ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত জাহাঙ্গীর আলম, সম্পাদক বিশ্বজিৎ জোয়াদ্দার


চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত জাহাঙ্গীর আলম, সম্পাদক বিশ্বজিৎ জোয়াদ্দার

পাবনার চাটমোহর অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাংবাদিক বিশ্বজিৎ জোয়াদ্দার, শাহ আলম, জামাল হোসেন, সাব্বির আহমেদ, ময়নুল হক, শাকিল আহমেদ মারুফ, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম ও নাছির উদ্দীন প্রমুখ। সভার সময় ক্লাবের পূর্ববর্তী সময়ের আয়-ব্যয়ের হিসাব, নিরপেক্ষ সাংবাদিকতা এবং সংগঠনকে আরও গতিশীল করে গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি হিসেবে এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি বিশ্বজিৎ জোয়াদ্দারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন: মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহসভাপতি মোস্তাফিজুর রহমান (দৈনিক বাংলার বার্তা), সহসাধারণ সম্পাদক জামাল হোসেন (দৈনিক জনজাগরণ), সাংগঠনিক সম্পাদক শাহ আলম (দৈনিক ভোরের পাতা), অর্থ সম্পাদক সাব্বির আহমেদ (দৈনিক ঢাকা ক্যানভাস), দপ্তর ও প্রচার সম্পাদক শাকিল আহমেদ মারুফ (দৈনিক ভোরের ডাক), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাছির উদ্দীন (দৈনিক সরজমিন বার্তা) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ময়নুল হক (দৈনিক পাবনার সময়)। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম (দৈনিক পাবনার আলো) ও আব্দুল মতিন (দৈনিক পাবনার বাণী)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তানদের ভালোবাসার বার্তায় আবেগাপ্লুত ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


সন্তানদের ভালোবাসার বার্তায় আবেগাপ্লুত ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে নির্মিত একটি নতুন প্রামাণ্যচিত্রে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ক্যাথরিনকে চোখের পানি মুছতে দেখা গেছে। সেখানে তার তিন সন্তানের ভালোবাসা ও সমর্থনের বার্তা শুনে তিনি আবেগ ধরে রাখতে পারেননি।

৪৪ বছর বয়সী ক্যাথরিন, যিনি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী, ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রে যুক্তরাজ্যের অন্যতম পরিচিত শারীরিক সক্ষমতা যাচাইয়ের আয়োজিত ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’-এ অংশ নিতে দেখা যায়।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি গত জুনে এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন। এতে অংশগ্রহণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ তিনটি পর্বত আরোহণ করতে হয়।

ইংল্যান্ডের স্ক্যাফেল পাইক পর্বতের চূড়ায় ওঠার সময় এক আবেগঘন দৃশ্যে ক্যাথরিনের ভাই তার তিন সন্তান জর্জ, শার্লট ও লুইয়ের পাঠানো বার্তা শোনান।

এ সময় ক্যাথরিনকে বলতে শোনা যায়, ‘হাসপাতাল থেকে বেরিয়ে আসার কারণ ছিল আমার সন্তানেরা। এই চ্যালেঞ্জ শেষ করার প্রেরণাও তারাই জোগাবে।’

তার আট বছর বয়সী ছোট ছেলে প্রিন্স লুই বার্তায় বলে, ‘হ্যালো মা। আমি তোমাকে খুব ভালোবাসি। আশা করি, তুমি পাহাড়ে ওঠার সময় ভালো করবে।’

সে আরও বলে, ‘মনে রেখো, আমি সব সময় তোমার হৃদয়ে আছি। আর মনে রেখো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বিদায়।’

কেট নামেও পরিচিত ক্যাথরিন ২০২৪ সালের মার্চে জানান, তার শরীরে ক্যানসার শনাক্ত হয়েছে। তবে কী ধরনের ক্যানসার, তা প্রকাশ করেননি তিনি। এ সময় তিনি কেমোথেরাপি নিচ্ছিলেন।

একই সময়ে তার শ্বশুর ৭৮ বছর বয়সী রাজা তৃতীয় চার্লসের শরীরেও ক্যানসার শনাক্ত হয়।

প্রামাণ্যচিত্রে ক্যাথরিন বলেন, ‘ক্যানসার কিংবা দীর্ঘমেয়াদি যেকোনো অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পথটি খুব নিঃসঙ্গ। তবে জীবনের কঠিন সময়গুলো আমাদের একা পার করার কথা নয়, তা স্পষ্ট।’

‘হিল’-

ক্যাথরিনের ১৩ বছর বয়সী ছেলে প্রিন্স জর্জের একটি বার্তাও তাকে শোনান তার ভাই জেমস। থ্রি পিকস চ্যালেঞ্জের স্ক্যাফেল পাইক পর্বে ক্যাথরিনের সঙ্গে ছিলেন তিনি। জর্জ মাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করে।

জর্জ বলেন, ‘আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। তুমি খুব ভালো করবে।’

তিনি আরও জানান, একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে মায়ের অগ্রগতির খবর রাখছেন। এরপর সে বলেন, ‘তোমাকে সত্যিই খুব শক্তিশালী মনে হচ্ছে। এগিয়ে যাও। আমরা সবাই তোমার পাশে আছি।’

‘হিল’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে ক্যাথরিন নিজের ক্যানসারের অভিজ্ঞতার পাশাপাশি একই রোগের সঙ্গে লড়াই করা অন্যদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান, তার ক্যানসার এখন প্রশমিত রয়েছে। প্রামাণ্যচিত্রে তার ১১ বছর বয়সী মেয়ে প্রিন্সেস শার্লটের একটি বার্তা সর্বশেষ শোনানো হয়।

শার্লট বলে, ‘হ্যালো মা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যে হাঁটা ও চ্যালেঞ্জগুলো সম্পন্ন করছ, তাতে আমরা সবাই খুব গর্বিত। আমরা তোমার সাফল্য কামনা করি। আমি তোমার জন্য উচ্ছ্বাস প্রকাশ করব। শিগগিরই দেখা হবে।’

ততক্ষণে চোখের পানি ধরে রাখতে পারেননি ক্যাথরিন। তিনি বলেন, ‘কী মিষ্টি!’

এ সময় তার ভাই জানান, উইলিয়াম তাকে সন্তানদের বার্তাগুলো পাঠিয়েছিলেন এবং চূড়ায় পৌঁছানোর পর সেগুলো শোনানোর কথা বলেছিলেন।

ক্যানসার আক্রান্তদের সঙ্গে মতবিনিময়-

আগামী রোববার বিবিসিতে প্রচারিত হতে যাওয়া এই প্রামাণ্যচিত্রের অন্য অংশে ক্যাথরিন হাসপাতালে কাটানো সময়কে ‘খুব কঠিন’ বলে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘সময়টা সত্যিই খুব কঠিন ছিল। তবে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। কারণ, এই অভিজ্ঞতা আমাকে জীবনের মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।’

প্রামাণ্যচিত্রে লন্ডনের একটি পানশালায় ক্যানসার আক্রান্ত রোগী ও রোগমুক্ত ব্যক্তিদের নিয়ে আয়োজিত সহায়তা দলের বৈঠকেও ক্যাথরিনকে অংশ নিতে দেখা যায়।

সেখানে তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে পারা এবং আপনাদের গল্প শোনার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনগঞ্জে হাঁসের ডিমের হাট: সপ্তাহে বাণিজ্য ২ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


মোহনগঞ্জে হাঁসের ডিমের হাট: সপ্তাহে বাণিজ্য ২ কোটি টাকা

ভোরের কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে হাওরের বাতাসে ডিমের হাটের কোলাহল ভেসে ওঠে। ক্যারেটে সাজানো সাদা সাদা ডিম, খামারিদের মুখে হাসি এবং পাইকারদের ব্যস্ততা — এটি যেন হাওরপারের একটি জীবন্ত উৎসবের চিত্র।

সপ্তাহের বিভিন্ন দিন হাওরের বিভিন্ন প্রান্তে জমে ওঠে ডিমের হাট। বুধবার মোহনগঞ্জ, মঙ্গলবার আদর্শনগর, বৃহস্পতিবার ধর্মপাশা এবং শনিবার গাগলাজুর—এই হাটগুলোই হাওরের ডিমের অর্থনীতির কেন্দ্রবিন্দু।

মোহনগঞ্জ বাজারে বুধবার সবচেয়ে বড় এবং জমজমাট হাট বসে। ভোর থেকে মদন, খালিয়াজুড়ী, মোহনগঞ্জ এবং পাশের সুনামগঞ্জ থেকে খামারি ও ব্যবসায়ীরা সপ্তাহজুড়ে জমানো ডিম নিয়ে আসেন। একদিনে সেখানে প্রায় ১১০০ বান্ডিল ডিমের বেচাকেনা হয়। প্রতি বান্ডিলে ৩৬০টি ডিম থাকে।

দুপুর গড়াতে না গড়াতেই ক্যারেট ভর্তি ডিম ট্রাকে করে ঢাকার তেজগাঁও, খিলগাঁও এবং খিলক্ষেতের পাইকারি বাজারের দিকে রওনা হয়। বিক্রেতা আনোয়ার হোসেনের মতে, গোছানো এই বাজারের জন্য খামারিরা এখন ন্যায্য দাম পান।

মোহনগঞ্জের পর মঙ্গলবারের আদর্শনগর হাটও জমজমাট। সেখানে একদিনে প্রায় ১ হাজার বান্ডিল ডিমের বেচাকেনা হয়। স্থানীয় ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, এক হাটেই লেনদেন অর্ধকোটি টাকারও বেশি হয়ে যায়।

মোহনগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী ধন মিয়া জানান, বৃহস্পতিবার ধর্মপাশা বাজারে ১ হাজারের বেশি বান্ডিল এবং শনিবার গাগলাজুর বাজারে ১ হাজারের বেশি বান্ডিল ডিম কেনাবেচা হয়। সব মিলিয়ে সপ্তাহে এই হাটগুলোতে ডিমের বাজারমূল্য ২ কোটি টাকার উপরে।

ধন মিয়া নিজেই এই চার বাজার থেকে ডিম ক্রয় করে ঢাকায় পাঠান। তার মতো পাইকারি ব্যবসায়ীদের হাত ধরেই হাওরের ডিম তেজগাঁও ও খিলগাঁও বাজারে পৌঁছে যায়।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যে জানা যায়, নেত্রকোণায় ১ হাজার ৭৬টি বাণিজ্যিক হাঁসের খামার রয়েছে, এবং প্রায় ৪৯ হাজার ৭৮৮টি পরিবার বা ক্ষুদ্র খামারি হাঁস পালনের সঙ্গে যুক্ত। বছরে প্রায় ৪১ কোটি ৭০ লাখ ডিম উৎপাদিত হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৬২ কোটি ৯৫ লাখ টাকা।

তবে এই হাসির আড়ালে কিছু ঝুঁকিও বিদ্যমান। পাইকার জামাল হোসেন বলেন, দূরের হাওর থেকে ডিম সংগ্রহ, শ্রমিকের মজুরি এবং দীর্ঘ পথে ডিম ভাঙার ঝুঁকি সামলাতে হয়। পরিবহন ব্যয় বাড়লে বা দাম ওঠানামা করলে লাভ কমে যায়, তবুও সারা বছর চাহিদা থাকায় ব্যবসা চলছে আপন গতিতে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার বলেন, ‘মোহনগঞ্জ উপজেলায় প্রায় এক কোটি হাঁসের ডিম উৎপাদন হয়। আঞ্চলিক চাহিদা মিটিয়ে বাকি ডিম চারটি বাজারে খামারিরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন, পরে তা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সরকারের পক্ষ থেকে খামারিদের জন্য বিশেষ বরাদ্দ দিলে তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিতে পারলে মোহনগঞ্জে ডিমের উৎপাদন দ্বিগুণ হতো, যা দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতো।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘হাওরের জলাশয় হাঁসের জন্য প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ দেয়। খাদ্যের খরচ কমানো, দ্রুত পরিবহন এবং কোল্ড চেইন গড়ে তোলা গেলে এই খাত আরও অনেক দূর এগিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, সভাপতি মিজানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, সভাপতি মিজানুর রহমান

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জহির ফরহাদ।

সম্প্রতি মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুর রহমান জামাল এবং সাধারণ সম্পাদক মো. রোমান হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি তৌফিক আহমেদ সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান খান লিখন এবং সাংগঠনিক সম্পাদক মো. দাইয়ান।

কমিটি ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক জহির ফরহাদ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গজারিয়া উপজেলা ছাত্রদলকে আগামী দিনে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এবং রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর: ইন্দ্রেশ উপাধ্যায়ের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর: ইন্দ্রেশ উপাধ্যায়ের পরামর্শ

ভারতের হিন্দু ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায় মোবাইল ফোনের পেছনের অংশে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন বিকিরণ থেকে সুরক্ষা পাওয়ার জন্য। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ধর্মীয় আলোচনার সময় তিনি মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকার জন্য একটি অভিনব পদ্ধতির কথা উল্লেখ করেন। ইন্দ্রেশের দাবি, মোবাইল ফোনের পেছনে গোবর লাগালে ব্যবহারকারীরা বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবেন। তার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ইন্দ্রেশ উপাধ্যায়, যিনি ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত, একজন ভারতীয় আধ্যাত্মিক নেতা, কথক এবং ভাগবত কথা বাচক। তিনি হিন্দুধর্মের অনুসারী। ইউটিউবে তার ‘ভক্তিপথ’ চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৮ লাখ ৪০ হাজার।

সূত্র: জি নিউজ ইংলিশ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%