বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩২ পি.এম
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ৫নং পাইথল ইউনিয়নে বিএনপির কার্যালয়ে রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনায় কার্যালয়ের সামনে টাঙানো ব্যানার পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে পেট্রোলের বোতল পড়ে থাকার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে। এতে কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন ধরে যায়। স্থানীয়দের মতে, কার্যালয়ের সামনে স্থাপিত স্টিলের সাইনবোর্ডের কারণে আগুন ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।
তাদের বক্তব্য অনুযায়ী, যদি আগুন দ্রুত ছড়িয়ে পড়তো, তবে বিএনপি কার্যালয়ের পাশাপাশি ঘনবসতিপূর্ণ গয়েশপুর বাজারের আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। অল্পের জন্য বড় ধরনের অগ্নিকা- থেকে বাজারটি রক্ষা পেয়েছে। এদিকে ঘটনার পর কার্যালয়ের সামনে পেট্রোলের বোতল পড়ে থাকার বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, পরিকল্পিতভাবে কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসের তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুলপুর ইউনিয়নের বাকি বাজারে উপজেলা আওয়ামী নেতা মোশাররফ হোসেনের শাহ ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ। ভ্রাম্যমাণ আদালত শাহ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং কোম্পানির প্রতিনিধিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নকল কীটনাশকগুলোও জব্দ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইন বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। আলবানিজ তার জবাবে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির সহযোগিতা কামনা করেন।
জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করেন।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান। তিনি এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের টাটা প্রোজেক্টস মেট্রোরেলের একটি প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ নির্মাণের কাজ পেয়েছে। তারা জাপানের নিশিমাতসো কন্ট্রাকশন ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ভারত ও জাপানের এই প্রতিষ্ঠানগুলোকে কাজটি প্রদান করেছে। মেট্রোরেলের ভূগর্ভস্থ ৫ দশমিক ২ কিলোমিটার অংশের সিভিল ওয়ার্কের দায়িত্ব পালন করবে এই তিন প্রতিষ্ঠান। এর মধ্যে স্থাপত্যের ফিনিশিং, মেকানিক্যাল, বৈদ্যুতিক এবং প্লাম্বিং সিস্টেমের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, প্রকল্পটির আওতায় মাটির নিচে তিনটি স্টেশন নির্মাণ করা হবে। এই স্টেশনগুলো হলো খিলক্ষেত, বিমানবন্দর তৃতীয় টার্মিনাল এবং বিমানবন্দর স্টেশন। প্রকল্পের উত্তরাংশে একটি গভীর কূপও নির্মাণের পরিকল্পনা রয়েছে।
টাটা প্রোজেক্টস এক বিবৃতিতে বাংলাদেশ থেকে কাজটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, নিশিমাতসু ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছ থেকে বাংলাদেশের ঢাকা মেট্রো নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘কন্ট্রাক্ট প্যাকেজ সিপি০৬’-এর কাজ পেয়েছে টাটা প্রোজেক্টস।
জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা) এই প্রকল্পে সহায়তা ও অর্থায়ন করছে। ঢাকায় মেট্রোর নতুন লাইন নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করার অংশ হিসেবে। বর্তমানে বিদ্যমান মেট্রোর অংশটি সাধারণ মানুষের চলাচলকে অনেক সহজ করে তুলেছে।
ভারতের টাটা কোম্পানি গাড়ি উৎপাদনের পাশাপাশি তেল পরিশোধন এবং পেট্রোক্যামিকেল খাতেও কাজ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত সাক্ষাৎকালে উভয় দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও, মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
আইজিপি আন্তঃদেশীয় অপরাধ দমন ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ