০৪:১২ পি.এম
সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানিয়ে এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
'জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি'-এর গাজীপুর জেলা কমিটির উদ্যোগে এই স্মরণ সভা এবং প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মানববন্ধনে সংগঠনটির সকল স্তরের সাংবাদিক, স্থানীয় অন্যান্য সংগঠন এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তুহিন হত্যা ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অনতিবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করার পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, "কলম সৈনিকদের কণ্ঠরোধ করতেই তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।"
আরও পড়ুন: যশোরে ১৫০ টন সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫
পেশাগত জীবনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অবদানের কথা স্মরণ করে সহকর্মীরা বলেন, তিনি ছিলেন বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের নানা অসঙ্গতি তিনি সাহসিকতার সঙ্গে তুলে ধরতেন। তাঁর মতো একজন সৎ ও পেশাদার কলমযোদ্ধার অকাল প্রস্থান সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মরহুমের আত্মার চিরশান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ (কাঙালিভোজ) অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির নেতৃবৃন্দ দিনব্যাপী স্মরণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
আরও পড়ুন: খুলনায় রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনায় দু'জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন