০৭:৪৩ পি.এম
শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা স্বস্তির খবর পেয়েছে। কেপ ভার্ডের বিপক্ষে তীব্র গরম ও আর্দ্রতা থাকা সত্ত্বেও এবার আর্জেন্টিনা তুলনামূলক আরামদায়ক পরিবেশে খেলবে।
আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। নকআউট পর্বের এই কঠিন লড়াইটি চলাকালীন আবহাওয়া আলবিসেলেস্তেদের জন্য বাড়তি বাধা হয়ে দাঁড়াবে না বলে আশা করা হচ্ছে।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ার-কন্ডিশন্ড) হওয়ায় বাইরের তাপমাত্রার প্রভাব মাঠের খেলায় পড়বে না। এছাড়া, স্টেডিয়ামটিতে প্রয়োজন অনুযায়ী ছাদ খোলা ও বন্ধ করার সুবিধাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মতে, ম্যাচের দিন বাইরের তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কিন্তু স্টেডিয়ামের ভেতরে খেলোয়াড়দের জন্য পরিবেশ থাকবে স্বস্তিদায়ক।
আরও পড়ুন: শব্দচয়ন নিয়ে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, গুম-হত্যা রোধের আহ্বান
এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্ডের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে আর্জেন্টিনা তীব্র গরম ও আর্দ্রতার কারণে বেশ ভুগেছিল। ম্যাচ চলাকালে দলের একাধিক খেলোয়াড় ক্র্যাম্পে আক্রান্ত হন। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ শারীরিকভাবে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছিলেন।
সেই অভিজ্ঞতার পর, মিসরের বিপক্ষে তুলনামূলক নিয়ন্ত্রিত আবহাওয়ায় খেলার সুযোগ আর্জেন্টিনার জন্য বৃহৎ স্বস্তির খবর হিসাবে দেখা হচ্ছে। এখন, আবহাওয়ার চিন্তা নয়, বরং কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করাই লিওনেল স্কালোনির দলের মূল লক্ষ্য থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন