মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৯ পি.এম
লিবিয়া থেকে সাগরপথে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাত যুবক। তবে, ভূমধ্যসাগরে একটি প্লাস্টিকের নৌকাডুবির পর থেকে ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৫ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
একই নৌযানে থাকা একজন সহযাত্রী প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তার বর্ণনায় উঠে এসেছে যে, নৌকায় ছিদ্র হয়ে যাওয়ার কারণে যাত্রীরা পানিতে পড়ে যান এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন।
নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যদের এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে হাফিজ মিয়ার মাধ্যমে তারা গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেন। ৩১ অক্টোবর, তারা প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
নিখোঁজ যুবকদের মধ্যে রয়েছেন—পুরাকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া, ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া, কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া এবং লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়া।
পুরাকলা গ্রামের মাসুম মিয়া গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তিনি পরিবারের সদস্যদের জানান যে, তাদের নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে, নৌকাটি ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে এবং যাত্রীরা একে একে পানিতে পড়ে যান। দুই দিন পর, তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর, তিনি আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর একটি বাড়ির সন্ধান পান, যেখানে লোকজন তাকে সহযোগিতা করেন। পরে তিনি গ্রিসে পৌঁছান।
নিখোঁজ যুবকদের পরিবারের অভিযোগ, গ্রিসে পাঠানোর জন্য দালালকে প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কিন্তু যাত্রার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন, যাতে তাদের সন্তান ও স্বজনদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়।
অভিযুক্ত দালাল হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।"
স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ জানান, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে ওই যুবকেরা গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন, কিন্তু বাকি ছয়জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারগুলো উদ্বিগ্ন অবস্থায় রয়েছে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয় যুবকের সন্ধান ও উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তাদের স্বজনেরা।
প্রেরক:
আলাউদ্দিন আল রনি
মাধবপুর-হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল: ০১৭১১৫৮৯৯৯৯
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীর আলম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : আদালতের পরিবেশ মানেই দীর্ঘ সময় অপেক্ষা, অনিশ্চয়তা এবং ক্লান্তি। মামলার একটি তারিখের জন্য দূর-দূরান্ত থেকে আসা মানুষদের ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে, সিঁড়িতে বসে কিংবা রোদের মধ্যে অপেক্ষা করতে হয়।
যদিও এই ভোগান্তি পুরুষদের জন্য কষ্টকর, তবে নারী ও শিশুদের জন্য এটি আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়। এই বাস্তবতায় ঢাকার আদালতপাড়ায় অবস্থিত রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য নির্ধারিত বিশ্রামাগারটি একটি মানবিক উদ্যোগের নীরব সাক্ষী হয়ে উঠেছে।
বিশ্রামাগারটির বাস্তবায়নে সহযোগিতা করেছে জুডিসিয়াল স্ট্রেনদেনিং প্রজেক্ট, ইউএনডিপি।
বিশ্রামাগারের বাইরে নীল সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে- বিচারপ্রার্থী নারী ও শিশু বিশ্রামাগার। পাশেই একটি ছোট বোর্ডে লেখা রয়েছে -এই রুমের ভিতরে পুরুষদের প্রবেশ নিষেধ।
সরেজমিনে দেখা যায়, বিশ্রামাগারের ভেতরে ৩ জনের বসার জন্য ৮টি স্টিলের চেয়ার এবং ৪ জনের বসার জন্য ১টি কাঠের সিট রয়েছে। একসঙ্গে প্রায় ২৮ জন নারী ও শিশু এখানে বসতে পারেন। গরম থেকে স্বস্তি দিতে এখানে ২টি ফ্যান এবং ব্যবহারের জন্য ৩টি টয়লেট রয়েছে। পুরুষদের প্রবেশ নিষেধ থাকায় নারীদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ এবং ব্যক্তিগত পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্রামাগারের দায়িত্বে থাকা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিউর রহমান বাসসকে বলেন, ‘বিশ্রামাগারটি আমরা যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। সকাল সাড়ে ৮টায় বিশ্রামাগারের দরজা খুলে দেওয়া হয়, বিকেল ৫টায় বন্ধ করে দেওয়া হয়। নারী ও শিশু বিচারপ্রার্থীরা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসতে পারেন, সেজন্য পুরুষদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে এবং এটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।’
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন বাসসকে জানান, ‘রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য যে বিশ্রামাগারটি রয়েছে, তা অত্যন্ত কার্যকরভাবে চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা নারী ও শিশু বিচারপ্রার্থীরা এখানে নিরাপদে বসছেন, বিশ্রাম নিচ্ছেন। পুরুষ প্রবেশ নিষেধ থাকায় তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আদালত প্রাঙ্গণে নারী ও শিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
আদালতে আগত নারী বিচারপ্রার্থীরা জানান, আগে তাদের বারান্দা বা সিঁড়িতে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই বিশ্রামাগার প্রতিষ্ঠিত হওয়ায় ছোট শিশু নিয়ে আসা মায়েরা এখন নিরাপদে বসে শুনানির জন্য অপেক্ষা করতে পারছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এখানে বিশুদ্ধ খাবার পানি, ব্রেস্টফিডিং কর্নার এবং তথ্য সহায়তা ডেস্ক যুক্ত করা হলে এই বিশ্রামাগার দেশের অন্যান্য আদালতের জন্য একটি মডেল হতে পারে। ছোট এই উদ্যোগই প্রমাণ করে— একটু যত্ন আর সদিচ্ছা থাকলে বিচারাঙ্গনকে আরও মানবিক করা সম্ভব।
একটি মামলায় হাজিরা দিতে আসা কুমিল্লার মমতাজ বেগম ও চেক ডিজঅনার মামলার বাদী কেরানীগঞ্জ থেকে আসা রেহানা খাতুন জানান, আদালতের কার্যক্রম দুপুরের পর শুরু হবে। তাই ৩/৪ ঘন্টা অপেক্ষার জন্য এ বিশ্রামাগার আমাদের জন্য নিরাপদ ও স্বস্তির জায়গা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, জিরাবো, হামিম গ্রুপ, কাঠগড়া, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এছাড়া গাজীপুরের চন্দ্রা, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জালকুড়ি, বিসিক শিল্পনগরী, শিবু মার্কেট, কাঠেরপুল, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এই কার্যক্রমের আওতায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সিটি করপোরেশনের মর্যাদা লাভের পর সিলেট ও বগুড়ায় নিম্ন আয়ের পরিবারের জন্য সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৪০ হাজার নতুন কার্ড বরাদ্দের প্রস্তাব করেছে।
যদি এ প্রস্তাব অনুমোদন পায়, তাহলে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আওতায় কার্ডধারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে প্রায় এক কোটি এক লাখে পৌঁছাতে পারে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজ বাসসকে জানান, সিলেট সিটি করপোরেশনের মর্যাদা পাওয়ার পর সেখানে নতুন কার্ডের প্রয়োজন দেখা দিয়েছে। এই কারণে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একইভাবে বগুড়াও সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় ওই এলাকার জন্য অতিরিক্ত কার্ডের আবেদন করা হয়েছে।
বর্তমানে টিসিবির কার্ড কর্মসূচির আওতায় এক কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৮০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে এবং বাকি প্রায় ২০ লাখ কার্ড বিতরণের কাজ চলছে। নতুন প্রস্তাবের পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু কার্ড যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে মোট উপকারভোগীর সংখ্যা প্রায় এক কোটি এক লাখে পৌঁছাতে পারে। তবে এ সংখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও চূড়ান্ত বরাদ্দের সমন্বয়ের ওপর নির্ভর করবে।
টিসিবির চেয়ারম্যান জানান, অবশিষ্ট কার্ড দ্রুত বিতরণ করতে জেলা প্রশাসনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় যোগ্য পরিবার চিহ্নিত করে কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পারে।
তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তাই প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কার্ড বিতরণে অনিয়ম ও একই পরিবারের নামে একাধিক কার্ড থাকার সমস্যা এড়াতে টিসিবি উপকারভোগীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও জোরদার করেছে। এ লক্ষ্যে গত বছর ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে প্রায় ৬০ লাখ কার্ড বাতিল করা হয়েছে।
ফয়সল আজাদ বলেন, ডিজিটাল যাচাইয়ের ফলে একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড থাকার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে এবং নতুন করে যোগ্য পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে সময়ের সঙ্গে কার্ডের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।
তবে ডিজিটাল যাচাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে সরেজমিন যাচাইও প্রয়োজন বলে তিনি জানান। বর্তমানে প্রায় ৮০ লাখ কার্ডধারীর সবার তথ্য সরেজমিনে যাচাইয়ের কাজ এখনো সম্পন্ন হয়নি।
টিসিবির চেয়ারম্যান বলেন, উপকারভোগীদের যোগ্যতা যাচাইয়ের দায়িত্ব জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অন্যদিকে, টিসিবির আঞ্চলিক কার্যালয়গুলো নমুনাভিত্তিক যাচাই করে থাকে।
তিনি বলেন, এসব উদ্যোগের উদ্দেশ্য হলো কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড কিংবা অনুপযুক্ত ব্যক্তির কার্ড পাওয়ার ঝুঁকি কমানো এবং সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া।
সিলেট ও বগুড়ার জন্য অতিরিক্ত কার্ডের প্রস্তাব মূলত প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে উপকারভোগীর সংখ্যা সমন্বয়ের অংশ। ভবিষ্যতে আরও কোনো এলাকা সিটি করপোরেশনে উন্নীত হলে কিংবা সরকার কর্মসূচির আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিলে কার্ডের বরাদ্দ পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট কার্ড বিতরণ ও উপকারভোগীদের তথ্য হালনাগাদের কাজ চালিয়ে যাচ্ছে টিসিবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটি দেশের সরকারপ্রধান হিসেবে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন করেছেন। সংসদে বিতর্কে অংশগ্রহণ করেছেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলা করেছেন। এবার সেই অভিজ্ঞতা নিয়ে শিক্ষাঙ্গনে ফিরছেন। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। সেখানে তিনি ডিস্টিংগুইশড ফেলো হিসেবে যুক্ত হয়েছেন। পাশাপাশি সাবেক সরকারপ্রধানদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হিসেবে যোগ দিয়েছেন।
২০২৬ সালের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেয়। এর মাধ্যমে বিশ্ব রাজনীতির পরিচিত মুখ ট্রুডো যুক্ত হলেন এমন একটি আন্তর্জাতিক পরিসরে, যেখানে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধানেরা তাদের শাসনকালীন অভিজ্ঞতা, নেতৃত্বের শিক্ষা এবং নীতিনির্ধারণী ভাবনা বিনিময় করেন।
অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’ মূলত সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর উদ্দেশ্য হলো, বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্যকর সরকারব্যবস্থা ও জননীতি প্রণয়নে অবদান রাখা। নীতিনির্ধারণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ নেতাদের দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ট্রুডোর আগে এই নেটওয়ার্কে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভান দুকের মতো নেতারা যুক্ত হয়েছেন। সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এতে যুক্ত হয়েছেন। ফলে ট্রুডো এখন এমন একটি আন্তর্জাতিক পরিসরের অংশ, যেখানে বিভিন্ন দেশের সাবেক শীর্ষ নেতৃত্বের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা একত্রিত হচ্ছে।
এক দশকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা
২০১৫ সালের নভেম্বরে কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টির নেতৃত্বে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর টানা প্রায় এক দশক দেশটির সরকারপ্রধান ছিলেন তিনি। তার শাসনামলে কানাডাকে মোকাবিলা করতে হয়েছে করোনা মহামারি, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সংঘাত এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তনের মতো নানা চ্যালেঞ্জ।
২০২০ সালে করোনা মহামারি শুরু হলে তার সরকারকে জনস্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। একই সময়ে জলবায়ু নীতি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মতো বিষয়গুলোও তার সরকারের নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের মতো ঘটনাগুলোও তার প্রধানমন্ত্রিত্বের সময়ে বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলে। প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিও সরকারগুলোর সামনে নতুন ধরনের নীতিগত প্রশ্ন তৈরি করেছে।
অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে এসব অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পাবেন ট্রুডো। রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং সংকটের সময়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে তার কাছ থেকে সরাসরি জানার সুযোগ তৈরি হবে।
ট্রুডো ও অক্সফোর্ড কর্তৃপক্ষের বক্তব্য
নতুন দায়িত্ব প্রসঙ্গে ট্রুডো বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের এক দশকে বিশ্ব ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এসব পরিবর্তন আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুনভাবে প্রভাবিত করেছে।
তিনি বলেন, অভিজ্ঞতা ভাগাভাগি, বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময় এবং ভবিষ্যৎ সরকার ও নীতিনির্ধারণী নেতৃত্বের সঙ্গে কাজ করার সুযোগ নিয়ে তিনি আগ্রহী। সরকারগুলো কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে আরো আশাবাদী, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে বিষয়ে আলোচনায় অবদান রাখতে চান তিনি।
ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন অধ্যাপক নাইরি উডসও ট্রুডোর নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তার ভাষ্য, এক দশকের জনসেবার অভিজ্ঞতা নিয়ে ট্রুডো এই প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন। সরকার পরিচালনার জটিল বাস্তবতার মধ্য দিয়ে যারা গেছেন, তাদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মূল্যবান।
বিশ্ববিদ্যালয়টির প্রত্যাশা, ট্রুডোর অভিজ্ঞতা শিক্ষার্থী, গবেষক এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকদের জন্য নতুন চিন্তার ক্ষেত্র তৈরি করবে।
কেন গুরুত্বপূর্ণ এই দায়িত্ব
ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্বজুড়ে সরকারি ব্যবস্থাপনা, জননীতি, নেতৃত্ব ও সুশাসনের মান উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। এখানে ভবিষ্যৎ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক ও নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়া শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে জানার সুযোগ পান।
প্রতিষ্ঠানটির বিশ্বনেতাদের নিয়ে কাজ করার উদ্যোগের মূল ভাবনাই হলো, তাত্ত্বিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ তৈরি করা। কারণ, রাষ্ট্র পরিচালনার অনেক জটিলতা শুধু পাঠ্যবই পড়ে বোঝা সম্ভব নয়। রাজনৈতিক সমঝোতা, আন্তর্জাতিক চাপ, জনমত, অর্থনৈতিক সংকট কিংবা জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে ট্রুডোর মতো একজন সাবেক সরকারপ্রধানের অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব বহন করে। তিনি যেমন সরকারের ভেতরে থেকে সিদ্ধান্ত নিয়েছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কাজ করেছেন। ফলে তার অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে রাষ্ট্র পরিচালনার বাস্তব চিত্র তুলে ধরতে পারে।
রাজনীতির পর নতুন পথচলা
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পরও জনজীবন থেকে পুরোপুরি সরে যাননি ট্রুডো। ২০২৫ সালের জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ওই বছরের ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। তার স্থলাভিষিক্ত হন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি।
এরপর আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি নতুন পেশাগত উদ্যোগেও যুক্ত হয়েছেন তিনি। চলতি বছরের ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় দীর্ঘদিনের সহযোগী ও সাবেক চিফ অব স্টাফ কেটি টেলফোর্ডকে সঙ্গে নিয়ে ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি মিডিয়া ও বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন ট্রুডো।
প্রতিষ্ঠানটি চলচ্চিত্র, টেলিভিশন, অডিও এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক কনটেন্ট তৈরির কাজ করবে। অর্থাৎ রাজনীতি ছাড়ার পর বিনোদন জগতেও নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। এবার যুক্ত হলো অক্সফোর্ডের সঙ্গে তার একাডেমিক ও নীতিনির্ধারণী পর্যায়ের সম্পৃক্ততা।
খুলছে নতুন একটি ক্ষেত্র
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুলে নভেম্বরের শেষ দিকে তার যাওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষার্থী, গবেষক ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ, নেতৃত্ব এবং সুশাসন নিয়ে আলোচনা করবেন তিনি।
রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে ট্রুডোর সামনে খুলছে নতুন একটি ক্ষেত্র। একসময় যিনি সরকারপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিতেন, এখন তিনি সেই অভিজ্ঞতা তুলে ধরবেন ভবিষ্যতের নেতৃত্ব গড়ে ওঠার মঞ্চে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সরকার পরিচালনা, পরিবর্তনশীল ভূরাজনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলোতে তার অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট, দ্য কানাডিয়ান প্রেস, সিবিসি ও রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ