০৪:১৪ পি.এম
এক বছর বিরতির পর ২০২৭ সালে আবারও ফিরে আসছে যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় সংগীত উৎসব ‘গ্লাস্টনবারি’। উৎসব শুরু হতে এখনও কয়েক মাস বাকি থাকলেও টিকিট নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। রোববার ৪ অক্টোবর সকাল ৯টায় সাধারণ প্রবেশের টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র ৪২ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার বিক্রি শুরু হয়েছিল কোচসহ টিকিটের প্যাকেজ। সেগুলোও মাত্র ৩০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এরপর সাধারণ টিকিট বিক্রির অপেক্ষায় ছিলেন হাজারো সংগীতপ্রেমী। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই অনলাইন সারিতে বিপুলসংখ্যক মানুষ যুক্ত হন। আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যেই অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়ে যায় এবং কিছুক্ষণ পর পুরো বিক্রি শেষ হয়ে যায়।
২০২৭ সালের গ্লাস্টনবারি অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ জুন, সমারসেটের ওয়ার্থি ফার্মে। পাঁচ দিনের এই উৎসবে সাধারণ প্রবেশের একটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪০৮ পাউন্ড, যার মধ্যে ৫ পাউন্ড বুকিং ফি রয়েছে। ২০২৫ সালের তুলনায় এবার টিকিটের দাম বেড়েছে ২৯.৫০ পাউন্ড।
আরও পড়ুন: আরটিভিতে রাত ৮টায় সম্প্রচারিত হবে নাটক ‘মন দরজা’
টিকিট বিক্রির প্রক্রিয়াতেও এবার কিছু পরিবর্তন আনা হয়েছিল। একই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একাধিক ডিভাইস বা ব্রাউজার ব্যবহার করে সারিতে অবস্থান নেওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। আয়োজকদের দাবি, বট ও টিকিট কালোবাজারি ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক ট্যাব ব্যবহার বা সারিতে থাকা অবস্থায় পেজ রিফ্রেশ না করার জন্যও সতর্ক করা হয়েছিল।
২০২৭ সালের উৎসবের প্রধান শিল্পীদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আয়োজক এমিলি ইভিস জানিয়েছেন, হেডলাইনারদের বুকিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে যারা এবার টিকিট পাননি, তাদের জন্য ২০২৭ সালের এপ্রিলে পুনরায় বিক্রির সুযোগ থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন