০৭:০৩ পি.এম
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বেসরকারিকরণ ও ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প সম্পর্কে বাংলাদেশ কোনো আগাম সমর্থন জানায়নি বলে নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
বাফুফে ভবনে আজ রবিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল জানান, উয়েফার জোরালো ভূমিকা এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার কারণে, বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান জানাবে বাফুফে।
সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ফিফা সভাপতি ইনফান্তিনোর প্রস্তাবনাকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ। তবে, এই খবরটি নাকচ করে দিয়ে তাবিথ আউয়াল বলেন, বাফুফের যেকোনো সিদ্ধান্ত নির্বাহী কমিটিতে আলোচনা করে চূড়ান্ত হয় এবং সেটি প্রকাশ্যে জানানো হয়।
আরও পড়ুন: ড. ইউনূসকে হেনস্তায় রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের ক্ষোভ ও নিন্দা
তিনি আরও বলেন, ‘আমরা কোনো অগ্রিম সমর্থন বা স্বীকৃতি দিইনি। কোনো ব্যক্তির জন্যও দিইনি, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও দিইনি।
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের যে প্রোগ্রাম নিয়ে সদস্য দেশগুলোর মতামত চাওয়া হয়েছিল, সেটি আমাদের নির্বাহী কমিটি বিবেচনা করার আগেই ফিফা বাতিল ঘোষণা করেছে।’
ইনফান্তিনো এই প্রকল্পের অধীনে বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা ৪.২ বিলিয়ন ডলারে ব্যবসায়ী জোশুয়া কুশনারের বাণিজ্যিক প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালের কাছে বিক্রি করতে চেয়েছিলেন। জোশুয়া কুশনার হলেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
শেয়ার বিক্রি হলে ভবিষ্যতে ফিফার প্রতিটি সদস্য দেশ ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারত, যা বর্তমানে ১০ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহু-ওবামা ফের বাগযুদ্ধ
প্রকল্প বাতিল হলেও ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিতর্ক রয়ে গেছে। অনেকেই ইনফান্তিনোকে আর ফিফার সভাপতি হিসেবে দেখতে চাইছেন না।
তাবিথ আউয়াল বলেন, ‘উয়েফা শক্তিশালী ভূমিকা রাখার কারণে এটা ভূ-রাজনৈতিক ইস্যুতে রূপ নিচ্ছে। এ কারণে আমি মনে করি বাফুফের নির্বাহী কমিটির পাশাপাশি আমাদের ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলতে হবে। সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করেই আমাদের অবস্থান জানাব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন