ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তরের পথে


চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তরের পথে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিবেশবান্ধব ও টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের ‘গ্রিন পোর্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় বন্দরের বিভিন্ন প্রশাসনিক ভবন ও পণ্য রাখার শেডের অব্যবহৃত ছাদে ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক (এমডব্লিউপি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথ সুগম হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, গত ১৯ অক্টোবর সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভস লিমিটেডের (জিজিআই) সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলায় যুক্তিতর্ক শুরু

চুক্তিতে স্বাক্ষর করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান ও জিজিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরে আলম।

জিজিআই-এর সিইও মোহাম্মদ নূরে আলম জানান, অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রকল্পটি প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কারিগরি ডিজাইন, প্রকৌশল এবং যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহের কাজ চলছে। চট্টগ্রাম বন্দর একটি অত্যন্ত নিয়ন্ত্রিত, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা হওয়ায় এ ধরনের বন্দরে যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হয়।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপন একটি কারিগরি প্রক্রিয়া এবং এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। যেমন-ছাদের প্রস্তুতি, যন্ত্রপাতি স্থাপনের উপযোগী প্রবেশপথ, বিস্তারিত বৈদ্যুতিক নকশা ও সংযোগের পদ্ধতি নির্ধারণ, নেট মিটারিং ব্যবস্থা, সরঞ্জাম সংগ্রহ, সংরক্ষণ, প্রয়োজনীয় অনুমোদন, নির্মাণকাজের জন্য পৃথক প্রকল্পভিত্তিক বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন এবং প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সম্পদ নিয়োগ।

বাংলাদেশের বেশিরভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এসব কাজ পরিচালনার জন্য বন্দরের ১৮টি কি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের প্রায় ১৬৯টি বিশেষায়িত ক্রেন রয়েছে। এ ছাড়া জেটি ও কনটেইনার ইয়ার্ডে ব্যবহৃত হয় ২২ ধরনের ২৭২টি যন্ত্রপাতি। পণ্য পরিবহন ও অভ্যন্তরীণ যাতায়াতে রয়েছে ৩০ হাজারের বেশি যানবাহন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৬৭টি ইউনিয়নে পাঁচ ধাপে নির্বাচন, ভোটার ১৩,৩৯,৩২৯

এসবের বেশিরভাগই জীবাশ্ম জ্বালানিনির্ভর। বর্তমানে বন্দরের দৈনিক বিদ্যুতের চাহিদা ৭ থেকে ১৩ মেগাওয়াট। এ জন্য প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৫০ কোটি টাকার বেশি বিল দিতে হয়। এই প্রকল্পের আওতায় দিনে সর্বোচ্চ ৮.৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দিয়ে দিনের বেলায় বন্দরের গড় চাহিদা প্রায় সাত মেগাওয়াট হওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী ২০ বছর প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। দিনে সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুতে চলবে বন্দরের কার্যক্রম।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দরে প্রতিবছর চার হাজারের বেশি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আসা-যাওয়া করে। ভবিষ্যতে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ এসব জাহাজে সরবরাহ করা গেলে বন্দরে অবস্থানকালে ভারী তেলচালিত জেনারেটর বন্ধ রাখা সম্ভব হবে। এতে বায়ুদূষণ কমবে।

আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া পাহারা, বিএনপি নেতা-কর্মীরা সতর্ক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চুক্তি অনুযায়ী, জিজিআই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অপারেটিং এক্সপেনস (ওপেক্স) মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, নির্মাণ, পরীক্ষা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ফলে প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে শুরুতে কোনো মূলধনি বিনিয়োগ করতে হবে না।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো জরুরি মন্তব্য করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, বন্দরের যন্ত্রপাতি ও জাহাজ থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। তা ছাড়া বর্তমানে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, তা মূলত জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎস থেকেই আসে। বন্দরের ছাদ ও ফাঁকা শেড কাজে লাগাতে পারলে ভবিষ্যতে উৎপাদনক্ষমতা ২০ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।

কার্বন নিঃসরণবিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনার সবচেয়ে কার্যকর পথ হলো বন্দরকে দ্রুত সৌরবিদ্যুতের আওতায় আনা। জাহাজ বন্দরে অবস্থানের সময় সৌরবিদ্যুৎ দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালানো গেলে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তর করা সম্ভব।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই প্রকল্প চালুর পর দিনে সোলার বিদ্যুৎ ব্যবহার করলে একদিকে যেমন দেশের জাতীয় গ্রিডের ওপর বন্দরের বিদ্যুতের চাপ কমবে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরশীলতাও উল্লেখযোগ্য হারে বাড়বে।

আরও পড়ুন: হাতকড়া পরে দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: হুমায়ুন কবির

তিনি জানান, চুক্তি অনুযায়ী বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী ২০ বছর জিজিআই বন্দরকে সৌরবিদ্যুৎ সরবরাহ করবে। নির্ধারিত ট্যারিফে এ বিদ্যুৎ কিনবে বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটির আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সরকারি নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০ টাকা ৫০ পয়সার মধ্যে রাখা হয়েছে।

বন্দর সূত্র জানায়, বর্তমানে বন্দরের বিদ্যুতের চাহিদা দৈনিক ৭ থেকে ১৩ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। সৌরবিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দিনের বেলায় বন্দরের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা সম্ভব হবে। উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ ভবিষ্যতে নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের আরও জানিয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ হ্রাস এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব হবে। এতে গ্রিনহাউস গ্যাস ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগটি সহায়ক হবে।

আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা করছে বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দর এলাকায় শেডগুলোর ছাদে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরুর মধ্য দিয়ে অর্থনৈতিক সাশ্রয়, জ্বালানি দক্ষতা ও পরিবেশ সুরক্ষার সমন্বয়ে চট্টগ্রাম বন্দরকে আরও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ এগিয়ে যাচ্ছে বলে জানান বন্দর সচিব।

আরও পড়ুন: প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান ডা. শফিকুর রহমানের

সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দরের অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলোকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কাজে লাগানোর এ উদ্যোগ দেশের অন্যান্য বন্দর ও শিল্পপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।

তবে চট্টগ্রাম বন্দরকে পূর্ণাঙ্গ গ্রিন পোর্টে রূপান্তর করতে সৌরবিদ্যুতের পাশাপাশি জাহাজ, ক্রেন, পণ্য ওঠানামার যন্ত্রপাতি ও অভ্যন্তরীণ পরিবহনে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে বলেও মত দেন তারা। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১১ পি.এম


দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলার জন্য ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির সদস্যরা যে অন্যান্য স্থানে মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

আজ বিজিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। তারা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট রয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখযোগ্য যে, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি প্রতিজ্ঞাবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া ৬ হাজারের বেশি মিয়ানমার অভিবাসীকে ফেরত পাঠাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


মালয়েশিয়া ৬ হাজারের বেশি মিয়ানমার অভিবাসীকে ফেরত পাঠাবে

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : মালয়েশিয়া নতুনভাবে ৬ হাজার ৫০০ জনেরও বেশি মিয়ানমার অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এই তথ্যটি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সংবাদ সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ ও ৭ ডিসেম্বর ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফিরিয়ে নিতে তিনটি নৌযান ব্যবহারের অনুমোদন দিয়েছেন।’

তিনি আরও জানান, ‘ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে আকাশপথে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে যাতায়াতের খরচ বহন করবে মিয়ানমার সরকার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে জলবায়ু ঝুঁকি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে জলবায়ু ঝুঁকি বাড়ছে

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে নানা ধরনের প্রাকৃতিক ও অর্থনৈতিক ঝুঁকি। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে তীব্র খরা, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রায় রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কা তৈরি হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার স্বাভাবিক ধরন বদলে যায়। মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

চলতি বছরের এল নিনো ডিসেম্বরের শেষ দিকে সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছাতে পারে এবং আগামী বছরের মে মাস পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) আধুনিক রেকর্ডে এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা কিছুটা কমিয়ে এনেছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে খরা পরিস্থিতি

এল নিনোর কারণে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় ফিজি ও টোঙ্গায় তীব্র খরা দেখা দিয়েছে। সাধারণত এসব দ্বীপে নিয়মিত বৃষ্টিপাতের কারণে চারপাশ সবুজ ও সজীব থাকে। কিন্তু এবার দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে।

ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা বলেছেন, “ফিজির বিভিন্ন এলাকার পরিবারগুলো পানির প্রাপ্যতা এবং দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে দৈনন্দিন জীবনে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বিগ্ন।”

দেশটির সরকার পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছে। এর আওতায় পানির ব্যবহার সীমিত করা, প্রয়োজন হলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় সরকারি তহবিল পুনর্বণ্টন করা যাবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পানির সংকটে থাকা গ্রামগুলোতে নতুন করে পানি সরবরাহ করতে ইতোমধ্যে বিপুলসংখ্যক পানিবাহী ট্রাক পাঠানো হয়েছে।

সান ফ্রান্সিসকোতে প্রায় রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে বুধবার অস্বাভাবিক উচ্চতার জোয়ারের আশঙ্কা করা হচ্ছে। এতে শহরের বিভিন্ন এলাকা এবং বিমানবন্দর প্লাবিত হতে পারে। একই দিন থেকে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিও শুরু হচ্ছে।

এবারের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কয়েকটি কারণে। বছরের সবচেয়ে উচ্চ জোয়ারের প্রাকৃতিক পরিস্থিতি, একটি আসন্ন ঝড় এবং এল নিনোর প্রভাব—সব মিলিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ হয়ে প্রসারিত হচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির তাপীয় প্রসারণ যুক্ত হয়ে জোয়ারের উচ্চতা আরও বাড়িয়ে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের আবহওয়াবিদ ডায়াল হোয়াং এএফপিকে বলেন, ‘বছরের এই সময় সূর্য, পৃথিবী ও চাঁদ কার্যত একই সরলরেখায় অবস্থান করে। এর ফলে বছরের সবচেয়ে উঁচু জোয়ার সৃষ্টি হয়।’

উপকূলীয় এলাকায় প্রায় ২ দশমিক ৭৫ ফুট বা ০ দশমিক ৮ মিটার পর্যন্ত পানি উঠে প্লাবনের আশঙ্কা রয়েছে। জোয়ারের উচ্চতা ১৯৮৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর পরবর্তী অতি উচ্চ জোয়ার বা ‘কিং টাইডস’ দেখা যেতে পারে ডিসেম্বরের শেষ দিকে এবং আগামী জানুয়ারির শেষ দিকে।

তীব্র এল নিনো বাড়াতে পারে বিশ্ব অর্থনীতির ঝুঁকি

এল নিনোর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে খাদ্যপণ্য ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জেনারেলি অ্যাসেট ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ পাওলো জাংঘিয়েরি এএফপিকে বলেন, ‘সাধারণভাবে বলতে গেলে, এটি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক ধাক্কা।’

কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য এবং জলবিদ্যুৎ উৎপাদন—এই তিনটি খাত সবচেয়ে দ্রুত এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

অক্সফোর্ড ইকোনমিকসের হিসাব অনুযায়ী, বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী এল নিনো যদি অত্যন্ত শক্তিশালী হয়, তাহলে আগামী বছর বিশ্বের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ০ দশমিক ৬ শতাংশ কমে যেতে পারে। ২০২৮ সালে তা আরও ০ দশমিক ৮ শতাংশ কমার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞানীরা কী বলছেন?

যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, এল নিনো ক্রমেই শক্তিশালী হচ্ছে। তবে এবার এটি অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে—এমন সম্ভাবনা আগের তুলনায় কিছুটা কমেছে।

এনওএএর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬ সালের অক্টোবর-ডিসেম্বর অথবা নভেম্বর-জানুয়ারি সময়ে রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনো দেখা দেওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। এর আগে এই সম্ভাবনা যথাক্রমে ৮৩ শতাংশ ও ৭০ শতাংশ বলে ধারণা করা হয়েছিল।

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভালোভাবে বিবেচনায় নিতে এনওএএ এখন ‘রিলেটিভ ওশানিক নিনো ইনডেক্স’ নামে একটি সূচক ব্যবহার করছে।

এই সূচকে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের ‘নিনো ৩.৪’ নামে পরিচিত একটি নির্দিষ্ট এলাকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন পরিমাপ করা হয়। পাশাপাশি পুরো নিরক্ষীয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের তাপমাত্রার পরিবর্তনও হিসাবের মধ্যে রাখা হয়।

নতুন পদ্ধতিতে পাওয়া তাপমাত্রার পরিসংখ্যান প্রচলিত ‘ওশানিক নিনো ইনডেক্স’-এর তুলনায় কিছুটা কম। তবে এল নিনোর কারণে সমুদ্র ও বায়ুমণ্ডলের মধ্যে যে পরিবর্তন ঘটে এবং বিশ্বজুড়ে আবহাওয়ার ওপর যে প্রভাব পড়ে, তা বুঝতে নতুন সূচকটি তুলনামূলকভাবে বেশি কার্যকর।

বিমা খাতে এল নিনোর প্রভাব কী?

বিমা প্রতিষ্ঠান অ্যালিয়াঞ্জের এক গবেষণায় বলা হয়েছে, এল নিনো সব অঞ্চলে একইভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ায় না। বরং এটি বিভিন্ন অঞ্চলে দুর্যোগের ধরন ও ঝুঁকির চিত্র বদলে দেয়। গবেষণায় আরও বলা হয়েছে, উত্তর গোলার্ধের অনেক দেশ এ পরিস্থিতিতে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।

পুনর্বিমা প্রতিষ্ঠান স্করের প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি লেগার এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় যে পরিবর্তনটি আমরা দেখেছি, তা হলো ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের অনুপস্থিতি।’

অ্যালিয়াঞ্জের প্রতিবেদন অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় কম হলে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি এবং বিমা কোম্পানিগুলোর ক্ষতিপূরণ দেওয়ার পরিমাণ কমে যায়। একই সঙ্গে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে তেল, গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে আসে।

অন্যদিকে, দক্ষিণ গোলার্ধের দেশগুলো এল নিনোর প্রভাবে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ এসব দেশের অনেকেরই প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত বিমা সুরক্ষা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান ডা. শফিকুর রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান ডা. শফিকুর রহমানের

ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি এ সময় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী পেশাজীবীদের অর্জন, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশীরা তাদের মেধা, যোগ্যতা, কঠোর পরিশ্রম ও পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে এবং পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন। তাদের এই অর্জন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে সফররত বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সংবর্ধনা জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফেজ সাদিক হাসান বান্না এবং ড. এমদাদুল হক পবিত্র কোরআন তিলাওয়াত ও তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। ড. মাসুদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও প্রথিতযশা চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা প্রধান অতিথির সঙ্গে সরাসরি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার ও মতামত বিনিময়ের সুযোগ পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%