শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৩ এম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে ট্রাকের চাপায় আসাদুল (২৭) নামের একজন অটোচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে টাংগাইলের সন্তোষ এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করার সময় ধাক্কা লাগে। এরপর দুই চালকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে একজন অটোরিকশাচালক অপর চালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় একটি চলন্ত ট্রাক তাঁর বুকের ওপর দিয়ে চলে যায়, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা নিহতের নাম পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটো জব্দ করার জন্য আমাদের টিম কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।"
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, তিনি টাংগাইল সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপের পর পর্যন্ত থাকার জন্য সম্মত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকে তার ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা এখন দূর হয়েছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া এক সংবাদ সম্মেলনে স্কালোনির চুক্তি নবায়নের বিষয়ে ঘোষণা দেন। ওই সময় ৪৮ বছর বয়সী কোচও সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, তিনি আগের মতোই উদ্দীপ্ত রয়েছেন, ‘প্রথম দিনের’ মতো। তিনি আরও বলেন, ‘এখন একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে।’ আন্তর্জাতিক ফুটবল থেকে এক মাস আগে বিদায় নিয়েছেন লিওনেল মেসি, যিনি প্রায় ২০ বছর ধরে দলের মূল স্তম্ভ ছিলেন।
তাপিয়া উল্লেখ করেন, চুক্তির মেয়াদ শেষ হলে স্কালোনি হবেন সবচেয়ে বেশি বিশ্বকাপে দায়িত্ব পালনকারী আর্জেন্টিনা কোচ।
১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। এরপর থেকেই স্কালোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে স্কালোনি দলের দায়িত্ব গ্রহণ করেন। তার আগে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য দুঃসহ অভিজ্ঞতা ছিল, যেখানে দলটি শেষ ষোলোতে বিদায় নেয়।
কোচিংয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও স্কালোনি ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই দায়িত্ব গ্রহণ করেন এবং আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল গড়ে তোলেন। তার নেতৃত্বে ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এছাড়া, ২০২১ সালে ২৮ বছরের শিরোপাহীনতা কাটিয়ে দলটি কোপা আমেরিকা জেতে, এবং ২০২৪ সালের কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিতে হবে তাকে মেসি পরবর্তী যুগে নতুন চ্যালেঞ্জ নিয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪টি পদে ২৭৩ জনকে নিয়োগ দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠানোর ব্যবস্থা রয়েছে। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। চাকরির সুযোগ রয়েছে আবেদন ফি ছাড়াই।
এক নজরে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) নিয়োগ বিজ্ঞপ্তি
পদের বিবরণ
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অফলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ - ৬০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সারা বিশ্বে ছাত্ররা তাদের শিক্ষাজীবন আনন্দের সঙ্গে অতিবাহিত করেন। তবে বাংলাদেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন কাটান দুশ্চিন্তার মধ্যে। অভিভাবকরাও তাদের সন্তানের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন থাকেন। বড় ব্যবসায়ী বা বিশাল টাকার মালিকদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। কারণ, তাদের মধ্যে অনেকের সন্তান বিদেশে লেখাপড়া করেন। কিন্তু দেশের ৯৮ শতাংশ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সন্তানের লেখাপড়া নিয়ে উদ্বেগ থাকে। এই উদ্বেগের বিভিন্ন দিক রয়েছে। প্রথমত, চিন্তা থাকে সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারবে কি না। ভালো স্কুলে ভর্তি হলে কি ভালো রেজাল্ট করতে পারবে? ভালো রেজাল্ট হলে কি ভালো কলেজে ভর্তি হতে পারবে? কলেজ পাস করার পর কি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কি হলে সিট পাবে? বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর চাকরি পাবে কি না। অভিভাবক ও শিক্ষার্থীদের চিন্তার শেষ নেই। এসব সমস্যা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা সম্ভব নয়। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উদ্বেগ নিয়ে এখানে কিছু আলোচনা করা হবে। সম্প্রতি ইউজিসি আগামী ফেব্রুয়ারি মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু করার পরামর্শ দিয়েছে। পরীক্ষার্থীরা আগামী জানুয়ারির শুরু থেকেই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
কিছুদিন আগে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী। দেশের সবগুলো বোর্ডের পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তবে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে কিছু সংখ্যক পরীক্ষার্থী হয়তো পাসের তালিকায় যুক্ত হতে পারেন। কারণ, ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী তাদের পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। এর ফলে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ করা হবে। ২৩ নভেম্বর সব বোর্ডের পুনর্নিরীক্ষিত খাতার ফল প্রকাশিত হলে জানা যাবে আরো কতজন পরীক্ষায় পাস করেছেন।
নবম সংসদ নির্বাচনের পর ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে আওয়ামী শাসনামলে সরকারের কৃতিত্ব প্রদর্শনের জন্য বোর্ডের মাধ্যমে নির্দেশনা দিয়ে যেভাবে পরীক্ষায় বেশি পাস করিয়ে লেখাপড়ার উন্নতি দাবি করা হয়েছিল, সে সিদ্ধান্ত যে কত ভুল এবং আত্মঘাতী ছিল, তা বলার অপেক্ষা রাখে না। নম্বর বাড়িয়ে দিয়ে জিপিএ ৫-এর সংখ্যা বৃদ্ধি করে লেখাপড়া ভালো হচ্ছে দাবি করা হতো এবং শিক্ষার মান বাড়ছে প্রচার করে অভিভাবকদের খুশি করা হতো। এক সাংবাদিক এসএসসিতে জিপিএ ৫ পাওয়া একজন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণকালে ‘আমি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছি’ এর ইংরেজি জিজ্ঞেস করলে শিক্ষার্থী উত্তর দিয়েছিলেন : ‘আই অ্যাম জিপিএ ফাইভ’। এ বছর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাদের মধ্যে এখন ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কি না সে দুশ্চিন্তা কাজ করছে। ফেল করা শিক্ষার্থীদের আরো একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিছুটা দেরিতে শুরু হচ্ছে।
যে প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে, তাকে আমি প্রায় চার দশক ধরে অত্যাচারী ভর্তি পরীক্ষা হিসেবে অভিহিত করে আসছি। এই প্রক্রিয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের হয়রানি করা হচ্ছে। ভর্তি মৌসুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে তাদের মধ্যে শুরু হচ্ছে ছোটাছুটি। বিশ্ববিদ্যালয় তো বিশ্বের প্রায় প্রতিটি দেশে আছে। কিন্তু বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে কি দেখা যাবে, যেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়? ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ, গোয়েন্দা সংস্থা, সিভিল প্রশাসনের সহায়তা নিতে হয়? এমন উদাহরণ নেই। একেকটি সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফরম বিক্রির টাকা এমনভাবে ব্যবহার করে, যাতে প্রচুর অপচয় হয়।
প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসেন। ভর্তি পরীক্ষা শেষে তাদের অনেককে দৌড়াতে দেখা যায়। জিজ্ঞেস করলে তারা আরেকটি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে বলেন, আমার কাল আবার ওমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ কেমন অত্যাচার? এই অত্যাচার শুধু পরীক্ষার্থীদের ওপর চলে না, চলে তাদের অভিভাবকদের ওপরও। একটি মেয়ে পরীক্ষা দিতে এলে সাধারণত একা আসেন না। তার সঙ্গে সাধারণত তার মা, বাবা, ভাই বা অন্য কেউ আসেন। একেকটি সরকারি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা অনুষদভিত্তিকভাবে ভাগ করেই গ্রহণ করেন না। বরং আরো ছোট ছোট ভাগ করে বেশিদিন ধরে পরীক্ষা নিতে চান। কারণ, বেশিদিন পরীক্ষা হলে সম্মানিত শিক্ষকরা বেশি পরীক্ষার ডিউটি দিতে পারবেন। বেশি করে পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করতে পারবেন। তাদের অতিরিক্ত উপার্জনের মাত্রা বাড়বে। এ কারণে নৈমিত্তিক ক্লাসের কিছু ক্ষতি হলেও ভর্তি পরীক্ষা বেশিদিন হলে শিক্ষকরা খুশি। তারা এর বিরোধিতা করে বিকল্প উদ্ভাবনে মনোযোগ দেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাত-আট দিন ধরে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়।
আমরা প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে দাবি করছি। দাবি করছি, আমরা এআইএর যুগে প্রবেশ করেছি। সে ক্ষেত্রে আমরা ভর্তি পরীক্ষায় বিজ্ঞানের ব্যবহার করার কথা কি চিন্তা করতে পারি না? নতুন উপায়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘব করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বড় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো কি কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে? আমরা কি ভুলে গেছি যে সারা বিশ্বে সময়ের ব্যবধান আমলে নিয়েও ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল, টোফেল, জিআরই, জিম্যাট, সিএটিসহ যত ধরনের পরীক্ষা আছে, এর প্রতিটি পরীক্ষা বিশ্বব্যাপী মাত্র একদিনে সুসম্পন্ন হয়। সারা বিশ্বের শিক্ষার্থীরা এসব পরীক্ষায় একই দিন অংশগ্রহণ করতে পারেন। আর আমরা ছোট একটি দেশের ছোট একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করতে যদি সাত-আট দিন ধরে পরীক্ষা গ্রহণ করি এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের এ পরীক্ষায় অংশ নিতে যাতনা প্রদান করি, তাহলে আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মুখ দেখাব কেমন করে?
সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার ফরম বিক্রি করে যে অর্থ উপার্জন করে, এর শতকরা ৪০ ভাগ ইউজিসিকে দিতে হয়। ইউজিসিকে শুধু এমন উপার্জনের কথা না ভেবে সারা দেশের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবের কথা চিন্তা করতে হবে। ইউজিসি বা মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে একটি কমিটি করে এ বিষয়টি কেন পরীক্ষা করে দেখে না যে, মাত্র এক বা দুই দিনে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ করার পদ্ধতি উদ্ভাবন করা যায় কি না। আর ভর্তি পরীক্ষার্থীরা তাদের ঘরে বসে অনলাইনে এ পরীক্ষা দিতে পারেন কি না। এটি করা সম্ভব হলে একদিকে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কষ্ট কমবে, অন্যদিকে পরীক্ষার্থীদের অর্থ সাশ্রয় হবে। অনেক দেশে তো শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না। ওই দেশগুলোতে কি লেখাপড়া আমাদের দেশের লেখাপড়ার চেয়ে খারাপ হচ্ছে?
যে মেধা যাচাইয়ের অজুহাত দেখিয়ে এহেন ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, চলমান ভর্তি পরীক্ষা পদ্ধতিতে কি প্রকৃতপক্ষে তেমন মেধা যাচাই করা সম্ভব হচ্ছে? অনেক বিশ্ববিদ্যালয়ে শুধু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। মনে করুন, বৃত্ত ভরাট পদ্ধতিতে প্রশ্ন এলো : নিচের কোন উপন্যাসটি শওকত ওসমানের লেখা নয়? কেউ ভুল বৃত্ত ভরাট করার অর্থ কি এই যে, তিনি অমেধাবী? আবার অনেক পরীক্ষার্থী অনুমান করে বৃত্ত ভরাট করেও শুদ্ধ উত্তর দিলে বলা যাবে কি তিনি মেধাবী? কাজেই বিরাজিত ভর্তি পরীক্ষা ব্যবস্থাপনায় প্রকৃত মেধা যাচাই হচ্ছে এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। লক্ষণীয়, একেক বিশ্ববিদ্যালয়ে একের রকম পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বৃত্ত ভরাটের সঙ্গে কিছু সংক্ষিপ্ত লিখিত অংশ রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা শুধু বৃত্ত ভরাট করেই পরীক্ষা শেষ করতে পারছেন।
ভর্তি পরীক্ষা একেবারেই উঠিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তির কোনো নতুন ব্যবস্থাপনা উদ্ভাবন করতে পারে কি না, সে বিষয়ে তাদের নতুন করে চিন্তা করতে হবে। এ ব্যাপারে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কেও ভাবতে হবে। আর যদি ভর্তি পরীক্ষা নিতেই হয়, তাহলে এমনভাবে এবং এমন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে, যাতে পরীক্ষার্থীদের মধ্যে কতটুকু গঠনমূলক চিন্তার শক্তি আছে, কতটুকু ভাবনার শক্তি আছে, তার মধ্যে উদ্ভাবনী ক্ষমতা কতটা আছে, সে বিষয়টি যাচাই করা যায়। সেই সঙ্গে পরীক্ষার্থীদের বুদ্ধিমত্তার (আইকিউ) মাত্রা এবং বিশ্বদৃষ্টির (ওয়ার্ল্ডভিউ) স্বরূপ যাচাইয়ের ব্যবস্থাও থাকতে হবে। এর জন্য প্রয়োজন আধুনিক, মানবিক, বিজ্ঞানমনস্ক এবং স্মার্ট প্রশ্ন প্রণয়নকারী। প্রশ্ন প্রণেতা বুদ্ধিমত্তার সঙ্গে এমন ভঙ্গিমায় প্রশ্ন করবেন, যার মধ্য দিয়ে পরীক্ষার্থীর বিভিন্ন বিষয়ের ওপর দখল ও জ্ঞান যাচাই করা যাবে। এখন মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভাবতে হবে, তারা প্রতিবছর ভর্তি মৌসুমে ট্রাফিক জ্যাম সৃষ্টিকারী, দৌড়াদৌড়ির সনাতনী অত্যাচারী ভর্তি পরীক্ষা জিইয়ে রাখবে, নাকি এ বিষয়ে নতুনভাবে এ প্রবন্ধে প্রদত্ত পরামর্শের আলোকে উদ্যোগ গ্রহণ করে যুগপৎ ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওপর অত্যাচার বন্ধ করে নতুন কোনো স্বস্তিদায়ক ভর্তি পরীক্ষা পদ্ধতির উদ্ভাবন ঘটানোর চেষ্টা করবে।
লেখক: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) প্রণয়নে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন অগ্রগতিতে কঠোর নজরদারি করা হবে, পাশাপাশি ধীরগতির প্রকল্পের বরাদ্দ পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাঁচটি কৌশলগত অগ্রাধিকারের আলোকে চলমান প্রকল্পগুলোর পরিধি ও উদ্দেশ্য পুনর্নির্ধারণ করা হবে।
প্রকল্পের বরাদ্দ চাহিদা যাচাই-বাছাই করে পাঠানোর জন্য পরিকল্পনা কমিশন মন্ত্রণালয়, বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর জন্য চার ধাপে সময়সীমা বেঁধে দিয়েছে। লক্ষ্য বাস্তবায়নে প্রকল্পের ব্যয়, অর্থ ব্যবহারের সক্ষমতা এবং বাস্তবায়ন অগ্রগতি নতুন করে পর্যালোচনার জন্য মাসব্যাপী কার্যক্রম শুরু করেছে পরিকল্পনা কমিশন। সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্রে মন্ত্রণালয়, বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে প্রকল্পভিত্তিক সংশোধিত বরাদ্দ চাহিদা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগকে আগামী ২৯ নভেম্বরের মধ্যে চাহিদা যাচাই-বাছাই শেষে কার্যক্রম বিভাগে পাঠাতে হবে। পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের ওই পরিপত্র ৫৮টি মন্ত্রণালয়, বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সচিবদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
নীতিমালায় চলমান প্রকল্পের অগ্রগতি, অবশিষ্ট কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় অর্থ, প্রকল্পের বাস্তবায়ন সক্ষমতা এবং বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন অনুমোদিত প্রকল্পের অর্থায়ন চাহিদাও বিবেচনায় নিতে বলা হয়েছে।
জানা গেছে, নতুন কাঠামোতে সরকারের পাঁচটি কৌশলগত অগ্রাধিকারের আলোকে চলমান উন্নয়ন প্রকল্পগুলো পুনর্বিন্যাস করা হবে। অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি এবং সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংহতি। এসব অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্পের পরিধি ও উদ্দেশ্য পুনর্বিন্যাসের পাশাপাশি প্রকল্পগুলোকে যৌক্তিকসংখ্যক কর্মসূচিতে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলেছে পরিকল্পনা কমিশন।
সময়সীমার চার ধাপ
আরএডিপির বরাদ্দ চাহিদা পাঠানোর জন্য চারটি ধাপে সময়সীমা নির্ধারণ করেছে পরিকল্পনা কমিশন। নির্দেশনা অনুযায়ী, প্রকল্প পরিচালকদের ৮ নভেম্বরের মধ্যে অর্থনৈতিক কোডভিত্তিক চাহিদা এডিপি/আরএডিপি ম্যানেজমেন্ট সিস্টেমে (এএমএস) এন্ট্রি করে বাস্তবায়নকারী সংস্থায় পাঠানোর সময় দেওয়া হয়। বাস্তবায়নকারী সংস্থাগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধন শেষে ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে চাহিদা পাঠাবে।
মন্ত্রণালয় ও বিভাগগুলো সমন্বিত প্রস্তাব ২২ নভেম্বরের মধ্যে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সেক্টর বিভাগে পাঠাবে। সর্বশেষ ২৯ নভেম্বরের মধ্যে সেক্টর বিভাগগুলো অগ্রাধিকার নির্ধারণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কার্যক্রম বিভাগে চাহিদা পাঠাবে। সব প্রস্তাব এএমএসের মাধ্যমে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে সিস্টেমে চাহিদা পাঠানোর সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে নির্ধারিত সময়ের পরে আর কোনো প্রস্তাব পাঠানোর সুযোগ থাকবে না বলে পরিপত্রে সতর্ক করা হয়েছে।
বিদেশি সহায়তা ও জলবায়ু প্রকল্পে গুরুত্ব
বিদেশি ঋণ ও অনুদাননির্ভর প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের পাশাপাশি বৈদেশিক মুদ্রার চাহিদা এবং প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বিবেচনায় নিতে বলা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, খাদ্যনিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ অবকাঠামো, সামাজিক সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতের প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) সঙ্গে সমন্বয়ের কথা বলা হয়েছে।
বরাদ্দ চাহিদায় সতর্কতা
নীতিমালায় বলা হয়েছে, প্রকল্পের চাহিদা প্রস্তাবের ক্ষেত্রে ইতোমধ্যে ব্যয় করা অর্থের তুলনায় কম অগ্রগতি দেখিয়ে অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না। একই সঙ্গে প্রকল্পের বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বরাদ্দ চাহিদা নির্ধারণ করতে হবে। প্রকল্পের অর্থনৈতিক কোডভিত্তিক চাহিদা হাজার টাকায় উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মোট বরাদ্দ চাহিদা লাখ টাকায় উল্লেখ করতে হবে।
পরিকল্পনা কমিশন বলছে, সংশোধিত এডিপি প্রণয়নের ক্ষেত্রে সরকারের উন্নয়ন অগ্রাধিকার, প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করাই এ নীতিমালার মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থাকে প্রয়োজনীয় তথ্য ও বরাদ্দ চাহিদা পাঠাতে বলা হয়েছে।
ব্যয়ের হিসাব যাচাইয়ে কঠোর নির্দেশনা
চলমান প্রকল্পের সংশোধিত বরাদ্দ চাহিদা তৈরির ক্ষেত্রে ১৬টি শর্ত অনুসরণের নির্দেশ দিয়েছে পরিকল্পনা কমিশন। এতে প্রকল্পের অনুমোদিত কর্মপরিকল্পনা, ব্যয় পরিকল্পনা, চলতি অর্থবছরের প্রকৃত ব্যয়, ক্রমপুঞ্জিত ব্যয় এবং অবশিষ্ট সময়ে বাস্তবসম্মতভাবে কত অর্থ ব্যয় করা সম্ভব, তা বিবেচনায় নিতে বলা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রকল্পের বরাদ্দ চাহিদা ইতোমধ্যে ব্যয় করা অর্থের তুলনায় কম প্রস্তাব করা যাবে না। একই সঙ্গে অবশিষ্ট সময়ে বাস্তবে যে পরিমাণ অর্থ ছাড় ও ব্যয় করা সম্ভব, চাহিদায় তার প্রতিফলন থাকতে হবে। এডিপিভুক্ত সব প্রকল্প আরএডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে যেসব প্রকল্প সমাপ্ত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে প্রকৃত ব্যয়ের তথ্য দেখাতে হবে।
প্রকল্পের অব্যবহৃত বরাদ্দ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে ফেরত দেওয়া হলে সেই তথ্য ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে (আইবাস++) যথাযথভাবে হিসাবভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ