বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১০ এম
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে পলিথিন মজুত ও বিপণনের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার সময় উপজেলার বাসস্ট্যান্ড-সংলগ্ন পৌর কাঁচাবাজারের একটি গুদামে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন মজুত ও বিক্রির অপরাধে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল। অভিযানে বাকেরগঞ্জ থানা-পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল মন্তব্য করেন, ‘আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদনের জন্য পলিথিন একটি মারাত্মক হুমকি। প্রত্যেকের উচিত পলিথিনের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করা।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। তবে সেই ধারায় ছেদ টানল লিল। ফরাসি ক্লাবটি ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জার্মান চ্যাম্পিয়নদের ২-১ গোলে পরাজিত করেছে। চ্যাম্পিয়নস লিগে এটি লিলের প্রথম জয়, আর বায়ার্নের মৌসুমের প্রথম হার।
পিয়েরে-মরোয়া স্টেডিয়ামে ম্যাচের শুরুটা বায়ার্নের পক্ষেই ছিল। ১৫ মিনিটে টম বিশফের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডায়ো উপামেকানো। হ্যারি কেইনের অনুপস্থিতিতে আক্রমণভাগে কিছুটা ঘাটতি দেখা গেলেও প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতে।
দ্বিতীয়ার্ধে লিল ঘুরে দাঁড়ায়। বিরতির পর আয়াসে উয়েদার একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল হলেও ৬২ মিনিটে আর তাঁকে থামানো যায়নি। নাথান এনগয়ের তির্যক পাস থেকে নিচু শটে গোল করে সমতা ফেরান জাপানি ফরোয়ার্ড।
সমতায় ফেরার পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় লিল। ৬৫ মিনিটে ইথান এমবাপ্পে প্রতি-আক্রমণে এগিয়ে গিয়ে শট নেন। বল পোস্টে লেগে ফিরে এলেও সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন বায়ার্নের আলেক্সান্দার পাভলোভিচ। এই আত্মঘাতী গোলেই এগিয়ে যায় স্বাগতিকেরা।
শেষ দিকে বায়ার্ন সমতা ফেরানোর চেষ্টা করলেও লিলের রক্ষণ ভাঙতে পারেনি। এই হারে পাঁচ ম্যাচে বায়ার্নের অবস্থান নেমে এসেছে ১৫ নম্বরে। সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার পথও কঠিন হলো তাদের জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন গবেষকরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানিয়েছেন, ইসরাইলের কাছে ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যদিও দেশটি প্রকাশ্যে এটি স্বীকার করেনি।
ইসরাইলি গণমাধ্যম জেরুসালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী, পারমাণবিক অস্ত্রের মালিকানা নিয়ে চুপ থাকার জন্য ওয়াশিংটনের রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। ডিমোনা পারমাণবিক স্থাপনার নতুন নির্মাণকাজের কারণে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
বিশ্বের সামনে ইসরাইলের পারমাণবিক অস্ত্রের উপস্থিতি নিয়ে কয়েক দশক ধরে সরাসরি উত্তর দেয়া হয়নি। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস) এর সাম্প্রতিক গবেষণায় উল্লেখ করা হয়েছে, ইসরাইলের অস্ত্রভাণ্ডারে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে।
গবেষণায় ইসরাইলের পারমাণবিক অবকাঠামোর উপর বিনিয়োগ অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষভাবে নেগেভ মরুভূমির ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের দিকে নজর দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বড় ধরনের নির্মাণকাজের খবর পাওয়া গেলেও এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর সতর্কতা দিয়েছেন গবেষকরা।
অন্য একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান, বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস, একই তথ্য নিশ্চিত করেছে। তাদের ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পাঁচ বছর আগে এই সংখ্যা সম্পর্কে একই তথ্য পাওয়া গিয়েছিল।
পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইল এখনও প্লুটোনিয়াম মজুত করছে। দেশটির কাছে সর্বাধিক ১ হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে।
বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এই পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এই হিসাব নির্দিষ্ট ধরনের পারমাণবিক ওয়ারহেডের নকশার ওপর নির্ভরশীল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় প্রজন্মের একপর্যায়ের ফিশন-ইমপ্লোশন ওয়ারহেডে বুস্টেড পিট হিসেবে প্রতিটি ওয়ারহেডে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হলে এই সক্ষমতা তৈরি হতে পারে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৬ সালের মূল্যায়নে বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় ইসরাইলও অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, ইসরাইলের দীর্ঘদিনের পারমাণবিক নীরবতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে। গত মে মাসে টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দেন।
তাদের দাবি, মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য বুঝতে ইসরাইলের সক্ষমতা সম্পর্কে আরও স্বচ্ছতা প্রয়োজন। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ওয়াশিংটন ও তেল আবিবের পারমাণবিক নীরবতার ইতিহাসও দীর্ঘদিনের। ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে একটি সমঝোতা হয়েছিল বলে ধারণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে। একই সময়, গোষ্ঠীটি দেশটির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই পালটা হামলা ও সংঘাতের ফলে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। খবর আল জাজিরার
বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় ব্যবহৃত অস্ত্র বা ক্ষেপণাস্ত্রের প্রকার শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানায় জোটটি।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে একটি হুথি ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করেছে তাদের বাহিনী। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক মানুষ আহত হননি।
এদিকে, জোটের বিবৃতির পরপরই ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক নাবিল আল-ইউসুফি।
পরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে মঙ্গলবার, রিয়াদের একটি এলাকায় একটি বহুতল ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুথিরা। এতে অন্তত ১১ জন আহত হন।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত আরও তীব্র হয়েছে। দুই পক্ষই একে অপরের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা, বন্দরসহ বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সৌদি বন্দরে হুথিদের হামলার আগে, ইয়েমেনের হুথি-সমর্থিত আল-মাসিরা টেলিভিশন চ্যানেল দেশটির হোদেইদা বন্দরে নতুন করে সৌদি হামলার খবর প্রচার করে।
বুধবার দিনের শুরুতে হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল, হোদেইদা বন্দরে হামলা চালানো হলে সৌদি আরবের বন্দরগুলোতে পালটা আঘাত হানা হবে।
ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার সাংবাদিক ইউসুফ মাওরি জানান, দেশটিতে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশই হোদেইদা বন্দর দিয়ে প্রবেশ করে। বন্দরটি বন্ধ হয়ে গেলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে।
তিনি আরও জানান, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য ওঠানামার কাজে ব্যবহৃত গুদাম ও ক্রেন লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, হোদেইদা বন্দরের কার্যক্রম ব্যাহত হলে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে আগে থেকেই মানবিক সংকটে থাকা ইয়েমেনের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী সুলতান মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে, একটি পৃথক মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আরেক আসামিকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের এক তরুণীর সঙ্গে মান্দুয়ারপাড়ার মণ্ডলপাড়া গ্রামের হযরত আলীর ছেলে সুলতান মোল্লার প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। এই সময়ে, বিভিন্ন স্থানে ঘোরাফেরার পাশাপাশি বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠেছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৫ আগস্ট সুলতান মোল্লা কৌশলে ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁর মা এবং এক বন্ধুর সহযোগিতায় টানা পাঁচ দিন ধরে তাঁকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী অভিযোগ করেন যে, এই সময় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়।
পরবর্তীতে, তরুণী বিয়ের জন্য চাপ দিলে সুলতান ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে, তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এই ঘটনার পর, ভুক্তভোগী তরুণী বিষয়টি তাঁর মা-বাবাকে জানান এবং সাদুল্লাপুর থানায় এসে সুলতান মোল্লা ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর থেকে প্রধান আসামী সুলতান মোল্লাকে গ্রেপ্তার করে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার দুই আসামিকে গাইবান্ধা বিচারিক আদালতে পাঠানো হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ধর্ষণ মামলার প্রধান আসামী ও পৃথক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ