ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

লালনের তিরোধান দিবসে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান


লালনের তিরোধান দিবসে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন একাডেমি চত্বর এবং এর আশপাশের এলাকায় বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই স্মরণোৎসবকে সম্পূর্ণ মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল ১৪ অক্টোবর এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান এবং জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম কঠোর নির্দেশনা প্রদান করেছেন যাতে মেলা প্রাঙ্গণে গাঁজাসহ যেকোনো ধরনের মাদকদ্রব্যের সেবন এবং ক্রয়-বিক্রয় ঠেকানো যায়। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরিচালিত এই বিশেষ অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, আনসার, ট্যুরিস্ট পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা একত্রে অংশগ্রহণ করেন।

গতকাল মেলা চত্বরে পরিচালিত যৌথ অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

আরও পড়ুন: নেত্রকোনায় নিহত সাংবাদিক লুৎফুজ্জামানের জানাজা সম্পন্ন

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাজার ও মেলা প্রাঙ্গণে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ এবং ব্যাগপত্র তল্লাশি করেন। একইসাথে দর্শনার্থী, সাধু-ভক্ত ও সাধারণ লোকজনকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, লালনের এই আধ্যাত্মিক মিলনমেলায় কোনোভাবেই মাদকের অনুপ্রবেশ সহ্য করা হবে না। পূণ্যভূমি ছেঁউড়িয়াকে শতভাগ মাদকমুক্ত রাখতে এবং দর্শনার্থীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মেলার সার্বিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের যৌথ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফার ৬৩৫ কোটি ডলারের উন্নয়ন তহবিল পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


ফিফার ৬৩৫ কোটি ডলারের উন্নয়ন তহবিল পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায়

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী চার বছরের জন্য ৬৩৫ কোটি ডলারের উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে।

এ বিষয়ে ফিফার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে তথ্য প্রদান করেছে।

বৃহস্পতিবার জুরিখে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় এই পরিকল্পনাটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির নির্বাহী পরিষদের অন্য ৩৬ সদস্য উপস্থিত থাকবেন।

২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই উন্নয়ন তহবিলের অর্থায়নে ২০২৬ বিশ্বকাপ থেকে প্রাপ্ত বিপুল বাণিজ্যিক আয়ের একটি অংশ ব্যবহার করা হবে। এই তহবিলের মাধ্যমে ফিফার ২১১টি সদস্য ফেডারেশন এবং আঞ্চলিক কনফেডারেশনগুলোকে অর্থ প্রদান করা সম্ভব হবে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রথম এই পরিকল্পনার খবর প্রকাশ করেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার প্রতিটি সদস্য ফেডারেশন ২ কোটি ৫০ লাখ ডলার করে পাবে।

এই অর্থের পরিমাণ ফিফা সভাপতি ইনফান্তিনোর দুই প্রধান সমালোচক ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার প্রধান আলেকসান্দার সেফেরিন এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগলিয়ানির প্রস্তাবিত ১ কোটি ডলারের চেয়ে অনেক বেশি।

বিশ্ব ফুটবলের প্রশাসনিক কাঠামো নিয়ে চলমান সংকটের মধ্যে বৃহস্পতিবারের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৮ এপ্রিলের পর এটিই ফিফা কাউন্সিলের প্রথম সভা।

চলতি গ্রীষ্মে ফিফার মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলো, বিশেষ করে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন ইনফান্তিনো। এর পর থেকেই বিশ্ব ফুটবলে প্রশাসনিক সংকট আরও গভীর হয়।

তবে ফুটবলবিশ্বের ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এ ক্ষেত্রে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নেতৃত্ব দিয়ে বিরোধিতা করে।

সেপ্টেম্বরের শেষ দিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কার্যক্রম পরিচালনার পদ্ধতি সংস্কারের লক্ষ্যে সদস্য ফেডারেশনগুলোর সঙ্গে পরামর্শ প্রক্রিয়া শুরু করেন ইনফান্তিনো। তিনি জানান, বৃহস্পতিবারের কাউন্সিল সভাতেই সংস্কারের প্রাথমিক প্রস্তাবগুলো পর্যালোচনা করা হতে পারে।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্বে রয়েছেন। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

তবে এখন পর্যন্ত তার বিরোধীরা ঐকমত্যের ভিত্তিতে কোনো প্রার্থী বেছে নিতে পারেননি।

সেফেরিন উয়েফার সভাপতি পদে নতুন মেয়াদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মন্টাগলিয়ানিও কনকাকাফের প্রধান হিসেবে পুনরায় নির্বাচনে অংশ নিতে পারেন।

সভাপতি পদে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ছয় আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ছয় আরোহী

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট আকৃতির বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহী প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একটি শিশু রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে, যা বাংলাদেশ সময় বুধবার আনুমানিক সকাল সাড়ে ৮টার, রাজ্যের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল দূরে ডেলোনা শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদসংস্থা নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডেলোনা শহরের আকাশসীমা অতিক্রম করার সময় ‘পাইপার পিএ-৪৬’ মডেলের একটি ফিক্সড-উইং বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সুক কাউন্টি শেরিফ দপ্তরের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তবে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) এবং স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে বিমানটির বৈমানিক নিকটস্থ এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এয়ার ট্রাফিকের সেই কথোপকথন পর্যালোচনা করা হচ্ছে। একইসঙ্গে বৈরী আবহাওয়ার কারণে এই বিপর্যয় ঘটেছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভূমিতে থাকা কোনো স্থাপনা বা বেসামরিক নাগরিক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হননি। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে এফএএ-এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, মামলা না নেওয়ায় পরিবারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, মামলা না নেওয়ায় পরিবারের অভিযোগ

আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. জামাল উদ্দিন (৩৯) নামের এক কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু ঘটে। ঘটনার দীর্ঘ সময় পরেও মামলা না নেওয়ায় নিহতের পরিবারের সদস্যরা আশুলিয়া থানার সামনে অবস্থান করছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা আশুলিয়া থানার সামনে অবস্থান করছিলেন। এর আগে সকাল ৯টার দিকে শারমিন গ্রুপ থেকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুপুরে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন গাজীপুর সদরের বুরুলিয়া ডুয়েট এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে। তিনি শারমিন গ্রুপের ডিভিশন-৩-এর সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্বজনদের অভিযোগ, অফিসিয়াল বা অন্য কোনো আক্রোশের কারণে তাকে হত্যা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নাটক সাজানো হয়েছে।

তারা দাবি করেছেন, পুলিশ তাদের দেখতে না দিয়েই লাশ মর্গে পাঠিয়ে দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিহতের বড় ভাই ইস্কান্দার আলী খান বলেন, "এটি সম্পূর্ণ পরিকল্পিত হত্যা। কারখানা কর্তৃপক্ষ ও ভেতরের লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা প্রথমে থানায় মামলা করতে আসলাম। তখন নিলো না। আবার পরে এসে যখন কথা বলি, তখন অজ্ঞাতপরিচয় আসামি দিয়ে মামলা নেবে না। আবার এখন নামসহ মামলা দিতে চাচ্ছি, থানা থেকে নানা অজুহাত দেখানো হচ্ছে। সাত-আটবার অভিযোগ লিখে আনার পরও নিচ্ছে না। থানা থেকে বলছে, নাম ছাড়া মামলা করলে করবেন অথবা কোর্টে গিয়ে মামলা করবেন।"

তিনি আরও বলেন, "আমাদের মতো করে আমরা মামলা করতে না পারলে থানার সামনে থেকে যাব না। প্রয়োজনে সারারাত থানার সামনে থাকব।"

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. আবুল কালাম আজাদ বলেন, "এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে নিহতের ভাই একটি অভিযোগ জমা দিয়েছেন। আমরা প্রাথমিক তদন্ত শেষে মামলায় অন্তর্ভুক্ত করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে নির্বাচনী এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে নির্বাচনী এলাকায়

নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিষেধাজ্ঞা আগামী ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি, ২৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাকের চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য প্রকাশ করেছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণের দিন ২৯ অক্টোবরের আগে এবং ভোটের দিন যান চলাচল নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া, ওষুধ, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। দূরপাল্লার যাত্রী পরিবহন এবং স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হবে।

ইসির নির্দেশনা অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টের জন্য একটি করে জিপ, কার, মাইক্রোবাসসহ ছোট আকৃতির যানবাহন চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমোদন এবং গাড়িতে নির্ধারিত স্টিকার প্রদর্শন করতে হবে। সাংবাদিক, পর্যবেক্ষক কিংবা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে সক্ষম হবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে।

এই নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%