ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, নেতানিয়াহুর কপাল পুড়তে পারে


ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, নেতানিয়াহুর কপাল পুড়তে পারে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে ক্ষমতায় ফিরে আসা কঠিন হয়ে উঠতে পারে। তার নেতৃত্বাধীন জোট ও বিরোধী জোটের মধ্যে তীব্র লড়াইয়ের লক্ষণ দেখা যাচ্ছে। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। দুর্নীতির মামলায় বিচার চলমান অবস্থায় নির্বাচনে লড়ছেন নেতানিয়াহু, যিনি ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং লেবানন ও ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে এটি দেশের প্রথম সাধারণ নির্বাচন।

ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সি প্রায় ৭৩ লাখ নাগরিক এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য যোগ্য। অধিকাংশ ভোটকেন্দ্র সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সময় যারা লাইনে থাকবেন, তারাও ভোট দিতে পারবেন। নির্বাচনের দিন দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

নেসেটে প্রবেশের জন্য কোনো দলকে জাতীয় ভোটের অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ অর্জন করতে হয়। পার্লামেন্টের মেয়াদ চার বছর হলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের কোনো সীমা নেই।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

ইসরাইলে ভোটাররা নির্দিষ্ট প্রার্থীকে নয়, রাজনৈতিক দলকে ভোট দেন। নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। কোনো দলই এখন পর্যন্ত এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেই কোনো দল সরকার গঠন করতে পারে না। নির্বাচনের পর দলগুলোকে জোট গঠন করে অন্তত ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে হয়। এ জন্য প্রথমে ২৮ দিনের সময় দেওয়া হয়, যা প্রয়োজন হলে আরো ১৪ দিন বাড়ানো যেতে পারে। এই সময়ের মধ্যে কোনো পক্ষ সরকার গঠনে ব্যর্থ হলে পুনরায় নির্বাচন আয়োজন করতে হয়।

জাতীয় নির্বাচনে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন করা হয়। কোনো দল ৩০ শতাংশ ভোট পেলে সাধারণত প্রায় ৩০ শতাংশ আসন পায়। তবে ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে না পারা দলগুলোর ভোট আসন বণ্টনের হিসাব থেকে বাদ পড়ে। এ কারণে ছোট দলগুলো প্রায়ই নির্বাচনের আগে একীভূত হয় বা জোট গঠন করে।

ভোটাধিকার নিয়ে বৈষম্যের অভিযোগ

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

এ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য প্রায় ৭৩ লাখ ইসরাইলি নাগরিক। তবে দেশটির সরকারের নিয়ন্ত্রণে থাকা সব প্রাপ্তবয়স্ক মানুষ ভোট দিতে পারেন না।

গাজা, অধিকৃত পশ্চিম তীর ও অধিকৃত পূর্ব জেরুজালেমে বসবাসকারী প্রায় ৩০ লাখ প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনি এমন একটি সরকারের নির্বাচনে ভোট দিতে পারেন না, যে সরকার তাদের সীমান্ত, চলাচল ও আইনি অবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

ইহুদি ইসরাইলি নাগরিকদের পাশাপাশি প্রায় ১২ লাখ ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিকও ভোট দিতে পারেন। অধিকৃত পশ্চিম তীর ও অধিকৃত পূর্ব জেরুজালেমে বসবাসকারী ৭ লাখ ৫০ হাজারের বেশি ইসরাইলি বসতির বাসিন্দারাও ভোট দিতে পারেন। তারা এমন পার্লামেন্ট নির্বাচন করেন, যে পার্লামেন্ট তাদের বসবাসের এলাকার ওপর আইন প্রণয়ন করে।

অধিকৃত পূর্ব জেরুজালেমের অধিকাংশ ফিলিস্তিনির ইসরাইলি নাগরিকত্ব নেই; তাদের রয়েছে বসবাসের অনুমতি। তারা জেরুজালেমের নগর পরিষদের নির্বাচনে ভোট দিতে পারেন, কিন্তু নেসেট নির্বাচনে পারেন না।

আরও পড়ুন: ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

এর ফলে অধিকৃত পশ্চিম তীরে একটি বৈষম্য দেখা যায়। সেখানে কোনো ইসরাইলি বসতির বাসিন্দা ভোট দিতে পারেন, অথচ কাছাকাছি বসবাসকারী ফিলিস্তিনি পরিবার একই সামরিক কর্তৃপক্ষের অধীনে থেকেও সেই অধিকার পায় না।

বিদেশে বসবাসকারী অধিকাংশ ইসরাইলি নাগরিকও ভোট দিতে পারেন না। কারণ, দেশটিতে সাধারণভাবে ডাকযোগে বা অনুপস্থিত অবস্থায় ভোট দেওয়ার ব্যবস্থা নেই। নির্বাচনের দিন ভোটারকে শারীরিকভাবে ইসরাইলে থাকতে হয়। তবে কূটনীতিক ও রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বিদেশে দায়িত্ব পালনকারীরা ব্যতিক্রম। তারা ২০ অক্টোবর ইসরাইলি মিশনগুলোতে ভোট দেন।

নির্বাচনে যেসব বিষয় প্রভাব ফেলতে পারে

এবারের নির্বাচনে ইসরাইলিদের সামনে রয়েছে একাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ইস্যু। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা, অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগ থেকে অব্যাহতি, বিচারব্যবস্থার সংস্কার, যুদ্ধ ও নিরাপত্তা এবং জীবনযাত্রার ব্যয়।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের প্রশ্ন, আঁতাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়নি কেন?

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। ঘটনার তিন বছর পরও সরকার এ বিষয়ে তদন্তের জন্য রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করেনি। ওই হামলার পর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হয়। এতে অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকাটির অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও বিতর্কের কেন্দ্রে রয়েছে। এই সুবিধার সমর্থকেরা বলেন, এর মাধ্যমে পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার সুযোগ রক্ষা করা হয়।

তবে সমালোচকদের যুক্তি, এতে অন্য নাগরিকদের ওপর সামরিক দায়িত্বের অসম বোঝা চাপানো হয়।

বিচারব্যবস্থার সংস্কার নিয়েও মতবিরোধ রয়েছে। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর জন্য নেতানিয়াহুর উদ্যোগ যুদ্ধ শুরুর আগে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল। সমালোচকেরা এটিকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন। অন্যদিকে সমর্থকদের দাবি, আদালত নিজের ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর থেকে চুরি হওয়া লাগেজ উদ্ধার, একজন গ্রেফতার

যুদ্ধ ও নিরাপত্তার বিষয়টিও ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষ স্থিতিশীলতা চান। তবে গাজা, অধিকৃত পশ্চিম তীর ও লেবাননের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। নেতানিয়াহু ‘পূর্ণ বিজয়ের’ প্রতিশ্রুতি দিলেও হামাস ও হিজবুল্লাহ এখনো সক্রিয় রয়েছে।

জীবনযাত্রার ব্যয়ও বড় ইস্যু। পণ্যের উচ্চমূল্যের সঙ্গে সাধারণ মানুষের তুলনামূলক কম মজুরি আর্থিক চাপ বাড়াচ্ছে। ২০২৩ সাল থেকে ইসরাইলের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ হয়েছে। এতে সরকারি অর্থব্যবস্থার ওপর চাপ আরো বেড়েছে।

বিদায়ী সরকারের আসনসংখ্যা

জুলাইয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সময় নেতানিয়াহুর জোটের হাতে নেসেটের ১২০টি আসনের মধ্যে ৬০টি ছিল। জোটে লিকুদের ৩২টি, শাসের ১১টি, রিলিজিয়াস জায়োনিজমের সাতটি, ইতামার বেন গভিরের ওতজমা ইয়েহুদিতের ছয়টি এবং নিউ হোপের চারটি আসন ছিল। শাস ২০২৫ সালের জুলাইয়ে সরকার ছেড়ে গেলেও জোটে থেকে যায়। আর নিউ হোপ এবারের নির্বাচনে লিকুদের সঙ্গে একীভূত হবে।

আরও পড়ুন: বিএনপির এমপির ফুলেল শুভেচ্ছা, সাধারণ সম্পাদককে শোকজ

বিরোধী দলগুলোর হাতে ছিল ৫৯টি আসন। এর মধ্যে ইয়েশ আতিদের ২৪টি, ব্লু অ্যান্ড হোয়াইটের আটটি, ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি, ইসরাইল বেইতেনুর ছয়টি, হাদাশ-তাআল ও রা'আমের পাঁচটি করে এবং লেবার পার্টির চারটি আসন ছিল। নোআমের একটি আসন কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না।

কারা নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী

দুর্নীতির অভিযোগে বিচার চললেও আবার নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তার নেতৃত্বাধীন উগ্রডানপন্থী জোটের বিপরীতে রয়েছে ইহুদিদের নেতৃত্বাধীন চারটি বড় বিরোধী দলের জোট। এসব দলের নেতারা নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করার এবং ভোটের পর সরকার গঠনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা দিয়েছেন।

সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে বিরোধীদের মধ্যে প্রধানমন্ত্রী পদের সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তার নতুন দল ইয়াশার জনমত জরিপে লিকুদের সঙ্গে সমানে সমানে লড়ছে।

বিরোধী জোটে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বাধীন টুগেদার তালিকা, আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি।

নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন উগ্রডানপন্থি মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোতরিচ, অতি-ধর্মীয় ইহুদিদের দলগুলো এবং আরব সংখ্যাগরিষ্ঠ ভোটারদের প্রতিনিধিত্বকারী রা'আম ও জয়েন্ট লিস্ট।

গত মাসে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি রা'আম ও জয়েন্ট লিস্টকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করার পক্ষে ভোট দিয়েছিল। তবে ২ অক্টোবর সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে সেই নিষেধাজ্ঞা বাতিল করেন। আদালতের মতে, দল দুটিকে বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড পূরণ করার মতো প্রমাণ ছিল না।

জয়েন্ট লিস্টের অন্যতম দল বালাদের নেতা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিক সামি আবু শাহাদেহ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। আদালত ইঙ্গিত দিয়েছিলেন, অধিকাংশ বিচারক তাঁর অযোগ্যতার সিদ্ধান্ত বহাল রাখতে পারেন।

নির্বাচনের পর আরব নেতৃত্বাধীন দলগুলো ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ইহুদিদের নেতৃত্বাধীন বিরোধী জোটের অধিকাংশ নেতা এসব দলের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

সাত বছরে ষষ্ঠ নির্বাচন

আগামী ২৭ অক্টোবরের নির্বাচন ২০১৯ সালের পর ইসরাইলের ষষ্ঠ জাতীয় নির্বাচন। তবে ৩৮ বছরের মধ্যে এবারই প্রথম নেসেটের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজনৈতিক অস্থিরতার শুরু ২০১৯ সালের এপ্রিলে। ওই সময় নেতানিয়াহুর লিকুদ ও বেনি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি ৩৫টি করে আসন পেয়েছিল। ওই বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় নির্বাচনেও অচলাবস্থা তৈরি হয়। ব্লু অ্যান্ড হোয়াইট ৩৩টি এবং লিকুদ ৩২টি আসন পায়। দুই নির্বাচনেই কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারেনি।

২০২০ সালের মার্চে তৃতীয় নির্বাচনে লিকুদ ৩৬টি এবং ব্লু অ্যান্ড হোয়াইট ৩৩টি আসন পায়। এরপর নেতানিয়াহু ও গান্টজের নেতৃত্বে ঐক্য সরকার গঠিত হলেও এক বছরের মধ্যে তা ভেঙে পড়ে।

২০২১ সালের মার্চে লিকুদ ৩০টি এবং ইয়েশ আতিদ ১৭টি আসন পায়। এরপর নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বে আট দলের জোট সরকার গঠিত হয়। ওই জোটে আরব দল রা'আমও ছিল। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটে। তবে সেই সরকারও এক বছর টিকেছিল।

২০২২ সালের নভেম্বরে আবার ক্ষমতায় ফেরেন নেতানিয়াহু। ওই নির্বাচনে লিকুদ ৩২টি এবং ইয়েশ আতিদ ২৪টি আসন পায়। নেতানিয়াহুর নেতৃত্বে গঠিত সরকারকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকার হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে এবারের নির্বাচনের আগে জনমত জরিপে কোনো জোটকেই ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে দেখা যাচ্ছে না।

ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর দেশটিতে মোট ১৪ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন নেতানিয়াহু। তিন দফায় তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ মোট ১৯ বছর—১৯৯৬ থেকে ১৯৯৯, ২০০৯ থেকে ২০২১ এবং ২০২২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত।

তার কাছাকাছি রয়েছেন ডেভিড বেন-গুরিয়ন। তিনি ১৯৪৮ থেকে ১৯৫৪ সাল এবং পরে ১৯৫৫ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে যে ফলই আসুক, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর উৎপাদনের জন্য তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর উৎপাদনের জন্য তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের রায়গঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে। এই জরিমানা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন, বিদেশি প্রসাধনপণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকা এবং মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার কারণে করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা কার্যকর করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে সাথী বেকারির মালিক কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত করা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি, বিদেশি প্রসাধনপণ্যের লেবেলে আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকা এবং মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহিম হোসেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া থেকে গ্যাস কেনার যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


রাশিয়া থেকে গ্যাস কেনার যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইইউ

ইউক্রেন সংঘাতের সমাধান নিয়ে আলোচনা চলাকালীন রাশিয়া থেকে গ্যাস কেনার যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইউরোপীয় কমিশন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে, যুদ্ধ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বজায় রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

সোমবার (১৯ অক্টোবর) ব্রাসেলসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের মুখপাত্র পলা পিনহো এ তথ্য জানান। রাশিয়ার গ্যাস কেনা পুনরায় শুরু করার মার্কিন প্রস্তাব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

পলা পিনহো উল্লেখ করেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন পূর্বে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুদ্ধ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে আরোপিত কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।

গত ১৫ ও ১৬ অক্টোবর অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার এবং দেশটি থেকে যুক্তরাষ্ট্রের ডিজেল জ্বালানি কেনার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করা হয়েছিল বলেও জানান কমিশনের মুখপাত্র।

পলা পিনহোর বক্তব্য অনুযায়ী, রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে ইউরোপীয় কমিশন ইইউ ও যুক্তরাষ্ট্রের সমন্বিত নিষেধাজ্ঞা অব্যাহত রাখার প্রয়োজনীয়তায় বিশ্বাসী। কমিশন জানায়, এ ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেনের শর্তে সংঘাত বন্ধে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে, ২০২৭ সাল থেকে ইইউভুক্ত দেশগুলোর জন্য রুশ গ্যাস কেনার ওপর সম্পূর্ণ ও অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় কমিশন পূর্বে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে আরোপিত সাধারণ নিষেধাজ্ঞা নীতির অংশ নয়। ফলে রাশিয়ার ওপর অন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও গ্যাস আমদানির নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে কমিশনের বক্তব্য। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দিল যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দিল যুবক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পাওয়ার কারণে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ আইবুরকে গ্রেপ্তার করেছে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত অবস্থায় ছিল। নেশার জন্য টাকা না পেয়ে তিনি তার বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফলে ঘরের লেপ, তোশক ও খাট পুড়ে গেছে এবং ক্ষতির সম্মুখীন হয়েছে।

এ ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ওসি সবজেল হোসেন জানান, পুলিশ আইবুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজাকে ঘিরে কুয়াকাটায় লাখো পর্যটকের সম্ভাবনা, ৮০ শতাংশ হোটেল বুকিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


দুর্গাপূজাকে ঘিরে কুয়াকাটায় লাখো পর্যটকের সম্ভাবনা, ৮০ শতাংশ হোটেল বুকিং

শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক লম্বা ছুটি এবং দুই দিনব্যাপী বিচ কার্নিভালকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটায় লাখো পর্যটকের সমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে পর্যটন নগরীর আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টের ৬০ থেকে ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। কিছু হোটেলে ছুটির গুরুত্বপূর্ণ দিনগুলোতে সব কক্ষই বুকড হয়ে গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। এর মধ্যে ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিচ কার্নিভাল। জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ আয়োজনে এ উৎসবে স্থানীয় ও দেশের খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ ম্যারাথন ও বিচ ফুটবলসহ নানা আয়োজন থাকবে। বিচ ম্যানেজমেন্ট কমিটি ও ব্যবসায়ীদের ধারণা, এ সময়ে দুই থেকে তিন লাখ পর্যটক-দর্শনার্থী কুয়াকাটায় আসতে পারেন।

পর্যটন ব্যবসায়ী ও কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, কুয়াকাটায় ৩০০টির বেশি আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার পর্যটকের রাত্রিযাপনের ব্যবস্থা আছে। বাড়তি চাপ সামলাতে আশপাশের পাঁচটি গ্রামের অনেক বাসাবাড়ি হোমস্টে হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

হোটেল সরোয়ার প্যারাডাইসের ম্যানেজার রিপন সাব্বির জানান, তাদের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। অনেকে ফোন করে কক্ষ চাইলেও সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।

কুয়াকাটা সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল জানান, তাঁদের কটেজ ও ভিলার প্রায় ৭০ শতাংশ রুম বুকিং হয়েছে এবং দু-এক দিনের মধ্যে শতভাগ বুকিং হয়ে যাবে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, বছরের সবচেয়ে বেশি পর্যটক আসার সময়গুলোর একটি দুর্গাপূজার ছুটি। প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলের ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ বুকিং হলেও তৃতীয় শ্রেণির হোটেলগুলোর অধিকাংশ কক্ষ এখনো ফাঁকা। পর্যটক আকৃষ্ট করতে কিছু হোটেল ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ও ঘোষণা করেছে।

প্রেসিডেন্ট পার্কের স্বত্বাধিকারী ও পৌর যুবদল সভাপতি মো. কাজী ফারুক জানান, হোটেল-মোটেল, রেস্টুরেন্টসহ পর্যটননির্ভর প্রায় ১৬টি পেশার পাঁচ থেকে সাত হাজারের বেশি শ্রমিক পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। শতাধিক প্রশিক্ষিত ট্যুর গাইডের পাশাপাশি অন্যান্য খাতের আরও দুই শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে সৈকত এলাকা পরিদর্শন করেছেন। সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়েছে। গত ১৫ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিচ-কার্নিভাল ও দুর্গাপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে একটি প্রস্তুতি সভাও হয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, দুর্গাপূজার ছুটি ও কার্নিভাল উপলক্ষে কুয়াকাটাকে নতুন রূপে সাজানো হচ্ছে। মহিপুর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান জানান, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও বন বিভাগের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান বলেন, কুয়াকাটার বিচ কার্নিভালে স্থানীয় ও দেশবরেণ্য কণ্ঠ ও চলচ্চিত্র শিল্পীদের সমন্বয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কুয়াকাটায় লাখ লাখ পর্যটকের আগমন ঘটবে। পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, এবারের উৎসব কুয়াকাটার পর্যটন ব্যবসায় গতি ফেরানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%