০৬:৫৮ এম
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট এবং সরকারি সেবার ঘাটতির বিরুদ্ধে বিক্ষোভ ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে এক হাজার ৭০০টিরও বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছে আলজাজিরা।
ফ্রান্স বর্তমানে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রায় দুই মাস আগে দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট এবং অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, মজুরি এবং সামাজিক আবাসন সংক্রান্ত দাবি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। শ্রমিক সংগঠন এবং ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেন।
এসিএলইডির তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে এক হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর দেশটিতে একদিনে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। গত শনিবারও দেশজুড়ে এক লাখ ৪৬ হাজার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। ফ্রান্সের পর স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি বিক্ষোভ সংঘটিত হয়েছে। স্পেনে আবাসন সংক্রান্ত জরুরি দুটি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে এবং ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হয়েছে।
আরও পড়ুন: দক্ষতা উন্নয়নে তুরস্ক যাচ্ছেন ১৫ সরকারি কর্মকর্তা
২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। এই হামলায় আরও সাতজন আহত হন। সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান এবং উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন।
মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন যে, অভিবাসী এবং মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে চিত্রিত করার জন্য উগ্র ডানপন্থি বক্তব্যের স্বাভাবিকীকরণ ঘটানো হচ্ছে। অন্যদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।
এদিকে, বামপন্থি দল ফ্রান্স আনবোডকে বিক্ষোভের সহিংসতার জন্য দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটি বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংসতায় জড়িত ছিল না। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরূকরণ এবং উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তার আরও বাড়তে পারে।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপকে ‘সঠিক ও প্রয়োজনীয়’ বললেন মার্কো রুবিও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন