ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইসরাইলের গুপ্তহত্যাচেষ্টা থেকে বাঁচলেন হামাস প্রধানের ছেলে


ইসরাইলের গুপ্তহত্যাচেষ্টা থেকে বাঁচলেন হামাস প্রধানের ছেলে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার ছেলে ইজ্জেলদিন আল-হাইয়াকে লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনীর গুপ্তহত্যাচেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম।

বাসেম নাইম রয়টার্সকে জানান, শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে গাজায় বিমান হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী ইজ্জেলদিন আল-হাইয়াকে হত্যার চেষ্টা করে। তবে হামলার সময় ইজ্জেলদিন এবং তার পরিবারের সদস্যরা নিরাপদে ছিলেন।

হামাসের অন্য একটি সূত্র জানায়, এই হামলায় কেউ নিহত হয়নি। তবে খলিল আল-হাইয়ার পুত্রবধূসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ‘সিআইডি’র অভিনেতা বিবেক মাশরু এখন উচ্চশিক্ষা ও করপোরেট ক্ষেত্রে

বাসেম নাইমের তথ্যমতে, ১৯৯৭ সালে জন্ম নেয়া ইজ্জেলদিন আল-হাইয়া হামাসপ্রধানের জীবিত থাকা শেষ ছেলে। ইসরাইলি বাহিনীর হামলায় তার অন্য চার ভাই এর আগে নিহত হয়েছেন।

হামাস এক বিবৃতিতে জানায়, ইসরাইলি বাহিনী একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে। হামাসপ্রধান খলিল আল-হাইয়াকে লক্ষ্য করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেয়া হুমকির সঙ্গে এই হামলার সম্পর্ক রয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

হামাসের অভিযোগ, ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতি চুক্তি দুর্বল করে দিতে ইসরাইল এ ধরনের হামলা চালাচ্ছে। সংগঠনটি জানিয়েছে, অব্যাহত হামলার পরিণতির জন্য ইসরাইলকেই সম্পূর্ণ দায় নিতে হবে।

নাইমের ভাষ্য অনুযায়ী, ইজ্জেলদিন আল-হাইয়া ২০২৫ সালে ইসরাইলি বিমান হামলায় নিহত হামাম খলিল আল-হাইয়ার যমজ ভাই।

আরও পড়ুন: নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছেন তিনি ‘মরেননি’

গত শুক্রবার গাজায় ইসরাইলি বাহিনীর পৃথক দুটি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রথম হামলাটি রাফাহ শহরে চালানো হয়, যেখানে তিন ফিলিস্তিনি নিহত এবং দুজন আহত হন।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, তারা তিনজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দ্বিতীয় হামলায় গাজা সিটিতে মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি কার্যালয়ে কর্মরত দুই নিরাপত্তাকর্মী নিহত হন বলে ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানিয়েছে।

এমএসএফও নিশ্চিত করেছে, নিহত দুজন তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে গাজায় তাদের নিহত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

আরও পড়ুন: গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের কথা স্বীকার করল ইসরাইলি সেনারা

ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে, নিহত দুজন এমএসএফের হয়ে কাজ করতেন। তবে তাদের দাবি, ওই ব্যক্তিরা মানবিক সহায়তাকর্মীর ছদ্মবেশে থাকা হামাসের সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় পৃথক স্থানে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ফাহিম হোসেন রিজু আশুলিয়া (সাভার) প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


আশুলিয়ায় পৃথক স্থানে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন

‎ঢাকার অদূরে আশুলিয়ার পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে আশুলিয়ার সরকার মার্কেট এবং ইপিজেড সংলগ্ন বলিভদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকার মার্কেট এলাকায় ‘আলিফ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯১৪৪) রাত ১০টার দিকে পার্কিং করে চালক মো. এমদাদ ভেতরেই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে চারজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে চালক এমদাদ দ্রুত বাস থেকে লাফিয়ে নেমে চিৎকার ও প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাঁর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এর আগে, রাত ২টার দিকে আশুলিয়ার ইপিজেড বলিভদ্র এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-৭৮৯৯) আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গভীর রাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আশুলিয়ার দুটি স্থানে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে পরপর দুই দিন। এই ঘটনার ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। হামলার সময় তারা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। এর ফলে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরপর দুই দিনের এই ঘটনার ফলে রাতে দায়িত্ব পালনকারী কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দুইটার দিকে মতিহার থানার খড়খড়ি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্র (অভিযোগ কেন্দ্র) কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয় এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।

হামলার ফলে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বিষয়টি নিশ্চিত করে জানান, আগের দিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছিল। থানায় এফআইআর করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তার জন্য লোকবল বাড়ানো হয়েছে। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকেও নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

নিরাপত্তা জোরদারের বিষয়ে সপ্তর্ষি পাল বলেন, ‘আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর আমরা নিরাপত্তার বিষয়ে সচেতন হয়েছি এবং থানায় এফআইআর করেছি। প্রথম দিন দুজন নিজস্ব লোকবল রাখা হয়েছিল, পরদিন তা বাড়িয়ে চারজন করা হয়। পুলিশ প্রশাসনকেও ডিউটি বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল। ঘটনার সময় আমাদের লোকজন পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রোল বোমা ছোড়া হলেও আগুন লাগেনি। এ জন্য দ্বিতীয় দিন আবার হামলা করা হয়েছে। সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল; পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ নিয়ে থানায় মামলা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে পরপর দুই দিন হামলার ঘটনায় তাঁদের কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাতে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় পল্লী বিদ্যুৎ কার্যালয় ও উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশি পাহারা ও নিয়মিত টহল জোরদারের পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বাগেরহাট, ২৮ নভেম্বর, ২০২৬ : মানবসেবার মহৎ প্রত্যয়ে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোগে ‘অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো.বাতেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো.বাতেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান (দিপু)। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল সালেহিন, ডা. আবু জাফর, আয়োজক ও সাবেক সিনিয়র সচিব ফরিদুল ইসলাম, যুগ্ম সচিব জাকির হোসেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালামসহ বিশিষ্ট চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিগণ।

ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে প্রয়োজন অনুযায়ী নির্বাচিত রোগীদের আজ শনিবার রাতে অস্ত্রোপচারের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তারা আরো বলেন, চিকিৎসাসেবা কেবল পেশাগত দায়িত্ব নয়, এটি মানবসেবার একটি গুরুত্বপূর্ণ দিকও। সমাজের বিত্তবান ব্যক্তি, চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সংগঠন সম্মিলিতভাবে এগিয়ে আসলে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

অতিথিরা বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের মহৎ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মানবসেবাই হোক অঙ্গীকার-সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাই এগিয়ে আসুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসচ্ছল নারীদের জন্য মাসে ৩০ কেজি চাল, আবেদন ১ ডিসেম্বর থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


অসচ্ছল নারীদের জন্য মাসে ৩০ কেজি চাল, আবেদন ১ ডিসেম্বর থেকে

দেশের অসচ্ছল ও দুস্থ নারীদের প্রতি মাসে বিনা মূল্যে ৩০ কেজি করে পুষ্টিসমৃদ্ধ চাল প্রদান করবে সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত নারীরা এই খাদ্য সহায়তা লাভ করবেন।

সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৭-২০২৯ চক্রের নতুন উপকারভোগী নির্বাচনের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নতুন চক্রের মেয়াদ ২১ মাস নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জুলাই ২০২৭ থেকে এই কার্যক্রম শুরু হয়ে ৩১ মার্চ ২০২৯ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে নির্বাচিত উপকারভোগীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

সরকারের অর্থবছর পরিবর্তনের কারণে ভিডব্লিউবি কর্মসূচির নতুন চক্রের মেয়াদ পূর্বের ২৪ মাসের পরিবর্তে ২১ মাস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০২৭-২৮ অর্থবছরের প্রথম ৯ মাস (১ জুলাই ২০২৭ থেকে ৩১ মার্চ ২০২৮) এবং ২০২৮-২৯ অর্থবছরের পরবর্তী ১২ মাস (১ এপ্রিল ২০২৮ থেকে ৩১ মার্চ ২০২৯) কার্যক্রম চলবে। গত ২৬ নভেম্বর ভিডব্লিউবি সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়িত এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গ্রামীণ দরিদ্র ও অসচ্ছল নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করার জন্য ইতোমধ্যে ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ এবং ডিজিটাল আবেদনব্যবস্থা চালু করা হয়েছে।

কর্মসূচির আওতায় আবেদন করতে হলে নারীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং কর্মক্ষম হতে হবে। আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক। এছাড়া পরিবারের স্থায়ী বা নিয়মিত আয়ের উৎস না থাকা এবং পরিবারে উপার্জনক্ষম সদস্য না থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

আগ্রহী নারীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট এবং ভিডব্লিউবি মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের সহায়তায় আবেদন জমা দেওয়া যাবে।

নির্দেশনা অনুযায়ী, একটি মোবাইল নম্বর ব্যবহার করে সর্বাধিক ১৫টি আবেদন করা যাবে। নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইনে আবেদন করা সম্ভব না হলে মোবাইল অ্যাপের মাধ্যমে অফলাইনে আবেদন গ্রহণের সুযোগ থাকবে। তবে পরবর্তী সময়ে এসব আবেদন অবশ্যই অনলাইনে এন্ট্রি করতে হবে। অনলাইনে এন্ট্রি করা হয়নি—এমন আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে ইউনিয়ন কমিটি প্রাথমিকভাবে উপকারভোগী নির্বাচন করবে। পরে উপজেলা কমিটির মাধ্যমে চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে।

নতুন চক্রের উপকারভোগী নির্বাচন ও আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গত ২৬ নভেম্বর দেশের সব উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জুম প্ল্যাটফর্মে প্রচার ও অবহিতকরণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আবেদন গ্রহণ, অনলাইন তথ্য এন্ট্রি, উপকারভোগী নির্বাচন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%