ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জোয়ারে শঙ্কিত হিন্দুত্ববাদীরা, বাতিল হলো পাকিস্তানি নাটকের ঘরোয়া প্রদর্শনী


জোয়ারে শঙ্কিত হিন্দুত্ববাদীরা, বাতিল হলো পাকিস্তানি নাটকের ঘরোয়া প্রদর্শনী

ভারতের দর্শকদের ড্রয়িংরুমে পাকিস্তানি নাটক সিরিয়াল জনপ্রিয় হয়ে উঠেছে সীমান্তের কাঁটাতার পেরিয়ে। এই সাংস্কৃতিক জোয়ারটি দেশটির কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে শঙ্কিত করে তুলেছে। বেঙ্গালুরুতে, চরম আপত্তি ও পুলিশি চাপে বাতিল করতে হয়েছে জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর দুটি ঘরোয়া প্রদর্শনী।

ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং সাংস্কৃতিক সেন্সরশিপের একটি নতুন নজির হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে। অনুষ্ঠান দুটি ছিল ভক্তদের জন্য একান্ত ব্যক্তিগত মিলনমেলা। ‘দ্য ব্লুম সোসাইটি সিস্টার্স ক্লাব’-এর আয়োজনে প্রথম প্রদর্শনীটি ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ফ্রেজার টাউনের ‘শিশ কাবাব’-এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ‘বেঙ্গালুরুতে প্রথমবারের মতো প্রদর্শনী’ হিসেবে প্রচারিত এই আয়োজনে নাটকটির ৩৪ ও ৩৫তম পর্ব দেখানোর পাশাপাশি পারস্য ও আরবীয় নৈশভোজের ব্যবস্থা ছিল। প্রবেশ মূল্য ছিল জনপ্রতি ১ হাজার ৯৯৯ রুপি।

দ্বিতীয় প্রদর্শনীটি ‘দ্য স্টার ক্লাব’-এর আয়োজনে ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জয়মহল এক্সটেনশনের ‘মাউই প্রাইভেট থিয়েটার’-এ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি কেবল পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটি ছোট ও ঘরোয়া আড্ডা হিসেবে পরিকল্পনা করা হয়েছিল, যেখানে মেহেদি উৎসব এবং থিমভিত্তিক কর্মশালারও আয়োজন ছিল।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়াকে ইরানের বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে সতর্কবার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠান দুটির প্রচারণামূলক পোস্টার ছড়িয়ে পড়ার পর পাকিস্তানি কনটেন্ট প্রদর্শন এবং কথিত পাকিস্তানি পোশাকের (ড্রেস কোড) বিষয়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো আপত্তি তোলে। এর ফলস্বরূপ, অনুষ্ঠান দুটি বাতিল করা হয়।

বেঙ্গালুরুর প্রধান পুলিশ কমিশনার আর. হিতেন্দ্র নিশ্চিত করেছেন যে, প্রস্তাবিত জমায়েতগুলোর বিষয়ে পুলিশ অবগত হয়েছে এবং বিস্তারিত জানার জন্য আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি জানান, “বিস্তারিত তথ্য জানতে আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছি। মাঠপর্যায়ে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা নেওয়া হবে।”

পুলিশের দাবি, কোনো আয়োজকই পূর্বানুমতি নেননি এবং অনুষ্ঠানগুলো আয়োজন না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। একজন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, পুলিশ আয়োজকদের সতর্ক করে বলেছে যে এই প্রদর্শনীগুলো শহরে বিক্ষোভের সৃষ্টি করতে পারে এবং পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে। তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যে পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে, তাতে স্পষ্ট যে এই প্রদর্শনীগুলো অনাকাঙ্ক্ষিত ঝামেলার সৃষ্টি করবে। আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাদের নজরে এনেছি।”

পুলিশের চাপের মুখে উভয় আয়োজকই অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন। ‘দ্য ব্লুম সোসাইটি সিস্টার্স ক্লাব’ এক ইনস্টাগ্রাম স্টোরিতে জানায়, সতর্কতার সাথে বিবেচনার পর তারা ইভেন্ট হিসেবে পাকিস্তানি টিভি সিরিয়ালের প্রদর্শনী আয়োজন বা প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে এবং যারা ইতিমধ্যে অর্থ পরিশোধ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বকে পারমাণবিক বিলুপ্তি অথবা বিপর্যয়ের মধ্যে একটি বেছে নিতে হবে

৫ ডিসেম্বরের অনুষ্ঠানের আয়োজক জানান, “আমরা অনুষ্ঠানটি বাতিল করেছি। যদিও এটি কেবল পরিবার ও কাছের মানুষদের জন্য ছিল, কিন্তু যেহেতু এটি এখন একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তাই আমরা প্রদর্শনীটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও যোগ করেন যে এটি ছিল নিছক আনন্দের জন্য এবং ভবিষ্যতে তিনি কোনো সামাজিক যোগাযোগমাধ্যম, বাইরের লোকজন বা ভক্তদের জমায়েত ছাড়াই কেবল পরিবারের সাথে একান্ত ব্যক্তিগত পরিসরে নাটকটি দেখবেন।

পর্যবেক্ষকদের মতে, জোরপূর্বক অনুষ্ঠান বাতিলের এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; বরং ভারতে এমনকি ব্যক্তিগত পরিসরেও পাকিস্তানি সংস্কৃতি, ভাষা ও শিল্পকে অপরাধ হিসেবে গণ্য করার যে সুপরিকল্পিত অভিযান হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী চালাচ্ছে, এটি তারই অংশ। তারা উল্লেখ করেন, এমন এক সপ্তাহে এই পদক্ষেপ নেওয়া হলো, যখন ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’সহ (এআইসিডব্লিউএ) ভারতীয় চলচ্চিত্র সংস্থাগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’-এর ভারতীয় মুক্তি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সাকিব খান পরিচালিত এবং শেহরিয়ার মুনাওয়ার, দুরেফিশান সেলিম ও নামির নাওয়াজ খান অভিনীত পাকিস্তানি আধ্যাত্মিক-রোমান্টিক নাটক ‘দার-ই-নিজাত’ গত আগস্টে প্রচার শুরু হওয়ার পর থেকে পুরো দক্ষিণ এশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল, যুক্তরাষ্ট্র কী ভাবছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কথিত তাণ্ডব, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগ তুলে প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ ও কবিতা পাঠ অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ড. শহিদ আলম।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি সৈয়দ রুমা ও কবি সামাদ হোসেন।

সমাবেশের একপর্যায়ে কবি ও লেখকেরা কবিতা পাঠের মাধ্যমে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। অনুষ্ঠানে জাতীয়তাবাদী লেখক ফোরামের নেতাকর্মীসহ কবি, লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‌্যাংগসএক্সের নতুন ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’ উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


র‌্যাংগসএক্সের নতুন ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’ উন্মোচন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬-এ র‌্যাংগসএক্স তাদের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড আরএক্স উন্মোচন করেছে। এই উদ্যোগটি দেশের মানুষের জন্য বৈদ্যুতিক যানবাহনকে আরও সহজলভ্য ও ব্যবহারোপযোগী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

র‍্যাংগস মটরস লিমিটেডের বৈদ্যুতিক যানবাহনভিত্তিক স্ট্যাটেজিক বিজনেস ইউনিট র‌্যাংগসএক্স, বর্তমানে আরএক্স-ইএস৩, টি৬০ ও জেডএস মডেলের তিনটি ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। এই মডেলগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশের সড়ক পরিস্থিতি, সরকারি নীতিমালা ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখে। প্রতিটি স্কুটারে রয়েছে দীর্ঘস্থায়ী লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি, যা সহজেই খুলে সুবিধামতো স্থানে চার্জ করা যায়। এছাড়া, ১২ ইঞ্চি চাকা, বাংলাভাষা সমর্থিত ডিজিটাল ডিসপ্লে, আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্ট এবং প্রতিযোগিতামূলক সাশ্র্যয়ী মূল্যও রয়েছে। শীঘ্রই আরএক্সের আরও একটি মডেল এম৯ বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

আরএক্সের পাশাপাশি প্রদর্শনীতে আন্তর্জাতিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ট্রমক্সের পরিচয় করিয়ে দেয়া হয়, যা ইতালীয় ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও তরুণ প্রজন্মের চাহিদার সমন্বয়ে তৈরি। ডংফেং ইএম২৬ ইলেকট্রিক ডেলিভারি ভ্যান এবং ইএম২৭ মডেলের ১৪ আসনের ইলেকট্রিক মাইক্রোবাসও প্রদর্শন করা হয়। র‍্যাংগসএক্স ইতোমধ্যে ডিএইচএল এক্সপ্রেসকে ডংফেং ইলেকট্রিক ভ্যান সরবরাহের মাধ্যমে দেশের বৃহত্তম বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহনের বহর গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

র‍্যাংগস গ্রুপের অটোমোটিভ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ শাহরিয়ার আনোয়ার মন্তব্য করেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনকে দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা। আরএক্সের মাধ্যমে আমরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছি, যার পেছনে রয়েছে র‍্যাংগস গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আস্থা ও প্রতিশ্রুতি।”

এছাড়া, হেড অব মার্কেটিং সাব্বির নেওয়াজ বলেন, “আমাদের লক্ষ্য শুধু আরেকটি কম দামের ইলেকট্রিক বাইক বাজারে আনা নয়। আমরা এমন একটি পূর্ণাঙ্গ ইভি ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি, যা বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারকে আরও বাস্তবসম্মত, সুবিধাজনক ও সহজলভ্য করে তুলবে।”

প্রদর্শনীতে দর্শনার্থীরা র‍্যাংগসএক্সের বিভিন্ন মডেলের যানবাহন সরাসরি দেখার সুযোগ পাবেন এবং নির্ধারিত আউটডোর টেস্ট-রাইড জোনে ইলেকট্রিক স্কুটার চালানোর অভিজ্ঞতা নিতে পারবেন। প্রদর্শনী উপলক্ষে আরএক্স স্কুটার কেনায় ৫,০০০ টাকা ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। ডেলিভারি ও রাইড-শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ১০,০০০ টাকা ছাড় এবং লাকি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এছাড়া, ডংফেং ইএম২৬ বা ইএম২৭ প্রি-বুকিং করলে গ্রাহকরা ইনস্টলেশনসহ একটি ৭.৪ কিলোওয়াট এসি ইভি চার্জার বিনামূল্যে পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থলীতে পণ্যবাহী গাড়ি উল্টে ডেলিভারি কর্মী নিহত, চালক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


রাজস্থলীতে পণ্যবাহী গাড়ি উল্টে ডেলিভারি কর্মী নিহত, চালক গ্রেপ্তার

রাঙামাটির রাজস্থলীতে একটি পণ্যবাহী তিন চাকার গাড়ি উল্টে খোকন দে (৪৪) নামের এক ডেলিভারি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গাড়িটি বাঙ্গালহালিয়া থেকে রাইখালীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর আহত দুজনকে প্রথমে মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তৃপক্ষ তাঁদের সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে দ্রুত রাঙ্গুনিয়া হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকন দেকে মৃত ঘোষণা করেন।

নিহত খোকন দে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি আবুল খায়ের গ্রুপের দুগ্ধজাত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাকের আহমেদ জানান, দুর্ঘটনার পর গাড়ির চালক মো. এমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুরকে দুই ম্যাচেই হারাতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


সিঙ্গাপুরকে দুই ম্যাচেই হারাতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল আগামী ১ ও ৫ তারিখে স্বাগতিক সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নিচ্ছে দলটি, নতুন কোচ এরিক মেয়ারের নেতৃত্বে। কোচ পিটার বাটলার হঠাৎ করে ক্যানসার ধরা পড়ায় ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ফরাসি কোচ মেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কোচের অধীনে দুই সপ্তাহ ধরে অনুশীলন করেছে নারী দল। বাটলার যে কৌশল ও পরিকল্পনায় দলকে পরিচালনা করতেন, সেভাবেই চলছেন নতুন কোচ। দলে পরিবর্তন খুব একটা আনেননি মেয়ার। আজ সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। তার মতে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান ১০৬তম এবং সিঙ্গাপুর ১৪৭তম অবস্থানে রয়েছে। যদিও র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৪১ ধাপ এগিয়ে আছে, তবুও সিঙ্গাপুরের বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। কোচ মেয়ার মন্তব্য করেন, ‘সিঙ্গাপুর একটি শক্তিশালী দল। তাদের দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডের প্রবাসী ফুটবলাররা রয়েছেন। তাদের দলের কোচও নতুন। তাই তাদের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। তবে আমাদেরও ভালো মানের ফুটবল রয়েছে। আমরা দুই ম্যাচই জেতার চেষ্টা করব।’

পিটার বাটলার অসুস্থ থাকায় ঋতুপর্না, আফঈদা ও মারিয়ারা তাকে মিস করবেন। সর্বশেষ এশিয়ান গেমসেও বাংলাদেশের ডাগআউটে ছিলেন বাটলার। নতুন কোচের অধীনে খেললেও সিঙ্গাপুরে গিয়ে সাফল্য অর্জন করতে চায় বাংলাদেশের মেয়েরা। নারী দলের অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা যেন ভালো ম্যাচ উপহার দিতে পারি এবং একটি ভালো ফল করতে পারি, এজন্য দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা ধরে নিচ্ছি, তারা (সিঙ্গাপুর) অনেক শক্তিশালী। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, তাদের বিপক্ষে লড়াই করার জন্য। স্যার (বাটলার) আমাদের সাথে প্র্যাকটিসে যুক্ত ছিলেন। তিনি আমাদের দীর্ঘদিন প্র্যাকটিস করিয়েছেন। এখন তিনি অসুস্থতার কারণে আমাদের দলের সাথে নেই। যেহেতু তিনি আমাদের সাথে ছিলেন, আমরা তাকে মিস করব।’ নারী দলকে ধারাবাহিক খেলার মধ্যে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিমান ধরবে।

বাংলাদেশ নারী ফুটবল দল

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি; ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন; মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী; ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%