শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:০১ পি.এম
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের জনগণকে এখনও সঠিকভাবে চিনতে পারেননি। বাংলাদেশের জনগণ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এই দেশে রাজনীতি অথবা সন্ত্রাসের জন্য আর সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে কারা কীভাবে জড়িত, সে সম্পর্কে সরকারের কাছে তথ্য-উপাত্ত আমাদের কাছে বিদ্যমান।
আইনমন্ত্রী সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি।’
গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রসঙ্গে আইনমন্ত্রী উল্লেখ করেন, ‘শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিডনির সমস্যা, স্ট্রোক, ডেঙ্গু এবং একাধিক সংক্রমণের কারণে অসুস্থতার সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই করে অবশেষে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৩ বছর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসতে পারেননি।
সাহেদের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বন্ধু এবং গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
অসুস্থ থাকা সত্ত্বেও নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। তিনি প্রায় ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান শ্রোতাদের সামনে আনতে চান। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট এবং ভিনাইল রেকর্ড সংগ্রহের উদ্যোগও নিয়েছিলেন। প্রতিটি মাধ্যমে চারটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা ছিল তার।
শেখ সাহেদ আলী নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেছিলেন। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে তিনি ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত ছিলেন। তার গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করে। এছাড়া তার অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ এবং ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়। এরপর তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন। দীর্ঘ সংগীতজীবনে তিনি নিজের গান এবং স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের ঐতিহাসিক সংগ্রহে থাকা বিশাল এক নীলকান্তমণি বসানো ব্রেসলেট সম্প্রতি বিক্রি হয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলারে। নিলামে ব্রেসলেটটির দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ৪৯ লাখ ডলার। রাজপরিবারটির ঐতিহাসিক এই অলংকারটি প্রত্যাশিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে।
বুধবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির আয়োজিত নিলামে ব্রেসলেটটি বিক্রি হয়। অলংকারটির মাঝখানে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির একটি নীলকান্তমণি রয়েছে। এর চারপাশে জ্যামিতিক নকশায় হীরা বসানো হয়েছে। বিখ্যাত গয়না নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ে এই ব্রেসলেটটি তৈরি করেছে।
নিলামের আগে ব্রেসলেটটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার। তবে শেষ পর্যন্ত এর দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁতে।
সোথবির নিলাম তালিকায় উল্লেখ করা হয়েছে, এই অসাধারণ ঐতিহাসিক নীলকান্তমণির উৎস রোমানভ পরিবারের কিংবদন্তিতুল্য সংগ্রহ। রাশিয়ার জারদের এই রাজকীয় সংগ্রহকে ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও মূল্যবান রাজকীয় অলংকারের সংগ্রহ হিসেবে গণ্য করা হয়।
রোমানভরা ছিলেন রাশিয়ার সর্বশেষ রাজপরিবার। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সূচনালগ্নে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করলে তাদের শাসনের অবসান ঘটে। পরের বছর বলশেভিকদের হাতে পরিবারের সদস্যরা নিহত হন।
রোমানভ পরিবার কবে নীলকান্তমণিটি সংগ্রহ করেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে নিলাম প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১৮৮৩ সালে একটি রাজকীয় অনুষ্ঠানে দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনা যে স্কার্ট পরেছিলেন, তার সামনের অংশে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়। ধারণা করা হয়, বর্তমান রত্নটি ছিল সেই জোড়ার একটি।
রুশ বিপ্লবের পর ১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রোমানভ পরিবারের রাজকীয় সংগ্রহের অলংকারগুলো বিক্রি করে দেয়। এরপর ১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক সমাজের উচ্চবিত্ত নারী নীলকান্তমণিটি কিনে নেন বলে সোথবি জানিয়েছে।
সে সময় রত্নটি একটি নেকলেসে বসানো ছিল। ১৯৭১ সালে ওয়ালস্কার সম্পত্তির অংশ হিসেবে এটি বিক্রির সময়ও অন্য একটি ছোট নেকলেসে বসানো ছিল। পরে ২০১৫ সালে কার্টিয়ে নীলকান্তমণিটিকে বর্তমানে দেখা যাচ্ছে এমন হীরাখচিত ব্রেসলেটে স্থাপন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরাকের রাজধানী বাগদাদে প্রথমবারের মতো ইহুদি ঐতিহ্যবিষয়ক একটি জাদুঘর চালু হয়েছে। প্রতিদিন সেখানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জাদুঘরের সংগ্রহে রয়েছে পুরোনো শিক্ষাসনদ, হাতে লেখা নথিপত্র, পরিচয়পত্র এবং পারিবারিক ছবি। এসব নিদর্শন ইরাকের একসময়ের সমৃদ্ধ ইহুদি সম্প্রদায়ের ইতিহাসকে তুলে ধরছে।
জাদুঘরটি ঐতিহাসিক শামাশ ইহুদি বিদ্যালয় ভবনে প্রতিষ্ঠিত হয়েছে, যা আল-রশিদ সড়কে অবস্থিত। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ইহুদি দানশীল ব্যক্তি ইয়াকুব শ্লোমো শামাশের নামে।
জাদুঘরে ইরাকের প্রথম অর্থমন্ত্রী সাসুন হেসকেল এবং বিখ্যাত সংগীতশিল্পী সালিমা মুরাদের মতো ইহুদি ব্যক্তিত্বের স্মৃতিও সংরক্ষিত রয়েছে। বিশ শতকের বিশ ও ত্রিশের দশকে সালিমা মুরাদ ইরাকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন।
ইরাকের ইহুদি সম্প্রদায়ের আইনগত প্রতিনিধি আম্মার আল-তামিমি জানিয়েছেন, সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রকল্পটির নেতৃত্বে রয়েছেন ইরাকে বসবাসরত ক্ষুদ্র ইহুদি সম্প্রদায়ের প্রধান খালিদা ফুয়াদ এলিয়াহু। জাদুঘর প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অর্থ ইহুদি সম্প্রদায়ের নিজস্ব তহবিল থেকে এসেছে।
এখন পর্যন্ত জাদুঘরটিতে কোনো ইহুদি দর্শনার্থী আসেননি, তবে স্থানীয় ইরাকিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
ইতিহাসবিদ সাদি আল-ইরাকি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশটির পুরোনো সিনাগগ ও অন্যান্য ইহুদি উপাসনালয় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ক্রমেই কমছে ইহুদি সম্প্রদায়
উসমানীয় শাসনামল থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত বাগদাদের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ ছিল ইহুদি। ১৯৪৭ সালে ইরাকে ইহুদির সংখ্যা ছিল প্রায় দেড় লাখ। তবে আরব জাতীয়তাবাদের উত্থান ও ইহুদিবিদ্বেষী সহিংসতার কারণে সম্প্রদায়টির ওপর চাপ বাড়তে থাকে।
১৯৫০ থেকে ১৯৫২ সালের মধ্যে প্রায় এক লাখ ২৫ হাজার ইরাকি ইহুদিকে আকাশপথে ইসরাইলে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী, বাগদাদে মাত্র কয়েকজন ইহুদি বসবাস করছেন। নিরাপত্তার কারণে তারা অনেকটা নীরবে জীবনযাপন করেন। এছাড়া কুর্দি বংশোদ্ভূত প্রায় ৯০ জন ইহুদি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে রয়েছেন।
তবে বাগদাদের পুরোনো বাণিজ্যিক এলাকা ও নদীতীরবর্তী বাড়িঘরের স্থাপত্যে এখনো ইহুদি ঐতিহ্যের চিহ্ন রয়ে গেছে। স্থাপনাগুলোর দেয়ালে খোদাই করা ডেভিডের তারা সেই হারিয়ে যেতে বসা ইতিহাসের সাক্ষ্য বহন করছে।
সূত্র: আরব নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিকাল হলেই অলিগলিতে ভাজাপোড়ার দোকানের সামনে ভিড় জমে যায়। কড়াইয়ে টগবগ করে ফুটছে তেল, তার মধ্যে ছাড়া হচ্ছে পুরি, সিঙারা, সমুচা, পিয়াজু। গরম গরম মুখরোচক এই খাবারের ঘ্রাণে জিভে জল আসে অনেকেরই।
কিন্তু এই মুখরোচক খাবারের আড়ালে লুকিয়ে আছে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা। পোড়া তেল নামক যে তেলে সকাল থেকে রাত পর্যন্ত বারবার ভাজা হচ্ছে, কালো হয়ে ফেনা উঠছে- সেই তেলেই ভাজা হচ্ছে অনেকের প্রিয় খাবার সিঙারা-পুরি।
ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশে মুখরোচক খাবার তৈরিতে পোড়া তেলের ব্যাপক ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বারবার ব্যবহৃত এই তেল শুধু পেটের সমস্যা সৃষ্টি করে না, বরং উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়।
তবে, একই সেমিনারে আশার কথাও উঠে এসেছে। বলা হচ্ছে, ফেলে দেওয়া এই পোড়া তেলই হতে পারে মূল্যবান সম্পদ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই তেল সংগ্রহ করে বায়োফুয়েল বা বায়োডিজেল তৈরির মাধ্যমে একদিকে পরিবেশ দূষণ কমানো সম্ভব, অন্যদিকে অর্থনৈতিক সুফলও পাওয়া যাবে।
পোড়া তেল আসলে কী?
ভোজ্যতেল একবার গরম করার পর তার রাসায়নিক গঠন পরিবর্তিত হতে শুরু করে। বারবার গরম করলে সেই পরিবর্তন আরও ভয়াবহ হয়ে ওঠে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব জানাচ্ছেন, ভোজ্যতেলে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান বিদ্যমান, যা তেলের মধ্যে অয়েল গ্লিসাইড অবস্থায় বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অবস্থায় থাকে।
নির্দিষ্ট তাপমাত্রায় গরম হওয়ার ফলে ভোজ্যতেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিডের গঠন পরিবর্তন হয়ে ট্রান্স কনফিগারেশনে পরিণত হয়, যা ট্রান্স ফ্যাট উৎপন্ন করে।
‘এই ট্রান্স ফ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানবদেহে কার্ডিওভাসকুলার ডিজিজ হওয়ার শঙ্কা থাকে, যা হার্টের আর্টারি ব্লক করে,’ বলেন তিনি।
অনেক তাপমাত্রা দেওয়ার ফলে অ্যালডিহাইডের মতো বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, যা শরীরের বিভিন্ন সেল বা কোষের সঙ্গে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
বিশেষজ্ঞরা বলছেন, বারবার তাপ প্রয়োগ বা দীর্ঘ সময় ধরে একই তেল ব্যবহার করে রান্না করলে রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে তেলের মধ্যে থাকা প্রয়োজনীয় উপাদানগুলো পরিবর্তিত হয়ে ক্ষতিকর উপাদানে পরিণত হয়।
স্বাস্থ্যঝুঁকি কতটা?
পোড়া তেল পুনরায় ব্যবহারের ফলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এটি অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া, স্ট্রোক, পারকিনসন, হৃদরোগ, এমনকি ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
অতিরিক্ত তাপমাত্রায় একাধিকবার গরম করার ফলে তেলে ক্ষতিকর যৌগ তৈরি হয়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পোড়া তেল ব্যবহারের সময় আগের রান্নার কিছু অদৃশ্য কণা সেই তেলে থেকে যায়। ফলে ফ্রেশ খাবার রান্না করলেও খাবারের স্বাদ এবং বিশেষ করে পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়।
‘ব্যবহৃত তেলে ফ্রি র্যাডিকাল তৈরি হয়, যা মানবদেহের কোষের ক্ষতি করে এবং বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করে,’ বলেন মি. শোয়েব।
পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে এটি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা বিএফএসএ'র চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
তিনি বলছেন, ‘হার্টের যতগুলো শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো পোড়াতেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদেরও পোড়া তেল ব্যবহার পরিহার করতে হবে।’
পোড়া তেল বা একাধিকবার ব্যবহৃত ভোজ্যতেল মানুষের শরীরে স্লো পয়জনিং বা ধীর বিষক্রিয়ার কাজ করে বলেই মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।
তিনি জানাচ্ছেন, দিনের পর দিন পোড়া তেলের খাবার খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
‘ভোজ্যতেল একবার ব্যবহার করলে তেলের মধ্যে থাকা অক্সিজেন বেরিয়ে যায়। এর ফলে এই তেল সেবনে শরীরে রক্ত জমাট বেঁধে যায়। মানবদেহের হার্ট এবং ব্রেইনে এর প্রভাব পড়ে,’ বলেন তিনি।
দীর্ঘদিন এই তেল ব্যবহারে মানবদেহের গুরুত্বপূর্ণ অনেক অঙ্গ নিষ্ক্রিয় হয়ে পড়ার শঙ্কা রয়েছে বলেও জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।
‘পোড়া তেল রক্তের মধ্যে একটা বর্জ্য হিসেবে জমে যায়। দীর্ঘদিন এর ব্যবহারে রক্ত চলাচল কমে গিয়ে হার্ট ও ব্রেইনের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে ইনফেকশন এবং অচল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে,’ বলেন তিনি।
পোড়া তেল থেকে বায়োফুয়েল
পোড়া তেল নিয়ে নানা সংকটের মধ্যেই এ নিয়ে সম্ভাবনার কথাও বলছেন বিশেষজ্ঞরা। এই তেল ব্যবহার করে বায়োফুয়েল বা বায়োডিজেল উৎপাদনের বিষয়টিও সামনে আসছে তাদের আলোচনায়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যবহৃত ভোজ্যতেল বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বায়োডিজেলে পরিণত করা সম্ভব। যা নবায়নযোগ্য জ্বালানি হিসেবে ব্যবহার করে প্রাকৃতিক দূষণ কমানো সম্ভব।
বাংলাদেশে রান্নার তেল সংগ্রহ করে তা থেকে বায়োডিজেল উৎপাদন করছে বেসরকারি প্রতিষ্ঠান বায়োটেক এনার্জি লিমিটেড। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে যে পরিমাণ ভোজ্যতেল রেস্টুরেন্ট বা ভাজাপোড়ার দোকানে ব্যবহার করা হয়, তার মাত্র ৩০ শতাংশের মতো আবর্জনা হিসেবে সংগ্রহ করতে পারে তারা।
বর্তমানে দেশের অন্তত তিন হাজার প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করার কথা জানান বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ। তিনি বলছেন, ‘যেসব দোকানে তরকারি এবং ডিপফ্রাই দুইটাই আছে, সেসব জায়গা থেকে এক ফোঁটা তেলও আসে না। পরোটার জন্য যে খামি তৈরি করা হয়, সেখানে আসলে এই ব্যবহৃত তেলগুলো দিয়ে দেওয়া হয়।’
অর্থাৎ, একবার ভাজার পর যে তেল বেঁচে যায়, তা ফেলে না দিয়ে আবার পরোটার খামিতে কিংবা তরকারিতে ব্যবহার করা হয়।
কীভাবে তৈরি হয় বায়োফুয়েল?
বাংলাদেশে বায়োফুয়েল উৎপাদন এখনও বড় পরিসর লাভ করেনি। তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।
বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ জানাচ্ছেন, শুরুতে ব্যবহৃত ভোজ্যতেল সংগ্রহের ক্ষেত্রে খুব একটা সাড়া না পেলেও ২০১৯ সাল থেকে বাংলাদেশে এর পরিমাণ বেড়েছে।
‘শুরুতে পাঁচ টন তেল না পাওয়া গেলেও এখন আমরা মাসে একশ টন পর্যন্ত তেল সংগ্রহ করছি,’ বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব জানাচ্ছেন, পোড়াতেলে ট্রাই গ্লিসারয়েড অবস্থায় বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে, যা মিথানল (অ্যালকোহল) এর উপস্থিতিতে পরিবর্তন করে এস্টারে পরিণত করা হয়।
রসায়নের ভাষায়, বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিডের এস্টারই হলো বায়োডিজেল বা বায়োফুয়েল।
বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি হিসেবে ‘নরমাল যে ফুয়েল ব্যবহার করা হয়, সেখানে আলাদা আলাদা কম্পোজিশন আছে। এটাকেও একইভাবে বায়োডিজেল হিসেবে ব্যবহার করা যায়।’
সাধারণত যানবাহন চলাচলের জন্য যে জ্বালানি ব্যবহার করা হয়, তার তুলনায় বায়োফুয়েল ব্যবহার প্রকৃতির জন্য ভালো।
মি. শোয়েব বলছেন, ‘যেহেতু খাদ্যের তেলের মধ্যে কোনো সালফার নাই। ফলে এটা থেকে উৎপাদিত বায়োডিজেলেও সালফার থাকে না। ফলে সাধারণ ডিজেলের তুলনায় ৮০ শতাংশ কালো ধোঁয়া কম হয়।’
তবে, এই পদ্ধতিতে বায়োফুয়েল উৎপাদনের জন্য অবকাঠামো এবং প্রযুক্তিগত যে সক্ষমতা প্রয়োজন, সেটি বেশ ব্যয় সাপেক্ষ। কিন্তু জ্বালানির চাহিদা পূরণ এবং পরিবেশ দূষণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের যে পরিকল্পনা বিশ্বব্যাপী নেওয়া হয়েছে, সেখানে বায়োফুয়েল একটি ভালো বিকল্প হতে পারে।
‘আমাদের যেহেতু এখন জ্বালানি সংকট এবং সামনে আরও বেশি হবে। ফলে যদি আমরা উদ্ভাবনী উপায় হিসেবে বায়োফুয়েল উৎপাদন করতে পারি, এটা ভালো হবে,’ বলেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানির তুলনায় বায়োফুয়েল পরিবেশের ক্ষতি কমায়। এতে ইঞ্জিনের ক্ষতির পরিমাণও অনেক কম এবং কালো ধোঁয়া কম হয়।
মি. শোয়েবের ভাষ্য অনুযায়ী, ‘ব্যবহারের পর আবর্জনা হিসেবে যে তেল আমরা ফেলে দেই, সেটা ফেলে না দিয়ে নবায়নযোগ্য জ্বালানির মতো এটা আমরা ব্যবহার করতে পারি।’
আবদুল্লাহ আল হামিদ জানান, বাংলাদেশে বর্তমানে স্বল্প মাত্রায় বায়োফুয়েল উৎপাদন হচ্ছে, যার অধিকাংশই ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
‘ইউরোপের দেশগুলোতে এর চাহিদা আছে, কারণ তারা প্রকৃতিকে রক্ষা করতে চায়। আমাদের এখানে প্রকৃতির তুলনায় দাম নিয়েই চিন্তাটা বেশি,’ বলেন তিনি।
সূত্র: বিবিসি বাংলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ