ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিকদের কাজে ফেরার পর পরিস্থিতি স্বাভাবিক


কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিকদের কাজে ফেরার পর পরিস্থিতি স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে হাজার হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, ভাঙচুর কিংবা ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়নি।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। রাস্তাঘাটে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল ও মোতায়েন দেখা গেছে।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ‘কালিয়াকৈর আমাদের শিল্পের প্রাণ। এখানে লাখ লাখ শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা শান্তিতে কাজ করবেন, মালিকেরা শান্তিতে কারখানা চালাবেন এবং ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবেন- এটাই আমাদের লক্ষ্য। কোনো ধরনের ভাঙচুর, অশান্তি ও নৈরাজ্য বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে আছে। রাজনৈতিক কর্মী, শ্রমিক ও মালিক সবাই মিলে আমরা কালিয়াকৈরকে শান্ত রাখব।’

আরও পড়ুন: নওগাঁয় বিভাগের কমিশনারের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ‘সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও সহকারীরা কাজে ফিরেছেন। কালিয়াকৈর-চন্দ্রা-ঢাকা সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকেরা সকাল থেকেই কাজে যোগদান করেছেন। কারখানার সামনে কোনো উত্তেজনা নেই এবং শ্রমিক উপস্থিতি প্রায় শতভাগ। কালিয়াকৈর বাজার, চন্দ্রা মোড়, শ্রীফলতলী মোড়, মৌচাক ও সফিপুর এলাকার ব্যস্ত সড়কে বাস, ট্রাক, অটোরিকশা ও পিকআপ স্বাভাবিকভাবে চলাচল করছে। পুলিশের পাশাপাশি যুবদলের কর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে দেখা গেছে।

এক পোশাকশ্রমিক বলেন, ‘আমরা কাজ করতে চাই, ঝামেলা চাই না। আজ পরিবেশ ভালো থাকায় নির্বিঘ্নে কারখানায় ঢুকেছি।’ আরেক নারী শ্রমিক বলেন, ‘সকালে কিছুটা ভয় লাগছিল, কিন্তু রাস্তায় পুলিশ দেখে ভয় কেটে গেছে। শান্তিতেই কাজে এসেছি।’

আরও পড়ুন: আনোয়ারায় পুকুরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

কালিয়াকৈর পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন বলেন, ‘কোনো ভাঙচুর বা অশান্তি হোক, তা আমরা চাই না। শ্রমিকেরা যাতে শান্তিতে কাজ করতে পারেন, সে জন্য পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা মাঠে আছি।’

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে জনমনে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলা রয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক। কালিয়াকৈর বাজারের এক ব্যবসায়ী বলেন, সকাল থেকে বেচাকেনা ভালো হচ্ছে। শিল্পাঞ্চলের এই শান্ত পরিবেশ বজায় থাকুক—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ারায় পুকুরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


আনোয়ারায় পুকুরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ফলক দেব জানিয়েছেন, এদিন ভোরে দোকানে যাওয়ার সময় পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, রবিবার পুকুরের পাশে এক নারীকে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। কিছু লোকের ধারণা, মরদেহটি ওই নারীর হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলীলার শুভেচ্ছা: কার্তিককে ‘ডোপামিনের উৎস’ বললেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


শ্রীলীলার শুভেচ্ছা: কার্তিককে ‘ডোপামিনের উৎস’ বললেন

বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানের ৩৬তম জন্মদিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শ্রীলীলা। যদিও কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে, তবে সম্পর্কের বিষয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি তারা। জন্মদিনের এই বিশেষ দিনে কার্তিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে শ্রীলীলা তাকে ‘ডোপামিনের উৎস’ হিসেবে উল্লেখ করেছেন।

রবিবার (২২ নভেম্বর) শ্রীলীলা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কার্তিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের ডোপামিনের উৎস কার্তিক আরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনে শুটিং থেকে একটু বিশ্রাম নিও।’

২০২৫ সালের মার্চ মাসে পরিচালক অনুরাগ বসুর একটি রোমান্টিক মিউজিক্যাল ছবির শুটিং শুরু করেন কার্তিক ও শ্রীলীলা। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। কার্তিকের বোন কৃতিকা তিওয়ারির একটি অনুষ্ঠানে শ্রীলীলার উপস্থিতি সেই জল্পনা আরো বাড়িয়ে দেয়।

কার্তিকের মা মালা তিওয়ারি এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ছেলের জন্য পরিবারের পছন্দ একজন চিকিৎসক। শ্রীলীলা চিকিৎসাবিষয়েও পড়াশোনা করেছেন, তাই ভক্তরা এই মন্তব্যের সঙ্গে তাকে মিলিয়ে দেখতে শুরু করেন।

তবে ২০২৫ সালের এপ্রিলে কার্তিক জানিয়েছিলেন, তিনি অবিবাহিত এবং কারও সঙ্গে প্রেমের সম্পর্কে নেই। ওই বছরের সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থী উদযাপনে দুই পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন আরো ছড়ায়। যদিও ২০২৬ সালের মে মাসে শ্রীলীলার মা স্বর্ণলতা এসব খবর নাকচ করেন। তিনি জানান, কার্তিকের মাকে তিনি পেশাগতভাবে চেনেন, কারণ দুজনই স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

এদিকে, অনুরাগ বসু পরিচালিত কার্তিক ও শ্রীলীলার নামহীন রোমান্টিক মিউজিক্যাল ছবিটি ২০২৭ সালের ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং সংগীত পরিচালনায় রয়েছেন প্রীতম।

অন্যদিকে, কার্তিক বর্তমানে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিটি যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে ভারতের নাগরিকদের সরিয়ে আনার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন ‘চাক দে! ইন্ডিয়া’খ্যাত শিমিত আমিন। টি-সিরিজ, বাওয়েজা স্টুডিওস ও ডোপামিন স্টুডিওস যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


ইন্দোনেশিয়ায় চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ

উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, জাহাজটিতে ৪০৫ টন রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে। এই জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করছিল।

গত ৭ নভেম্বর, উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটিকে আটক করা হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ২০ নভেম্বর সাংবাদিক সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ সমুদ্রপথে অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে এমভি স্টার লাইনকে থামানোর নির্দেশ দেয়। জাহাজটি বেতার যোগাযোগে (রেডিও) কোনো সাড়া দিচ্ছিল না, যার ফলে অভিযান শুরু হয়।

তল্লাশির সময় জাহাজে থাকা মোট ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৫৪টি প্যালেটে লাখ লাখ খালি সিম কার্ড পাওয়া যায়।

সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অক্সিডাইজার, যা মূলত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।

সূত্র: এএফইউ , আন্তারা নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসার প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসার প্রকাশ

বিয়ের আগে সম্পর্কের মধ্যে রোমান্টিকতা, আবেগ এবং একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে। কিন্তু বিয়ের পর অনেকের মনে হয়, সঙ্গীর ভালোবাসা আগের মতো নেই। উপহার দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা দীর্ঘ সময় ধরে গল্প করার অভ্যাস কমে যায়। এই পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং মনোমালিন্য বৃদ্ধি পায়। কখনো কখনো সম্পর্কের মধ্যে দূরত্বও সৃষ্টি হয়। তবে সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, বিয়ের পর ভালোবাসার প্রকাশের ধরন পরিবর্তিত হওয়া মানেই ভালোবাসা কমে যাওয়া নয়।

সম্পর্কের শুরুতে থাকে আবেগ ও আকর্ষণ

প্রেমের শুরুতে দুজনই একে অপরকে মুগ্ধ করার চেষ্টা করেন। নিজেদের ভালো দিকগুলো তুলে ধরার পাশাপাশি ছোট ছোট বিষয়েও রোমান্টিকতা খুঁজে পান। একসঙ্গে সময় কাটানো, উপহার দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা দীর্ঘ সময় ফোনে কথা বলা হয়ে ওঠে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম।

বিয়ের পর একই সংসারে বসবাস এবং বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়ার ফলে সম্পর্কের ধরনে পরিবর্তন আসে। তখন ভালোবাসা প্রকাশ পায় দৈনন্দিন ছোট ছোট কাজে। সঙ্গীর ক্লান্তি বুঝে খাবার তৈরি করা, ঘরের কাজে সাহায্য করা কিংবা ব্যস্ততার মধ্যেও তার প্রয়োজনের কথা মনে রাখা এসব কাজও গভীর ভালোবাসার প্রকাশ হতে পারে।

ভালোবাসার ৫টি ধাপ

প্রেমে পড়া: সম্পর্কের প্রথম পর্যায়ে আবেগ ও আকর্ষণ থাকে তীব্র। প্রিয় মানুষটির কথা বারবার মনে পড়ে এবং তার সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করে। ছোট ছোট বিষয়ও তখন বিশেষ ও রোমান্টিক মনে হয়।

বিশ্বাস তৈরি হওয়া: সময়ের সঙ্গে দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠে। কঠিন সময়ে সঙ্গী পাশে থাকবেন কি না, তার ওপর কতটা নির্ভর করা যায় এসব বিষয় স্পষ্ট হতে শুরু করে। বিশ্বাস বাড়লে সম্পর্কও স্থিতিশীল হয়।

মোহ কাটিয়ে বাস্তবতা বোঝা: সম্পর্কের শুরুর আবেগ কিছুটা কমে এলে সঙ্গীর ভালো দিকের পাশাপাশি সীমাবদ্ধতাগুলোও চোখে পড়ে। তখন বোঝা যায়, সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু আবেগ নয়, প্রয়োজন ধৈর্য, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা।

সমস্যা মোকাবিলা করা: দাম্পত্য জীবনে মতবিরোধ, ভুল বোঝাবুঝি ও নানা ধরনের চাপ আসতে পারে। এ পর্যায়ে একে অপরকে দোষারোপ না করে খোলামেলা আলোচনা করা এবং সমাধানের চেষ্টা করাই সম্পর্ককে শক্তিশালী করে।

পরিণত ভালোবাসা: একসঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার মধ্য দিয়ে ভালোবাসা আরও গভীর হয়। তখন রোমান্টিক কথাবার্তার পাশাপাশি সম্মান, দায়িত্ব, যত্ন, সহযোগিতা এবং কঠিন সময়ে পাশে থাকাও ভালোবাসার গুরুত্বপূর্ণ প্রকাশ হয়ে ওঠে।

বিয়ের পর কেন আগের মতো মনে হয় না?

বিয়ের পর জীবনে যুক্ত হয় সংসারের দায়িত্ব, অর্থনৈতিক পরিকল্পনা, পারিবারিক বিষয়, কাজের চাপ এবং ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা। ফলে আগের মতো সব সময় রোমান্টিক মুহূর্ত তৈরি করা সম্ভব হয় না। একই সঙ্গে একে অপরের অভ্যাস ও সীমাবদ্ধতাগুলোও আরও ভালোভাবে জানা হয়ে যায়।

এ কারণে সম্পর্কের আবেগের প্রকাশ বদলে যেতে পারে। তবে এই পরিবর্তনকে ভালোবাসার অবসান হিসেবে দেখা ঠিক নয়। বরং দাম্পত্যে ভালোবাসা ধরে রাখতে প্রয়োজন নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং একে অপরের অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া।

সম্পর্ক ভালো রাখতে যা জরুরি

বিয়ের পরও সঙ্গীর মন জয়ের চেষ্টা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। ছোট ছোট প্রশংসা, একসঙ্গে সময় কাটানো, বিশেষ দিনে ভালোবাসা প্রকাশ কিংবা দৈনন্দিন কাজে সহযোগিতা সম্পর্ককে প্রাণবন্ত রাখতে পারে।

পাশাপাশি সঙ্গীর কাছ থেকে সব সময় আগের মতো রোমান্টিক আচরণ প্রত্যাশা না করে তিনি কীভাবে যত্ন ও ভালোবাসা প্রকাশ করছেন, সেটিও বোঝার চেষ্টা করতে হবে। কোনো বিষয়ে অভিমান বা অভিযোগ জমিয়ে না রেখে খোলামেলা কথা বলাও জরুরি।

মনে রাখতে হবে, ভালোবাসা সব সময় একইভাবে প্রকাশ পায় না। কখনো তা আবেগে, কখনো দায়িত্বে, আবার কখনো নীরব যত্নে প্রকাশিত হয়। দুজনের পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও মানিয়ে নেওয়ার মানসিকতাই একটি দীর্ঘস্থায়ী ও সুখী দাম্পত্য সম্পর্কের ভিত্তি গড়ে তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%