শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৬ এম
॥ মোহাম্মদ আবু সাঈদ ॥
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : রাজধানীর জনসংখ্যা ও আবাসনের চাপ কমানোর উদ্দেশ্যে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেকেন্ডারি সিটির মূল লক্ষ্য হচ্ছে রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলা। এর ফলে ঢাকার মূল নগর এলাকার বাইরের বসবাসের বিকল্প সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বজায় রেখে নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ সৃষ্টি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে জানিয়েছেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এই এলাকা ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
তিনি আরও বলেন, রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিতভাবে গড়ে তোলার মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতির উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
প্রকল্পটি বর্তমানে পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে মনদীপ ঘরাই আরও জানান, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে নেওয়া হচ্ছে পৃথক উদ্যোগ। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।’
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বাসস’কে জানিয়েছেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের ফাইভ ইয়ার স্ট্রাটেজিক প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জ উপজেলায় একটি ‘ সেকেন্ডারি সিটি ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সম্ভাব্য সকল নাগরিক সুবিধাসহ সর্বস্তরের জনগণের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তোলার প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) থেকে পাওয়া নথি-পত্র অনুযায়ী জানা গেছে, বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সড়ক ও জনপথের প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় সেকেন্ডারী সিটি নির্মাণ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটির সদস্যরা প্রস্তাবিত সাইট ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করে প্রতিবেদন প্রদানের জন্য পত্র জারি করে। প্রস্তাবিত স্থানটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘সাইট সিলেকশন কমিটি’ চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করে।
প্রস্তাবিত স্থানটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি, দক্ষিণ ও উত্তর বাহেরচরে অবস্থিত। ঢাকার বসিলা সেতু হতে প্রকল্প এলাকাটি প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক হতে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার হতে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
স্থানটির অল্প কিছু অংশে (প্রায় ৫ থেকে ৮ শতাংশ) বসতবাড়ি থাকলেও অন্যান্য অঞ্চল এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয়। এ সকল ফসলি মাঠে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ড পাওয়া গেছে।
প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ডিটিসিএ’র আওতাধীন প্রস্তাবিত এলাকা ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়কে অবস্থিত। এর মাধ্যমে মূলত সাভারের আমিন বাজার হতে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা মোহাম্মদপুরের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে।
প্রকল্প স্থানের প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে প্রকল্পের দু’টি প্রধান এক্সেসরোড পরিকল্পনা করা সমীচীন হবে। সেকেন্ডারী সিটির সকল সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একরের প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।
রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ হ্রাসের জন্য মোহাম্মদপুরের পাশ্ববর্তী এ স্থানটি সেকেন্ডারি সিটি প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগি। এর মাধ্যমে এ অঞ্চলে শুরু হওয়া অপরিকল্পিত নগরায়নের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে সরকারি প্লট প্রকল্পে জনসাধারণের বিনিয়োগ নিশ্চিত হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আরও জানায়, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ টি প্রকল্প চলমান রয়েছে।
এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর দু’টি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়াও দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
দেশের জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।
জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হচ্ছে। লক্ষ্য হলো মানুষের সামর্থ্যরে মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬ : জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের নির্বাচনে সভাপতি পদে এস এম মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলমসহ পূর্ণাঙ্গ প্যানেলের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কারণ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল আলম।
ফলাফল ঘোষণার পর আইনজীবী সমিতি প্রাঙ্গণে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মী আইনজীবীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৭ সালের নির্বাহী পরিষদের নির্বাচনে নির্ধারিত পদগুলোর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নির্বাহী পরিষদে সহ-সভাপতি পদে কাজী একরামুল হক আলম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইসারত হোসেন খোকন, কোষাধ্যক্ষ পদে মো. মোর্শেদ ইমাম বাবু, সাহিত্য, সংস্কৃতি, গ্রন্থাগার ও প্রযুক্তি সম্পাদক পদে শেখ মো. শফিউল আলম লুলু, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মো. পান্না বিশ্বাস এবং ধর্ম ও বিজ্ঞান সম্পাদক পদে মো. মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে মো. দবির হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. শামসুজ্জামান লাকি, মো. আকিদুল ইসলাম, মো. মাসুদুর রহমান-২, বিনা খাতুন, মো. জাহিদুর রহমান, মো. মহিদুল ইসলাম এবং মো. রফিকুজ্জামান মল্লিক মাখন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি এস এম মশিউর রহমান জানান, "বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখা, বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সহযোগিতা করা এবং আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা সূরা আল ইমরান ১৮৫, সূরা আল আম্বিয়া ৩৫ এবং সূরা আল আনকাবুত এর ৫৭ আয়াতে উল্লেখ করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’— যার অর্থ হলো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন একজন মানুষের মৃত্যু ঘটে, তখন তার জন্য দুনিয়াতে আমল করার সুযোগ শেষ হয়ে যায়। কিন্তু কিছু কাজের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। ইসলামের এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সহিহ হাদিসে তিনটি আমলের কথা উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে মৃত্যুর পরও একজন ব্যক্তি সওয়াব অর্জন করতে পারেন। সেগুলো হলো—সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।
১. সদকায়ে জারিয়া বা চলমান দান
সদকায়ে জারিয়া এমন একটি দান, যার উপকারিতা মানুষের কাছে দীর্ঘ সময় ধরে পৌঁছাতে থাকে। উদাহরণস্বরূপ, মানুষের পানির কষ্ট দূর করার জন্য পানির ব্যবস্থা করা, গাছ লাগানো; যা থেকে মানুষ ও পশু-পাখি আশ্রয় এবং বিশ্রাম নিতে পারে, অথবা জনকল্যাণে এমন কোনো স্থাপনা তৈরি করা, যেখানে মানুষ নিয়মিত উপকৃত হয়। এ ধরনের কল্যাণমূলক কাজগুলো সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হতে পারে।
২. উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া
মানুষের শেখানো কোনো জ্ঞান বা শিক্ষা থেকে অন্যরা উপকৃত হতে থাকলে সেটিও মৃত্যুর পর সওয়াব পাওয়ার একটি মাধ্যম। কাউকে উপকারী জ্ঞান শেখানো, এমন শিক্ষা প্রদান করা যা মানুষের কাজে আসে, অথবা মানুষের উপকারে লাগার মতো জ্ঞান রেখে যাওয়া—এসব কাজের মাধ্যমে উপকারের ধারাবাহিকতা তৈরি হতে পারে।
৩. নেক সন্তান, যে মা-বাবার জন্য দোয়া করে
সন্তানকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নেক সন্তান তার মা-বাবার মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করতে পারে। হাদিসে এ বিষয়টিকেও মৃত্যুর পর সওয়াব অব্যাহত থাকার অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মানুষ মৃত্যুবরণ করলে তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল ছাড়া—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।" (সহিহ মুসলিম, হাদিস ১৬৩১)
জীবদ্দশায় এমন কিছু কল্যাণকর কাজ করা যায়, যার উপকারিতা মৃত্যুর পরও মানুষের কাছে পৌঁছাতে থাকে। তাই শুধুমাত্র নিজের জীবনের জন্য নয়, মৃত্যুর পরও সওয়াব পাওয়ার আশায় সদকায়ে জারিয়া করা, উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং সন্তানকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব অপরিসীম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন।
এটি ঘটেছে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের পুত্র।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানিয়েছেন, দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ শ্রী সুজন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর রূপাতলী দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানিক দল কোতোয়ালি মডেল থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘মা স্টীল ফার্নিচার’-এর সামনে পাকা সড়কের ওপর থেকে সুজন সরকারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুজন সরকার বরগুনা সদর থানাধীন ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রোডপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শ্রী নিরঞ্জন সরকার ও সুমিত্রা রানীর ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকারকে নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ