০৪:৩৯ পি.এম
বুধবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশের বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, যেসব নিয়োগে অনিয়ম প্রমাণিত হবে, সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়া হবে।
বুধবার সকালে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করার পর এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়টি তুলে ধরেন।
আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, প্যাথলজি বিভাগ, এক্স-রে কক্ষ, রেবিস ভ্যাকসিন কেন্দ্রসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেন। তিনি রোগী এবং তাদের স্বজনদের কাছে চিকিৎসাসেবার মান এবং কোনো ধরনের ভোগান্তির বিষয়ে খোঁজ নেন। এ ছাড়া উপ-পরিচালকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পর্যায়ক্রমে তিনি দেশের সব জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে সেবাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যক্রম গ্রহণ করছে। জনগণের প্রয়োজন বিবেচনায় নতুন হাসপাতাল স্থাপন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রী জানান, পরিদর্শনে হাসপাতালের কিছু ত্রুটি ধরা পড়েছে। তিনি উল্লেখ করেছেন, কয়েকজন চিকিৎসক নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না এবং ড্রেনেজ ব্যবস্থায় কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ফাঁস
তিনি আরও বলেন, বন্ধ থাকা ওয়ার্ডগুলো দ্রুত চালু করা হবে এবং বর্তমানে বন্ধ থাকা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবাও পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে। একই সঙ্গে রোগীদের প্রতি আন্তরিক আচরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেবার মান আরও উন্নত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে কলেজটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
এই পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার তরুণদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন