ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি হাসপাতালে রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ২৫০ টাকা


সরকারি হাসপাতালে রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ২৫০ টাকা

সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য দৈনিক খাবারের বরাদ্দ ১৭৫ টাকা থেকে বৃদ্ধি করে ২৫০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি আরও উল্লেখ করেন, দেশের সনাতন ও চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থাকে পরিবর্তন করে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।

রোববার (১৮ অক্টোবর) রাতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “সরকারি হাসপাতালে রোগীদের খাবারের জন্য জনপ্রতি বরাদ্দ মাত্র ১৭৫ টাকা। ভ্যাট-ট্যাক্স কেটে নিলে হাতে থাকে ১৪৯ থেকে ১৫০ টাকা। এই টাকায় একজন মানুষের তিন বেলা খাওয়া খুবই কষ্টকর। তাই এই বরাদ্দ বাড়িয়ে ২৫০ টাকা করা হবে।”

আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থা সনাতন এবং মূলত চিকিৎসানির্ভর। এটিকে পরিবর্তন করে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থায় নেয়ার প্রক্রিয়া চলছে। এ জন্য প্রধানমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য ও উন্নয়নকর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে চলতি বছরই ৪৩ থেকে ৪৫ হাজার কর্মী নিয়োগ দেয়া হবে। বর্তমানে কর্মরত ৪০ হাজার স্বাস্থ্যকর্মীসহ মোট ১ লাখ ৪০ থেকে ৪৫ হাজার কর্মী গ্রামাঞ্চলে কাজ করবেন।”

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, একজন স্বাস্থ্যকর্মী তার স্বাস্থ্য পরীক্ষার বক্স নিয়ে প্রতি বছর দেশের প্রতিটি ঘরে অন্তত তিন থেকে চারবার যাবেন এবং পরিবারের সবার স্বাস্থ্য পরীক্ষা করবেন, যাতে যেকোনো রোগ আগেই শনাক্ত করা যায়। কারণ বর্তমানে অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছেন, তা মূলত দেরিতে রোগ শনাক্ত হওয়ার কারণেই ঘটছে।”

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো অপর্যাপ্ত আইনের মধ্য দিয়ে চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, “১৯৮২ সালের একটি অধ্যাদেশ দিয়ে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো চলছে। অথচ ঢাকা ও বড় শহরগুলোর ৬০ থেকে ৬৫ শতাংশ চিকিৎসাসেবা বেসরকারি খাতনির্ভর। আইনগত এই দুর্বলতার কারণে অনিয়ম বা অপরাধ হলেও অনেক সময় ব্যবস্থা নেয়া কঠিন হয়ে পড়ে। এ বিষয়টি নিয়েও সরকার কাজ করছে।”

সভায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভিন্ন সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিভিল সার্জন আ স ম মাহবুবুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শজিমেক হাসপাতালে অপারেশন থিয়েটারে এসি বিস্ফোরণ, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ এম


শজিমেক হাসপাতালে অপারেশন থিয়েটারে এসি বিস্ফোরণ, হতাহতের খবর নেই

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের কারণে মাইনর চক্ষু অপারেশন থিয়েটারে থাকা বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে, এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর নেই।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে মাইনর চক্ষু অপারেশন থিয়েটারে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এসি বিস্ফোরণের পর কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চক্ষু অপারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে যায়। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে ঘটনার পর তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেয়ার চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এসি বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, বিস্ফোরণের ফলে চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ এম


ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ মো. তামিম রানা (৩৫) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে পুলিশ আটক করেছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকার ‘মা জননী স্টোর’-এর সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া তামিম রানা ময়মনসিংহের ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। বর্তমানে তিনি রাঙ্গামাটির বরকল বিওপিতে ৪৫ ব্যাটালিয়ন বিজিবি হেডকোয়ার্টার্সে সিপাহি হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক ও এএসআই বিল্লাল হোসেন ফোর্স নিয়ে আখাউড়া-মোগড়া বাজার সড়কে অভিযান চালান।

অভিযান চলাকালে দেবগ্রাম নয়াবাজার এলাকায় তামিম রানাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিজিবি আইডি কার্ড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র সিফাত উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩০ এম


টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র সিফাত উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

কক্সবাজার জেলার টেকনাফে অপহৃত সাইমুল ইসলাম সিফাত (১২) নামের এক মাদ্রাসাছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাতে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন টেকনাফের কচ্ছপিয়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) এবং অন্যজন পানখালী এলাকার মৃত নুর আহমদের ছেলে ফরিদ আলম (২৮)।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, উখিয়া থানায় গত বুধবার (১৪ অক্টোবর) একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, যার ভিত্তিতে মাদ্রাসাছাত্রটিকে উদ্ধারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের ফলস্বরূপ অপহৃত মাদ্রাসাছাত্র সাইমুল ইসলাম সিফাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন ও ফরিদ আলমকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার হওয়া শিক্ষার্থী এবং গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাচ্চুকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করল কন্সট্যান্ট ব্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩১ এম


বাচ্চুকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করল কন্সট্যান্ট ব্যান্ড

দেশের রক ঘরানার জনপ্রিয় ব্যান্ড ‘কন্সট্যান্ট’ নতুন গান প্রকাশ করেছে, যা তাদের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে। এই গানটি প্রকাশিত হয়েছে তার প্রয়াণদিবসে। গানটির কথা ও সুর রচনা করেছেন ব্যান্ডের ড্রামার রাব্বি। এতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকাল ইমন এবং রাব্বি। গানটি শোনা যাচ্ছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।

ব্যান্ড ‘কন্সট্যান্ট’ তাদের বক্তব্যে জানিয়েছে, আইয়ুব বাচ্চু শুধু বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী নন, বরং অসংখ্য সংগীতশিল্পীর কাছে তিনি অনুপ্রেরণা, ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য নাম। ব্যান্ডের সদস্যদের কাছে তার অবস্থানও ছিল বিশেষ। আইয়ুব বাচ্চুর সংগীতের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের উৎসাহ দেওয়ার মানসিকতা আজও ব্যান্ডটির সদস্যদের স্মৃতিতে অমলিন।

কন্সট্যান্টের বেসিস্ট ও ব্যান্ড কো-অর্ডিনেটর আহম্মদ মোস্তফা আকিক জানিয়েছেন, আইয়ুব বাচ্চুর প্রতি তাদের শ্রদ্ধা শুধুমাত্র একজন কিংবদন্তি শিল্পীর প্রতি ভালো লাগার জায়গা থেকে নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে কিছু ব্যক্তিগত স্মৃতি ও আবেগও। আইয়ুব বাচ্চুর সদস্যদের প্রতি বিশেষ স্নেহ ছিল। কন্সট্যান্টের সদস্যরা তাদের স্টেজ শো শুরু করতেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান ‘একদিন ঘুম ভাঙা শহরে’ পরিবেশনের মাধ্যমে। এই বিষয়টি আইয়ুব বাচ্চুর কানে পৌঁছালে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং ব্যান্ডটির সদস্যদের আন্তরিকভাবে উৎসাহিত করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%