ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জন-নোরা ৬ বছর পর ফের একসঙ্গে ‘ফোর্স ৩’-তে


জন-নোরা ৬ বছর পর ফের একসঙ্গে ‘ফোর্স ৩’-তে

প্রায় ছয় বছর পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম ও নোরা ফাতেহি। আসন্ন সিনেমা ‘ফোর্স ৩’-তে তাদের দেখা যাবে। তবে এবার অভিনয়ের পাশাপাশি, ছবির একটি বিশেষ গানে পারফর্ম করবেন নোরা। এই খবর প্রকাশ্যে আসার পর, দর্শকদের মধ্যে তাদের প্রত্যাবর্তন নিয়ে বাড়তি কৌতূহল সৃষ্টি হয়েছে।

এর আগে ‘সাকি সাকি’ ও ‘কুসু কুসু’ গানের মাধ্যমে জন ও নোরা দর্শকদের মুগ্ধ করেছেন। তাদের পর্দায় রসায়নও প্রশংসিত হয়েছে। তাই ‘ফোর্স ৩’-তে আবারও এই জুটিকে একসঙ্গে দেখার জন্য অনুরাগীরা অপেক্ষা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, নোরার জন্য ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্য রাখা হচ্ছে। গানটি বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে। ছবির অ্যাকশননির্ভর গল্প ও বাণিজ্যিক বিনোদনের কথা মাথায় রেখেই এই বিশেষ আয়োজন সাজানো হবে।

আরও পড়ুন: মেয়ের সাহসে মুগ্ধ প্রিয়াঙ্কা, অ্যানাকোন্ডার সামনে নির্ভীক মালতি

এ প্রসঙ্গে এক সূত্রের মন্তব্য, ‘নোরাকে একটি স্পেশ্যাল ডান্স নম্বরের জন্য নেওয়া হয়েছে। এই সিকুয়েন্স জমকালো এবং দর্শক মাতানো হবে, এটি এক মিউজিক্যাল স্পেকট্যাকল।’

এদিকে ‘ফোর্স ৩’ সিনেমায় জন আব্রাহামের সঙ্গে অভিনয় করছেন হর্ষবর্ধন রানে। ছবিতে দুই অভিনেতার মুখোমুখি লড়াইকে অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। অ্যাকশন, উত্তেজনা এবং নোরার বিশেষ নাচের সমন্বয়ে ছবিটি দর্শকদের কতটা মাতাতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বপ্ননিবাসের ৩০০ পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


স্বপ্ননিবাসের ৩০০ পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে

রাজধানীর ইসিবি চত্বরের নামাপাড়া এলাকার স্বপ্ননিবাস আবাসিক প্রকল্পের ভুক্তভোগী জমির মালিকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চাঁদাবাজি বন্ধ, ভূমি দখল এবং চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপিত গেট অপসারণের দাবি জানিয়েছেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন স্বপ্ননিবাস আবাসিক প্রকল্পের ৩৫ কাঠা জমির অন্যতম মালিক মেজর জেনারেল মহিউদ্দিন (অব.)। উপস্থিত ছিলেন মেজর (অব.) এম এম আরিফুর রহমান, ফিরোজ মিয়া, তাজুল ইসলাম বাবু, মনিরুল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, জাকির হোসেন, মিজানুর রহমান এবং মাওলানা শাহরিয়ার মাহমুদসহ অন্যান্য ভুক্তভোগী জমির মালিকরা।

বক্তারা অভিযোগ করেন, নাজিম উদ্দিন ভূইয়া ও তার সহযোগীরা অন্যের জমি দখল, চাঁদাবাজি এবং জমির ওপর প্রতারণামূলকভাবে সাইনবোর্ড স্থাপন করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত। তারা এসব অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একইসাথে চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপিত গেট দ্রুত অপসারণেরও দাবি জানান। বক্তারা জানান, নিউ গিনি প্রোপার্টিজ-সংক্রান্ত বিষয়সহ তারা দীর্ঘদিন ধরে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, নাজিম উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে এবং তিনি প্রায় ১৩-১৪ বিঘা জমি অন্যায়ভাবে দখলে রেখেছেন। তারা বলেন, নাজিম উদ্দিন ভূইয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এ আরাফাতের অন্যতম সহযোগী ছিলেন এবং তার প্রভাবকে কাজে লাগিয়ে ভাঙারি ব্যবসা থেকে ভূমি দখলের সঙ্গে জড়িয়ে পড়েন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।

বক্তারা আরও অভিযোগ করেন, দখল করা সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ গেট অপসারণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে গত ২৬ সেপ্টেম্বর সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজস্ব ও ভাড়াটে লোকজন দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটানো হয়। পরে উল্টো মামলা দিয়ে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, স্বপ্ননিবাস আবাসিক প্রকল্প ও আশপাশের এলাকার প্রায় ৩০০ পরিবার দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে ভোগান্তিতে রয়েছে। তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অবৈধ গেট অপসারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের লালপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


নাটোরের লালপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ৩ জন আটক

নাটোরের লালপুরে গভীর রাতে এক্সকাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল বা উপরিভাগের উর্বর মাটি কেটে ট্রাক্টরে পরিবহনের অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাধবপুর পালপাড়া কালিদুয়ার মাঠে বিএমবি ইটভাটার উত্তর পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর থানার এসআই গৌতম কুমার সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আরজ আলীর কেটে নেওয়া জমিতে এক্সকাভেটর মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রাক্টরে পরিবহন করার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন—পাবনার সুজানগর উপজেলার কুমিরাগাড়ি দহেরপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আছিব হোসেন (২২), লালপুর উপজেলার রামকৃষ্ণপুর মণ্ডলপাড়া গ্রামের মো. আজিজুল মণ্ডলের ছেলে মো. সজীব আহমেদ (২২) এবং একই উপজেলার সন্তোষপুর গ্রামের মো. আবুল হাসানের ছেলে মো. সোহানুর রহমান সোহান (২১)।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া কৃষিজমির উর্বরতা ও উৎপাদনশীলতার জন্য ক্ষতিকর। অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক, দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাই পাঠাতে বাছাই হচ্ছে ১০০ প্রশিক্ষিত ভিডিপি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


দুবাই পাঠাতে বাছাই হচ্ছে ১০০ প্রশিক্ষিত ভিডিপি সদস্য

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে কর্মসংস্থানের জন্য ১০০ জন ভিডিপি সদস্য বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার— এই তিন ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হচ্ছে। প্রার্থীদের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি নেওয়া হচ্ছে সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা।

আজ আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁওয়ে ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে এসব কর্মী নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি এবং রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে মহাপরিচালক উল্লেখ করেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপে প্রায় ৫ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে।

মহাপরিচালক জানান, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। জাপান ও ইউরোপের শ্রমবাজারেও ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সারাদেশ থেকে বাছাই করা আরও প্রায় ১ হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমান নির্বাচিত সদস্যদের কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনাম আন্তর্জাতিক শ্রমবাজারে পরবর্তী সদস্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, বিদেশের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্য দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন। তাই তাদের শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত মেনে চলতে হবে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতের সুপারিশ ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতের সুপারিশ ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটিতে

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে গ্রাম ও শহরাঞ্চলে অবকাঠামো উন্নয়নের সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সড়ক, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধার সম্প্রসারণ।

স্থানীয় সরকারের সকল স্তরের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, শহরাঞ্চলে পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয় এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির সুপারিশও করা হয়েছে। দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ. এম. মাহবুব উদ্দিনের সভাপতিত্বে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবুল আলম এবং নূরুন্নিসা সিদ্দীকা অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে, কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে তৃতীয় অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ অবস্থা এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের পরিচতি, কার্যাবলী, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।

দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে এবং সংসদে উত্থাপিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, সেচ ব্যবস্থাপনার উন্নয়ন ও বৃক্ষরোপন, গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করে নিরাপদ পানি ও জন্ম-মৃত্যু নিবন্ধন নাগরিক জীবনের প্রতিটি মৌলিক প্রয়োজন সরাসরি স্থানীয় সরকার বিভাগ পরিচালনা করে। এই কারণে কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান, পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান এবং দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সম্পর্কিত প্রকল্পসমূহের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%