মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩৯ পি.এম
সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য বিদ্যমান লটারি পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনর্বহালের জন্য ময়মনসিংহে মানববন্ধন করেছেন কয়েকশ অভিভাবক ও শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘লটারি নয়, মেধার ভিত্তিতেই ভর্তি পরীক্ষা চাই’—এমন দাবি তুলে ধরেন।
সম্প্রতি সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে মাউশির প্রস্তাবিত খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। অভিভাবকদের দাবি, লটারির মাধ্যমে ভর্তি হলে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ থাকে না।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থী বছরের পর বছর পড়াশোনা ও প্রস্তুতি নেওয়ার পর শুধুমাত্র লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া বা না-পাওয়ার বিষয়টি অনেকটা ভাগ্যনির্ভর হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের সুযোগ সীমিত হয় বলেও তারা দাবি করেন।
অভিভাবকদের আরও দাবি, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করা হলে প্রতিযোগিতামূলক পড়াশোনায় তাদের আগ্রহ বাড়বে। তাই সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা চালুর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, মেধার মূল্যায়নের সুযোগ নিশ্চিত করেই ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করা উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিভাবক ও শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার পদ্ধতি পুনর্বহাল করে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের ভেন্যু ও অন্যান্য প্রস্তুতি পরিদর্শন করতে আগামী ১ অক্টোবর ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলটি বাংলাদেশের তিনটি ক্রিকেট ভেন্যু পরিদর্শন করবে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গণমাধ্যমকে জানিয়েছে, আইসিসির প্রতিনিধিরা আগামী ২ ও ৩ অক্টোবর ভেন্যুগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। এই পরিদর্শনের সময় মাঠের অবস্থা, ড্রেসিংরুম, প্রয়োজনীয় অবকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হবে।
আইসিসির দলটি বাংলাদেশের আগে নেপালের প্রস্তুতিও পরিদর্শন করেছে। গত ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুগুলো তারা ঘুরে দেখেছেন।
২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১৬টি দল। স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।
আইসিসির পরিদর্শন ও মূল্যায়নের পর বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে তলব করেছে।
এই তথ্য আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বাসস’কে জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, তাকে আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে হবে।
নোটিশে আরও জানানো হয়, ২০২৫ সালের ২৭ জানুয়ারি দায়ের করা মামলাটি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর মামলা নং-৮৩। তদন্তের জন্য মাহমুদুল হাসান শুভ্রকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সাক্ষ্য-স্মারক দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, তারিক সিদ্দিকসহ অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা (থার্ড টার্মিনাল) সম্প্রসারণ প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এছাড়া, সুষ্ঠু তদন্তের স্বার্থে তারিক সিদ্দিকের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, আজ তারিক সিদ্দিকের ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি বলে নোটিশের অনুলিপিতে উল্লেখ করা হয়েছে। সেখানে সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র ও বাসার নিরাপত্তাকর্মী মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে লটকিয়ে জারি করার কথাও উল্লেখ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের উলিপুরে এক শিশুশ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বাদী হিসেবে শিশুটির বাবা সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মামলা করেন।
শিশুটির ডাক্তারি পরীক্ষা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সম্পন্ন হয়।
থানা পুলিশের সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী (৬)। ২৪ সেপ্টেম্বর দুপুরে প্রতিবেশী সিদ্দিক হোসেনের (৫৫) বাড়ির উঠানে তার নাতির সঙ্গে খেলাধুলা করছিল শিশুটি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সিদ্দিক হোসেন ওই শিক্ষার্থীকে কৌশলে তার শয়ন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে সিদ্দিক হোসেন পরিস্থিতি খারাপ হতে দেখে শিশুটিকে প্যান্ট পরিয়ে হাতে ৫ টাকার নোট দেন এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে তার মাকে পুরো ঘটনার বিস্তারিত জানায়। শিশুর পরিবার সিদ্দিক হোসেনকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি সবার সঙ্গে মারমুখী আচরণ শুরু করেন। এ ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে সিদ্দিক হোসেনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন। জানা গেছে, সিদ্দিক হোসেন ওই এলাকার আ. সাত্তার আলীর ছেলে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় মনোরেল ব্যবস্থা চালুর ক্ষেত্রে সরকারের প্রথম বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূলত মেট্রোরেলের যাত্রীদের যাতায়াতের শেষ ধাপের সংযোগ উন্নত করার উদ্দেশ্যে ফিডার সার্ভিস হিসেবে এটি চালু করার পরিকল্পনা করা হচ্ছে।
প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিটিসিএ ও বুয়েটের মধ্যে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
চুক্তির পর ঢাকা মহানগর অঞ্চলে প্রস্তাবিত পাঁচটি করিডরের পাশাপাশি সম্ভাব্য অন্যান্য রুটও সমীক্ষায় যাচাই করা হবে। এর মধ্যে দুটি করিডরকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) অনুযায়ী, প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মনোরেল করিডর প্রস্তাব করা হয়েছে। তিন মাসের মধ্যে উপযুক্ত একটি করিডর বাছাই করার কথা রয়েছে। পুরো সমীক্ষা শেষ করতে ছয় মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত করিডরগুলো হলো—পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে বিমানবন্দর-বসুন্ধরা (২৫ দশমিক ২ কিলোমিটার), মধ্য বাড্ডা-ভুলতা (১৪ দশমিক ৬ কিলোমিটার), রামপুরা-ডেমরা (১০ দশমিক ৩ কিলোমিটার), মোহাম্মদপুর-পোস্তগোলা (১১ দশমিক ৭ কিলোমিটার) ও উত্তরা সেন্টার হয়ে বিমানবন্দর-সাভার (১৭ দশমিক ৬ কিলোমিটার)।
সরকারি অর্থায়নে পরিচালিত এই সমীক্ষায় রুটের বিন্যাস, সম্ভাব্য স্টেশন ও ডিপোর অবস্থান, যাত্রী চাহিদা, কারিগরি ও কাঠামোগত উপযোগিতা, অর্থনৈতিক সম্ভাব্যতা এবং পরিবেশগত ও সামাজিক গ্রহণযোগ্যতা যাচাই করা হবে।
বিদ্যমান ও পরিকল্পনাধীন মেট্রোরেল এবং অন্যান্য গণপরিবহন নেটওয়ার্কের সঙ্গে মনোরেলের সমন্বয়ের বিষয়টিও এতে খতিয়ে দেখা হবে। বিশেষ করে মেট্রোরেলের যাত্রীদের যাতায়াতের শেষ ধাপের সংযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
মনোরেল সাধারণত উড়ালপথে চলাচল করে। ঢাকার ঘনবসতিপূর্ণ যেসব এলাকায় সড়কের জায়গা সীমিত এবং ভারী অবকাঠামোর কারণে মেট্রোরেল নির্মাণে সীমাবদ্ধতা রয়েছে, সেখানে মনোরেল গণপরিবহনের সংযোগ হিসেবে কাজ করতে পারবে কি না, তা যাচাই করার পরিকল্পনা করছে ডিটিসিএ।
নির্মাণ ব্যয়, যাত্রী পরিবহনের সক্ষমতা, পরিচালন ব্যয় এবং অর্থনৈতিক ও সামাজিক সম্ভাব্যতা নির্ভর করবে সমীক্ষার ফলাফলের ওপর।
ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে অন্তত একটি মনোরেল রুট চালু করা।’
তিনি জানান, প্রাথমিক বিবেচনায় পাঁচটি রুট রাখা হয়েছিল। বুয়েটের পরামর্শে এখন ১৪টি রুট যাচাই করা হচ্ছে। সম্ভাব্য সুবিধা ও অর্থনৈতিক সম্ভাব্যতার ভিত্তিতে সেখান থেকে বাস্তবায়নযোগ্য একটি রুট বেছে নেওয়া হবে।
ঢাকায় মনোরেল সেবা চালুর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ