০৮:২২ এম
সরকার হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের তদন্তের জন্য তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন করেছে। এই কমিশন ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারের দায়-দায়িত্বও নির্ধারণ করবে।
মন্ত্রিপরিষদ বিভাগ গত বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কমিশনের সভাপতি হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান নিয়োগ পেয়েছেন। কমিশনের অন্যান্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২ জন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হামের টিকা ক্রয় ও বিতরণ কার্যক্রমে বিলম্বের কারণ, অনিয়ম বা প্রশাসনিক ব্যর্থতা ছিল কি না এবং এসব ঘটনার জন্য কারা দায়ী, তা তদন্ত করে কমিশন চিহ্নিত করবে। কমিশন ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ করবে। প্রয়োজন মনে করলে কমিশন সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও সুপারিশ দিতে পারবে।
তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কমিশনকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশন দেশের যেকোনো স্থানে পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।
প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনকে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিশনের কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য সেবা বিভাগ প্রয়োজনীয় সাচিবিক সহায়তা ও অন্যান্য সহযোগিতা প্রদান করবে। তদন্তের ব্যয় নির্বাহ এবং কার্যক্রমে সহায়তার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ কিংবা এর অধীনস্থ প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন