১০:৪৭ এম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপকে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন নওগাঁর সচেতন মহল।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা: হাছানাত আলী জানিয়েছেন, ১৫ নভেম্বর থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে। তিনি উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং এটি মেধা, যোগ্যতা, ন্যায়বিচার এবং নৈতিকতার মূল্যায়নকারী প্রতিষ্ঠান। পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয় সেই বিশ্বাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কেবল শ্রেণিকক্ষে পাঠদান, আধুনিক অবকাঠামো কিংবা শিক্ষার্থীদের ফলাফলের ওপর নির্ভর করে না। বরং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা শিক্ষার মান নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত।
তিনি আরও জানান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত এই পদ্ধতিতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর কিংবা ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে উত্তরপত্রে একটি নির্দিষ্ট গোপন কোড ব্যবহার করা হবে। ওই কোডের মাধ্যমে পরীক্ষকের কাছে উত্তরপত্র পাঠানো হবে। ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর ব্যক্তিগত পরিচয় জানবেন না। এতে স্বজনপ্রীতি, পরিচিতির প্রভাব কিংবা ব্যক্তিগত অনুরাগ-বিরাগের ভিত্তিতে নম্বর দেওয়ার সুযোগ থাকবে না। মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষার্থীর মেধা, যোগ্যতা এবং উত্তরপত্রে দেওয়া উত্তরের মানই প্রাধান্য পাবে। বিশ্ববিদ্যালয়টির বয়স এক বছর হলেও প্রতিষ্ঠার শুরু থেকেই একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং নৈতিক প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয়েরই বহিঃপ্রকাশ। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতায় নওগাঁ বিশ্ববিদ্যালয়কে আরো আধুনিকায়নে এই ধরনের নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরও পড়ুন: শেরপুরে গণিত উৎসবে ৫০ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন