ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না : রাশেদ খাঁন


কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না : রাশেদ খাঁন

ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দলটি ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি উল্লেখ করেন, "কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।" গতকাল শনিবার, রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত, এজন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত। তিনি প্রশ্ন তোলেন, "শেষমেশ কি তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে!"

তিনি আরও বলেন, "হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবে যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন।" সেক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো হতে পারে। শেষে রাশেদ খাঁন লেখেন, "এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে।" তিনি সতর্ক করেন যে, "যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে সত্যিই এই ডিসেম্বরে আ’লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।

আরও পড়ুন: চাঁদপুরে নাশকতা প্রতিরোধে সর্বদলীয় ঐক্যের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংঘর্ষের জেরে বেড়ার ওসি নয়ন কুমার সরকার প্রত্যাহার, পরিস্থিতি থমথমে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ এম


সংঘর্ষের জেরে বেড়ার ওসি নয়ন কুমার সরকার প্রত্যাহার, পরিস্থিতি থমথমে

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে।

নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা।

জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ আদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

সংঘর্ষের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরো পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আবারো যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা সন্ধ্যার দিকে থামে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাঁদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ সুপার বলেন, "একটি ছেলে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানতে পেরেছি।" তিনি আরো জানান, "এ ছাড়া আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো আমাদের জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগও দেয়নি। কোনো আটকও নেই।"

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়ার কারণে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর ফলস্বরূপ গত দুদিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এসময় বিএনপি ও ছাত্রদলের কর্মী সমর্থকরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক এমপি শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চলমান এই বিশৃঙ্খলা রোধে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনতা। এসময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপরই বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। দ্রুতই তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে, যা সন্ধ্যায় গিয়ে নিয়ন্ত্রণে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
স্মরণসভায় আলোচকরা

আহমদ রফিক ছিলেন জ্ঞানচর্চার প্রতি আমৃত্যু নিবেদিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ এম


আহমদ রফিক ছিলেন জ্ঞানচর্চার প্রতি আমৃত্যু নিবেদিত

ভাষাসংগ্রামী ও বহুমাত্রিক লেখক আহমদ রফিক ভাষা আন্দোলন এবং একুশের ইতিহাসচর্চার পাশাপাশি রবীন্দ্র গবেষণায়ও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি সাহিত্য ও চিত্রশিল্পের সরাসরি কর্মী না হয়েও বিষ্ণু দের মতো কবির দুর্বোধ্য কবিতা এবং চিত্রশিল্পকে জ্ঞানচর্চার পরিসরে এনেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক মন্তব্য করেছেন যে, সমাজের নানা হতাশা ও সংঘাত থেকে উত্তরণে আহমদ রফিকের মতো আমৃত্যু জ্ঞানচর্চায় নিবেদিত থাকা অত্যন্ত জরুরি।

আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্মরণসভার আয়োজন করা হয়।

ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা, সংগীত এবং কবিতা পাঠের আয়োজন ছিল। সভাপতিত্ব করেন ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের অন্যতম নেত্রী দীপা দত্ত। আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ড. হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী এবং অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।

ড. সৈয়দ আজিজুল হক বলেন, আহমদ রফিক কেবল একুশকে নিয়ে বই লিখেই থেমে থাকেননি, বরং রবীন্দ্রচর্চাই ছিল তার প্রধান বিষয়। সাহিত্য বা চিত্রশিল্পের সরাসরি কর্মী না হয়েও তিনি বিষ্ণু দের মতো কঠিন কবির কবিতা এবং চিত্রশিল্পকে জ্ঞানচর্চার পরিসরে এনে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, পাশ্চাত্য বা আমেরিকার সমৃদ্ধির পেছনেও জ্ঞানচর্চার বড় ভূমিকা রয়েছে।

আহমদ রফিকের রবীন্দ্র গবেষণার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শিলাইদহ ও শাহজাদপুরের তুলনায় পতিসর নিয়ে আলোচনা কম হলেও রবীন্দ্রনাথের জমিদারির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল পতিসর। এ বিষয়টি সামনে আনার ক্ষেত্রে আহমদ রফিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার লেখা ‘রবীন্দ্রভুবনে পতিসর’ বইটি এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।

অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন আহমদ রফিকেরই অঞ্চলের একজন শ্রেষ্ঠ মানুষ। তাকে নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা ছিল আহমদ রফিকের। তবে সেই ইচ্ছা অপূর্ণ থেকে গেছে।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ফাউন্ডেশনের সভাপতি মুনীর সিরাজের পক্ষ থেকে স্বাগত বক্তব্য পাঠ করেন সংস্কৃতিকর্মী মফিজুর রহমান লাল্টু।

লিখিত বক্তব্যে বলা হয়, আহমদ রফিকের বিশাল রচনাসম্ভার বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মূল্যবান সম্পদ। তার রচনাবলি, সাহিত্যকর্ম, স্মারক ও সম্মাননা-সংক্রান্ত নথি জাতীয় স্বার্থে সংরক্ষণে ফাউন্ডেশন দায়বদ্ধ।

আহমদ রফিকের ভাগনে ড. হুমায়ুন কবির স্মৃতিচারণা করে বলেন, ১৯৫২ সালে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় আহমদ রফিক তাকে কবিতা, ছড়া, সোভিয়েত রাশিয়া ও লেনিন সম্পর্কে পড়াতেন। পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার বিষয়ে উৎসাহ দেন এবং পড়াশোনায় সহযোগিতা করেন।

রাজনৈতিক কারণে চিকিৎসাবিদ্যার পড়াশোনা শেষ করতে না পারলেও সাহিত্য ও জ্ঞানচর্চায় অসামান্য অবদান রাখেন আহমদ রফিক। অর্থ কিংবা বড় পদ-পদবির প্রতি তার আকর্ষণ ছিল না। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগও প্রত্যাখ্যান করে দেশে থেকে গেছেন। জীবনের শেষ পর্যায়েও দেশের ও বাংলা ভাষার কল্যাণ নিয়ে ভাবতেন তিনি।

দীপা দত্ত বলেন, আহমদ রফিক বাংলা ভাষাকে চর্চা ও বিকাশের মাধ্যমে আত্মিকভাবে বাঙালি হয়ে উঠতে চেয়েছিলেন এবং বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বিস্তারে সক্রিয় ছিলেন। তিনি জানান, স্কুলজীবন থেকেই আহমদ রফিকের রাজনৈতিক চেতনা স্পষ্ট ছিল। সমাজের অসংগতি, শ্রেণিবৈষম্য ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কবিতা পাঠ করেন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী ইশরাত রহমান নাদিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীবাড়ীতে যুগান্তর স্বজন সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ এম


টঙ্গীবাড়ীতে যুগান্তর স্বজন সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এই স্লোগানকে সামনে রেখে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন ‘স্বজন সমাবেশ’-এর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

ফিচার লেখক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠক রাজীব পাল রনীকে সভাপতি এবং মো. মাসুম হাসানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলার টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে নতুন স্বজনদের প্রাণবন্ত উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপস্থিত স্বজনদের সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন যুগান্তরের টঙ্গীবাড়ী প্রতিনিধি আবু বাক্কার মাঝি।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক পরিতোষ ঘোষ বাবু, প্রচার সম্পাদক স্কুলশিক্ষক মো. আসলাম হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্কুলশিক্ষক রুহুল আমিন, নারী বিষয়ক সম্পাদক কৃষিবিদ ও সহকারী অধ্যাপক প্রমিতা শিখা রায়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক আমেনা খাতুন, দপ্তর বিষয়ক সম্পাদক প্রভাষক দিলীপ দাস শান্ত, পাঠচক্র সম্পাদক আবৃত্তিশিল্পী জবা কর্মকার, পরিবেশবিষয়ক সম্পাদক শিক্ষক এস এম ফয়সাল, সাহিত্য সম্পাদক সরোজ ব্যানার্জী, ক্রীড়া বিষয়ক সম্পাদক শিক্ষক ইবরাহিম শেখ, উপদেষ্টা প্রতিনিধি আবু বাক্কার মাঝি (ইফতেখার) এবং উপদেষ্টা শিক্ষক আবদুল গণি মিয়া।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, এবাদুল হাসান, সুমন চোকদার, সামসুদ্দিন তুহিন, শেখ সোহাগ, অনিক শেখ, কাদির খান, রূপন পাল, লালচাঁন দাস, রূপকথা রায় ও রুদ্রদীপ পাল।

কমিটি গঠন উপলক্ষ্যে বিকালে স্বজন সমাবেশের সদস্যরা আলোচনা সভায় মিলিত হন। এ সময় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। কয়েক ঘণ্টাব্যাপী সূচনাসভা, আড্ডা ও চা-চক্র চলে। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি রাজীব পাল রনীর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি বলেন, ‘সবকিছু সুন্দর ও কল্যাণকর তার সঙ্গেই স্বজন। আমি কথা দিচ্ছি, আপনাদের পাশে থেকে, আপনাদের সঙ্গে নিয়ে স্বজন সমাবেশকে আরও শক্তিশালী ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলব।’

সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের প্রথম সারির এই পত্রিকায় স্বজন হতে পেরে বেশ ভালো লাগছে। চেষ্টা করব, আমাদের হাত ধরে স্বজনের ভালোবাসা সবার মাঝে পৌঁছে দিতে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ এম


মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে দুর্বৃত্তদের দ্বারা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভুঁইয়া পরিবহনের বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গড়পাড়া কাটাঙ্গা এলাকার আবু মোহাম্মদ জাফর নামের এক ব্যক্তি গাড়িটির মালিক। ভুঁইয়া পরিবহনের বাসটি রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর রোডে চলাচল করত। গাড়ির মালিক অসুস্থ থাকায় গত তিন-চার দিন আগে গাড়িটি ঢাকা থেকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় এনে পার্কিং করা হয়েছে। শুক্রবার বাসের মালিক জাফর চিকিৎসার জন্য ঢাকা গিয়েছেন। বাসে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওসি মো. মনির হোসেন বলেন, পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%