বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫৬ পি.এম
শেরপুরে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা ডায়াবেটিক সমিতির হলরুমে ‘সচেতন, সংঘটিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবজ’ শিরোনামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সুজন সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন। সভায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্য সাংবাদিক রফিক মজিদ, আরিফ হোসেন, আল আমীন রাজু, ফজলুল কবির সুরুজ, তাহমিনা জলি, ঝিনাইগাতী উপজেলার সভাপতি মেহেদী হাসান হালিম, শ্রীবরদী উপজেলার সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
সভায় শেরপুরে সুজনের কার্যক্রম গতিশীল করতে মাদকবিরোধী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে একটি এডহক কমিটির মাধ্যমে আগামী দিনে শেরপুরে মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুজন সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনকে আহবায়ক এবং সাংবাদিক রফিক মজিদকে সদস্য সচিব করা হয় এই মাদক বিরোধী কমিটির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফর্মুলা ওয়ানের তারকা চালক লুইস হ্যামিল্টন বুধবার মন্তব্য করেছেন যে, গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি ইসরায়েলকে প্রদান করতে হবে।
এর আগে, তিনি মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করেন।
সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন হ্যামিল্টন মঙ্গলবার এল আরিশে পৌঁছান। সেখানে গাজায় পাঠানোর জন্য কীভাবে ত্রাণসামগ্রী প্রস্তুত ও সমন্বয় করা হয়, সে সম্পর্কে তাকে অবহিত করা হয়। তিনি রাফাহ সীমান্ত ক্রসিং এবং মিশরীয় রেড ক্রিসেন্টের ত্রাণ গুদামও পরিদর্শন করেন।
হ্যামিল্টন ইনস্টাগ্রামে লিখেছেন, “গত তিন বছর ধরে গাজায় ইসরায়েলের গণহত্যা ভয়াবহ ও মর্মান্তিক। মানুষের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা কেড়ে নেওয়া চরম অবিচার। কোনো মানুষের জীবনকে অন্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা উচিত নয়।”
ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, গাজায় তাদের সামরিক অভিযান হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
হ্যামিল্টন জানান, সীমান্তে তিনি খাদ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখেছেন, যেগুলো গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ছিল। কিন্তু নিয়মিতভাবে সেগুলো আটকে দেওয়া হচ্ছে বা বড় ধরনের বিলম্বের সম্মুখীন হচ্ছে।
তিনি আরও বলেন, কাছের একটি লজিস্টিকস কেন্দ্রে ঘুমানোর ব্যাগ, প্রাথমিক চিকিৎসাসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, হুইলচেয়ার এবং শিশুদের ফুটবলের মতো জিনিসও “অদ্ভুত সব কারণে” প্রত্যাখ্যাত হয়েছে।
হ্যামিল্টনের মতে, “যুদ্ধবিরতি চুক্তির অধীনে নিজেদের দায়িত্ব পালন করে ইসরায়েলকে ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশ করতে দিতে হবে। এর কোনো অজুহাত হতে পারে না। আমি চাই না আমরা তাদের দুর্ভোগের সঙ্গে অভ্যস্ত হয়ে যাই। আমি চাই না আমরা মুখ ফিরিয়ে নিই।”
৪১ বছর বয়সী হ্যামিল্টন দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডের পক্ষে সোচ্চার। ২০২১ সালে তিনি মিশন ৪৪ নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন, যা তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করে।
বর্তমানে চালকদের চ্যাম্পিয়নশিপে হ্যামিল্টনের অবস্থান চতুর্থ। এদিকে মার্সিডিজের কিমি আন্তোনেল্লি মৌসুম শেষ হওয়ার তিন রেস আগেই শিরোপা নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই কেজি দরে ভাঙারি দোকানে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মোলামগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিয়া পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাটের মুক্তা আয়রন স্টোর নামের একটি ভাঙারি দোকানে বইগুলো বিক্রির এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের সরকারি বিনামূল্যের পাঠ্যবই স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন। বিক্রি করা বইয়ের মধ্যে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, গণিত, কৃষিশিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ, চারুপাঠ, ইংলিশ ফর টুডে ও স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে। স্থানীয়রা ভাঙারি দোকানে সরকারি পাঠ্যবই দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে দোকানের কর্মচারী বলেন, বিদ্যালয়ের এক শিক্ষক এসে বইগুলো বিক্রি করে গেছেন।
ভাঙারি দোকানের কর্মচারী ইমরান জানান, বিদ্যালয়ের এক শিক্ষক বইগুলো বিক্রির উদ্দেশ্যে দোকানে এনেছিলেন এবং প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি করে চলে যান। বইগুলোর গায়ে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষ উল্লেখ রয়েছে।
স্থানীয় বাসিন্দা রনি ও শাহজাহান জানিয়েছেন, তারা পিয়নকে ভ্যানে করে বই নিয়ে ভাঙারি দোকানের দিকে যেতে দেখেছেন এবং সরকার যেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে, সেখানে অতিরিক্ত বই এভাবে বিক্রি করা অপরাধ।
তবে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন সরকারি বই বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, "আমরা কোনো বোর্ড বই বিক্রি করিনি। বই বিক্রির তথ্য আমার জানা নেই। কোনো বই বিক্রি করা হয়নি।"
এদিকে প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের ফোন করে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি বলেন, "বিদ্যালয়ে ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছে এবং এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি দেখা করবেন।"
কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনসুর রহমান এ বিষয়ে বলেন, বিদ্যালয়ের মালামাল নিলামের মাধ্যমে বিক্রির নিয়ম রয়েছে। ওই প্রধান শিক্ষক সরকারি বোর্ড বই বিক্রি করে থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত সরকার ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের তৈরি ফোনে নজরদারির প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে, যা তাদের দেশীয় প্রযুক্তি ব্যবহারের নীতির বিরুদ্ধে। অধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, এতে সরকারি সংস্থাগুলো সাধারণ মানুষের ব্যক্তিগত ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের ব্যাপক ক্ষমতা অর্জন করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনে দেশীয় পণ্য কেনার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়ে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলব্রাইটের তৈরি ফোনের তথ্য উদ্ধারের প্রযুক্তি। ভারতের জাতীয় তদন্ত সংস্থা প্রায় ৫ কোটি রুপিতে প্রতিষ্ঠানটির একটি প্রযুক্তি তিন বছরের জন্য ব্যবহারের অনুমতি পেয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই ফোনের তথ্য সংগ্রহ করা, মুছে ফেলা ফাইল উদ্ধার করা এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টিন্ডারসহ শতাধিক অনলাইন সেবার তথ্য পাওয়া সম্ভব হয়েছে। এমনকি অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত যন্ত্র থেকেও তথ্য সংগ্রহ করা যাবে।
ভারতের বিরোধী দলশাসিত কয়েকটি রাজ্যে একই ধরনের প্রযুক্তি কেনা হয়েছে। তবে অধিকারকর্মীরা অভিযোগ করেছেন যে, এসব প্রযুক্তির ব্যবহার নিয়ে স্বচ্ছতা এবং যথাযথ আইনি নজরদারির অভাব রয়েছে।
ডিজিটাল অধিকারবিষয়ক আইনজীবী বৃন্দা ভান্ডারি মন্তব্য করেছেন, "ভারতের নজরদারির সক্ষমতা ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে। এতে নির্দিষ্ট ব্যক্তির বদলে অনেক মানুষের ওপর নজরদারি চালানো সহজ হয়ে উঠছে।"
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকায় মাদক ব্যবসার বিরোধের কারণে সোবহান (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সদস্যরা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে, সন্ত্রাসীরা বাসার দরজায় লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে সোবহানের বাসায় প্রবেশ করে এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, শাহ আলমসহ মাদক কারবারি একাধিক গ্রুপের ২০ থেকে ৩০ জন এ হামলায় অংশ নেয়।
সূত্রে জানা যায়, বাকলিয়ার তক্তারপুল, মিয়াখাননগর, তুলাতলীসহ আশপাশের এলাকায় মাদক তথা ইয়াবা ব্যবসা পরিচালনা করে বেশ কয়েকটি গ্রুপ। কিছুদিন আগে, সোবহানের লোকজন শাহ আলমের গ্যারেজে ভাঙচুর চালায়, যা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর ফলস্বরূপ, বৃহস্পতিবার গভীর রাতে শাহ আলমের নেতৃত্বে একাধিক গ্রুপ সোবহানের ওপর হামলা চালায়।
হামলাকারীরা আগে থেকেই বাসার সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর তারা বাসায় ঢুকে সোবহানকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সোবহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা কুমিল্লা গ্রুপ হিসেবে পরিচিত।
নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে।
বাকলিয়া থানার ওসি শাহীনূর আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, সোবহানের বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ