০২:৩৩ পি.এম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চর চামিতা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন- সুমি আক্তার ও আশিক। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। বাসটি চর চামিতা এলাকায় চার লেন সড়কের মেরামতকাজ চলা অংশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক
নিহত সুমি আক্তারের স্বামী সিদ্দিকুর রহমান জানান, তারা চাঁদপুরে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। অন্যদিকে নিহত আশিকের স্বজনরা জানান, তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জমিদারহাট এলাকার বাসিন্দা এবং চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
আহতদের মধ্যে সিদ্দিকুর রহমান, রাশেদ, পলাশ উদ্দিন ও মুমি রয়েছেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। তিনি অভিযোগ করেন যে, বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে নিষেধ করলেও তিনি গতি কমাননি। একপর্যায়ে বাসটি উল্টে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ক্যান্সার জয়ী নিশার পাশে আবারও প্রতিমন্ত্রী মীর শাহে আলম
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন