ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে ৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক


কাউখালীতে ৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

কাউখালীতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চরম প্রশাসনিক ও একাডেমিক সংকটের মুখে পড়েছে। উপজেলার ৪৪ টি সরকারি বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে একদিকে যেমন প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা, অন্যদিকে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রম।
অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, সমকক্ষ পদমর্যাদার হওয়ায় অনেক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশনা যথাযথভাবে মানছেন না অন্য সহকারী শিক্ষকরা। ফলে বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম অনেকটা ভেঙে পড়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক বণ্টনেও ভারসাম্যহীনতার অভিযোগ রয়েছে। কোথাও প্রয়োজনের তুলনায় শিক্ষক বেশি থাকলেও আবার কোনো কোনো বিদ্যালয়ে রয়েছে শিক্ষক সংকট। এতে শিক্ষক-শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত বজায় রাখা সম্ভব হচ্ছে না। পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ে সরকারি সময়সূচি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ উঠেছে।
অভিভাবকদের অভিযোগ, কিছু শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে ব্যক্তিগত প্রাইভেট ও কোচিং বাণিজ্যে বেশি মনোযোগী। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষায়। অনেক কোমলমতি শিক্ষার্থী প্রাথমিক পর্যায় শেষ করেও সাবলীলভাবে রিডিং পড়তে পারছে না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
শিক্ষার মান নিয়ে অসন্তোষ বাড়ায় অনেক অভিভাবক সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে নূরানী মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখার ক্ষেত্রেও নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৫ এর নিচে শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ জন, অথচ শিক্ষক রয়েছে ৪ জন।
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন, অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক পরিচালনায় সমস্যা হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক একই পদের হওয়ায় অনেক শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশনা গুরুত্ব দিতে চান না। তবে বিদ্যালয়গুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে নিয়মিত রুটিন অনুযায়ী তদারকি করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে প্রশাসনিক সংকটের পাশাপাশি শিক্ষার মানও দ্রুত উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা মোঃ বখতিয়ার রহমান বলেন, প্রধান শিক্ষক সংকটের বিষয়টি কর্তৃপক্ষ অবগত রয়েছে। বর্তমানে প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া চলমান। এ প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের পদসংক্রান্ত সংকটের সমাধান হবে এবং বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতি ফিরে পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনায় গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি জানালেন সালমা আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


হোমনায় গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি জানালেন সালমা আক্তার

কুমিল্লার হোমনায় জায়গা-জমিসংক্রান্ত বিরোধের কারণে বসতবাড়ির কয়েকটি গাছ কেটে ফেলার অভিযোগ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে উঠেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

অভিযোগকারী সালমা আক্তার জানান, তিনি একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ৩০ থেকে ৩৫টি ফলজ ও কাঠ গাছ কেটে ফেলা হয়েছে। পরে তিনি জানতে পারেন, অভিযোগে উল্লেখ করা ব্যক্তিরাই এসব গাছ কেটেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রেনু মিয়া সরকার বলেন, তিনি অভিযুক্ত ব্যক্তিদের গাছ কাটতে দেখেছেন। তবে কেন তারা গাছগুলো কেটেছেন, সে বিষয়ে তার জানা নেই। তিনি জানান, তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে।

অভিযোগে বাহেরখোলা গ্রামের মোতালিব (৪৫), জাকির হোসেন (৫০), শাহপরান (৩৫), জমসের আলী (৬৫), মাহমুদা আক্তার (২৭) ও মিতু আক্তার (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, গাছ কাটার ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তারা জানিয়েছেন।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের হজে অংশ নিতে ৭০২ এজেন্সির অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


২০২৭ সালের হজে অংশ নিতে ৭০২ এজেন্সির অনুমতি

আগামী বছর (২০২৭ সাল) হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সরকার এ পর্যন্ত মোট ৭০২টি এজেন্সিকে অনুমতি প্রদান করেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে যোগ্য ২২টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে। এর আগে ছয় দফায় ৬৮০টি এজেন্সিকে অনুমতি দেওয়া হয়েছিল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরব বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে। হজের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ থাকবে না।

যেসব শর্তে অনুমতি

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত তালিকার কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৭ হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

হজযাত্রী নিবন্ধনের পূর্বে যোগ্য তালিকাভুক্ত এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে গ্রুপ (অ্যালায়েন্স) গঠন করতে হবে। সৌদি সরকারের নির্ধারিত এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা পূরণ করতে পারলে সেই এজেন্সি বা লিড এজেন্সি সৌদি আরবে হজযাত্রী পাঠানোর সুযোগ পাবে।

এজেন্সিগুলোকে ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ নির্ধারণ করে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই প্যাকেজটি হজযাত্রী ও এজেন্সির মধ্যে চুক্তিপত্র হিসেবে বিবেচিত হবে। প্যাকেজে সৌদি আরবে প্রদেয় সেবা, অবস্থানকাল, হোটেলের দূরত্ব এবং প্যাকেজের মূল্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।

প্রত্যেক এজেন্সিকে ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। অর্থাৎ একজন গাইডের জন্য নির্ধারিত সমসংখ্যক হজযাত্রী হলে এজেন্সিটি সমন্বয়ে অংশ নিতে পারবে। অন্যথায় লিড এজেন্সির আওতাধীন অন্য কোনো এজেন্সিতে হজযাত্রী স্থানান্তরের (ট্রান্সফার) মাধ্যমে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।

প্রতি ৪৪ হজযাত্রীর জন্য আরবি ভাষায় দক্ষ, তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞানসম্পন্ন এবং হজ পরিচালনায় অভিজ্ঞ একজন হজ গাইড নিয়োগ দিতে হবে। ই-হজ সিস্টেমে গাইড যুক্ত করার সময় তার পাসপোর্টের তথ্য ও হজের অভিজ্ঞতার তথ্য দিতে হবে।

অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়া যাবে না। যদি কোনো এজেন্সি এমন উদ্যোগ নেয়, তবে তাদের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তীতে কোনো এজেন্সি হালনাগাদ তথ্যসহ আবেদন করলে যাচাই-বাছাই শেষে তাদের নাম পরবর্তী যোগ্য তালিকায় প্রকাশ করা হবে। যোগ্যতালিকা প্রকাশের পর কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হলে, কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সেই এজেন্সির নাম তালিকা থেকে বাতিল হবে।

এজেন্সিগুলোকে জুন ২০২৭ পর্যন্ত লাইসেন্স নবায়নের শর্তে যোগ্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন করতে হবে।

এছাড়া প্রতিটি এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং আয়কর সনদ জমা দিয়ে ঢাকা হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে।

যোগ্য তালিকাভুক্ত এজেন্সি ছাড়া অন্য সব এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু হবে বলে শর্তে উল্লেখ করা হয়েছে।

হজ এজেন্সির লিড নির্ধারণে ১২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন

হজ ২০২৭ মৌসুমে যোগ্য তালিকাভুক্ত হজ এজেন্সিগুলোকে গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে লিড এজেন্সি নির্ধারণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার মধ্যে লিডে অন্তর্ভুক্তির আবেদন ও লিড এজেন্সির সম্মতিপত্র পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে যোগ্য হজ এজেন্সিগুলোর স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদারদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, হজ ২০২৭ মৌসুমের জন্য এ পর্যন্ত ৭০২টি এজেন্সি যোগ্য তালিকাভুক্ত হয়েছে। নির্দেশনা অনুযায়ী হজ এজেন্সিগুলো গ্রুপ (অ্যালায়েন্স) গঠন করে লিড এজেন্সি নির্ধারণ করেছে।

আরও বলা হয়, ১০ সেপ্টেম্বর প্রকাশিত সপ্তম যোগ্য তালিকাভুক্ত এজেন্সিসহ এর আগে লিডে অন্তর্ভুক্ত হয়নি এমন সব এজেন্সির দ্রুত লিড নির্ধারণ করা জরুরি।

এ অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার মধ্যে এজেন্সির লিডে অন্তর্ভুক্তির আবেদন এবং লিড এজেন্সির সম্মতিপত্র ০১৯৩৯০৮৩৫০৯ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনায় তাহসিনের আত্মহত্যা, বিচ্ছেদের ৬ দিন পর গলায় ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


হোমনায় তাহসিনের আত্মহত্যা, বিচ্ছেদের ৬ দিন পর গলায় ফাঁস

কুমিল্লার হোমনায় তাহসিন আহম্মেদ (২২) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীমদ্দী পশ্চিমপাড়ার নানার বাড়িতে এই ঘটনা ঘটে। তাহসিন হরিপুর গ্রামের প্রবাসী মাইন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তাহসিন হোমনা ডক্টরস হাসপাতালে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে লাইভে আসেন। বিষয়টি জানার পর হাসপাতালের দায়িত্বশীলরা তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। পরে একই দিন রাতে শ্রীমদ্দী পশ্চিমপাড়ায় নানার বাড়িতে তার মৃত্যু ঘটে। এ সময় তার ফেসবুক স্টোরিতে একটি আবেগঘন স্ট্যাটাসও দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি শ্রীমদ্দী গ্রামের ফাতেমা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কের পর কোর্ট ম্যারেজের মাধ্যমে তাহসিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর কাজির মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

তাহসিনের বাবা মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি মায়ের সঙ্গে শ্রীমদ্দী পশ্চিমপাড়ায় নানার বাড়িতে বসবাস করতেন। তার নানা মৃত মোহাম্মদ সুবেদ আলী ছিলেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর আজ শুক্রবার বিকেল ৪টায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে চরেরগাঁও সম্মিলিত কবরস্থানে তাহসিনকে দাফন করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুমরাহ ফিট, হার্শিতের বদলে দলে ঠাকুর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


বুমরাহ ফিট, হার্শিতের বদলে দলে ঠাকুর

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়ান গেমসে খেলার জন্য চিকিৎসকদের কাছ থেকে ছাড়পত্র অর্জন করেছেন।

বুমরাহকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হলেও, ভারতের টিম ম্যানেজমেন্ট চিকিৎসকদের ছাড়পত্রের জন্য অপেক্ষা করছিল। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ফিটনেস পরীক্ষায় সফলতার মাধ্যমে তিনি খেলার অনুমতি পেয়েছেন।

চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে আঘাত পান হার্ষিত। তবুও, তাকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়েছিল। তবে, হার্ষিতের জন্যও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত ছিল।

কিন্তু পুনর্বাসনের সময় নতুন করে চোট পাওয়ার কারণে হার্ষিত আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমস থেকে বাদ পড়েন। তার পরিবর্তে ভারতীয় দলে পেসার ইয়াশ ঠাকুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে।

ভারত-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লিতে।

সিরিজটির অফিসিয়াল আয়োজক আফগানিস্তান।

এরপর, এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ভারতীয় দল জাপানের উদ্দেশে উড়াল দেবে।

আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের ভারতীয় দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সুরিয়াবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং, ইয়াশ ঠাকুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%