০৭:৪৪ পি.এম
ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা প্রদান করেছে। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অতিথিকে বরণ করার সময় শিশুদের হাতে ফুলের ডালা, গাঁদা ফুলের পাপড়ি ও গোলাপ ছিল, যা উপস্থিতদের নজর কাড়ে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের চৌরাস্তা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। র্যালিতে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন: নতুন পাসপোর্টের আবেদন করেও খুনি হাসিনা বাবাকে ফিরতে দেয়নি: ইশরাক
নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। দীর্ঘ ৪২ বছর ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে মির্জা ফয়সল আমিন নিজেকে ভাগ্যবান মনে করেন। তিনি জানান, এই অর্জন শুধু তার একার নয়, বরং সবার সম্মিলিত অবদানের ফল। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল র্যালি ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন