১১:৫৬ পি.এম
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের কারণে এক গর্ভবতী নারীসহ তিন বোনকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গর্ভবতী নারীর গর্ভে থাকা সন্তানের নষ্ট হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সদরপুর থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে পুলিশ এ মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করেছে।
উপজেলার ভাষানচর ইউনিয়নের ইন্তাজ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা লাভলি খাতুন জানায়, তাঁর বড় বোন পারভীন আক্তার চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গী এলাকায় জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। প্রতিবেশীরা ওই জমি থেকে তাঁর বোনকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে অভিযুক্তরা একত্রিত হয়ে পারভীন আক্তারের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করতে শুরু করে। এর পরে, তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পারভীন আক্তারকে গুরুতর আহত করে। পারভীন আক্তারকে রক্ষা করতে এগিয়ে আসলে তাঁর তিন মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন ময়না আক্তারকেও মারধর করা হয়। হামলার সময় ময়নার পেটে লাথি মারলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া ময়না আক্তারের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং অপর বোন আছিয়া বেগমও হামলার শিকার হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন: দিরাই থানা রোডের বর্তমান অবস্থা বেশ ভালো, সামান্য যানজটেই মানুষের ভিড়
লাভলি খাতুন আরও জানান, হামলার সময় ময়না আক্তারের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ময়না আক্তারের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি বিকাশ বালাকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার (১৮ জুলাই) সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন