০৯:১২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচিত শিশু সাইদুল ইসলাম হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শনিবার দুপুরে (২৮ নভেম্বর) উপজেলার হোগলাকান্দি গ্রামে নিহত শিশুর বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রতিমন্ত্রী সaki এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আশ্বাস প্রদান করেন।
এদিকে শিশু সাইদুল হত্যার বিচারের দাবিতে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয়দের সঙ্গে অংশ নেন প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
খোজ নিয়ে জানা যায়, গত ২০ নভেম্বর শিশু সাইদুল নিখোঁজ হওয়ার পর তার মা জোহরা বেগম বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
আরও পড়ুন: দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন
নিখোঁজের ছয় দিন পর, গত ২৬ নভেম্বর বিকেলে প্রতিবেশী ফরিদা বেগম বাড়ির টিউবওয়েলে অজু করতে গিয়ে দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকের কাছে যান। সেখানে ট্যাংকের ঢাকনা কিছুটা ভাঙা দেখতে পেয়ে প্রতিবেশী শাহ আলমকে ডেকে আনেন। পরে দুজন মিলে ঢাকনা খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় শিশু সাইদুলের মরদেহ দেখতে পান।
এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে। গত ২৭ নভেম্বর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই শিশুকে আটক করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
নিহত সাইদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী তাদের শোক ও কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি আশ্বস্ত করেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি পরিবারের যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।
এ সময় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, ল্যাপটপ ক্ষতিগ্রস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন