ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কঙ্গোতে ইবোলায় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: রয়টার্স


কঙ্গোতে ইবোলায় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: রয়টার্স

পূর্ব কঙ্গোর বুনিয়া শহরে ইবোলা মহামারির ভয়াবহতা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স কবরস্থানগুলোতে নতুন কবরের সংখ্যা এবং দাফনের হার বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছে। কবরস্থানের চিত্র ইঙ্গিত দেয়, ইবোলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি।

বুনিয়ার নিয়ামুরোঙ্গো কবরস্থানে একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিলেন কবর খননকারী সালোমন মুগিসা। তিনি জানান, বছরের শুরুতে এই কবরস্থানে প্রতিদিন দুই থেকে তিনজনকে দাফন করা হতো। কিন্তু এপ্রিলের শেষ দিকে বুনিয়ায় ইবোলা মহামারি ছড়িয়ে পড়ার পর দাফনের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।

মুগিসা বলেন, ‘আমরা দিনে পাঁচ, ১০, এমনকি ১৫ জনকেও দাফন করেছি। এই সংখ্যা শুধু বাড়তেই থাকে।’ জুলাই মাসে রয়টার্সের প্রতিনিধিরা কবরস্থানটি পরিদর্শন করলে মুগিসা জানান, এপ্রিল থেকে সেখানে প্রায় ৬০০ জনকে সমাহিত করা হয়েছে। অথচ ওই সময় কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ পুরো বুনিয়া শহরে ইবোলায় মৃত্যুর সংখ্যা ২০০-এর কম বলে নথিভুক্ত করেছিল।

আরও পড়ুন: যুক্তরাজ্যে ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার: গবেষণা

১৫ মে আনুষ্ঠানিকভাবে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এরপর পুরো কঙ্গোজুড়ে ১১ হাজার ৫০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন এবং ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

রয়টার্স নিয়ামুরোঙ্গোসহ বুনিয়ার আরো দুটি প্রধান কবরস্থানের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে। সেখানেও একই চিত্র দেখা গেছে। সরকারি হিসাবে ইবোলায় যত মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে, কবরস্থানগুলোতে নতুন কবরের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ইবোলা মহামারিতে মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে।

বুনিয়া শহরে ইবোলা মহামারিতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নির্ণয় করতে মহামারি শুরুর আগের বছরের সঙ্গে পরবর্তী সময়ে নতুন কবরের সংখ্যা তুলনা করেছে রয়টার্স। স্বাস্থ্য কর্মকর্তারা এ ধরনের মৃত্যুকে ‘অতিরিক্ত মৃত্যু’ (এক্সেস ডেথ) বলে থাকেন। পরে এই সংখ্যা ইবোলায় মৃত্যুর সরকারি হিসাবের সঙ্গে তুলনা করা হয়।

সময়ের সঙ্গে দুই হিসাবের ব্যবধান কিছুটা কমলেও নভেম্বরের শুরুতে বুনিয়া শহরে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। ইবোলায় মৃত্যুর সরকারি সংখ্যা ছিল ৭০৭। অর্থাৎ কবরস্থানের তথ্য অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ৫০ শতাংশেরও বেশি।

আরও পড়ুন: কুশনার: নেতানিয়াহুর গাজা নীতিতে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে

তবে অতিরিক্ত মৃত্যুর সবগুলোই সরাসরি ইবোলার কারণে হয়েছে, এমনটি নিশ্চিত করে বলা যায় না। মহামারির পরোক্ষ প্রভাবেও অনেক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। যেমন, ইবোলায় আক্রান্ত হওয়ার ভয়ে অন্য রোগে আক্রান্ত অনেকেই হাসপাতালে যাননি। উল্লেখ্য, এই ভাইরাসের এখনো কোনো কার্যকর চিকিৎসা বা নিরাময় নেই।

রয়টার্সের এই বিশ্লেষণকে প্রকৃত মৃত্যুর সংখ্যা কম গণনার বিষয়টি পরিমাপের প্রথম বিস্তারিত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এর ফলাফলের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রাক্কলনেরও মিল রয়েছে। গত জুলাইয়ে সংস্থাটি জানিয়েছিল, ইবোলা মহামারির প্রকৃত ব্যাপ্তি প্রকাশিত তথ্যের তুলনায় দুই থেকে চার গুণ বেশি ছিল।

কোভিড-১৯ মহামারির মতো পরিস্থিতিতে মৃত্যুর হিসাব পেতে দেরি হলে বা নির্ভরযোগ্য তথ্য না থাকলে জনস্বাস্থ্য কর্মকর্তারা ‘অতিরিক্ত মৃত্যু’ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেন। বুনিয়া শহরে ইবোলা মৃত্যুর বিষয়ে রয়টার্সের প্রাক্কলনও প্রকৃত সংখ্যার চেয়ে কম হতে পারে। কারণ, শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ছোট ছোট কবরস্থান এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়নি। রয়টার্সের বিশ্লেষণ নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।

কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল রিসার্চের প্রধান জ্যঁ-জ্যাক মুয়েম্বে বলেন, ইবোলায় সরকারি হিসাবে নথিভুক্ত মৃত্যু এবং প্রকৃত মৃত্যুর সংখ্যার মধ্যে পার্থক্য থাকাটা স্বাভাবিক। কারণ, মহামারিটি অনেক দেরিতে শনাক্ত হয়েছিল। তবে তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত মৃত্যুর হিসাব থেকে পাওয়া ধারণা মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আহ্বানে আইসিসি ছাড়ার প্রক্রিয়া শুরু তাজিকিস্তানের

আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের জরুরি প্রস্তুতি ও সাড়াদান বিভাগের প্রধান ইয়াপ বুমও এই ফলাফলকে মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে করেন। তিনি জানান, মহামারির শুরুর দিকে পরীক্ষা, নজরদারি ও জরুরি সাড়াদান ব্যবস্থা পুরোপুরি কার্যকর না থাকায় সাধারণত অতিরিক্ত মৃত্যুর হার সবচেয়ে বেশি দেখা যায়।

স্বর্ণখনি এলাকায় মৃতের সংখ্যা গণনা

অতিরিক্ত মৃত্যুর হার এবং সরকারি হিসাবে নথিভুক্ত মৃত্যুর সংখ্যার পার্থক্য বিশ্লেষণ করে বিভিন্ন সময়ে রোগ শনাক্তকরণ ও পরীক্ষাব্যবস্থার কার্যকারিতা বোঝা যায়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো মৃত্যুর ঘটনা নথিভুক্ত না হলে মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদেরও শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এতে মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীদের আরো বেশি সমস্যায় পড়তে হয়।

বিশ্লেষণে দেখা গেছে, ইবোলা প্রাদুর্ভাবের শুরুর দিকে মৃতের সংখ্যা গণনায় সবচেয়ে বেশি ঘাটতি ছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে বিভিন্ন মহামারির ক্ষেত্রেই এমন চিত্র দেখা যায়। তবে সময়ের সঙ্গে সরকারি হিসাব ও অতিরিক্ত মৃত্যুর সংখ্যার ব্যবধান কমে আসা থেকে বোঝা যায়, রোগ শনাক্তকরণ ও তথ্য সংগ্রহের ব্যবস্থায় উন্নতি হয়েছিল।

আরও পড়ুন: চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহে মৃত্যু ৫,২৫৮ জন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের এপিডেমিওলজি ও অ্যানালিটিক্স বিভাগের প্রধান অলিভিয়ে ল্য পোলেইন বলেন, ‘এখনো এমন প্রমাণ পাওয়া যাচ্ছে যে অনেক আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর ঘটনা কখনোই শনাক্ত করা সম্ভব হয়নি।’

বিশ্লেষণ অনুযায়ী, জুনের শেষ নাগাদ বুনিয়া এলাকায় অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ৫৮০ ছাড়িয়ে যায়, যা সরকারি হিসাবে নথিভুক্ত মৃত্যুর প্রায় সাত গুণ। সেপ্টেম্বর নাগাদ এই সংখ্যা বেড়ে প্রায় ৯৫০-এ পৌঁছায়, যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ।

ইবোলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, কঙ্গোতে ইবোলা মহামারির কেন্দ্রস্থল বুনিয়া শহরে সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। এ সংখ্যা নিরূপণে মহামারি শুরুর আগের বছরের সঙ্গে পরবর্তী সময়ে কবর খোঁড়ার সংখ্যা তুলনা করা হয়েছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা এ পদ্ধতিকে ‘অতিরিক্ত মৃত্যু’ (এক্সেস ডেথ) বলে অভিহিত করেন। এটি মহামারির সঙ্গে সম্পর্কিত মৃত্যুর প্রকৃত সংখ্যা সম্পর্কে ধারণা দেয়।

আরও পড়ুন: জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশি দল ইউজিসি পরিচালিত বিডিরেন

বুনিয়ার সবচেয়ে বড় কবরস্থান নিয়ামুরোঙ্গোতে মহামারির আগের বছর প্রতিদিন গড়ে ২ দশমিক ৪টি নতুন কবর খোঁড়া হতো। রয়টার্সের তথ্য অনুযায়ী, জুন মাসে এই সংখ্যা বেড়ে প্রতিদিন ৯টির বেশি হয়। তবে নভেম্বরের শুরুতে তা কমে ৪ দশমিক ৫-এ নেমে আসে।

রয়টার্সের বিশ্লেষণে বুনিয়ার তিনটি কবরস্থানের পাশাপাশি শহরটির উত্তরে অবস্থিত স্বর্ণখনি এলাকা মংবওয়ালুর প্রধান কবরস্থানও অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, এই এলাকাতেই ইবোলার প্রাদুর্ভাব শুরু হয়েছিল। সরকারি হিসাব অনুযায়ী, বুনিয়ায় ৭৫০ জনের বেশি এবং মংবওয়ালুতে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, মহামারি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কবরস্থানগুলোর আয়তন দ্রুত বেড়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আগে ফাঁকা পড়ে থাকা বিশাল এলাকাজুড়ে সারি সারি নতুন কবর তৈরি হয়েছে। মংবওয়ালুর চিত্রও প্রায় একই।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, আগস্ট মাস নাগাদ সেখানকার সবচেয়ে বড় কবরস্থানেই অতিরিক্ত মৃত্যুর সংখ্যা মংবওয়ালু ও আশপাশের গ্রামগুলোতে ইবোলায় সরকারি হিসাবে নথিভুক্ত মৃত্যুর চেয়ে ২৫ শতাংশ বেশি ছিল।

আরও পড়ুন: তাজিকিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে

জুলাই মাসে সাংবাদিকেরা মংবওয়ালু পরিদর্শনে গেলে কবরস্থানকর্মী ও স্থানীয় কর্মকর্তারা তাদের আরো সাতটি কবরস্থানের সন্ধান দেন। তাদের দাবি, এসব কবরস্থানে কয়েক শ মানুষকে সমাহিত করা হয়েছে, যারা সবাই ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য অধিকার ফোরামের আহ্বান, তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


তথ্য অধিকার ফোরামের আহ্বান, তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করতে হবে

তথ্য অধিকার ফোরাম তথ্য কমিশনকে আরো কার্যকর ও গতিশীল করার আহ্বান জানিয়েছে, যাতে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন নিশ্চিত করা যায়। সংগঠনটি কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা সুপ্রিম কোর্টের বিচারকদের সমান করার প্রস্তাব করেছে, পাশাপাশি পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে এবং আইন সম্পর্কে অভিজ্ঞ একজন পূর্ণ সচিব নিয়োগের সুপারিশ করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন তথ্য কমিশনের সাথে সাক্ষাৎ করে তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরেছে।

তথ্য অধিকার ফোরাম উল্লেখ করেছে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য তথ্য কমিশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কমিশন আইন দ্বারা প্রদত্ত ক্ষমতার আওতায় দেওয়ানি আদালতের মতো অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করতে সক্ষম। প্রয়োজনে কমিশন জরিমানা আরোপ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করতে পারে।

ফোরামের মতে, তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের কারণ ও পদ্ধতির অনুরূপ হওয়া উচিত। এই কারণে প্রধান তথ্য কমিশনার ও অন্যান্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমান হওয়া প্রয়োজন।

বিবৃতিতে জানানো হয়েছে, কমিশনারদের পদমর্যাদায় ভিন্নতা থাকলে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাছাড়া, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করার জন্য কমিশনারদের যথাযথ পদমর্যাদা থাকা অপরিহার্য।

তথ্য কমিশনকে পেশাদারিত্বের সাথে পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেছে তথ্য অধিকার ফোরাম।

এছাড়া, কমিশনের সাচিবিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে সংবেদনশীল এবং এ বিষয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন পূর্ণ সচিব নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে সংগঠনটি।

নতুন তথ্য কমিশনকে স্বাগত জানিয়ে ফোরাম জানিয়েছে, কমিশন স্বাধীন ও কার্যকরভাবে পরিচালিত হওয়ার জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে তারা প্রস্তুত।

তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনামের পাশাপাশি বিবৃতিতে একাত্মতা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারম্যান অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) সদস্য ও উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম

কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম।

আবুল কালাম এ সময় বলেন, ‘কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।’

তিনি আরো বলেন, ‘আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব অপতৎপরতা প্রতিহত করা হবে। সীমান্তসহ সর্বত্র সবাইকে সজাগ থাকতে হবে।’

আবুল কালাম আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে বলেন, ওই সময়ে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। গুম, খুন, হত্যা, মামলা ও হামলার মাধ্যমে দেশকে নরকে পরিণত করা হয়েছিল। দেশের মানুষ এসব ঘটনা ভুলে যায়নি।

সমাবেশে বক্তারা বলেন, একের পর এক গোষ্ঠীকে উসকে দিয়ে নিষিদ্ধ সংগঠনটি নানা ফায়দা হাসিলের চেষ্টা করছে। নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আধুনিক বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করছেন। এমন সময়ে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবে। নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও দপ্তর সম্পাদক জিএম আহসান উল্ল্যাহসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। বাংলাদেশের পুলিশ বাহিনীর ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি আলাদা প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন।

প্রথম প্রজ্ঞাপনে ৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি হিসেবে এবং ঢাকার এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে এবং ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও ৮ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ঢাকার পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর পদে) এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে এবং পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর পদে) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে এবং ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণ শাহীন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণ শাহীন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের গৌরীপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আকস্মিক ছুরিকাঘাতে শাহীন মিয়া (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শাহীন বলুহা গ্রামের মো. সিরাজুল ইসলাম জিন্নতের পুত্র। অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলু একই গ্রামের মৃত আব্দুল্লাহর সন্তান।

প্রত্যক্ষদর্শী মাজেদা (৩৫) জানান, দুপুরের সময় শাহীন গাছ থেকে সুপারি পেড়ে বাড়ির সামনে আসলে দেলোয়ার আচমকা লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করে। শাহীন চিৎকার করলে দেলোয়ার ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ অভিযোগ করেন, দেলোয়ার দীর্ঘ সময় ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং সব সময় ধারালো অস্ত্র নিয়ে ঘুরতেন। পরিবারকে জানানো সত্ত্বেও কোনো ফল হয়নি।

হত্যাকাণ্ডের পর দেলোয়ার নিজ ঘরের টিনের বেড়া ভেঙে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় পালিয়ে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ আলামত জব্দ করা হয়েছে এবং ঘাতককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%