০৫:২৪ পি.এম
ক্লাব ফুটবলে প্রায় সব অর্জনই আগে থেকেই ঝুলিতে ছিল এবং দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নও চার বছর আগে পূর্ণ হয়েছে। অনেকে ধারণা করেছিলেন, ২০২২ বিশ্বকাপের পর হয়তো ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে, ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনার এই মহাতারকা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে নিজের প্রভাব স্পষ্ট করেছেন, যিনি ৩৯ বছরে পা রেখেছেন।
কেবল মাঠে নয়, গ্যালারিতেও আবেগঘন এক ভিন্ন গল্প ফুটে উঠেছে। মেসির বিশেষ আকর্ষণে বয়সের সীমা ভেঙে, ভক্তরা স্টেডিয়াম ভরিয়ে তুলেছেন। যেখানে একদিকে ছিল কোলের শিশু, অন্যদিকে ১০০ বছর বয়সী এক বৃদ্ধাও।
সোমবার রাতে ডালাসে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ক্যামেরায় ধরা পড়ে এই আবেগঘন দৃশ্য। গ্যালারিতে থাকা শতবর্ষী ওই বৃদ্ধার হাতে ছিল ‘100 Year Old Messi Fan’ লেখা একটি ব্যানার। ম্যাচজুড়ে একাধিকবার ক্যামেরা তাঁর দিকে ঘুরে যায়। মেসির করা দুই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। পুরো ম্যাচজুড়ে তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি।
আরও পড়ুন: অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, নভেম্বরেও পরিস্থিতির উন্নতি আশা কম
একই সঙ্গে নজর কাড়ে একটি খুদে ভক্ত। মেসির দ্বিতীয় গোলের পর ক্যামেরায় দেখা যায় বাবার কোলে বসা আর্জেন্টিনার জার্সি পরা একটি শিশু। গ্যালারিতে হাজারো সমর্থকদের উচ্ছ্বাসের মাঝেই সেও হয়ে ওঠে ‘মেসি ম্যানিয়া’র অংশ।
এই দুই প্রজন্মের সমর্থকের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মেসির প্রতি ভালোবাসা যে বয়সের গণ্ডি মানে না, সেটিই যেন আবারও প্রমাণ করায় এই দৃশ্য।
অন্যদিকে, এবার ৬৪ বছরের একটি রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আর্জেন্টিনা। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। ২০২২ সালের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে, চলতি আসরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মেসি ও রদ্রিগো দে পলরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: মিরপুর টেস্টের তৃতীয় দিন চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন