ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিবির আবেদন, সাঈদ খোকনকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে চায়


ডিবির আবেদন, সাঈদ খোকনকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে চায়

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে দ্বিতীয় দফায় আরো ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. সুজন হক আবেদনটি করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলাকালীন মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন উত্তর প্রদান করে ডিবি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থা সম্পর্কে সে কোনো সদুত্তর দিতে পারেনি। তবে, সে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। সেসব তথ্য যাচাই-বাছাই, মূল রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামি সাইদ খোকনকে দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আরও পড়ুন: ভুল বিচারে ১৮ বছর কারাবন্দি বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেলেন

এর আগে গত মঙ্গলবার ১৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। ওইদিন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছিল এবং তিনি অর্থ ও অস্ত্র সরবরাহ করেছেন।

এছাড়াও বলা হয়েছে, সরকার পতনের পরেও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিম্নোক্ত কারণে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক মোহাম্মদ শাহ আলম বরখাস্ত

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি হলেন সাঈদ খোকন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের চাপের মুখে আইসিসি ছাড়ছে তাজিকিস্তান, কার্যকর হবে ২০২৭ সালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


যুক্তরাষ্ট্রের চাপের মুখে আইসিসি ছাড়ছে তাজিকিস্তান, কার্যকর হবে ২০২৭ সালে

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে গত জুলাই থেকে এ পর্যন্ত চতুর্থ দেশ হিসেবে আদালতটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর আগে ভেনেজুয়েলা, চাদ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু (নাওয়েরু) একই প্রক্রিয়া শুরু করেছে।

আইসিসির পরিচালনা পর্ষদ তাজিকিস্তানের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে দেশটি তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইসিসি প্রতিষ্ঠার চুক্তি রোম সংবিধি থেকে তাজিকিস্তানের প্রত্যাহার ২০২৭ সালের ২০ নভেম্বর কার্যকর হওয়ার কথা রয়েছে।

আইসিসি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অপরাধে ব্যক্তির বিচার করে। তবে সংশ্লিষ্ট দেশের আদালত বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হলে কেবল এ আদালত হস্তক্ষেপ করতে পারে।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। তবে এখনো ওই পরোয়ানা কার্যকর হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিরোধিতা করে আইসিসির বিচারক ও কৌঁসুলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্তের বিরুদ্ধেও অবস্থান নেয় ওয়াশিংটন।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, তারা আইসিসির কার্যক্রম অকার্যকর করে দেওয়ার চেষ্টা করবে। ওয়াশিংটন আদালতটিকে ‘বিশ্ববাদী আমলাতন্ত্রের’ একটি প্রয়োগকারী সংস্থা হিসেবে বর্ণনা করে। একই সঙ্গে অভিযোগ করে, আইসিসি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে।

তাজিকিস্তানের আইসিসি ছাড়ার সিদ্ধান্তের আগে দেশটির সঙ্গে আদালতটির বিরোধ তৈরি হয়েছিল। ২০২৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাজিকিস্তান সফরে গেলে তাকে গ্রেপ্তার করার অনুরোধ জানিয়েছিল আইসিসি। কিন্তু তাজিকিস্তান সেই অনুরোধ পালন করেনি।

গত মার্চে আইসিসি জানায়, পুতিনকে গ্রেপ্তারের অনুরোধ পালন না করে তাজিকিস্তান আদালতের নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এদিকে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো, মালি ও নাইজারও ২০২৫ সালে আইসিসি ছাড়ার ঘোষণা দিয়েছিল। আদালতটিকে ‘নব্য ঔপনিবেশিক দমন-পীড়নের’ হাতিয়ার হিসেবে আখ্যা দিয়ে তারা এ সিদ্ধান্তের কথা জানায়। গত জুনে দেশ তিনটি জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের বিষয়টি জানায়। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্র আইসিসি ছাড়ার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে অভিযান শুরু করেনি। তিন দেশের যৌথ ঘোষণার অংশ ছিল আইসিসি ছাড়ার সিদ্ধান্ত।

বর্তমানে আইসিসির সদস্যরাষ্ট্র ১২৫টি। প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা সাতটি দেশ এখনো আনুষ্ঠানিকভাবে সদস্যপদে রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরাইল ও ভারত আইসিসির সদস্য নয়।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকো পাজকে ক্লাবে ফেরাবে রিয়াল, যা বললেন মরিনিয়ো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


নিকো পাজকে ক্লাবে ফেরাবে রিয়াল, যা বললেন মরিনিয়ো

ইতালির কোমো এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিকো পাজ যখনই নিজের প্রতিভার ঝলক দেখান, তখনই স্পেনের রাজধানী মাদ্রিদে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়। এই আর্জেন্টাইন ফুটবলারের দুর্দান্ত ফর্ম রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের গুঞ্জনকে আরও জোরালো করেছে। যদিও রিয়াল মাদ্রিদের কাছে তাকে ফিরিয়ে আনার একটি বিশেষ সুযোগ রয়েছে, কোচ জোসে মরিনিয়ো আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে ইচ্ছুক নন।

পিএসভির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচকে প্রশ্ন করা হয়েছিল, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে রিয়াল মাদ্রিদ কি তাদের বাই-ব্যাক অপশন ব্যবহার করে নিকোকে ফিরিয়ে আনতে পারে?

'সে আমার খেলোয়াড় নয়,' — মরিনিয়ো এক বাক্যে জোরালো উত্তর দেন। এর ফলে, নিকো সম্পর্কে তার ফুটবলীয় মূল্যায়ন এবং ভবিষ্যতে এই আর্জেন্টাইন আবারও সাদা জার্সি পরার সম্ভাবনা, উভয় বিষয়েই তিনি এড়িয়ে যান।

২০২৬ সালের মাঝামাঝি কোমোতে নিকো পাজের স্থায়ীভাবে দলবদল চূড়ান্ত হওয়ার সময় রিয়াল মাদ্রিদ তাকে পুনরায় দলে ফেরানোর অগ্রাধিকারমূলক সুযোগ নিশ্চিত করেছিল। ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে সম্পন্ন হওয়া সেই আলোচনায় এমন কিছু শর্ত রাখা হয়েছিল, যা স্প্যানিশ ক্লাবটির জন্য তাকে ফিরিয়ে আনার পথ খোলা রাখে।

প্রাথমিকভাবে মাদ্রিদ ছয় মিলিয়ন ইউরো পেয়েছিল এবং পাজকে ফিরিয়ে আনার জন্য নয় মিলিয়ন ইউরোর বাই-ব্যাক অপশন রাখা হয়েছিল। তবে, সেই শর্তের মেয়াদ এখন শেষ হয়ে গেছে এবং সম্ভাব্য প্রত্যাবর্তনের ক্ষেত্রে চুক্তির শর্তগুলো উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।

এখন নিকোকে রিয়াল মাদ্রিদে ফিরিয়ে আনতে হলে ক্লাবটিকে ৮০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। যদিও এই অঙ্কটি বেশ বড়, তবুও মিডফিল্ডারের সম্ভাবনা এবং ইউরোপীয় ফুটবলে বর্তমান দলবদলের বাজারমূল্য বিবেচনায় এটি লাভজনক বিনিয়োগ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম আফ্রিকার দেশগুলোতে স্বর্ণ শোধনাগারে অতিরিক্ত বিনিয়োগের ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


পশ্চিম আফ্রিকার দেশগুলোতে স্বর্ণ শোধনাগারে অতিরিক্ত বিনিয়োগের ঝুঁকি

পশ্চিম আফ্রিকার দেশগুলো নিজেদের স্বর্ণ পরিশোধনের উদ্যোগ গ্রহণ করছে, যা বিশ্ববাজারে স্বর্ণের দাম থেকে বেশি রাজস্ব আয় এবং দুবাইয়ের মতো আন্তর্জাতিক কেন্দ্রের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে। তবে, এই অঞ্চলে উৎপাদিত স্বর্ণের পরিমাণের তুলনায় শোধনাগারের সক্ষমতা অনেক বেশি হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে কারখানাগুলো অচল হয়ে পড়ার পাশাপাশি সরকার ও বিনিয়োগকারীদের মুনাফা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

২০২৪ সাল থেকে ঘানা, গিনি, মালি ও বুরকিনা ফাসো নতুন স্বর্ণ শোধনাগার চালু করার উদ্যোগ নিয়েছে বা এ ধরনের প্রকল্পের ঘোষণা দিয়েছে। এই প্রকল্পগুলোর সম্মিলিত বার্ষিক পরিশোধন সক্ষমতা পশ্চিম আফ্রিকার মোট স্বর্ণ উৎপাদনের প্রায় দ্বিগুণ। যদি স্থানীয় শোধনাগারগুলো বিশ্বের প্রধান স্বর্ণবাজারে প্রবেশাধিকার না পায়, তাহলে উৎপাদকদের কম দামে স্বর্ণ বিক্রি করতে হতে পারে।

বক্সাইট বা লৌহ আকরিকের মতো খনিজের ক্ষেত্রে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। কিন্তু স্বর্ণের দাম মূলত পরিশোধনের আগেই নির্ধারিত হয়ে যায়। ফলে স্বর্ণ পরিশোধন তুলনামূলকভাবে কম মুনাফার ব্যবসা হয়ে দাঁড়ায়। চারজন খনি কর্মকর্তা জানিয়েছেন, এ খাতে বাণিজ্যিক সাফল্য মূলত উৎপাদনের পরিমাণ, আন্তর্জাতিক স্বীকৃতি এবং বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগের ওপর নির্ভর করে।

স্বর্ণের চেয়ে বেশি শোধনাগার

দক্ষিণ আফ্রিকার র‍্যান্ড রিফাইনারির প্রধান নির্বাহী ডিন সুব্রামানিয়ান বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফ্রিকাসহ বিশ্বজুড়েই স্বর্ণ পরিশোধনের ক্ষেত্রে আগে থেকেই অতিরিক্ত সক্ষমতা বিদ্যমান। অতিরিক্ত শোধনাগার তৈরি হলে সীমিত ও দায়িত্বশীলভাবে সংগৃহীত কাঁচামালের জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে।

২০২৪ সাল থেকে পশ্চিম আফ্রিকার সরকারগুলো অন্তত চারটি বড় স্বর্ণ শোধনাগার চালু করেছে বা চালুর উদ্যোগ নিয়েছে। এসব শোধনাগারের সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ হাজার মেট্রিক টনের বেশি হবে। অথচ পুরো অঞ্চলে বছরে আনুমানিক ৫৮৫ টন স্বর্ণ উৎপাদিত হয়।

আফ্রিকার সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদক দেশ ঘানাতেও বেশ কয়েকটি শোধনাগার অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। তবুও, ২০২৭ সালে বছরে ৬০০ টন স্বর্ণ পরিশোধনের সক্ষমতাসম্পন্ন নতুন একটি শোধনাগার স্থাপনের পরিকল্পনা করছে দেশটি।

ঘানা চেম্বার অব বুলিয়ন ট্রেডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যান ক্রাম্পাহ মন্তব্য করেছেন, আরেকটি শোধনাগার স্থাপনের পেছনে জোরালো কোনো অর্থনৈতিক যুক্তি নেই।

তবে, সরকারগুলো স্থানীয়ভাবে স্বর্ণ পরিশোধনের উদ্যোগকে শুধুমাত্র মুনাফার হিসাব দিয়ে বিচার করতে চায় না। তাদের যুক্তি হলো, এ ধরনের প্রকল্পের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ জড়িত রয়েছে।

স্থানীয়ভাবে পরিশোধনের পক্ষে থাকা ব্যক্তিদের মতে, এর মাধ্যমে ক্ষুদ্র ও কারুশিল্পভিত্তিক স্বর্ণখনি খাতকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনা সম্ভব। পাশাপাশি দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত স্বর্ণের ওপর বেশি নিয়ন্ত্রণ ও প্রবেশাধিকার পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিটিএ ৬-এ অন্তর্ভুক্ত হলো বাংলা গান ‘আজ শনিবার’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


জিটিএ ৬-এ অন্তর্ভুক্ত হলো বাংলা গান ‘আজ শনিবার’

একটি বাংলা ডিসকো গান, যা চার দশকেরও বেশি আগে রেকর্ড করা হয়েছিল, বর্তমানে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গানটির নাম ‘আজ শনিবার’। ১৯৮২ সালে প্রকাশিত এই গানটি এখন জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর রেডিও স্টেশন ওয়ার্ল্ডওয়াইড এফএমে স্থান পেয়েছে। এই গেমের মাধ্যমে নতুন প্রজন্মের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে গানটি পৌঁছাচ্ছে।

গানটির শিল্পী রূপা বিশ্বাস সেন। জিটিএ ৬-এ গানটি অন্তর্ভুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে রূপা অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ভীষণভাবে আপ্লুত। সংগীতের কোনো ভাষা নেই।’

রূপার আশা ছিল, গানটি কানাডা ও যুক্তরাষ্ট্রের শ্রোতাদের কাছে পৌঁছাবে। যদিও গানটি বাংলা ভাষার, তিনি চান ভিন্ন ভাষাভাষী মানুষও এটি শুনে উপভোগ করুক।

যেভাবে তৈরি হয়েছিল ‘আজ শনিবার’

আশির দশকের শুরুতে রূপা কানাডা সফরে যান। সেখানে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করার পর সংগীতশিল্পী আশিস খান ও প্রণেশ খানের সঙ্গে তার পরিচয় ঘটে। তাদের সহযোগিতায় তিনি একটি অ্যালবাম তৈরি করেন, যাতে তিনটি গান অন্তর্ভুক্ত ছিল—‘আজ শনিবার’, ‘মজা ভারি মজা’ ও ‘এই মরশুমে’।

সেই সময় বাংলা গানে প্রচলিত ধারার প্রভাব ছিল বেশি। ডিসকো ও জ্যাজের মিশেলে তৈরি ‘আজ শনিবার’ কিছুটা ভিন্নধর্মী ছিল। তবে ১৯৮২ সালে প্রকাশের পর গানটি প্রত্যাশিত সাড়া পায়নি এবং একসময় এটি বাড়ির একটি ট্রাঙ্কে রাখা হয়।

ট্রাঙ্ক থেকে ভিডিও গেমে

বহু বছর পর দুর্গাপূজার আগে বাড়ি পরিষ্কার করতে গিয়ে রূপার ছেলে দেবায়ন রেকর্ডটি খুঁজে পান। পরে রেকর্ড কোম্পানি গানটি জিটিএ ৬-এ ব্যবহারের জন্য প্রস্তাব দেয়। পুরো প্রক্রিয়া সম্পর্কে রূপা শুরুতে কিছুই জানতেন না। গানটি নির্বাচিত হওয়ার পর তার ছেলে ও পুত্রবধূ তাকে বিষয়টি জানান।

নতুন প্রজন্মের শ্রোতাদের কাছ থেকে এমন সাড়া পেয়ে আবেগাপ্লুত রূপা। তিনি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, এই প্রজন্ম আমার পরিশ্রম উপভোগ করছে এবং তার প্রশংসা করছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

রূপা বিশ্বাস সেন এখনো নিয়মিত গান করেন। তার সংগীতজীবনে অনুপ্রেরণা হিসেবে রয়েছেন আরতি মুখার্জি, মান্না দে, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। চার দশকেরও বেশি সময় পর ‘আজ শনিবার’-এর নতুন করে পরিচিতি পাওয়া তার সংগীতজীবনে একটি ভিন্ন অভিজ্ঞতা যোগ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%