০৬:১২ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃক বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধ না করার অভিযোগে জরিমানা সহ মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়েছে।
আজ বুধবার কমিশনারেটের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে অবস্থিত রহিম এনার্জি লিমিটেড (বিআইএন নম্বর: ০০০১৩৬০১৩-১৪০৩) বিদ্যুৎ উৎপাদন করে রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
প্রতিষ্ঠানটি ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত কর মেয়াদে মোট ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকার বিদ্যুৎ সেবা প্রদান করেছে। এই সেবার বিপরীতে ৫ শতাংশ হারে প্রযোজ্য মূসকের পরিমাণ ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা ৬৪ পয়সা। তবে, প্রতিষ্ঠানটি এই সময়ে সরকারি কোষাগারে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা মূসক জমা দিয়েছে।
আরও পড়ুন: জাপান ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইসিসির পাশে দাঁড়ালো
এ কারণে পরিশোধ না করা মূসকের পরিমাণ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকায় পৌঁছেছে। এই অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম ও মূসক ফাঁকির মামলা দায়ের করে কমিশনারেট।
এই ঘটনার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। পরবর্তীতে শুনানিতে অংশ নিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আহ্বান জানানো হলেও তারা সন্তোষজনক জবাব দিতে সক্ষম হয়নি।
উভয় পক্ষের শুনানি শেষে আজ ২৫ নভেম্বর পরিশোধ না করা মূসক বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করে মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়।
আরও পড়ুন: জামায়াত এমপি কামাল: সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি-অনিয়ম চলবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন