শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২০ পি.এম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
অসুস্থদের মধ্যে অনেককে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিস উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। জাইদুল ইসলাম ওই এলাকার বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা।
ছেলের মজলিস আয়োজনের জন্য তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ ওই অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই অনেকের পেটের পীড়া, ডায়রিয়া, বমি ও অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমদিকে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে একই অনুষ্ঠানে খাবার খাওয়া বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। কেউ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা সদর হাসপাতালে আবার কেউ উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
এদিকে একই অনুষ্ঠানের খাবার খেয়ে এত বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কালপানি নয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। অসুস্থ স্বজনদের চিকিৎসা করাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে স্বজনদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে।
স্থানীয়দের ধারণা, খাবার কিংবা পানির কোনো ধরনের দূষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এত মানুষের অসুস্থতা দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে মজলিসে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিস জানান, ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা যথা নিয়মে চলছে, আর যেসব রোগীর জটিলতা দেখা যাচ্ছে তাদেরকে গাইবান্ধা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য রেফার্ড করানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের শ্রমিক দলের নেতা মো. রাসেল (৩৫) হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী মুক্তা বেগম, তার পরকীয়া প্রেমিক সেলিম এবং এক শ্যালিকাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবির একটি দল। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জেলা এসআরবি সূত্রে জানা যায়, রাসেল হত্যার রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে আসছিল। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে, পুলিশের একটি দল জেলা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সহযোগিতায় ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিহত রাসেলের সাবেক স্ত্রী মুক্তা বেগম (২৬), তার সাবেক স্ত্রীর কথিত প্রেমিক সেলিম (৩২) এবং শ্যালিকা নাদিয়া সুলতানা রত্না (২৪)।
শুক্রবার দুপুরে এসআরবি-১১ ব্যাটালিয়নের নোয়াখালী জেলা কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু সাংবাদিকদের ব্রিফিং করে এ বিষয়ে জানান, গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মহাখালীতে অবস্থিত সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ মহড়ার আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের নির্দেশনায় আজ সকাল ৮ টায় সাততলা বস্তিতে প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শুরু হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহড়ার সূচনাতে বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধের পদক্ষেপ, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের পদ্ধতি এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণ প্রদর্শনী ও অনুশীলন অনুষ্ঠিত হয়।
পরে ফায়ার সার্ভিসের সঙ্গে বস্তি, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কার্যকরী মহড়া সম্পন্ন হয়। মহড়ায় বারিধারা ফায়ার স্টেশন, তেজগাঁও ফায়ার স্টেশন এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন অংশগ্রহণ করে।
মহড়া শেষে ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি শরীফ ভূঁইয়া এবং ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বক্তব্য প্রদান করেন।
মহড়া পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন।
এ সময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সলুর রহমান, মো. আব্দুল মন্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পলাতক আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০)-কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি'র একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার উদ্দেশ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠিত হয়েছে। এসআরবি নিয়মিতভাবে দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।
গত ১২ নভেম্বর রাত ১১টায় এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানার ১ নং মামলার হত্যা মামলার তদন্তে পলাতক আসামি রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে এসআরবি'র আভিযানিক দল রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০), পিতা- মোঃ ইব্রাহিম আলী, সাং- লস্করহাটি, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
উল্লেখ্য, ২৭ অক্টোবর ভিকটিম শিহাব রানা অটো রিকশার মালিক বিপ্লবের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় ভিকটিম শিহাবের মা শিরিন আক্তার ২৮ অক্টোবর গোদাগাড়ী থানায় একটি নিখোঁজ জিডি করেন, যার জিডি নং- ১৪২২।
এছাড়া, ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮ টার সময় গোদাগাড়ী থানার মোহনপুর ইউপির কলিপুর গ্রাম এলাকায় গোদাগাড়ী টু আমনুরা গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক কামরুজ্জামানের ধানী জমিতে তার লাশ পাওয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ১৩ নভেম্বর, ২০২৬ : খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর অন্যতম প্রধান সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকিকে (৩২) গ্রেফতার করেছে এসআরবি।
গতকাল বৃহস্পতিবার, মাদারীপুরের শিবচরের ডিসি রোড এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
শাহারিয়ার ইসলাম রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের মৃত শাহজাহানের পুত্র। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
এসআরবি-৬’র মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে শিবচরের ডিসি রোড এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে কড়া পাহারায় রাতে খুলনায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি নগরীর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এই হামলায় নূর আজিম বাহিনীর নাম উঠে এসেছে। এছাড়া, নূর আজিম বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও হত্যাকা-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এসআরবির পক্ষ থেকে নূর আজিম বাহিনীসহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ