১১:৪০ পি.এম
রাজধানীর দক্ষিণখানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মানিক মিয়া (৪০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর দক্ষিণখানের কাওলা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় মানিক মিয়াকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিক মিয়ার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তিনি রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনায় বসবাস করতেন এবং সেখানে একটি মুদিদোকান পরিচালনা করতেন।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য
মানিক মিয়ার শ্যালিকা রুপালী আক্তার জানান, দুপুরে একটি কাজে অটোরিকশাযোগে উত্তরার দিকে যাচ্ছিলেন মানিক মিয়া। কাওলা মোড়ে পৌঁছালে হঠাৎ চলন্ত অটোরিকশা থেকে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য দক্ষিণখান থানাকে অবহিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন