০৯:০১ পি.এম
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলার মানুষের জানমাল, সরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এবং পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া
সংবাদ সম্মেলনে বিজিবি কমান্ডার মাহমুদ হাসান উল্লেখ করেন, উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। রবিবার নতুন করে আরো তিন প্লাটুন মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলায় ছয় প্লাটুন বিজিবির মোট ১৫০ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন।
তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করেছিল। এ সময় তারা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করছিলেন। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করেন।
মাহমুদ হাসান বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি সচেষ্ট থাকবে।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ ফোর্সের পাশাপাশি এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
তিনি উল্লেখ করেন, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পর্যাপ্তসংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন থাকায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এক মিনিটের জন্যও জাতীয় মহাসড়ক বন্ধ হয়নি। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করেছে।
ডিআইজি আরো বলেন, গোপালগঞ্জ সদর ছাড়াও জেলার চারটি পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ শহরেও পর্যাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে দায়িত্বে যুক্ত করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, হুমকি পর্যালোচনা করে প্রতিদিনই নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। আগামী দিনগুলোতে সরকারি স্থাপনা, মানুষের জানমাল ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন