মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:০৫ এম
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বিদেশি পিস্তল ও গুলিসহ আমিনুল ইসলাম সাগর (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। গ্রেফতারের সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার থেকে একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, একটি সামুরাই, দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) রাতে এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি-২ জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরশিনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী সাগরকে গ্রেফতার করা হয়, যার কাছে একটি বিদেশি পিস্তল ও একটি বিদেশি ওয়ান শুটারগান ছিল।
পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুনরায় তল্লাশি চালানো হয়। অভিযানের সদস্যরা তার ব্যবহৃত প্রাইভেট কারের ভেতর থেকে দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, একটি সামুরাই, দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন।
প্রাথমিক তথ্যানুসন্ধানে এসআরবি-২ জানিয়েছে, গ্রেফতার আমিনুল ইসলাম সাগর নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। উদ্ধার করা দেশি ও বিদেশি অস্ত্রের মাধ্যমে তিনি নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাগরের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি আগেও একবার গ্রেফতার হয়েছিলেন।
জব্দ করা আলামত ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি-২-এর অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন প্রদান করা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুসারে এই মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যগণ হলেন- নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৩ আসনের সারোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মোহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং মহিলা আসন-৩ রাশেদা বেগম হীরা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে, সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যিনি অগ্রবর্তিতায় শীর্ষে থাকবেন, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : সরকারের চলতি মেয়াদে তিনটি পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনে ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে, যা গ্রামীণ জনগণের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে। এই সমিতিগুলোর মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা লাভ করবেন।
জাতীয় সংসদে আজ মেহেরপুর-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের উত্তর প্রদানকালে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গ্রামীণ জনগণের দক্ষতা উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির জন্য তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগণের টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ’, ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ এবং ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন’।
এই প্রকল্পগুলির মাধ্যমে সমবায়ভিত্তিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ জনগণের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী হিসেবে ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১০৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে সারাদেশে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত, দেশে মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছরের মধ্যে মোট ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬ হাজার ১১৪ জন ভর্তি আছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : আজ জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সংসদে বিলটি উত্থাপন করেন।
এই বিলটি বগুড়া এবং এর সন্নিহিত এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করা, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ করা, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ ঘটানো এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ তৈরি করা।
এই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ প্রতিষ্ঠার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী উল্লেখ করেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমৃদ্ধ গুরুত্বপূর্ণ বগুড়া শহর এবং এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণসহ দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (রাউক)-এর মতো ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন অপরিহার্য।
তিনি আরও বলেন, ক্রমবর্ধমান নগরায়ণের কারণে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ ঘটানো এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য গত ২৩ জুলাই মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়।
এরপর মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৬ জুলাই লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেয়। গত ১৯ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক বিলটির ভেটিং সম্পন্ন হয়। পরবর্তীতে বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ বিভাগের মাধ্যমে গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ