ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াব


গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াব

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “প্রধানমন্ত্রীকে বলব গণভোটের রায় মানুন, সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যাব।”

আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগ এ দেশের মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে। যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ, তাদের কখনো বাংলা মানুষ ভুলতে পারেন না।”

আরও পড়ুন: অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই: হাসনাত কাইয়ূম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান, মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান, মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট বিয়ের মাধ্যমে সংসার গড়া, অধিক সন্তান নেওয়া এবং তাদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। তার এই পোস্ট সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

তিনি ১৯ নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় নিয়ে বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’

পোস্টের সঙ্গে যুক্ত ছিল মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট, যেখানে বলা হয়েছে, এক গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।

লেভিটের বার্তায় বিয়ে, পরিবার এবং ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি সন্তানদের গির্জায় নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তবে তার এই পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু মানুষ তার পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসের প্রতি গুরুত্ব দেওয়ার প্রশংসা করেছেন। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, জনসমক্ষে পরিচিত ব্যক্তিদের কি অন্যদের নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণের জন্য উৎসাহিত করা উচিত?

অনেক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুর পরিচর্যার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়টি উল্লেখ করেছেন। তাদের মতে, সন্তানদের ভবিষ্যৎ ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান সহজ—পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে দেশগুলো নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’

অন্য একজন লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুযত্নের ব্যবস্থা, ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বেশি সন্তান নেওয়ার আহ্বান জানান। এরপর প্রশ্ন করেন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না!’

আরেক ব্যবহারকারীর মন্তব্য, ‘কারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই।’

লেভিটের পোস্ট ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে। সমর্থকদের মতে, তার বক্তব্যে পরিবার, ধর্মীয় বিশ্বাস এবং দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরা হয়েছে। অন্যদিকে সমালোচকদের যুক্তি, যুক্তরাষ্ট্রে সন্তান লালন-পালনের ক্রমবর্ধমান ব্যয় ও আর্থিক অনিশ্চয়তার বাস্তবতা বিবেচনায় না নিয়ে বেশি সন্তান নেওয়ার আহ্বান জানানো অনেক পরিবারের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে।

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ফাইনালে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। গাজী সোহেল গুরুত্বপূর্ণ এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরদিকে, টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ আজ অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে তাঁদের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই আম্পায়ারকে অভিনন্দন জানিয়েছে।

গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল দুজনই আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য। বিদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পাওয়া বাংলাদেশের আম্পায়ারিংয়ের জন্য সম্মানের বিষয়।

বিসিবির আম্পায়ার্স বিভাগ তাঁদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বছরখানেক আগের অধিনায়ক রিজওয়ান ও মাসুদ এবার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


বছরখানেক আগের অধিনায়ক রিজওয়ান ও মাসুদ এবার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই

শান মাসুদ, যিনি কয়েক মাস আগে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক ছিলেন, এবার কেন্দ্রীয় চুক্তিতে স্থান পাননি। মোহাম্মদ রিজওয়ানও গত বছরের আগস্ট পর্যন্ত ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে তাদের বাদ দিয়েই।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত চুক্তিতে সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলী, খুররম শাহজাদ, মোহাম্মদ হারিস, হুসাইন তালাত, আব্বাস আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের মতো ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়নি। ৩৮ সদস্যের চুক্তিতে আগের তুলনায় এবার ৮ জন ক্রিকেটার বেশি রাখা হয়েছে। কেন্দ্রীয় চুক্তি এবার প্রথমবারের মতো ভিন্ন ভিন্ন ফরম্যাটের ভিত্তিতে করা হয়েছে।

চুক্তিগুলোকে পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ক্যাটাগরিগুলো হলো- এবি, এ, বিসি, সি ও ডি। এবি ক্যাটাগরি শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারদের জন্য নির্ধারিত। এ ক্যাটাগরিতে কেবল টেস্টের খেলোয়াড়রা রয়েছেন, বিসি ক্যাটাগরিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার, সি ক্যাটাগরিতে টি-টোয়েন্টি ক্রিকেটার এবং ডি ক্যাটাগরিতে উন্নতির পর্যায়ে থাকা তরুণরা অন্তর্ভুক্ত।

কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত থাকবে।

কোন ক্যাটাগরিতে কে

এবি: সালমান আগা ও বাবর আজম।

এ: আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

বিসি: আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

সি: হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

ডি: আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ ডানিয়েল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তাঈব আরিফ, গাজী ঘোরি, ইমরান রানধাওয়ালা, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই

ফিলিস্তিনের গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে বাস্তুচ্যুত মানুষের সামনে শীতকাল নতুন একটি দুর্যোগ হিসেবে হাজির হয়েছে। ভারী বৃষ্টি, বন্যা এবং ভূমিধসে তাঁবুতে বসবাসকারী লাখো মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। আশ্রয়হীন পরিবারগুলোর অনেকের তাঁবু পানিতে ডুবে গেছে, এবং তাদের সামান্য সম্বলটুকুও নষ্ট হয়ে গেছে। ত্রাণকর্মীরা আশঙ্কা করছেন, শীতের মাসগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে।

চলতি মাসের শুরুতে গাজার দক্ষিণ উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় এক ঝড়ো ও বৃষ্টিভেজা রাতে বালুর একটি বাঁধ ধসে চারজন নিহত হন। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী আবদুল করিম আল-সাহার জানান, ধসে পড়া বালুর নিচে চাপা পড়েছিলেন তার মা। তাকে জীবিত উদ্ধার করা গেলেও আশপাশে চাপা পড়া অন্যদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পাশের একটি তাঁবু ধসের পর পুরোপুরি মাটির নিচে হারিয়ে যায়।

আল-সাহারের বাড়ি উত্তর গাজার বেইত হানুনে। দুই বছরের যুদ্ধের প্রথম দিকেই শহরটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এর ধ্বংসাবশেষ ইসরাইল-নিয়ন্ত্রিত ‘ইয়েলো লাইন’-এর পাশে পড়ে আছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে তিনি এখন পরিবার নিয়ে আল-মাওয়াসির একটি তাঁবুতে থাকছেন।

আল-সাহার বলেন, তার পরিবার ভীষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। ভাড়া বাসার খরচও তাদের সামর্থ্যের বাইরে। যুদ্ধের সময় আহত হওয়ার পর থেকে তিনি কাজ করতে পারছেন না। নেই কোনো আয় বা সঞ্চয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বৃষ্টিতে গাজায় ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নষ্ট হয়েছে ৪০ হাজারের বেশি আশ্রয়স্থল। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ মানুষের একটি বড় অংশ এখন আল-মাওয়াসির মতো ঘনবসতিপূর্ণ তাঁবুশিবিরে বসবাস করছেন। এসব এলাকায় পর্যাপ্ত পয়োনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও অন্যান্য মৌলিক সুবিধার ঘাটতি রয়েছে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের আঞ্চলিক পরিচালক ওয়াধাহ হুবাইশি বলেন, গাজায় প্রতি শীতেই এমন দুর্যোগ দেখা দেয়। শীতকাল সেখানে অত্যন্ত কঠিন সময়। এটি যেন প্রতি বছর ফিরে আসা একটি প্রাকৃতিক বিপর্যয়।

ত্রাণ কর্মকর্তারা বলছেন, দরিদ্র পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়বেন। তবে আসন্ন শীতের দুর্ভোগ থেকে বাস্তুচ্যুত মানুষের খুব কম অংশই রেহাই পাবেন।

যুদ্ধবিরতি হলেও থামেনি প্রাণহানি

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে বড় ধরনের সংঘাত কিছুটা কমলেও গাজায় সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত ‘বোর্ড অব পিস’ গত সপ্তাহে অভিযোগ করেছে, যুদ্ধবিরতির শর্ত পূরণে ইসরাইল ও হামাস—উভয় পক্ষই ব্যর্থ হচ্ছে। দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়া যুদ্ধবিরতি দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও সতর্ক করেছে সংস্থাটি।

যুদ্ধবিরতি চুক্তির বৃহত্তর পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, ইসরাইলি সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের কথা রয়েছে। কিন্তু এসব বিষয়ে অগ্রগতি থমকে আছে। হামাস গত জুলাইয়ে অস্ত্র সমর্পণ এবং গাজার শাসনভার একটি বেসামরিক অন্তর্বর্তী কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের রূপরেখায় সম্মতি দিয়েছিল। তবে ইসরায়েলের বক্তব্য, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা সেনা প্রত্যাহার করবে না।

বর্তমানে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গত সপ্তাহে ইয়েলো লাইনের ওপারে ইসরাইলি বাহিনী বড় ধরনের স্থল অভিযান চালায়। হামাসের একটি সন্দেহভাজন সুড়ঙ্গ লক্ষ্য করে চালানো ওই অভিযানের কারণে কয়েক ডজন বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে তাদের তাঁবু ছেড়ে পালাতে হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতি মাসে গাজায় ১৮ হাজার ট্রাক পণ্য প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের হাতে আসা তথ্য অনুযায়ী, গত মার্চের পর থেকে কোনো মাসেই এ সংখ্যা ১৩ হাজার ছাড়ায়নি। কোনো কোনো মাসে ট্রাক প্রবেশের সংখ্যা ৫ হাজারেরও নিচে ছিল। বেসরকারি ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, গাজায় প্রবেশ করা অনেক ত্রাণবাহী যানেও পূর্ণ পরিমাণ পণ্য থাকে না।

জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি নীতির কারণে প্রয়োজনীয় পণ্য গাজায় প্রবেশ এবং উপকূলের বাইরের তুলনামূলক কম বন্যাপ্রবণ এলাকায় পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে। পণ্য প্রবেশের ক্ষেত্রে একাধিক অনুমোদন, সীমিত সীমান্ত পারাপার সক্ষমতা এবং অনিশ্চিত সময়সূচির কারণে সরবরাহে বিলম্ব হচ্ছে।

ত্রাণকর্মীরা জানিয়েছেন, ইসরাইলি কর্তৃপক্ষের বাধার কারণে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামও নিয়মিতভাবে গাজায় প্রবেশ করতে পারছে না। দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত জরুরি সরঞ্জামগুলো মেরামত ও সচল রাখার সক্ষমতা প্রায় শেষ হয়ে আসছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও ইতালি ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে, শীত আসার আগেই সীমান্তে আটকে থাকা ১ লাখ ৫০ হাজার তাঁবু এবং অন্যান্য জরুরি সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে।

অন্যদিকে ইসরাইলি কর্মকর্তাদের দাবি, গাজায় এরই মধ্যে ৯৩ হাজারের বেশি তাঁবু এবং শীতকালীন সরঞ্জামসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যবাহী ৮ হাজার ৬০০-এর বেশি ট্রাক প্রবেশ করেছে। এসব সরঞ্জামের মধ্যে পরীক্ষাগারের উপকরণ, ইঞ্জিন অয়েল ও নবজাতকের ইনকিউবেটরের যন্ত্রাংশও রয়েছে।

গাজায় পণ্য প্রবেশ করলেও সাধারণ মানুষের বড় অংশের কাছে সেগুলো কেনার মতো অর্থ নেই। অধিকাংশ পণ্য অল্প কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারে আসছে। ফলে বাজারে তাজা মাংস, সবজি, চকলেট ও বিভিন্ন ধরনের খাবার পাওয়া গেলেও সেগুলো অধিকাংশ ফিলিস্তিনির নাগালের বাইরে।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত গাজার মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ তীব্র খাদ্যসংকটে থাকবে। ২০২৫ সালের শেষ দিকে এ হার ছিল ৭৭ শতাংশ। অর্থাৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সংকটের মাত্রা এখনো ভয়াবহ।

গাজার অন্যতম পুরোনো রেস্তোরাঁ শাফুত রেস্তোরাঁর মালিক মোহাম্মদ শাফুত জানান, যুদ্ধবিরতির পরপরই তার ব্যবসায় কিছুটা গতি ফিরেছিল। কিন্তু এখন মূলত আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কর্মী, ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরাই রেস্তোরাঁয় খেতে আসেন। তিনি বলেন, এখন সমস্যা শুধু বাজারে পণ্য পাওয়া না-পাওয়া নয়; অনেক মানুষের প্রয়োজনীয় খাবার কেনার বা রেস্তোরাঁয় খাওয়ার মতো অর্থও নেই।

উত্তর গাজার চেম্বার অব কমার্সের মহাসচিব ইমাদ আল-ঘুল বলেন, যুদ্ধবিরতির পর বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তার হিসাবে, স্থানীয় শিল্পকারখানার প্রায় ৯৫ শতাংশই বন্ধ হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্যও অল্প কয়েকজন ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হওয়ায় বাজারে প্রতিযোগিতা কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

জাতিসংঘের আগস্টের ভূস্থানিক মূল্যায়ন অনুযায়ী, গাজার মাত্র ৩ শতাংশ কৃষিজমি এখন ব্যবহারযোগ্য ও অক্ষত রয়েছে। বাকি জমির বড় অংশ ইসরায়েলি দখলকৃত এলাকায় পড়েছে।

প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করতে ত্রাণ সংস্থাগুলোও সীমিত সামর্থ্য নিয়ে কাজ করছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীরা খাবারের কাঠের বাক্স ভেঙে তাঁবুর খুঁটি তৈরি করছেন। পুরোনো খাবারের বস্তা দিয়ে বানাচ্ছেন বালুর বস্তা, আর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া ধাতব হাঁড়ি দিয়ে তৈরি করছেন বন্যা প্রতিরোধের ব্যবস্থা।

তবে এসব উদ্যোগে সাময়িকভাবে কিছুটা সুরক্ষা মিললেও প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের মুখে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

নুসেইরাত শরণার্থীশিবিরে ধ্বংসস্তূপের পাশে বসে ৪৪ বছর বয়সী আবদ আলিউয়া বলেন, তারা আর এই দুর্ভোগ সহ্য করতে পারছেন না। তাদের জন্য কেউ একটি সমাধান খুঁজে দিক—এটাই তাদের চাওয়া। তাঁবুতে থাকা মানুষ পানিতে ডুবে যাচ্ছেন, রাস্তায় থাকা মানুষ আহত হচ্ছেন, আবার আশ্রয় নেওয়া মানুষও নিরাপদ নন।

তৃতীয় শীতও কাটছে ছেঁড়া তাঁবুতে

খান ইউনিস শহরের বাসিন্দা ৩৯ বছর বয়সী মোহাম্মদ আবু দাক্কা স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে আল-কারারার উপকূলীয় এলাকায় একটি জীর্ণ তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধ শুরুর পর থেকে সাবেক এই কৃষিশ্রমিক কোনো আয় করতে পারেননি। যুদ্ধে তার বাবা, ভাই ও দুই ভাতিজা নিহত হয়েছেন। তাঁর মেয়েও পায়ে বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছে।

আবু দাক্কা বলেন, শীত তাদের জন্য বারবার ফিরে আসা এক কঠিন লড়াই। একই জায়গায় পরিবার নিয়ে এটি তাদের তৃতীয় শীত। প্রতিবছর একইভাবে ঠান্ডা, বৃষ্টি ও প্রবল বাতাসের মুখোমুখি হতে হচ্ছে। তাদের তাঁবুটি এতটাই জীর্ণ হয়ে গেছে যে আবহাওয়ার সঙ্গে লড়াই করার সামর্থ্য নেই। বাতাসে তাঁবু উড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ঠেকাতে সন্তানদের তাঁবুর কিনারা ধরে রাখতে হয়।

পরিবারটি তাঁবুর চারপাশে অগভীর নালা খুঁড়েছে, যাতে বৃষ্টির পানি কিছুটা ঠেকানো যায়। কিন্তু সমুদ্রের পানি বেড়ে গেলে এ ব্যবস্থা কোনো কাজে আসবে না বলে জানেন তারা। কমিউনিটি রান্নাঘর ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন থেকে কিছু খাবার পেলেও সাবান কিংবা কাপড় ধোয়ার গুঁড়া কেনার সামর্থ্য নেই তাদের। এসব প্রয়োজনীয় জিনিসের জন্য তার স্ত্রীকে অন্য বাস্তুচ্যুত পরিবারের কাছে হাত পাততে হয়।

আবু দাক্কার একটাই চাওয়া—এই দুর্ভোগের অবসান এবং এমন একটি স্থায়ী আশ্রয়, যেখানে পরিবারের নিরাপত্তা ও মানুষের মতো বেঁচে থাকার মর্যাদা থাকবে।

৭৪ হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা

২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজারে পৌঁছেছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানায়, ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরাইল গণহত্যা অব্যাহত রেখেছে।

যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানুষের জীবনে নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের সংকট কাটেনি। বরং শীতের বৃষ্টি ও বন্যা নতুন করে তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। ত্রাণ প্রবেশের বাধা, কর্মসংস্থানের অভাব এবং ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর কারণে পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও সীমিত।

গাজার বাস্তুচ্যুত মানুষের আশঙ্কা, যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর এবার শীতের প্রকোপ তাদের জন্য আরও বড় বিপর্যয় নিয়ে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%