মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৫ পি.এম
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেছেন নূর মোহাম্মদ। গত সোমবার সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, বিভিন্ন বিভাগের উপমহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা।
যোগদান উপলক্ষে নূর মোহাম্মদ মন্তব্য করেন, অগ্রণী ব্যাংক, যা ৯৭৯টি শাখা এবং প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে গঠিত, তার সামনে বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সবাই একটি দল হিসেবে সম্মিলিতভাবে কাজ করলে ব্যাংকের অতীত সুনাম ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে।
আধুনিক ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় এবং সর্বোপরি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যবসার উন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন।
অগ্রণী ব্যাংকে যোগদানের পূর্বে, নূর মোহাম্মদ যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব করপোরেট বিজনেস এবং ওয়ান ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু হয়।
ব্যাংক ও আর্থিক খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন নূর মোহাম্মদের করপোরেট ও এসএমই ব্যাংকিং, প্রকল্প অর্থায়ন, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং অনাদায়ি ঋণ আদায়ে অভিজ্ঞতা রয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, সরকার সারাদেশে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো জ্বালানি সংকট মোকাবিলা, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা। নতুন প্রকল্পের আওতায় ২৫ হাজার নতুন বায়োগ্যাস সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উদ্যোক্তাদের জন্য ঋণসুবিধা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার বীরস্তইল ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
তিনি উল্লেখ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই কার্যক্রমের সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের গ্রামাঞ্চলে গরু এবং হাঁস-মুরগির খামারের বর্জ্য ব্যবহার করে সহজেই বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। মাত্র তিনটি গরু থাকলেও একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা সম্ভব। যুব উন্নয়ন অধিদপ্তর এই প্ল্যান্ট নির্মাণে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও ঋণ প্রদান করবে। বর্তমানে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের পাশাপাশি ঋণের পরিমাণ ১০ লাখ টাকার বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে রান্নার জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি জৈব সার উৎপাদন করা সম্ভব। এই জৈব সার কৃষিজমির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জৈব সার বিক্রির মাধ্যমে উদ্যোক্তারা বাড়তি আয় করতে পারবেন। বায়োগ্যাস ব্যবহারে পরিবেশদূষণ ও দুর্গন্ধ কমবে এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী জানান, রাজশাহী জেলার নয়টি উপজেলা ও মহানগর এলাকায় ইতোমধ্যে ২৬৯টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। প্রতিটি গ্রাম ও এলাকায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ৩০টি সংযোগ স্থাপন করা হলে, সংশ্লিষ্ট এলাকাকে ‘বায়োগ্যাস পল্লী’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। দেশের প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ উপজেলা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ তৈরি এবং বিদ্যমান মাঠ সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহ্মদ সোহেল মনজুর মন্তব্য করেছেন, "আপনারা শিগগিরই দেখবেন এই অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা হয়ে যাচ্ছে এবং ঠান্ডা করার জন্য সরকার আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমরা অন্যায়ভাবে কোনো কাজ করতে চাই না। বিএনপি বিগত সরকারেও কখনো করে নাই এবং কখনো করবে না। আমাদের সহনশীলতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না।"
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসককে সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "গোপালগঞ্জ তো বাংলাদেশের একটা জায়গা, তাই না? গোপালগঞ্জ নিয়ে অনেক অনলাইন বিভিন্ন অপপ্রচার করছে। এই অপপ্রচারের কারণে অনেক মানুষের মনে কিছু প্রশ্ন জেগেছে। একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার থাকা অবস্থায় তারা কি আসবেন? আপনাদের বুঝতে হবে যে গোপালগঞ্জ একটি গুলিও ব্যয় না হওয়ায় ইতিহাস সৃষ্টি হয়েছে। থানাগুলোর ওপর তারা যেভাবে আক্রমণ করছে, তাতে বোঝা যায় সহনশীলতার পরিধি কতটা। এতে স্পেশাল স্ট্র্যাটেজি আছে। এটি হোম মিনিস্ট্রির ব্যাপার, তারা জানে কীভাবে এসব সহিংসতা ও উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করা যায়, সেগুলো তারা সুন্দরভাবে ম্যানেজ করবেন।"
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ এ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছার, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতর প্রধানরা।
এসময় প্রতিমন্ত্রী ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানেন এবং করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিল করেছে।
দুদকের প্রধান কার্যালয়ে আজ অনুষ্ঠিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানান, তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর মধ্যে পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার ঘটনা ঘটেছে। এছাড়া, ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮ টাকা ৯৩ পয়সার সন্দেহজনক লেনদেনের প্রমাণও দুদক পেয়েছে, যা ওই অর্থের স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের সঙ্গে সম্পর্কিত।
এর আগে, ২০২৫ সালের ৬ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, শাহীন আক্তার চৌধুরী তার স্বামীর সহায়তায় ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৮৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফয়সাল কাদেরের দাখিল করা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠির দুর্বৃত্তায়ন উপড়ে ফেলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, "সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থেকে এ দুর্বৃত্তায়ন মোকাবেলা করতে হবে।"
রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। তবে, এই অধিকার কখনো দেশের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। যারা রাজনীতির আড়ালে সন্ত্রাস, নৈরাজ্য এবং জনদূর্ভোগ সৃষ্টি করে, তারা প্রকৃত রাজনীতিবিদ নয়। এরা সন্ত্রাসী এবং ফ্যাসিবাদী, যারা দেশের ও জনগণের বিরুদ্ধে কাজ করছে। এত গণহত্যা, গুম, খুন, সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির পরও যারা অনুতপ্ত নয়, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।
ফখরুল ইসলাম এমপি মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট এ.টি.এম ফিরোজ আলম আজাদ সভাপতিত্ব করেন এবং কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহিদা আফরোজ সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. হাছান উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ স্বাগত বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম বাহার, বিএনপি নেতা কাজী একরামুল হক, আনিসুল হক, মোমিন বাহার প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রত্নাগর্ভা মা জোৎস্নারা বেগমকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কৃতি শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ