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত বিষয় হয়ে দাঁড়ায়।
তবে, পোয়ারো ভক্তদের জন্য নতুন সুখবর নিয়ে এসেছে বিবিসি। ‘হারকিউল’ শিরোনামে একটি নতুন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিওটি, যেখানে পোয়ারোর তরুণ বয়সের গল্প তুলে ধরা হবে।
নতুন এই সিরিজে এরকুল পোয়ারোর চরিত্রে জনপ্রিয় অভিনেতা এডওয়ার্ড ব্লুমেল অভিনয় করবেন। চলতি বছরের গ্রীষ্মেই এর শুটিং শুরু হবে। নতুন সিরিজের ঘোষণার পর ডিরেক্টিভ ধারার দর্শকরা আবারও নতুন রূপে পোয়ারোকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার আটঘরিয়ায় সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির নেতা আদম আলী মোল্লাকে (৬০) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই ঘটনার প্রধান আসামি ইরাদুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা গ্রামে একদল দুর্বৃত্ত আদম আলীকে গুলি করে হত্যা করে। নিহত আদম আলী একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশের দাবি, আদম আলী এলাকায় চরমপন্থী দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে শাহিন হোসেন বাদী হয়ে সোমবার রাতে আটঘরিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর র্যাব পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেফতার করে। তিনি আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আবদুলের ছেলে। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে থাকা বিষয়গুলো জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত করার জন্য জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
আজ মঙ্গলবার সচিবালয়ে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকের সময়, মন্ত্রী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার বদ্ধপরিকর।
ড. আবদুল মঈন খান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকারসংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ নতুন সরকার আইন হিসেবে জাতীয় সংসদে পাস হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসংক্রান্ত এসব আইনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীকে নির্বাচনের বিধান বিলুপ্ত করা হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ ও ক্ষমতার ভারসাম্য, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সুশাসন, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অস্ট্রেলিয়ার আগ্রহের কথা জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ক্রমবর্ধমান নগরায়ণের ফলে দেশে বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আধুনিক প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বৈঠকের শুরুতে, মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার নতুন পোর্টফলিওতে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার বরুড়ায় একটি ফসলি জমির মাটির নিচে হাত-পা বাঁধা অবস্থায় পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের একটি ফসলি জমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বরুড়া থানার ওসি নজমুল হক কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, এদিন সকালে কিছু শ্রমিক জমিতে কাজ করার সময় মাটির নিচে চাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বরুড়া থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ফসলি জমিতে পুঁতে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ