মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৬ পি.এম
কিছু পথ মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়, আবার কিছু পথ প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যায়। সেই পথ ধরে আমাদের বাস ধুলিখেল রিসোর্টের দিকে এগিয়ে চলল। প্রায় এক ঘণ্টা পর আমরা গন্তব্যে পৌঁছালাম। পাহাড়ের ঢালে গড়ে ওঠা রিসোর্টে পা রাখতেই শীতল পাহাড়ি বাতাসে পথের ক্লান্তি অনেকটাই কেটে গেল।
ওয়েলকাম ড্রিংক দিয়ে আমাদের বরণ করে নেওয়া হলো। কর্মীদের হাসিমুখের অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তায় অপরিচিত জায়গাটিও আপন মনে হলো।
গাইড জানালেন, আজ পুরো দিন রিসোর্টেই কাটাতে হবে; কাঠমান্ডুর পথে রওনা হব আগামীকাল। কথাটি শুনে হতাশ হলাম। মনে হলো, হতাশার তিক্ত স্বাদের ওপর কেউ যেন এক চিমটি লবণ ছিটিয়ে দিল। এত দূর এসে দিনের বাকি সময়টুকু রিসোর্টে কাটাতে হবে। নেপালের আরো কিছু অচেনা জায়গা দেখার সুযোগ বুঝি হাতছাড়া হলো!
লাগেজ ও কাঁধের ব্যাগ নিয়ে তিনতলা রিসোর্টটির দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা রিসোর্টটির চারপাশ ঘন সবুজে ঢাকা। কিছুক্ষণের মধ্যেই গোসল সেরে নতুন পোশাকে বারান্দায় ফিরলাম। পাহাড়ি বাতাস আর সবুজের স্নিগ্ধতায় পথের সব ক্লান্তি কেটে গেল।
ততক্ষণে ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। সিঁড়ি বেয়ে রিসোর্টের ডাইনিংয়ে গিয়ে দেখি, ভ্রমণসঙ্গীদের অনেকেই দুপুরের খাবার শুরু করে দিয়েছেন।
নেপালের পরিচিত খাবার ডাল-ভাত-তরকারির পাশাপাশি বুফেতে সাজানো হয়েছে মোমো, কর্নফ্লেক্স, ওটস, মৌসুমি ফল, ফলের সালাদ, ইয়োগার্ট, নানা পদের সবজি, চামড়াসহ রান্না করা খাসির মাংসসহ আরও অনেক পদ। কয়েকটির নামও আমার অজানা।
ভ্রমণে নতুন জায়গা দেখার পাশাপাশি সেখানকার খাবারের স্বাদ নেওয়াও এক আনন্দের অভিজ্ঞতা। তাই ঠিক করলাম, প্রতিটি পদই অল্প করে চেখে দেখব। কোনোটির স্বাদ পরিচিত মনে হবে, কোনোটির স্বাদ হবে একেবারেই নতুন। সব মিলিয়ে দুপুরের খাবারটিও হয়ে উঠলো এক স্বতন্ত্র অভিজ্ঞতা।
নীল আকাশের নিচে নীল জলের মিতালি
দুপুরের খাবার শেষে রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রুমমেট ফারুক সাহেব বললেন, "স্যার, ভ্রমণে এসে রুমে বসে সময় নষ্ট করার কী মানে? চলেন, আশপাশটা একটু ঘুরে দেখি।"
তাঁর কথায় বেরিয়ে পড়লাম রিসোর্টের পাঁচতলার সুইমিং পুলের দিকে। পাহাড়ের উঁচু ঢালে তৈরি পুলের পাশে দাঁড়াতেই চোখে পড়ল দিগন্তজোড়া সবুজ পাহাড়শ্রেণি। কাছের পাহাড়গুলো স্পষ্ট, দূরেরগুলো ক্রমশ আবছা হয়ে মিশে গেছে দিগন্তে।
এরই মধ্যে ভ্রমণসঙ্গীরাও একে একে এসে জড়ো হলেন। পুলে অন্য কোনো পর্যটক না থাকায় জায়গাটি আমাদের দলের আনন্দ-আড্ডায় মুখর হয়ে উঠল। হাসি-ঠাট্টা, গল্প আর পানিতে ঝাঁপ দেওয়ার শব্দে পাহাড়ের নীরবতা ভেঙে পড়ল। কেউ সাঁতার কাটছেন, কেউ গল্পে মেতেছেন, কেউ আবার সহকর্মীকে টেনে নামাচ্ছেন শীতল জলে। সবাই যেন ফিরে গেলেন ছেলেবেলার উচ্ছল দিনগুলোতে।
ইচ্ছে থাকা সত্ত্বেও ঠান্ডাজনিত সমস্যার কারণে পুলে নামলাম না। দূরে দাঁড়িয়ে উপভোগ করলাম সহকর্মীদের আনন্দ আর চারপাশের দৃশ্য। মাথার ওপর সাদা মেঘের ভেলা, ফাঁকে ফাঁকে নীল আকাশ, পুলের জলে সূর্যের ঝিলিক। একদিকে সহকর্মীদের প্রাণখোলা উচ্ছ্বাস, অন্যদিকে পাহাড়ের শান্ত পরিবেশ। দুইয়ের মেলবন্ধনে দুপুরটি হয়ে উঠল স্মরণীয়।
পুলে নামতে না পারার আক্ষেপ ধীরে ধীরে মুছে গেল। উপলব্ধি করলাম, সব আনন্দ নিজে উপভোগ করতে হয় না; কখনো কখনো প্রিয় মানুষের আনন্দের অংশীদার হওয়াও ভ্রমণের বড় প্রাপ্তি।
বাংলাদেশ থেকে নেপালে তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্য রপ্তানি হয়। অন্যদিকে নেপাল থেকে বাংলাদেশে আসে মসুর ডাল, বড় এলাচ ও আদাসহ বিভিন্ন কৃষিপণ্য। স্থলবেষ্টিত দেশ হওয়ায় নেপালের নিজস্ব কোনো সমুদ্রবন্দর নেই। ফলে আমদানি-রপ্তানির জন্য দেশটি ভারতের কলকাতা, ও হলদিয়া সমুদ্রবন্দরের ওপর নির্ভরশীল।
সহকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস থেকে সরে একান্তে কিছু সময় কাটাতে রিসোর্টের সামনের পাহাড়ি ঢালের খোলা চত্বরে গিয়ে বসলাম। ছাউনির নিচে একটি চেয়ারে বসে চারদিকে তাকাতেই চোখে পড়ল নাম না-জানা নানা রঙের ফুল। পাহাড়ের ঢালজুড়ে ঘন সবুজের বিস্তার; গাছপালার ফাঁক দিয়ে কোথাও মাটি উঁকি দিচ্ছে, কোথাও পাতার ওপর রোদের আলো ঝিলমিল করছে।
মৃদুমন্দ বাতাস চুল ছুঁয়ে যাচ্ছিল। নিচের দিকে লতাগুল্মের জটলায় চোখ পড়তেই দেখলাম, সবুজ পাতার ফাঁকে ছোট ছোট পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। বাতাসের ঝাপটায় তারা কখনো দূরে সরে যাচ্ছে, আবার ফিরে এসে বসছে পাতার কিনারায়। বাতাসের দোলায় চিকন ডাল ও পাতাগুলোও নুয়ে পড়ছে, আবার সোজা হয়ে উঠছে। কীটপতঙ্গের ক্ষুদ্র এই জগতে কত আয়োজন, অথচ তার সবই চলছে নিঃশব্দে, নিজস্ব ছন্দে।
কিছুক্ষণ নির্বাক হয়ে সেই দৃশ্য দেখলাম। পাতা ও ডালের দোলা, পোকামাকড়ের ছোটাছুটি আর মৃদু বাতাসের স্পর্শে সময় যেন ধীর হয়ে এল। চারপাশে কোনো কোলাহল নেই, নেই কোথাও ছুটে চলার তাড়া। প্রকৃতির এই দৃশ্যপট দেখতে গিয়ে কখন যে সময় কেটে গেল, টেরই পেলাম না।
দুপুর গড়িয়ে বিকেল নামছিল। সূর্যের তেজ কমে আসার সঙ্গে সঙ্গে পাহাড়ের গায়ে আলো-ছায়ার রূপও বদলে যাচ্ছিল। বিকেলের সেই মায়াময় মুহূর্ত পেছনে ফেলে অবশেষে রুমে ফিরে ব্যালকনিতে বসার পরিকল্পনা করলাম।
প্রকৃতির সান্নিধ্যে একান্ত কিছু অবসর
কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম রিসেপশনের দিকে। সেখানে কোট-টাই পরা এক তরুণ বসে আছে। চেহারায় কিছুটা চীনা বৈশিষ্ট্যের ছাপ। আমাকে এগিয়ে আসতে দেখে সে উঠে দাঁড়াল। কুশল বিনিময়ের পর জিজ্ঞেস করলাম, "Are you the manager of this hotel?"
সে জানাল, "No, I work here part-time while pursuing my engineering studies."
আবার প্রশ্ন করলাম, "Do you intend to work in the tourism sector after completing your engineering degree?"
প্রশ্ন শুনে কিছুটা বিরক্তির সুরে সে বলল, "It's difficult to get a good job in this country without personal connections. There is also a lot of bureaucratic red tape. For now, I'm working to support my education. After completing my studies, I intend to move to a European country."
তরুণটির কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব রইলাম। পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ এই দেশটির তরুণদের মনেও যে ভবিষ্যৎ নিয়ে এত অনিশ্চয়তা, তা ভাবিনি। প্রকৃতির প্রাচুর্য থাকলেই যে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আসে না, তার কথায় যেন সেই বাস্তবতাই স্পষ্ট হয়ে উঠল। রুমে ফিরে গেলাম।
বিকেলে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে বসলাম। মাথার ওপর নীল আকাশে সাদা মেঘের ভেলা ধীরে ধীরে ভেসে চলেছে। পূর্ব দিগন্তে পাহাড়চূড়ায় মেঘের আনাগোনা আর আকাশের নীলিমা মিলেমিশে তৈরি করেছে নৈসর্গিক দৃশ্য।
পশ্চিম দিগন্তে হেলে পড়েছে সূর্য। অস্তগামী সূর্যের আলোয় পাহাড়চূড়ার সবুজ বৃক্ষরাজি সোনালি আভায় ঝলমল করছে। পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়া সেই আলোয় প্রকৃতির রুপ ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে।
রুমে রাখা কেটলিতে ফারুক সাহেব দুই কাপ কফি বানিয়ে আমার পাশে এসে বসলেন। কফিতে চুমুক দিতে দিতে বললেন, "জীবনের অবসান যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। পৃথিবীতে এর চেয়েও সুন্দর অনেক জায়গা আছে। সুযোগ পেলেই আমাদের ভ্রমণে বের হওয়া উচিত।"
আমি নীরবে মাথা নেড়ে তাঁর কথায় সায় দিলাম। ভাবলাম, জ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; মানুষ, সমাজ ও বাস্তব জীবনও আমাদের প্রতিনিয়ত শেখায়। ভ্রমণ সেই শেখার পরিসরকে আরও বিস্তৃত করে। নতুন জায়গা, নতুন মানুষ ও ভিন্ন জীবনযাত্রার সঙ্গে পরিচয় আমাদের চেনা পৃথিবীকে নতুন চোখে দেখতে শেখায়।
মেঘ ও সবুজের সান্নিধ্যে
এদিকে সূর্যের শেষ আলো পাহাড়ের আড়ালে হারিয়ে গেল। সোনালি আভা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দূরের পাহাড়গুলোও অন্ধকারে অস্পষ্ট হয়ে এল। কিছুক্ষণ পর একে একে জ্বলে উঠল রিসোর্টের আলো। বিকেলের যে পাহাড় এতক্ষণ রঙের বৈচিত্র্যে চোখ জুড়িয়েছিল, রাতের অন্ধকারে তার অবয়বও আর স্পষ্ট রইল না।
রাত তখন প্রায় আটটা। রিসোর্টের ওপর থেকে ভেসে আসছিল গানের সুর। মনে হলো, চূড়ায় কোথাও পার্টি হচ্ছে। কৌতূহল নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলাম সর্বোচ্চ তলায়।
খোলা প্রাঙ্গণে পা রাখতেই চোখে পড়ল প্রাণবন্ত এক নাচের আসর। কনসার্টের গানের তালে প্রায় ২০–২৫ জন তরুণ-তরুণী হাত ধরাধরি করে নেচে চলেছে। কারও মুখে হাসি, কারও চোখে উচ্ছ্বাস। গাইড সুনিতাকে জিজ্ঞেস করলাম, "এখানে কিসের পার্টি হচ্ছে?"
তিনি জানালেন, এদেশে শনিবার-রবিবার সাপ্তাহিক ছুটি। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছুটির দিনগুলো আনন্দ করে কাটাতে এখানে এসেছে।
কিছুক্ষণ পরপর কেউ কেউ পাশের বার থেকে হাতে বিয়ার নিয়ে ফিরছে। গান, নাচ আর আড্ডায় জমে উঠেছে তাদের রাত। রিসোর্টের আলোয় পাহাড়ের নির্জন রাতও যেন প্রাণ ফিরে পেয়েছে।
সাউন্ড সিস্টেমে কখনো হিন্দি, কখনো নেপালি গান বাজছে। তরুণদের উচ্ছ্বাস দেখতে দেখতে আমার ভেতরেও যেন তারুণ্যের ঢেউ জেগে উঠল। ইচ্ছে হলো, ওদের সঙ্গে মিশে নাচতে নাচতেই রাতটা কাটিয়ে দিই। কিন্তু ভ্রমণসঙ্গীদের উপস্থিতিতে সংকোচ কাটিয়ে আর দলে যোগ দেওয়া হলো না। তবু গানের তালে অজান্তেই দুলছিল মন।
একদিকে নিশ্চুপ পাহাড়, অন্যদিকে আলোয় ঝলমল প্রাঙ্গণে তরুণদের উচ্ছ্বাস—প্রকৃতি আর মানুষের দুই ভিন্ন ছন্দ পাশাপাশি বয়ে চলেছে। উপলব্ধি করলাম, ভ্রমণের আনন্দ শুধু নতুন জায়গা দেখায় নয়, অচেনা পরিবেশের সঙ্গে কিছুক্ষণের জন্য একাত্ম হয়ে ওঠার মধ্যেও।
গানের তালে সময় কখন গড়িয়ে যাচ্ছিল, টেরই পাচ্ছিলাম না। হাততালি, হাসি আর নাচের ছন্দে মুখরিত প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে মনে বললাম, আজ আর তাড়াহুড়ো নেই; দেখি, এই পাহাড়ি রাত আমাকে কতক্ষণ আটকে রাখতে পারে।
নাচের আসরে এক তরুণীর প্রাণবন্ত উপস্থিতি সহজেই চোখে পড়ার মতো। ঘন কালো চুল কাঁধ ছাপিয়ে পিঠে নেমে এসেছে; গানের তালে তার শরীর দুলে উঠতেই চুলের ঢেউও ছন্দের সঙ্গে দুলছিল। টানা চোখ, স্নিগ্ধ মুখাবয়ব আর হাসিতে ফুটে ওঠা প্রাণচাঞ্চল্য তাকে করে তুলেছে আরও আকর্ষণীয়। নাচের প্রতিটি ভঙ্গিতে স্বতঃস্ফূর্ততা, প্রতিটি পদক্ষেপে ছন্দের মাধুর্য। চারপাশের কোলাহল আর মানুষের ভিড়ের মধ্যেও তার হাসিমাখা মুখটি বারবার চোখে পড়ছিল।
ভাবলাম- আহা, বয়সটা যদি আরও বিশ বছর কম হতো! হয়তো তোমাদের প্রেমে পড়ে নেপালেই থেকে যেতাম, দেশে ফেরার তাগিদটুকুও অনুভব করতাম না!
হঠাৎ এক ভ্রমণসঙ্গী এসে বললেন, স্যার, সবাই রাতের খাবারের জন্য অপেক্ষা করছেন। তাঁর কথায় নাচ-গানের আসর পেছনে ফেলে ডাইনিংয়ে গেলাম। সেখানে দেখি, ভ্রমণসঙ্গীদের অনেকেই ইতোমধ্যে খাবার নিয়ে বসে পড়েছেন।
ধুলিখেল ছাড়ার শেষ প্রহরে আমরা কয়েকজন
পরদিন সকালে সূর্যের প্রথম আলোয় দূরের পাহাড়শ্রেণি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। হালকা শীতের আমেজে বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ পাহাড়ের সকালের দৃশ্য উপভোগ করলাম। চারপাশ ঝকঝকে রোদে ভরে উঠলে রুমে ফিরে এলাম। সকালের নাস্তা সেরে ধুলিখেল লজ রিসোর্ট থেকে রওনা হলাম কাঠমান্ডুর পথে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএসআরএম সুবিধাবঞ্চিত জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সম্প্রসারণ করছে। এর অংশ হিসেবে, চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) নতুন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার, নগরের বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় সেন্টারটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এখানে রোগীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে।
৩ হাজার ৯৮৮ বর্গফুট আয়তনের এই ডায়াগনস্টিক সেন্টারে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে।
বিএসআরএমের উদ্যোগে অলাভজনক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে মিরসরাই ও চট্টগ্রামে ইতোমধ্যে বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের কার্যক্রম চালু রয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার লোয়ার যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আবারও আঁকা হয়েছে। এটি ঘটেছে দুই দফায় কালি দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়ার পর। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে চিত্রশিল্পী রেজাউল করিম রেজা নতুন করে গ্রাফিতিটি আঁকেন।
এর আগে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের সময় নগরের বিভিন্ন স্থানে কেসিসি গ্রাফিতি আঁকিয়েছিল। এসব স্থানে রেলস্টেশন, জেলা স্টেডিয়াম ও শহীদ হাদিস পার্ক অন্তর্ভুক্ত ছিল। গ্রাফিতিগুলোর মধ্যে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্পের পাশাপাশি খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, মাইকেল মধুসূদন দত্ত ও স্যার পিসি রায় অন্তর্ভুক্ত আছেন।
গত ৬ নভেম্বর প্রথমবারের মতো শিববাড়ি মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে কালি লেপে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনার পর কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নতুন করে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেন।
কিন্তু মাত্র ১২ দিন পর গত রবিবার (২২ নভেম্বর) একই গ্রাফিতিতে আবারও কালি লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরপর দুই দফায় এমন ঘটনার ফলে খুলনার মুক্তবুদ্ধির চর্চায় বিশ্বাসী সংস্কৃতিকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
এরপর মঙ্গলবার একই স্থানে তৃতীয়বারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আঁকা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেলস্টেশনের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতির পাশে নতুন করে ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি।
চিত্রশিল্পী রেজাউল করিম রেজা বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতিটি নতুন করে আঁকা হচ্ছে। নিজের শিল্পকর্ম বারবার নষ্ট হওয়া অত্যন্ত কষ্টদায়ক। আমি নিজেই অনেকগুলো প্রতিকৃতি এঁকেছি। কোনোটিই নষ্ট হয়নি। আশা করি, কেউ কারো শিল্পকর্ম এভাবে নষ্ট করবেন না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ৭৩ শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। একইসাথে, গবেষণায় অবদানের জন্য অনুষদের চার শিক্ষক ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনুষদভুক্ত আটটি বিভাগের ৭৩ শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে চারজন শিক্ষককে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নীত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অফিস স্থাপন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার খোলার উদ্যোগ এবং ফার্মেসি অনুষদের নেতৃত্বে প্যাটেন্ট অফিস স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
গবেষণার মানের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, গবেষণার সংখ্যা, পদোন্নতি কিংবা প্রকাশনার জন্য নয়, বরং গবেষণার মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে যথাসময়ে ক্লাস-পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অধ্যাপক ওবায়দুল ইসলাম নৈতিক ও মানবিক মূল্যবোধ ছাড়া উচ্চশিক্ষার অর্থহীনতা সম্পর্কে বলেন, শিক্ষায় নৈতিকতা না থাকলে শিক্ষার্থীরা শুধু জিপিএ-৫ অর্জন করলেও সমাজে ভালো মানুষ হতে পারবে না। তিনি শিক্ষার্থীদের সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি স্বার্থপরতা, পরশ্রীকাতরতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানুষের প্রতি মমত্ববোধ প্রদর্শনের আহ্বান জানান।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারপারসনরা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন এবং প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৭৩ শিক্ষার্থীর মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ, মৎস্যবিজ্ঞান বিভাগ এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন করে শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া মনোবিজ্ঞান বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী এ পুরস্কার পান।
ডিনস রিসার্চ অ্যাওয়ার্ডপ্রাপ্ত চার শিক্ষক হলেন অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক ইসরাত দিলরুবা মিশু ও প্রভাষক স্পেনসার মার্ক মন্ডল এবং মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌতম কুমার কুন্ডু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ (স্কোয়াট বাংলাদেশ) অনুষ্ঠিত হতে চলেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সফটওয়্যারের গুণগত মান নিশ্চিতকরণের উদ্দেশ্যে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকায় দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্টসহ দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা।
আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ার ডেনু। এছাড়াও, দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা এতে অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী এই আয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপন, প্লেনারি সেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, পেশাদার নেটওয়ার্কিং এবং সার্টিফিকেশন ও ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা থাকবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা আইএসটিকিউবি গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগারের স্বাক্ষরিত সনদ লাভ করবেন।
আয়োজকরা জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখা এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স (কিউএ) ও টেস্টিং খাতকে দক্ষ কর্মসংস্থান, বৈশ্বিক প্রকল্প ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি বৃদ্ধির সঙ্গে যুক্ত করাই বিএসটিবির মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক ড. কে এম হাসান রিপন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসটিবির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান। তিনি বলেন, “এআই-এর যুগে সফটওয়্যার কোয়ালিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য হলো দক্ষতা, সার্টিফিকেশন, কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারের সুযোগকে একই কাঠামোর মধ্যে নিয়ে আসা।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসটিবির সেক্রেটারি মোহাম্মদ আক্তার উল আলম, বোর্ড সদস্য প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম) এবং একাডেমিক পার্টনার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা।
আয়োজক সূত্র জানায়, সম্মেলনের একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি), ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এক্সাম ও ডব্লিউবিটি পার্টনার হিসেবে জার্মানির আইএসকিউআই, টেকনোলজি পার্টনার হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ এবং ক্যারিয়ার পার্টনার হিসেবে রয়েছে স্কিল জবস ও বিডিজবস ডটকম।
সম্মেলনে অংশগ্রহণের জন্য http://sqat.bstb-bd.org ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ