ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু


বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটেছে।

শুক্রবার উপজেলার বড়কান্দা গ্রামে এই ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০-৩৫০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা যায়, দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করার পর বরপক্ষের আমন্ত্রিত অতিথিদের জন্য বিকেলে খাবার পরিবেশন করা হয়। বিয়ের খাবার গ্রহণের পরপরই অতিথিদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়া দেখা দেয়। অসুস্থদের চিকিৎসার জন্য নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: অবহেলায় হারাচ্ছে ৩০০ বছরের ইতিহাস: দেয়ালে একাত্তরের গুলির ক্ষত, ছাদে ধস

অসুস্থদের মধ্যে কিরণ, আকাশ, রুবেল, তুষারসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফখরুল ইসলাম কিরণ (৫০)।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, তার বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের লোকজন খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বামী শেখ স্বাধীন এবং তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে পেটব্যথা ও বমি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সেলিম মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস সঠিকভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া ব্যক্তিদের রাতেই নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের ভাগলপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার, চোরাই দুই বাইসাইকেল উদ্ধার

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে ১৫ জনের অধিক নতুন রোগী ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নিকলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল ইসলাম কিরণ মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি বা মামলা হয়নি।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ রোগীদের নিয়মিত চিকিৎসাসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরো জানান, এ ঘটনায় ডা. ইফতিয়ার আহমেদ নাবিলকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আমিনুল হক

বাজিতপুর-নিকলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল শনিবার রাত ৯টায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে জানান, বিয়েবাড়িতে দুপুরের খাবার খেয়ে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামান্তা শারমিনকে মোবাইলে ‘জয় বাংলা’ করার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


সামান্তা শারমিনকে মোবাইলে ‘জয় বাংলা’ করার হুমকি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনকে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে এক ব্যক্তি, যার নাম সবুজ খান, তাকে অশালীন ভাষায় গালাগালির মাধ্যমে ভয় দেখিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সামান্তা শারমিন এই দাবি করেছেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন দুপুর ১২ টা ২৭ মিনিটে তাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি অকথ্য ভাষায় গালাগালি করেছেন। তবে ছাত্রলীগে তার পদবী সম্পর্কে কিছু বলতে রাজি হননি।

পোস্টে সামান্তা শারমিন আরও বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’

এর আগে, গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এনসিপি থেকে পদত্যাগের কথা জানান সামান্তা শারমিন। তিনি পদত্যাগপত্রও প্রকাশ করেন।

পদত্যাগের কারণ হিসেবে এনসিপির রাজনৈতিক অবস্থান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচন, গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ও অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে একাধিক মতপার্থক্যের বিষয়গুলো তুলে ধরেন সামান্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিদ-হৃদয়ের জুটিতে বিপর্যয় সামলাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


তানজিদ-হৃদয়ের জুটিতে বিপর্যয় সামলাচ্ছে বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টের প্রথম সেশনটি বাংলাদেশের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতার। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটও মাত্র ২ রানে চলে যায়। এরপর দ্রুত আরও একটি উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে। তবে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের প্রতিরোধে সফরকারীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। প্রথম দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু এই সিদ্ধান্তের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে মাহফিজুল ইসলাম ফিরে যান। কাগিসো রাবাদার বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ২.২ ওভারে শূন্য রানে ফেরেন মুমিনুল হক। এরপর ৮.৫ ওভারে রাবাদার তৃতীয় শিকার হন অধিনায়ক শান্ত, যিনি করেন ১২ রান। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ বড় চাপে পড়ে।

এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। ৭৯ বলে ৯টি চারের সাহায্যে তানজিদ নিজের অর্ধশতক পূর্ণ করেন। প্রথম সেশন শেষে ৮২ বলে ৫১ রানে অপরাজিত তিনি। অন্য প্রান্তে হৃদয় অপরাজিত আছেন ৪৩ বলে ২৩ রান নিয়ে। দুজনের জুটিতে ইতিমধ্যে যোগ হয়েছে ৬৯ রান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল রাবাদা। ৬ ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে মার্কো ইয়ানসেন ৮ ওভারে ২৫ রান দিলেও উইকেটের দেখা পাননি। প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে শেষ দিকে বাংলাদেশের ব্যাটাররা কিছুটা স্বস্তি এনে দিয়েছেন।

লাঞ্চ বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ৯১/৩। হাতে এখনো সাতটি উইকেট রয়েছে। দ্বিতীয় সেশনে তানজিদ-হৃদয়ের জুটি কতটা বড় হয়, তার ওপর নির্ভর করবে প্রথম ইনিংসে বাংলাদেশের অবস্থান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান সেলিম উদ্দিনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান সেলিম উদ্দিনের

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, একটি সুষ্ঠু ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তুলতে হলে কোরআন ও ইলমের চর্চা এবং সুনাগরিক তৈরির কাজে অর্থ ব্যয় করা প্রয়োজন।

শনিবার রাজধানীর বারিধারায় ইন্ট্রো কনভেনশন সেন্টারে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। বসুন্ধরা সাংগঠনিক থানা (৪০ নম্বর ওয়ার্ড) ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপসংস্কৃতি ব্যক্তি ও পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে বিপথগামী করে তোলে। একটি সুষ্ঠু ও নৈতিকতাসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় কোরআন ও ইলমের চর্চা এবং সুনাগরিক তৈরিতে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। এজন্য সমাজ বিনির্মাণে আমাদের বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অপরিহার্য।

তিনি আরও বলেন, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকে না, সেখানে ন্যায়বিচার ব্যাহত হয় এবং দুর্নীতি ও বিভিন্ন অপরাধের প্রবণতা বৃদ্ধি পায়। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম কখনো সহজ নয়। এ জন্য ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির জীবনযাপন ও দৃষ্টান্ত তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, ডা. শফিকুর রহমান সংসদ থেকে প্রাপ্ত অর্থ প্রতি মাসে একটি কওমি মাদরাসায় দান করে দেন। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। পার্লামেন্টের ৩০০ জন সদস্য যদি নীতি-নৈতিকতার চর্চা করতেন, তাহলে দেশের চিত্র অনেকটাই বদলে যেত।

তিনি আরও বলেন, আমরা এমন নাগরিক তৈরি করতে চাই, যারা আল্লাহর ভয়, নৈতিকতা ও সততার ভিত্তিতে জীবন পরিচালনা করবেন। আমরা সমাজ পরিবর্তনের লক্ষ্যেই কাজ করছি। আমাদের তৈরি করা লোকেরা যেখানেই দায়িত্ব পালন করছেন, সেখানেই সততা ও দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন।

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ টেনে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর ক্ষমতায় এসে বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি সরকার তা করেনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা সততা ও স্বচ্ছতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার মতো কেউ নেই। আমরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে আমাদের অঙ্গীকার ও অবস্থানের প্রমাণ দিতে চাই।

বসুন্ধরা সাংগঠনিক থানা আমির ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবুল বাসারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক বারাকাত গাজী, কর্মপরিষদ সদস্য আনোয়ারুল হক মোল্লা, অফিস সম্পাদক নাসির উদ্দিন তারেক, সমাজকল্যাণ সম্পাদক এস এম মোবারক হোসাইন, মজলিসে শূরা সদস্য মোঃ কাইয়ুম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ীসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটির জন্য আরও ৭ দিন সময় প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটির জন্য আরও ৭ দিন সময় প্রার্থনা

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী আজ রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় এই সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে তদন্ত কমিটির সদস্যরা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসেন। বৈঠক শেষে কমিটির প্রধান এবং কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে, যেগুলোর ফরেনসিক পরীক্ষার ফল পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। কমিটির সব সদস্যের সর্বসম্মতিক্রমে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে একটি বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর যাবতীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

এর আগে অগ্নিকাণ্ডের পর গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার সদস্যের এই বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং প্রাথমিক পর্যায়ে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। ঘটনার আদ্যোপান্ত জানতে এবং আলামত সংগ্রহ করতে তদন্ত কমিটির সদস্যরা শুক্রবার ও শনিবার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত ওই আগুনে পোড়া বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাগোয়ানের ওই বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমপি নুসরাত এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তিনি এটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এদিকে প্রাথমিক তদন্তের ভিত্তিতে আগুন লাগার কারণ সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য বেরিয়ে এসেছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে যে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, মূলত তার অনেক আগে থেকেই সেখানে আগুন অল্প অল্প করে জ্বলছিল। তৃতীয়বারের মতো দপ করে আগুন জ্বলে ওঠার পর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ওই বাড়ির একটি নির্দিষ্ট কক্ষে খড় মজুত করা ছিল। কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে ওই খড়ে আগুন লাগিয়ে থাকতে পারে অথবা এটি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও হতে পারে। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুরো বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করে দেখছে তদন্ত কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%