ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার


ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীর ‘মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ’-এর একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা ১৭ মিনিটে বিসিক শিল্পনগরীর ওই গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তথ্য পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যে, সকাল ৯টা ২৫ মিনিটে ধামরাই ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার স্টেশন জানায়, ক্ষতিগ্রস্ত গোডাউনটি আনুমানিক ১০০ ফুট × ৩০ ফুট আয়তনের একটি স্টিল স্ট্রাকচারের স্থাপনা ছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন: দালালদের দিন শেষ: কাঠালিয়া থানায় সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ

এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের কারণে গোডাউন এবং এর আশেপাশের আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন খান বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুটি ইউনিটের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুরে ইউএনওর গাড়ি ভাঙচুর: সাবেক পৌর মেয়র মতিউর প্রধান আসামি

আন্তর্জাতিক ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


রহনপুরে ইউএনওর গাড়ি ভাঙচুর: সাবেক পৌর মেয়র মতিউর প্রধান আসামি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে রহনপুর পৌরসভার সাবেক পৌর মেয়র মতিউর রহমান খানকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় মোট ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রহনপুর স্টেশনের কাছে স্থানীয় ‘মাদক নির্মূল কমিটি’ এবং কেডিসি পাড়ার মাদক ব্যবসায়ী পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণ ও শান্ত করতে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)। এ সময় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে একপর্যায়ে সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি বিনষ্টের অপরাধে পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় এই মামলাটি দায়ের করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, সরকারি কাজে বাধা প্রদান ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা রজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচবিবিতে অটোভ্যান চালক শাখাওয়াত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ ও আলামত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


পাঁচবিবিতে অটোভ্যান চালক শাখাওয়াত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ ও আলামত উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ঘটে যাওয়া অটোভ্যান চালক শাখাওয়াত হোসেনের হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার সঙ্গে জড়িত মোঃ হাবিল উদ্দিন (৪০) নামের একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং আলামত উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, নিহত শাখাওয়াত হোসেনের ছোট ভাই মোঃ শাহীন হোসেন (৩০) তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগে পাঁচবিবি থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং-১৬/৩৫২, তারিখ: ১৪/১০/২০২৬খ্রিঃ, ধারা-৩০২/৩৪/৩৯৪ পেনাল কোড)।

মামলা দায়েরের পর জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু কামালের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলামসহ ডিবির একটি চৌকস টিম ঘটনার রহস্য উন্মোচনে মাঠে নামে। তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সার্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করে।

ঘটনার সময় ও তদন্তে জানা যায়, গত ১৩ অক্টোবর বিকেল আনুমানিক ৫:২৫ ঘটিকার সময় আসামী মোঃ হাবিল উদ্দিন (৪০) (পিতা- মোঃ জামাল উদ্দিন, সাং- ধাওয়াইপুর, থানা- পাঁচবিবি) শালাইপুর বাজার এলাকা থেকে ফিসকার ঘাট হয়ে পাথরঘাটাগামী রাস্তায় ভিকটিম শাখাওয়াতকে নিয়ে রওয়ানা দেয়। পরে তাকে নির্মমভাবে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়।

ডিবি পুলিশের প্রযুক্তিনির্ভর ও তৎপর অভিযানে মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছরের পুরনো বাস চলতে না দিলে ১ নভেম্বর ধর্মঘটের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


২০ বছরের পুরনো বাস চলতে না দিলে ১ নভেম্বর ধর্মঘটের হুঁশিয়ারি

রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতি ২০ বছরের পুরনো বাস ও মিনিবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ফিটনেস থাকা গাড়ি সড়কে চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। সমিতির নেতারা আগামী ২৯ অক্টোবরের মধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না এলে ১ নভেম্বর থেকে রংপুর বিভাগের সব জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে রংপুর নগরীর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বসুনিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি উল্লেখ করেন, গাড়ির বয়সের ভিত্তিতে চলাচল বন্ধ না করে এর প্রকৃত অবস্থা, যান্ত্রিক সক্ষমতা ও ফিটনেস বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় পরিবহন খাতে সংকট সৃষ্টি হবে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়বে।

লিখিত বক্তব্যে বলা হয়, বিআরটিএর নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। এই নিয়মের কারণে সারা দেশে নিবন্ধিত ২০ বছরের পুরনো ৫৬ হাজারের বেশি বড় বাস ও ২৮ হাজারের বেশি মিনিবাস চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

পরিবহন মালিকদের দাবি, এত বিপুলসংখ্যক গাড়ি একসঙ্গে চলাচলের বাইরে চলে গেলে বিকল্প পরিবহনের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা কঠিন হবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সারা দেশে নতুন নিবন্ধন পাওয়া বাসের সংখ্যা ছিল ১ হাজার ৭৩৬টি, যার মধ্যে মিনিবাস ছিল ২২০টি। ফলে পুরনো গাড়ি সরিয়ে নেওয়ার সঙ্গে তাল মিলিয়ে নতুন গাড়ি যুক্ত না হলে যাত্রী পরিবহনব্যবস্থায় বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে।

বয়স নয়, ফিটনেসকে গুরুত্ব দেওয়ার দাবি

সংবাদ সম্মেলনে পরিবহন নেতারা জানান, একটি গাড়ির বয়স ২০ বছর হলেই সেটি চলাচলের অনুপযোগী হয়ে যায় না। নিয়মিত রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ পরিবর্তন ও প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে পুরনো গাড়িও চলাচলের উপযোগী রাখা সম্ভব। তাই শুধু বয়সের ভিত্তিতে গাড়ি বাতিল না করে কারিগরি পরীক্ষা ও ফিটনেসের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।

তাদের দাবি, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় নির্ধারিত শর্তে চেসিস ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ পরিবর্তনের সুযোগ রয়েছে। এই অবস্থায় গাড়ির বয়সকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা হলে আইনের ওই বিধানের সঙ্গে অসামঞ্জস্য তৈরি হতে পারে।

রংপুর অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে পরিবহন নেতারা বলেন, এ অঞ্চল কৃষিনির্ভর। এখানকার অনেক পরিবহন মালিক ক্ষুদ্র উদ্যোক্তা। তাদের পক্ষে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নতুন বাস কেনা সম্ভব নয়। পুরনো গাড়ি বাতিল করে নতুন গাড়ি কেনার বাধ্যবাধকতা তৈরি হলে অনেক মালিক আর্থিক সংকটে পড়বেন। এর ফলে পরিবহন ব্যবসা, শ্রমিকদের কর্মসংস্থান এবং যাত্রীসেবায় প্রভাব পড়বে।

নেতাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ও কিছু আমদানিকারককে সুবিধা দিতে আমলাতান্ত্রিক পর্যায় থেকে সরকারকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। তাদের দাবি, এর ফলে বাস্তবতা বিবেচনা না করেই পরিবহন মালিকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে।

বৈদেশিক মুদ্রার ওপর চাপের আশঙ্কা

সংবাদ সম্মেলনে বলা হয়, বিপুলসংখ্যক পুরনো বাস একযোগে বাতিল করে নতুন গাড়ি আমদানি করতে হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। অন্যদিকে, সচল রাখা সম্ভব এমন গাড়িতে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোজন ও মেরামতের মাধ্যমে পরিবহনসেবা চালু রাখলে তুলনামূলক কম খরচে সংকট মোকাবিলা করা সম্ভব।

পরিবহন নেতারা বলেন, পরিবেশ সুরক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে গাড়ির প্রকৃত অবস্থা যাচাই করেই সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা ফিটনেসবিহীন গাড়ি চলাচলের পক্ষে নন। তাঁদের মূল দাবি, ফিটনেস থাকা গাড়ি যেন শুধু বয়সের কারণে বাতিল না হয়।

ধর্মঘট হলে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা

রংপুর বিভাগে বাস চলাচল বন্ধ হলে আন্তঃজেলা ও দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়তে পারেন। পণ্য পরিবহন ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির উপদেষ্টা ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের উপস্থিতিতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির সভাপতি শ্রী ভবানী শংকর আগরওয়াল, সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজসহ পরিবহন খাতের নেতারা।

সমিতির নেতারা জানান, আগামী ২৯ অক্টোবরের মধ্যে দাবির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা ঘোষণা চান তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর থেকে রংপুর বিভাগের সব জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ১ বিজিবি অধিনায়কের

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ১ বিজিবি অধিনায়কের

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগামী (২০ অক্টোবর) রাজশাহী শহরস্থ রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ব্যাটালিয়ন অধিনায়ক। এ সময় তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও সমন্বয় বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপে পূজা উদযাপন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত পরিদর্শন নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।#

 
 

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%