শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৫৪ এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকের আঘাতে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। এই পরিস্থিতিতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মদনপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মহাসড়কের মদনপুর অংশের জাহিন টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা ছুটির পর ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামগামী লেনে পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগতির ট্রাক তিন শ্রমিককে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন এবং বাকি দুজন গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান এবং ঘাতক ট্রাকটিকে আটক করেন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, মদনপুর এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "আমরা মহাসড়কের অবস্থান করে যানজট নিরসন কাজ করে যাচ্ছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা ইতোমধ্যে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি এবং ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগকে কার্যকর বাস্তবায়নের ‘অনুসরণযোগ্য উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের বিনিয়োগনীতি সংস্কারের অভিজ্ঞতা অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য একটি কার্যকর মডেল হিসেবে কাজ করতে পারে।
এ তথ্যটি জাতীয় বিনিয়োগ উন্নয়ন ও সহায়ক সংস্থা ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার জেনেভায় অনুষ্ঠিত আঙ্কটাডের বিনিয়োগ, উদ্যোগ ও উন্নয়ন কমিশনের ১৬তম অধিবেশনে বাংলাদেশ ও তিউনিসিয়ার বিনিয়োগনীতি সংস্কারের উদ্যোগকে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য কার্যকর মডেল হিসেবে তুলে ধরা হয়। বৈশ্বিক অর্থনীতি, সরবরাহব্যবস্থা এবং বিনিয়োগ প্রবাহে পরিবর্তনের প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলো কীভাবে নিজেদের বিনিয়োগনীতি নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করছে, সে বিষয়ে অধিবেশনে আলোচনা হয়।
বাংলাদেশ বিষয়ক আলোচনার ভিত্তি ছিল আঙ্কটাডের বাংলাদেশের বিনিয়োগ নীতি পর্যালোচনার বাস্তবায়ন প্রতিবেদন।
ইনভেস্ট বাংলাদেশ জানাচ্ছে, ওই প্রতিবেদনে ২০১৩ সালে প্রকাশিত বাংলাদেশের প্রথম বিনিয়োগ নীতি পর্যালোচনার সুপারিশগুলোর বাস্তবায়নে অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনে নিয়ন্ত্রক প্রক্রিয়া সহজীকরণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, ডিজিটাল বিনিয়োগসেবা এবং বিনিয়োগ উন্নয়ন সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ রয়েছে।
আঙ্কটাডের ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৬’-এও বৈশ্বিক বিনিয়োগের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানের ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে বলে ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালে গ্রিনফিল্ড বিনিয়োগ পাওয়া অল্পসংখ্যক স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশকে বিশেষভাবে উল্লেখ করেছে আঙ্কটাড। একই প্রতিবেদনে বৈদেশিক মুদ্রা–সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা দেশগুলোর মধ্যে বাংলাদেশের নামও উল্লেখ করা হয়েছে। আঙ্কটাডের মতে, এ ধরনের পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ সহজ করতে সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাত দিয়ে ইনভেস্ট বাংলাদেশ জানায়, ২০২৫ সালে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রোচি। তিনি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের বাস্তবায়নকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
ইনভেস্ট বাংলাদেশ বলছে, বিনিয়োগনীতি সংস্কারের সুপারিশ বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা নীতিগত সংস্কার ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্যও সহায়ক হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে এক চুরি মামলার আসামি পালিয়ে যাওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাজতখানার গেট থেকে বের হয়ে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান ওই আসামি। পলাতক আসামির নাম আব্দুল মোমিন (২২)। তিনি সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে (জিআর মামলা নম্বর: ২২৪/২৬)।
কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানিয়েছেন, আদালতে শুনানির জন্য মোমিনকে জেলা কারাগার থেকে হাজতখানায় আনা হয়েছিল। অন্য এক আসামির হাতকড়া খোলার কাজে পুলিশ সদস্যরা ব্যস্ত থাকার সুযোগে কনস্টেবল গোলাপ, আবুল ও তাহেরুল ইসলামকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দৌড় দেন মোমিন। মুহূর্তের মধ্যে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে তিনি পালিয়ে যান।
ঘটনার পর সিরাজগঞ্জ সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ আসামিকে ফের গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান শুরু করেছে। এ ছাড়া, দায়িত্বে গাফিলতি বা ত্রুটি খতিয়ে দেখার পাশাপাশি কোর্ট পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সদর কোর্টের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) জানান, বিচার কাজ চলার সময় এজলাসে অবস্থানকালে বিষয়টি সম্পর্কে তারা অবগত হন। তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ।
ইসলামী শরিয়তে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান রয়েছে। নামাজ মানুষের জন্য দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে রক্ষা করে।
আজকের নামাজের সময়সূচি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য নিচে তুলে ধরা হলো।
ফজর: ভোর ৪:২৫ মিনিট
জোহর: দুপুর ১২:০১ মিনিট
আসর: দুপুর ৪:২৮ মিনিট
মাগরিব সন্ধ্যা ৬:১৪ মিনিট
ইশা: রাত ৭:৩১ মিনিট
সালাতের নিষিদ্ধ সময়
ভোর: ৫:৪১ - ৫:৫৬ মিনিট
দুপুর: ১১:৫৪ - ১২:০০ মিনিট
সন্ধ্যা: ৫:৫৭ - ৬:১৩ মিনিট
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করার পাশাপাশি আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের ব্যস্ততা যতই থাকুক, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার গ্রহণের পর তিন দিনের মধ্যে ১ হাজার ৭০০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে জাভা প্রদেশে অসুস্থ হয়েছেন ৭৭৭ জন। বৃহস্পতিবার স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক এই তথ্য প্রকাশ করেছেন।
মধ্য জাভার লাসেম এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৭৫২ জন শিক্ষার্থী এবং ২৫ জন শিক্ষক গত বুধবার বিনামূল্যের খাবার খাওয়ার পর ডায়রিয়া ও বমির সমস্যায় আক্রান্ত হন। তাদের খাবারে গ্রিল করা মুরগির মাংস অন্তর্ভুক্ত ছিল।
স্কুলের প্রধান শিক্ষক জুহারতুতিক জানিয়েছেন, খাবার বিতরণের পূর্বে একজন খাবার পরীক্ষক মুরগির কিছু অংশ পিচ্ছিল হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন। সেই অংশগুলো আলাদা করে রাখা হয়েছিল।
প্রধান শিক্ষক আরও বলেন, রান্নাঘরের দায়িত্বে থাকা ব্যক্তি জানিয়েছেন, মুরগির মাংস ভোর ৩টার দিকে রান্না করা হয়েছিল এবং দুপুরে শিক্ষার্থীদের পরিবেশন করা হয়। অসুস্থদের বেশিরভাগকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় চিকিৎসক জোকো পারিয়ান্তো জানিয়েছেন, ১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো গত বছর কয়েক শ কোটি ডলারের বিনামূল্যের খাবার কর্মসূচি চালু করেন। এই কর্মসূচির লক্ষ্য হলো দেশটির কোটি কোটি শিশুর পুষ্টির উন্নতি করা। তবে শুরু থেকেই এই কর্মসূচির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নেতৃত্বের পরিবর্তন এবং ব্যাপক খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ